নেত্রকোণায় বন্যার পানিতে ঘুরতে গিয়ে নৌকা ডুবে এক নারী নিহত

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় হাওরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে মোছা: জুলেখা বেগম (৩২) নামে এক গৃহবধু নিহত হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার জুড়াইল হাওরে এই ঘটনাটি ঘটেছে। নিহত জুলেখা বেগম জুড়াইল গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে ডিঙ্গি নৌকা দিয়ে কেন্দুয়া উপজেলার জুরাইল হাওরে বেড়াতে যায় জুলেখাসহ আরো ৭/৮ জন।

পরে হাওরের মাঝখানে নৌকায় পানি উঠে ডুবে যায়। এসময় অন্যরা সাঁতার কেটে চলে গেলেও জুলেখা পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত উদ্ধার করে।

কেন্দুয়া থানার এসআই মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা হয়েছে। স্বজনদের দাবীতে লিখিত রেখে ময়না তদন্ত ছাড়াই মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।

ফুলবাড়ীতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ গাছ লাগাই, জীবন বাঁচাই এই শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি বহুজাতিক কোম্পানির উদ্যোগে ও উপজেলা এলজিইডি’র তত্ত্বাবধানে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের ৫ হাজার চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গেল মঙ্গলবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিমপাড় থেকে ২ কিলোমিটার সড়কের দুই পাশে এ চারা গাছ রোপন কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার ও নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস।
এ সময় উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব, সহকারী প্রকৌশলী জুলফিকার আলি জুয়েল সহ ওই বহুজাতিক কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জে বৃহত্তর ঐক্য সৃষ্টির জন্য মত বিনিময় সভা অনুষ্ঠিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : উপজেলা পর্যায়ে বৃহত্তর ঐক্য সৃষ্টির জন্য সংগঠন সিবিও এবং ফেডারেশনের সাথে নেটওয়ার্ক বিষয় নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার সকাল সাড়ে ১১টায় নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) এর ইন্ট্রিগ্রেটেড প্রোগ্রাম ফর কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং- আইসিসিবি এর আয়োজনে উপজেলা আদিবাসি একাডেমিতে আলোচনা সভা এনডিএফ আইসিসিবি প্রোজেক্ট এর প্রোগ্রাম অফিসার মনোরঞ্জন সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা সমবায় (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ নাসিমুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, এনজিও ল্যাম্ব এর প্রতিনিধি গ্রাবিয়েল কিসকু, উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি মিকাইল টুডু প্রমূখ।

মত বিনিময় সভায় এনজিও’র কার্যক্রম মানুষের দোড়গোড়ায় পৌছে দেয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এসময় বিভিন্ন এনজিও প্রতিনিধি, এনডিএফ এর গ্রাম উন্নয়ন পরিষদ এর বিভিন্ন স্তরের নারী পুরুষ সদস্য, ব্যবসায়ী নেতা সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পিবিআইবি মিলনায়তনে মৌলভীবাজারের সাহসী নারী সাংবাদিক নাসরিন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সফেন ফাউন্ডেশন ও দৈনিক বাংলাদেশ সমাচার কর্তৃক আয়োজিত ” সাংবাদিকতার শুদ্ধতার চর্চা ও পেশাগত দক্ষতা উন্নয়ন” শীর্ষ দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করে সনদপত্র পেলেন মৌলভীবাজার জেলার অন্যতম মেধাবী, নারী সাংবাদিক নাসরিন প্রিয়া। গত শনিবার (১৮ই জুন) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

“সাংবাদিকতার শুদ্ধতার চর্চা ও পেশাগত দক্ষতা উন্নয়ন” শীর্ষ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশ হইতে সর্বমোট ৫০ জন পেশাদার তরুণ ও তরুণী সাংবাদিক অংশগ্রহণের সুযোগ লাভ করেন। তারমধ্যে মৌলভীবাজার জেলা হইতে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় বিশেষ সংবাদদাতা সাংবাদিক নাসরিন প্রিয়া উক্ত “সাংবাদিকতার শুদ্ধতার চর্চা ও পেশাগত দক্ষতা উন্নয়ন” শীর্ষ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।

