চট্টগ্রাম টেস্ট খেলছেন সাকিব, নিশ্চিত করলেন অধিনায়ক

স্পোর্টস ডেস্কঃ অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলছেন সাকিব আল হাসান। আজ শনিবার ( ১৪ মে ) সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনামুক্ত হয়ে গতকাল শুক্রবার চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। আজ শনিবার সকালে দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। তবে এতকিছুর পরও তার খেলার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। তাই অধিনায়ক মুমিনুল হক স্পষ্টই জানিয়ে দিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মাঠে নামছেন বাঁহাতি অলরাউন্ডার।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মুখিয়ে ছিলেন সাকিব আল হাসান। এই সিরিজের প্রস্তুতির জন্য ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) খেলেছেন ৪টি ম্যাচ। ডিপিএল খেলে অবশ্য যুক্তরাষ্ট্রে ফিরে যান পরিবারের কাছে। সেখান থেকে দেশে ফিরে দলে যোগ দেয়ার আগে কোভিড টেস্ট করালেই বাঁধে বিপত্তি। গত রবিবার সাকিবের কোভিড পজিটিভ আসলে শঙ্কা জাগে চট্টগ্রামে প্রথম টেস্ট থেকে বাদ পড়ার।

এদিকে, দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো চাচ্ছিলেন না ৫০ থেকে ৬০ ভাগ ফিট সাকিবকে। কোচের চাওয়া ছিল শতভাগ ফিট সাকিবকে। সাকিব সেই পরীক্ষায় নিজেকে প্রমাণ করেছেন। আজ সকালে ব্যাটিং অনুশীলন করেছেন অনেকক্ষণ। অনুশীলন শেষে কথা বলেন কোচের সঙ্গে।

তবে শেষ পর্যন্ত স্বস্তির খবর পাওয়া গেল। জানা গেছে, শেষ দিনের অনুশীলনে কোচ, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে সাকিব। এমনকি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও উপস্থিত রয়েছেন সশরীরে।

 

জন্মদিনের পরদিনই কেরালার অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্কঃ ২০তম জন্মদিনের ঠিক পরের দিন নিজ বাড়ি থেকে কেরালার জনপ্রিয় মডেল ও দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাহানার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৩ মে) কেরালার কোঝিকোড় শহরে অভিনেত্রীর নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিনেত্রীর মায়ের অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

সাহানার মায়ের অভিযোগ, মেয়েকে খুন করেছেন তার স্বামী সাজ্জাদ। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সাহানা শেষ বার ফোন করেছিল। জন্মদিনে কী কী করেছে সব জানাল। আর বলল, শুক্রবার দেখা করতে আসবে। খুব আনন্দ করেছে সেটাও জানিয়েছিল। তারপর হঠাৎ করে আত্মহত্যা করল, এটা মেনে নিতে পারছি না। আমি নিশ্চিত সাজ্জাদই খুন করেছে। সাজ্জাদ প্রায়শই সাহানাকে মেরে ফেলার হুমকি দিতেন বলে জানান তিনি।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, কাতারে কাজ করতেন সাজ্জাদ। কিন্তু সাহানা দক্ষিণী সিনেমায় অভিনয় ও বিজ্ঞাপনে কাজ শুরুর পর তিনি কাতার থেকে ফিরে আসেন। সাহানার রোজগার করা টাকা দাবি করতেন তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলত।

 

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শনিবার (১৪ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, করোনার উপসর্গ দেখা দেওয়ায় টেস্ট করানোর পর তার করোনা পজিটিভ শনাক্ত হয়। করোনা পজিটিভ হওয়ায় জেসিন্ডা আরডার্নকে স্থানীয় সময় ২১ মে সকাল পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। জেসিন্ডা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রামেও করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন।

উল্লেখ্য, গত ৮ মে জেসিন্ডা আরডার্নের সঙ্গী ক্লার্ক গেফোর্ড করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন। সোমবার তিনি সংসদেও যাননি। তারপর থেকেই আইসোলেশনে থেকেও শেষ রক্ষা হলো না।

