সিলেট বিভাগের চার জেলায় বন্যার আশঙ্কা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট অঞ্চলে আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতীয় অঞ্চলগুলোয় ভারি বৃষ্টিপাতের কারণে নেমে আসা ঢলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এবং নেত্রকোনা জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। অব্যাহত ভারি বৃষ্টির কারণে উজানি ঢলে আজ শুক্রবার সুরমা ও সারি, গোয়াইনসহ বিভিন্ন নদীর পানি বিপদসীমা পার হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস প্রতিবেদনে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশের মধ্যে এবং উজানে ভারতীয় এলাকায় ভারি বৃষ্টির কারণে সিলেট ও নেত্রকোণা অঞ্চলে প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়তে পারে। এমনকি সিলেট অঞ্চলের সুরমা ও সারিগোয়াইন নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম (বরাক অববাহিকা), মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের কিছু এলাকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। প্রধান নদীগুলোর মধ্যে সুরমা, কুশিয়ারা, ভোগাই-কংস, ধনু-বাউলাই, মনু, খোয়াই এসব নদীর পানি কয়েকটি পয়েন্টে সময় বিশেষে দ্রুত বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে এবং সারিগোয়াইন নদীর পানি সারিঘাট পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ব্রহ্মপুত্র নদের পানি কমছে। অপরদিকে যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। উভয় নদীর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে।

কুমিল্লার আট বেইলি ব্রিজে ঝুঁকিপূর্ণ যাত্রা প্রতিদিন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সড়কের কুমিল্লা অংশের ৮ কিলোমিটার এলাকায় রয়েছে ৮টি বেইলি ব্রিজ। ঝুঁকিপূর্ণ জেনেও এই আট বেইলি ব্রিজে চলতে হচ্ছে প্রতিদিন। এর মধ্যে গত  শুক্রবার (১৩ মে) বিকালে কড়বাড়ি ব্রিজ ভেঙে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা খালে পড়ে ৬ জন আহত হন। ব্রিজটি ভেঙে যাওয়ায় মুরাদনগর-নবীনগর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বাকি ৭টি ব্রিজও রয়েছে ঝুঁকিতে।

এগুলো হচ্ছে- কাজী নজরুলের শশুরবাড়ি দৌলতপুর নজরুল গেইট, সীমানারপাড়, মুকলিশপুর, কোড়েরপাড়, মেটংঘর ও পীরকাশিমপুর গ্রামে দুইটি ব্রিজ। ব্রিজগুলোতে সারা বছরই ঘটছে দুর্ঘটনা। কখনো পাটাতন সরে ফাঁকা জায়গায় চাকা ঢুকে গাড়ি উল্টে যায়, কখনো বাইসাইকেল, মোটর সাইকেলের চাকা আটকে যায় কিংবা ঢুকে পড়ে মানুষের পা।

যাত্রী ও চালকদের সাথে কথা বলে জানা যায়, ব্রিজগুলো অনেক দিন যাবত জরাজীর্ণ ও নড়বড়ে। বৃষ্টি হলে হয়ে উঠে আরো ভয়ঙ্কর। ট্রাক্টর, সিএনজিচালিত অটোরিকশা পড়ে গিয়ে অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। বেশি ওজনের ট্রাক যাওয়ার সময় পাটাতন দেবে গিয়ে কাত হয়ে উল্টে পড়ে। পুরানো এই ব্রিজগুলোর স্থানে নতুন পাকা ব্রিজ স্থাপনের দাবি জানান তারা।

মুরাদনগর হায়দরাবাদ হাজী ইয়াকুব আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইদুজ্জামান বাবু বলেন, তিনি এই সড়কে চলাচল করেন। ব্রিজ ভেঙে যাওয়ায় প্রায়ই চলাচলে দুর্ভোগে পড়েন। শুক্রবার কড়ইবাড়ি ব্রিজ ভেঙে যাওয়ায় তিনি ৮ কিলোমিটার ঘুরে স্কুলে যাতায়াত করছেন।

স্থানীয় বাঙ্গরা ইউনিয়ন চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, এই সড়কের বেইলি ব্রিজগুলো ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে মকলিশপুর ব্রিজটির অবস্থা বেশি খারাপ। ব্রিজটিতে কাঠের টুকরা দিয়ে ঠেস দেওয়া হয়েছে। ভেঙে গেছে পাশের পাটাতন। যেকোন মুহূর্তে এটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, কোম্পানীগঞ্জ-নবীনগর রুটের বেইলি ব্রিজগুলোর স্থানে পাকা ব্রিজ নির্মাণের জন্য আমরা আগামী মাসে প্রস্তাবনা জমা দেবো। পর্যায়ক্রমে বেইলি ব্রিজগুলো সরিয়ে ফেলা হবে।

তিনি আরো বলেন, নির্ধারিত ওজন নিয়ে পরিবহনগুলো নিয়মমাফিক পারাপার হলে মানুষকে দুর্ভোগে পড়তে হয়না। এ বিষয়ে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

নেত্রকোণায় নজরুল সেনার সুবর্ণজয়ন্তী উদযাপন প্রোগ্রামে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নেত্রকোণা প্রতিনিধিঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু বলেছেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সফল রাষ্ট্রনায়কের পাশাপাশি শিশুদের কাছেও ছিলেন ভীষণ প্রিয় ব্যক্তিত্ব। শিশুদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুয়ার সব সময় উন্মুক্ত ছিল। শিশুদের কাছে পেলে তিনি আনন্দে আত্মহারা হয়ে যেতেন। বঙ্গবন্ধুই ভেবেছিলেন শিশুদের সুরক্ষায় পূর্ণাঙ্গ একটি আইন থাকা জরুরি। আর এই পথ ধরেই ১৯৭৪ সালের ২২ জুন জাতীয় শিশু আইন (চিলড্রেন অ্যাক্ট) প্রণয়ন করা হয়।”