উক্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠান শেষে সাংবাদিক নাসরিন প্রিয়ার হাতে সনদপত্র তুলে দেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এস,এম মাহফুজুল হক। বাংলাদেশ (অব.)পুলিশের অতিরিক্ত ডিআইজি, সফেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, দৈনিক বাংলাদেশ সমাচার ও ডেইলি বাংলাদেশ ডায়রি পত্রিকার উপদেষ্টা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম কিবরিয়া ভূঁইয়া। সফেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক ডা. অনিশ কুমার সরকার। সফেন ফাউন্ডেশনের পরিচালক, আইএসআইসি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ রকিবুল ইসলাম। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. শাহ জহির রায়হান। সফেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, দৈনিক বাংলাদেশ সমাচার ও ডেইলি বাংলাদেশ ডায়রি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বহুমুখী শিল্পস্রষ্টা ডা. খাঁন আসাদুজ্জামান প্রমুখ।

ফুলবাড়ীতে উপজেলা ভিত্তিক ভাল শিখন চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও এনআইএলজি’র আয়োজনে বাংলাদেশ পারস্পরিক শিখন কর্মসূচী প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলা ভিত্তিক ভাল শিখন চিহ্নিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট কোঅপারেশন (এসডিসি)’র সহায়তায়, ওয়াটার এইড বাংলাদেশ এর বাস্তবায়নে, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তা বৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানী সরকার।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে ও এমজেএসকেএস’র মজিবর রহমানের সঞ্চালনায় এসময় ওয়াটার এইড বাংলাদেশ এর পারস্পরিক শিখন কর্মসূচীর প্রজেক্ট ম্যানেজার মাহফুজ উর রহমান, এমজেএসকেএস এর উপ- পরিচালক শ্যামল চন্দ্র সরকার বক্তব্য রাখেন।

টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্কঃ আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। আজ বুধবার (২২ জুন) এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এ তথ্য জানিয়েছে।

আগামী ১৬ জুলাই থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং ২৪ জুলাই থেকে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। আর তাই এ সিরিজকে সামনে রেখে ৬ জুলাই পাকিস্তানের শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে। এরপর তারা তিন দিনের একটি ওয়ার্মআপ ম্যাচ খেলবে যা অনুষ্ঠিত হবে ১১ জুলাই থেকে।

পাকিস্তান ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ২০ বার দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়েছে। যেখানে পাকিস্তানের ৯ সিরিজ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার সিরিজ জয় ৬টিতে। ড্র হয়েছে ৫টি সিরিজ। টেস্টে দুদলের মুখোমুখি দেখায় সবচেয়ে বড় স্কোরটি পাকিস্তানের। ২০০৯ সালে করাচিতে এক ইনিংসে ৭৬৫ রান করেছিল তারা। শ্রীলঙ্কার সবচেয়ে বড় স্কোরটি ৬৪৪ রানের আর করাচিতে এটিও হয়েছিল ওই একই ম্যাচে।

উল্লেখ্য, সবশেষ ২০১৫ সালে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল পাকিস্তান। তিন ম্যাচের ওই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল তারা। দুই দল প্রথমবারের মতো টেস্ট সিরিজ খেলেছিল ১৯৮২ সালে। শুরু থেকে এ পর্যন্ত ৫৫টি টেস্টে মুখোমুখি হয়েছে তারা। যেখানে শ্রীলঙ্কার ১৬ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ২০ টেস্টে।

 

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৯৫০

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে নিহত বেড়ে ৯৫০ জন হয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।