এর আগে, ২০২০ সালে নিউজিল্যান্ড করোনার প্রাদুর্ভাব রুখতে সর্বোচ্চ বিধিনিষেধ আরোপ করে এবং উন্নত দেশ হিসেবে সর্বনিম্ন ৮৯২ জন মারা যাওয়ার রেকর্ড করে।

 

ভারত থেকে কক্সবাজার যাওয়ার পথে মৌলভীবাজারে ১৮ রোহিঙ্গা আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে নারী ও শিশুসহ মোট ১৮ রোহিঙ্গাকে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল  বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের মৌলভীবাজার টু শ্রীমঙ্গল সড়কের ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাঁদের আটক করা হয়েছে।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য তাঁরা ভারত থেকে কুলাউড়া উপজেলার সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢোকেন। তাৎক্ষনিক তাদের নাম ও পরিচয় জানা যায়নি। তবে সকলকে মৌলভীবাজার সদর থানায় নিয়ে আসা হয়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদক’কে জানান, তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা রোহিঙ্গা বলে জানা যায়।

বেসরকারিভাবে হজে গেলে সর্বনিম্ন খরচ ৪ লাখ ৬৩ হাজার টাকা খরচ করতে হবে

সিএনবিডি ডেস্কঃ চলতি ২০২২ সালে বেসরকারি এজেন্সিগুলোর ব্যবস্থাপনায় হজ করতে গেলে মাথাপিছু সর্বনিম্ন খরচ ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা খরচ করতে হবে। গতকাল বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই  সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

হাব সভাপতি শাহাদাত হোসাইন বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ‘সাধারণ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ করা হয়েছে। এ ছাড়া প্রত্যেক এজেন্সি নিজ নিজ স্পেশাল প্যাকেজ করতে পারবেন। তবে কোনো প্যাকেজই হাব ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যের চেয়ে কম হবে না। সাধারণ প্যাকেজের হজযাত্রীদের পবিত্র হারাম শরিফের বাইরের চত্বরের সীমানার ১ হাজার থেকে ১ হাজার ৫০০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে। প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার অতিরিক্ত কোনো ফি আরোপ করলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং তা হজযাত্রীকে পরিশোধ করতে হবে।

শাহাদাত হোসাইন আরও বলেন, কোরবানির খরচ বাবদ প্রত্যেক হজযাত্রীকে ৪১০ সৌদি রিয়াল সমান পরিমাণ ১৯ হাজার ৬৮৩ টাকা আলাদাভাবে নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে।

এদিকে, সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে। এ বছর প্যাকেজ-১ এর ক্ষেত্রে এক লাখ ২ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর ক্ষেত্রে খরচ বেড়েছে ১ লাখ ২ লাখ ১৫০ টাকা।

করোনাভাইরাস মহামারির কারণে সৌদি সরকারের বিধিনিষেধের মুখে গত দুই বছর বাংলাদেশি হজযাত্রীরা হজ পালন করতে পারেননি।

এর আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছিলেন হজযাত্রীরা। ২০২০ সালে হজ পালনে প্যাকেজ-১-এ ৪ লাখ ২৫ হাজার টাকা, প্যাকেজ-২-এ ৩ লাখ ৬০ হাজার টাকা এবং প্যাকেজ-৩-এ খরচ ধরা হয়েছিলো ৩ লাখ ১৫ হাজার টাকা। তখন হজ প্যাকেজগুলো বেসরকারি হজযাত্রীদের জন্যও প্রযোজ্য ছিল। তবে প্যাকেজ ঘোষণা হলেও বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি।