আফগান গণমাধ্যমে দেখা গেছে বাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মৃতদেহগুলো মাটিতে পড়ে আছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাহউদ্দিন আইয়ুবি বলেন, দুর্গম পাহাড়ি গ্রামে আহতদের কাছে পৌঁছাতে এবং ওষুধ ও খাবারের সরবরাহ করতে উদ্ধার অভিযানে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তিনি আরো বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে কারণ কিছু গ্রাম পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে রয়েছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করতে কিছুটা সময় লাগবে।নিহতদের মধ্যে যাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তাদের অধিকাংশই পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশের। সেখানে ২৫৫ জন নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছে। খোস্ত প্রদেশে ২৫ জন মারা গেছে এবং ৯০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

উল্লেখ্য,  এই ভূমিকম্পটি ২০০২ সালের পর সবচেয়ে মারাত্মক ছিল। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে ছিল। অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএসএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা উৎপত্তিস্থল থেকে ৫০০ কিলোমিটার দূরেও অনুভূত হয়।রাজধানী ইসলামাবাদ ছাড়াও পাকিস্তানের লাহোর, মুলতান ও কোয়েটাসহ বিভিন্ন অঞ্চলে এর তীব্রতা অনুভূত হয়।

 

আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সিএনবিডি ডেস্কঃ সৌদি আরবে মারা গেলেন আরও দুই বাংলাদেশি হজযাত্রী। গতকাল মঙ্গলবার (২১ জুন) মদিনায় মারা যান তারা। এ নিয়ে এবারের হজ মৌসুমে সৌদি আরবে মোট ৬ জন বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

মৃত হজযাত্রীরা ২ জন হলেন, মো. আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭)। তাদের মধ্যে আবদুল জলিলের বাড়ি জয়পুরহাট সদরে এবং বিউটি বেগমের বাড়ি কুমিল্লা আদর্শ সদরের ধনপুরে। এর আগে ১৭ জুন দুইজন ও ১১ জুন ১ জন এবং ১৬ জুন একজনের মৃত্যু হয়।

আবদুল জলিল খান মঙ্গলবার রাতে মদিনার মসজিদে নববির ৩৮ নং গেটের কাছাকাছি রিয়াজুল জান্নাহ’য় প্রবেশের সময় মারা যান এবং বিউটি বেগম স্থানীয় সময় মঙ্গলবার ভোরে মদিনার কিং ফাহাদ হাসপাতালে মারা যান।

বুলেটিনে বলা হয়, মঙ্গলবার পর্যন্ত ৭৮টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ২৮ হাজার ৩০৯ জন হজযাত্রী। সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২৪ হাজার ৯২৪ জন রয়েছেন।

উল্লেখ্য, গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।

 

আসুন কুড়িগ্রামের বানভাসী মানুষের পাশে দাঁড়াই

আমরা কমবেশি সবাই জানি সুনামগঞ্জ, সিলেট- কুড়িগ্রামে বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়েছেন। চারদিকে কেবল পানি আর পানি। এ বন্যার পানিতে ধ্বংস হয়েছে ঘর-বাড়ী, তলিয়ে গেছে ফসলি মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ। সিলেটের বন্যার ছবি ভাইরাল হয়েছে সেকারণে কোটি কোটি টাকার ত্রান পাচ্ছে তারা। অথচ কুড়িগ্রাম জেলায় প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী ভাঙ্গনে পরিবর্তন হচ্ছে মানচিত্র। বিশ্বাস করেন, সিলেটের বন্যা দেখে আমি একটু বিচলিত হয়নি,  আমি কুড়িগ্রামের সন্তান। আমরা কুড়িগ্রাম বাসী প্রতি বছরেই ২/৩ বার এরকম চুবানি খেয়ে অভ্যস্ত, যা এখনো চলমান।

দানবীর ভাইয়েরা, শুধুমাত্র সিলেটে না, পারলে কুড়িগ্রামের বন্যা কবলিত এলাকা গুলো একবার ঘুরে আসুন। আমাদের মঙ্গা পিড়ীত এলাকার মানুষজন এই বন্যায় কত অমানবিক জীবন-যাপন করছে তা দেখে আসুন । বাংলাদেশে লন্ডন নামে পরিচিত সিলেট শহরের অধিকাংশ বাড়ী দুইতলা বা তার উপরের। আবার যাদের দালান বাড়ী নেই তারা আত্মীয় স্বজনের বাড়ীতে আশ্রয় নিচ্ছেন। চলাচল করছেন নৌকায়। কিন্তু কুড়িগ্রামের বন্যার চিত্র সম্পুর্ন ভিন্ন। এখানে অনেকের মাথা গোজার একমাত্র তাদের বাড়ীর চাল পর্যন্ত বন্যার পানিতে তলিয়ে গেছে। বাধ্য হয়ে আশ্রয় নিতে হয়েছে নৌকায়। পানির কারণে এ অঞ্চলের কয়েক হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ছেলেমেয়েদের পড়ালেখাও বন্ধ। খাবার পানির বড়ই অভাব। সব নলকূপই পানির নিচে এবং পুকুরসমূহ ময়লা পানিতে ভরাট। রান্না করে খাবার তৈরির সুযোগ কোথাও নেই। শুকনো রুটি, বিস্কুট, মুড়ি আর চিড়া খেয়েই জীবন চালাতে হচ্ছে।

বন্যার কারণে যা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা বর্ণনাতীত। এসব ক্ষতি সহজে পূরণ হবার নয়। কিন্তু এখন প্রয়োজন বন্যাদুর্গত মানুষদেরকে সর্বাত্মকভাবে সাহায্য করা। তারা যেন আবার সোজা হয়ে দাঁড়াতে পারে, সে জন্য তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। বন্যার সময় সার্বিকভাবেই মানুষের জীবনে কষ্ট নেমে আসে। আবার বন্যার পানি নেমে যাবার পর ও অনেকদিন ধরে বন্যা কবলিত মানুষদেরকে সেই কষ্ট সহ্য করতে হয়। কারণ তখন মানুষ বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। বিশেষ করে পানি বাহিত রোগ ছড়িয়ে পড়ে। বিশুদ্ধ পানির সংকট দেখা দেয় প্রবলভাবে। পুকুরসমূহ ময়লা পানিতে সয়লাব হয়ে যাওয়ায় ব্যবহারের পানিরও সংকট চলে। মানুষ ব্যাপক হারে ডায়রিয়ার  আক্রান্ত হয়। এ অবস্থায় বন্যার্ত মানুষদেরকে সাহায্য করাটা আমাদের নৈতিক দায়িত্ব।

আসুন আমরা বন্যাদুর্গত মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সারা দেশের সার্মথ্যবান মানুষেরা যদি আজ এগিয়ে আসে তাহলে এই দুর্যোগকে মোকাবেলা করা কঠিন এবং অসম্ভব নয়। আমাদের সম্মিলিত প্রয়াসে এসব দুর্গত মানুষেরা অচিরেই তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে, একথা আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি। আসুন দুর্গত মানুষদের কাছে পৌঁছে দিই শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধ। বন্যার কারণে যে মানুষটি আজ সর্বহারা তার প্রতি আসুন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। বন্যার কারণে যে মানুষটির ঘরবাড়ি ধ্বংস হয়েছে, তাকে একটি ঘরের ব্যবস্থা করে আসুন মাথা গোজার ঠাঁই করে দিই। যে কৃষকের ফসল ধ্বংস হয়েছে আসুন নতুন করে কৃষিকাজের জন্য সেই কৃষকের পাশে দাঁড়াই। যারা গবাদিপশুকে হারিয়েছে, তাদের হাতে আবারো গবাদি পশু তুলে দিই। ক্ষতিগ্রস্ত পোল্ট্রি এবং মৎস্য চাষিদেরকে আবারো নতুন করে ব্যবসা শুরুর জন্য সহযোগিতা করতে হবে। যে ছাত্রটির বই খাতা নষ্ট হয়েছে সেই ছাত্রটির হাতে আসুন আমরা আবারো বই খাতা কলম তুলে দিই।যার পক্ষে যতটুকু সম্ভব তা যদি আমরা দুর্গতদের সাহায্যে দান করি, তাহলে খুব সহজেই বিশাল একটি ত্রাণ তহবিল গড়ে ওঠবে। আর এই তহবিলকে যথাযথ ব্যবহার করে এইসব দুর্গত মানুষকে আবারো সুন্দর জীবনে ফিরিয়ে আনা যাবে। তাই এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আজ সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সেক্টরকে ও এগিয়ে আসতে হবে। দেশের মানুষের উপকার করার এখনই সময়।