রাণীশংকৈলে নীলগাই উদ্ধার, অতপর: বিজিবি’র সামনে জবাই করলেন এলাকাবাসী

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া উত্তর মন্ডলপাড়া এলাকায় গ্রামবাসিরা  একটি নীলগাই  উদ্ধার করে জবাই করে। গতকাল বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১১ টায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, এদিন সকালে এলাবাসিরা হঠাৎ একটি নীল গায় দেখতে পায়। গাইটিকে ধরার জন্য অনেক ছুটা ছুটি করে। এক পর্যায়ে নীলগাইটি  হাঁপিয়ে গেলে স্থানীয়দের হাতে  ধরা পড়ে। গাইটি অতিরিক্ত অসুস্থ হয়ে পড়লে মরে যেতে পারে এরকম ভেবে গ্রামবাসিরা  দু’জন বিজিবি সদস্যের উপস্থিতিতে গাইটিকে জবাই করে ফেলে। এলাকাবাসীরা ধারণা করছে এটি ভারত থেকে বাংলাদেশে এসেছিল।
ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, আমি জেনিছি অনেকক্ষন ধরে নীল গায়টিকে গ্রামবাসীরা পিটাপিটি করে এবং গাইটি হ্যাঁপিয়ে গেলে ধরা পড়ে। মরার ভয়ে এলাকাবাসী দুই বিজিবি সদস্যের সামনে জবাই করে দেয়। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইউএনও স্যারকে বিষয়টি অবগত করি তিনি যা সিদ্ধান্ত নিবেন তাই হবে।
এ ব্যাপারে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন,চেয়ারম্যান আমাকে খবর দিয়েছে, খবর পাওয়ার সাথে সাথে বন বিভাগের দু’জন কর্মকর্তা ও থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি এবং বিভাগীয় বন কর্মকর্তাকে  জানিয়েছি তিনি সরেজমিনে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। বিজিবি সদস্যদের উপস্থিতিতে জবাইয়ের বিষয়টি জনতে চাইলে তিনি বলেন তাদের সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিধঁ কেটে চুরি করে নিয়ে যাওয়া শিশু ১৯ ঘন্টার মধ্যে উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় শিশু অপহরণের ১৯ ঘন্টার মধ্যেই অপহৃত তিন বছরের শিশু মাহবুব ইসলাম মাহিনকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার সাড়ে ৯ টার দিকে জুড়ি উপজেলার কাপনা পাহাড় এলাকায় একটি দোকান থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণকারীরা ওই দোকানেই তাকে কৌশলে রেখে সটকে পড়ে। ওইদিন রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে তাকে উদ্ধার করেন। রাতেই উদ্ধার হওয়া শিশুকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

ওসি বলেন, এ ঘটনায় বুধবার শিশু মাহিনের চাচা টিলাগাঁও ইউনিয়নের সন্ধ্যাবাগ গ্রামের মৃত ছইদ উল্যার ছেলে লোকমান মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।ওই মামলায় জুড়ি উপজেলার সাগরনাল গ্রামের রইছ মিয়ার ছেলে মাজেদ আহমদ মজনুর নামোল্লেখ করে আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে টিনের ঘরের সিঁধ কেটে মায়ের পাশ থেকে ঘুমন্ত অবস্থায় শিশু মাহবুব ইসলাম মাহিন অপহৃত হয়। ওই শিশু মাহিন তার মায়ের সঙ্গে নানার বাড়িতে ছিল। সে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাসিন্দা মধ্যপ্রাচ্য প্রবাসী মর্তুজ আলীর ছেলে।

সিঁধ কেটে ঘর থেকে শিশু অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির মাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। সেইসঙ্গে শিশুটিকে উদ্ধারে দ্রুত অভিযানে নামে পুলিশ।

পুলিশ ও অপহৃত শিশুর পরিবার বলছে, শিশু মাহিনের বাবা মর্তুজ আলী আরব আমিরাত প্রবাসী। মাহিন তার মা লিজা বেগমের সঙ্গে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে নানা আকবর মিয়ার বাড়িতে থাকে। মঙ্গলবার রাতে মা লিজার সঙ্গে ঘুমিয়ে ছিল সে। এ সময় ঘরের অন্য সবাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে ঘরের পেছনে টিনের বেড়ার নিচের মাটি খুঁড়ে কে বা কারা পাশের ঘরে খাটের নিচ দিয়ে প্রবেশ করে। এ সময় মাহিনকে ঘুমন্ত অবস্থায় খাট থেকে তুলে নিয়ে চলে যায়।

নিখোঁজ মাহিনের নানি রোসনা বেগম বলেন, জন্মের পর থেকে আমার নাতিসহ মেয়ে আমাদের বাড়িতে থাকে। আমার মেয়েজামাই দুবাইপ্রবাসী। আমরা সবাই রাতে ঘুমে ছিলাম। হঠাৎ আমার মেয়ের চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি আমার নাতি মাহিন নেই। তখন আমার স্বামী-সন্তানসহ ঘর থেকে বের হয়ে দেখি দুজন লোক কোলে করে মাহিনকে নিয়ে দৌড়ে সিএনজি অটোরিকশায় উঠছে। তখন আমাদের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন বের হয়ে ওই গাড়ি আটকানোর চেষ্টা করে। কিন্তু দ্রুত গাড়িটি চলে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন জানান, ঘটনাটি তাদের নিজেদের আত্মীয়ের মধ্যে কেউ ঘটিয়েছে। বিষয়টি তাদের পারিবারিক হতে পারে।

যদিও রোসনা বেগম এ প্রসঙ্গে বলেন, ‘আমার ফুফাতো ভাইয়ের সঙ্গে আমাদের বিরোধ ছিল। তাঁর ছেলে মজনু সোমবার আমার বাড়িতে আসে। আমাদের ধারণা মজনু এ ঘটনা ঘটিয়েছে। মজনুর বাড়ি জুড়ী উপজেলার সাগরনালে।

নিখোঁজ মাহিনের নানা আকবর মিয়া বলেন, ঘটনার পর পুলিশকে খবর দিলে তারা আমার বাড়িতে গিয়ে দেখেছে। আমার মেয়ে লিজাসহ থানায় গিয়ে অভিযোগ দেওয়া হয়েছে। আমাদের আত্মীয় মজনু ঘটনাটি ঘটিয়েছে।

বাঞ্ছারামপুরে শায়ান পুষ্প বিলাসের উদ্ধোধন

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাঁচা ফুলের দোকান শায়ান পুষ্প বিলাসের শুভ উদ্ধোধন করা হয়েছে। গেল বুধবার বিকেলে উপজেলা সদরের টি.এন্ড.টি রোডে অবস্থিত শায়ান পুষ্প বিলাশ নামে একটি ফুলের দোকানের শুভ উদ্ধোধন করেন বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূইয়া বকুল।

এসময় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, বাঞ্ছারামপুর সরকারি কলেজের প্রভাষক ও দৈনিক কালের কন্ঠের বাঞ্ছারামপুর প্রতিনিধি মো. চান মিয়া সরকার, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সনেট, বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সৈয়দ মোহাম্মদ আজিজ, বাঞ্ছারামপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন, পৌর আওয়ামীলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামীম সরকার, শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল,পৌর আওয়ামীলীগের সদস্য, মো. রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সালাম, সাদেক মেম্বার উজান চর ইউনিয়নের তাঁতী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ খাঁন বাদল মেম্বার,উজানচর ইউনিয়নের যুবলীগ নেতা মো.ইব্রাহিম,উজানচর ১নং ওয়ার্ডের শ্রমিকলীগের সভাপতি শাহিন খা, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো.মোতালিব, ইব্রাহিম খা সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

উদ্ধোধন এর আগে শায়ান পুষ্প বিলাশের স্বত্ত্বাধিকারী মো. আলামিন ভূইয়ার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শায়ান পুষ্প বিলাশ  কাঁচা ফুলের দোকানে শোভা পাচ্ছে বিভিন্ন রঙের গোলাপ, জুঁই, চামেলী, জারবেরা, রজনীগন্ধা, কালার গ্লাডিওলাস, চেরী, বেলী,  গাঁদাসহ রকমারী ফুলের সমাহার। কাঁচা ফুলের ঘ্রাণ নিতে এবং শুভেচ্ছা বিনিময়, অভিনন্দন জ্ঞাপন, বিভিন্ন দিবস উদযাপন, সাজসজ্জা, বিয়ের আয়োজন, ধর্মীয় অনুষ্ঠান-সর্বত্রই ফুলের প্রয়োজন। সকল প্রকার অনুষ্ঠানের জন্য শায়ান পুষ্প বিলাশ থেকে ফুল ক্রয় করার জন্য এসময় উপস্থিত বক্তারা বাঞ্ছারামপুরবাসীর দৃষ্টি আকর্ষণ করেন।