সামনেই পবিত্র ঈদুল আজহা। সার্মথ্যবান মুসলমানরা ঈদুল আজহার সময় আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিয়ে থাকেন। এই কোরবানির প্রধান উদ্দেশ্য এবং মর্মবাণী হচ্ছে ‘ত্যাগ’ করা। আর তাই কোরবানির উদ্দেশ্যে জবাইকৃত পশুর মাংসের তিন ভাগের দুই ভাগই ফকির, মিসকিন এবং গরিব আত্মীয়-স্বজনদের মাঝে বিলিয়ে দিতে হয়। সামর্থ্যবান মানুষেরা অনেকে মোটা অংকের টাকা দিয়ে অনেক বড় বড় গরু কোরবানি দিয়ে থাকেন। অনেকে লাখ টাকা পর্যন্ত একটি গরু কেনার পিছনে ব্যয় করে থাকেন। অনেকে আবার একাধিক গরু কোরবানি দিয়ে থাকেন। অনেকে আবার বিদেশি পশু যেমন উট দিয়েও কোরবানি দিয়ে থাকেন। এবারের কোরবানির জন্য বরাদ্দ টাকার কিছু অংশ যদি আমরা দুর্গতদের পুর্নবাসনে ব্যয় করি এবং বাকি টাকা দিয়ে অপেক্ষাকৃত কম দামে একটি পশু কিনে কোরবানি দিই তাহলে তাতে কোরবানিও আদায় হবে এবং দুর্গতদেরও কল্যাণ হবে। মনে রাখা দরকার, স্বয়ং স্রষ্টাই মানুষকে মানবতার কল্যাণে কাজ করার নির্দেশ দিয়েছেন। তাছাড়া কোরবানির পশুর চামড়া বিক্রি করে যে অর্থ আমরা পাব তার একটি অংশও দুর্গতদের পুর্নবাসনে ব্যয় করতে পারি।

সুতরাং আজ এসব বিষয় আমাদের ভাবা উচিত। সিলেটে আপনারা যেভাবে এগিয়ে আসছেন, নিশ্চয় অত্যন্ত মানবিক কাজ। কিন্তু কুড়িগ্রামের বন্যা কবলিত এলাকার যে দরিদ্র মানুষ গুলো এই বন্যায় অমানবিক জীবন-যাপন করছে, পারলে তাদের দিকেও দয়া করে সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসুন।

সাকিব আল হাসান রুবেল

গণমাধ্যম কর্মী, রৌমারী- কুড়িগ্রাম।

[বি.দ্রঃ মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না ও এর জন্য সম্পাদক কোনভাবে দায়ী নন। ]

রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (২২ জুন) সকাল ১০ টায় পৌরশহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক,উপজেলা সহকারী কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা, পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, মুক্তিযুদ্ধা হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রাহিমউদ্দিন।

এছাড়াও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম,ঘনশ্যাম রায়,সীমান্ত বসাক,জাহিদ হোসেন, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, আব্দুল মান্নান, কুশমত আলী, রমজান আলী, আজিজুর রহমান সহকারী শিক্ষক জিয়াউর রহমান, দিলারা বেগম, শামীমা আক্তারসহ সামাজিক- রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী  দর্শক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ৷

টুর্নামেন্টে উদ্বোধনীতে কাশিপুর ইউনিয়ন ও পৌরসভার দল অংশগ্রহণ করেন।