করোনায় আক্রান্ত ধনকুবের বিল গেটস আইসোলেশনে

সিএনবিডি ডেস্কঃ করোনায় আক্রান্ত ধনকুবের বিল গেটস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। গেল মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজিটিভ আসে। তিনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত আইসোলেশনে থাকবেন।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া সম্পর্কে বিল গেটস নিজেই টুইটার বার্তায় বলেছেন, “করোনা টেস্টে আমি পজিটিভ হয়েছি। সামান্য কিছু উপসর্গ অনুভব করছি এবং বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলছি। পরিপূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত আমি আইসোলেশনে থাকবো।”

এদিকে বিল গেটস আরো জানিয়েছেন, দুই বছর পর মঙ্গলবার গেটস ফাউন্ডেশন একটি বৈঠকে মিলিত হতে চেয়েছিল কিন্তু তিনি নিজে সশরীরে উপস্থিত হতে পারেন নি বরং তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

প্রসঙ্গত, বিল গেটস ফাউন্ডেশন যখন করোনাভাইরাস মোকাবেলার জন্য নানা রকমের পদক্ষেপ নেয়ার পক্ষে প্রচার চালাচ্ছে তখন তিনি করোনা আক্রান্ত হলেন। করোনাভাইরাসের ওপর বিল গেটস ফাউন্ডেশন এর মধ্যে একটি বই প্রকাশ করেছে। করোনা মহামারী ছড়িয়ে পড়ার শুরু থেকেই বিভিন্ন বিধিনিষেধ আরোপের পক্ষে প্রচারাভিযান চালিয়েছেন বিল গেটস। তিনি লকডাউন এবং সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনাভাইরাসের টিকা আবশ্যিকভাবে গ্রহণের ওপর জোর দিয়ে আসছেন। তিনি নিজে ডাক্তার না হলেও তার এই মতামতকে সারাবিশ্ব বিশেষভাবে গুরুত্ব দিয়েছে কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় গেটস ফাউন্ডেশন বিপুল পরিমাণ অর্থ অনুদান দিয়ে থাকে।

চীনে ১১৩ জন যাত্রীসহ প্লেনে আগুন

আন্তর্জাতিক ডেস্কঃ রানওয়েতে ছিটকে পড়ে চীনে ১১৩ জন যাত্রীসহ একটি প্লেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১২ মে) দেশটির চংকিং বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিপলস ডেইলি।

প্রতিবেদনে বলা হয়, ১১৩ জন যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে বিমানটি চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং থেকে তিব্বতের নাইংচির দিকে যাচ্ছিল। কিন্তু একজন ক্রু অস্বাভাকি কিছু লক্ষ্য করার পর প্লেনটির উড্ডয়ন বন্ধ করে দেওয়া হয়। যাত্রী নিয়ে আকাশে ওড়ার আগেই রানওয়েতে পিছলে যায় প্লেনটি। প্রায় সঙ্গেসঙ্গেই তাতে আগুনও ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এই ঘটনায় প্লেনের যাত্রীদের কয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে দুর্ঘটনাগ্রস্ত প্লেনটি থেকে নিরাপদেই বেঁচে ফিরেছেন সবাই।

এদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, প্লেনটির পাখা দুইটি জ্বলছে। এসময় আতঙ্কিত যাত্রীরা ঘটনাস্থল থেকে অন্যত্র সরে যায়। তবে যারা অল্প আঘাত পেয়েছেন তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়। দেশটির গুয়াংঝি অঞ্চলে ইস্টার্ন এয়ারলাইন্সের ওই বিমানটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে ১২৩ জন যাত্রী ও ৯ জন ক্রু সদস্য ছিলেন ও তারা সবাই মারা যান।