শনিবার সন্ধ্যায় নেত্রকোণা মোক্তারপাড়া মুক্তমঞ্চে শিশু-কিশোর সংগঠন বাংলাদেশ নজরুল সেনা, নেত্রকোণা শাখার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, প্রাবন্ধিক যতীন সরকার সহ নজরুল সেনার উপদেষ্টামণ্ডলী ও সেনা সদস্যবৃন্দ।

শুটিংয়ে আহত অভিনেত্রী তানজিন তিশা

বিনোদন ডেস্কঃ শুটিং করতে গিয়ে আহত হলেন দেশীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গতকাল রবিবার (১৫ মে) সন্ধ‌্যার পর রাজধানী ঘেঁষা বিরুলিয়ার এক রিসোর্টে একটি মুঠোফোনের বিজ্ঞাপনের শু‌টিং চলাকা‌লে ডান হা‌তে আঘাত পান তিনি।

ঘটনার বর্ণনা দি‌য়ে গণমাধ্যমকে তান‌জিন তিশা বলেন, বিকেল থেকেই শুটিং করছিলাম। ‌সন্ধ্যার পর ফাইটিংয়ের দৃশ্য করতে গিয়ে ডান হাতে মারাত্মক আঘাত পাই। পুরো হাত ফুলে গেছে, নাড়াতে পারছি না। তারপরেও চেষ্টা করছি শুটিংটা শেষ করার জন্য। বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, পরিচালক আগা না‌হিয়ান এর পরিচালনায় একটি মুঠোফোন কোম্পা‌নির বিজ্ঞাপনের শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এই বিজ্ঞাপনের আরো ৩ দিনের শুটিং বাকি। বিজ্ঞাপনটিতে তানজিন তিশার সঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় দ‌লের ক্রিকেটার তাসকিন আহমেদ।

 

সোমালিয়ার নব-নির্বাচিত প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ সোমালিয়ায় নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন হাসান শেখ মোহাম্মদ। গতকাল রবিবার (১৫ মে) দীর্ঘ সময় ধরে চলা নির্বাচনের পর নির্বাচিত হন দেশটির সাবেক এই রাষ্ট্রনেতা।

দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন হাসান শেখ মোহাম্মদ। এর আগে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সোমালিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফারমাজোকে পরাজিত করে তিনি নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।  প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহি ফারমাজো ২০১৭ সাল থেকে ক্ষমতায় ছিলেন।

কাতারভিত্তিক সংবামাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার রাজধানী মোগাদিশুতে কঠোর নিরাপত্তার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে প্রার্থী ছিলেন ৩৬ জন। এতে শেখ মোহাম্মদ পেয়েছেন ৩২৭ ভোটের মধ্যে ২১৪টি। আবদুল্লাহি ফারমাজো এ নির্বাচনে ভোট পান ১১০টি। স্থানীয় গণমাধ্যমে এ তথ্য জানান সোমালিয়ার পার্লামেন্টের স্পিকার শেখ আদান মোহাম্মদ নূর মাদোবি।

নির্বাচনের ফল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই শপথ নেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ। এরপর রীতি অনুসারে তাকে প্রেসিডেন্টের দায়িত্ব বুঝিয়ে দেন সাবেকপ্রেসিডেন্ট। আবদুল্লাহি ফারমাজো পরাজয় স্বীকার করে নিয়ে বলেন, যারা আমাদের ভোট দিয়েছেন আর যারা দেননি তাদের সবাইকে ধন্যবাদ। আমরা আশা করবো শেখ মোহাম্মদ সঠিকভাবে তার দায়িত্ব পালন করবেন।

শপথের পর দেওয়া বক্ত্রিতায় শেখ মোহাম্মদ তার পূর্ব প্রেসিডেন্টকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য ধন্যবাদ জানান। এ ছাড়া ক্ষোভ, ভেদাভেদ ভুলে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত এক বছর ধরে সোমালিয়ায় রাজনৈতিক সংকট বিদ্যমান ছিলো। শেখ মোহাম্মদ নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে এ সংকটাবস্থার নিরসন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

নেত্রকোণায় সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে সংবর্ধনা

নেত্রকোনা প্রতিনিধিঃ জাতীয় সেরা ক্রীড়াবিদ হিসেবে সাবেক ফুটবলার, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় জাতীয় পুরস্কার পাওয়ায় গত শুক্রবার বিকেলে সংবর্ধনা দেওয়া হয়। নেত্রকোণা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা শহরের সাতপাই এলাকায় নেত্রকোণা আধুনিক স্টেডিয়াম মাঠের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসোসিয়েশনের সভাপতি সাবেক ফুটলার সাইফ খান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবু নাসের তালুকদার মিলু, যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান, সাবেক ফুটবলার আবদুল কাদির, ইকবাল, শফিক হাওলাদার প্রমুখ।

এ সময় সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে খেলাধূলার বিকল্প নেই।  দেশের উন্নয়নে যুব সমাজকে তৈরি করতে হলে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে।

বাঁশঝাড়ে গলায় ফাঁস শরীরে জখম অবস্থায় যুবতীর লাশ উদ্ধার

সাবিক ওমর সবুজ, শাজাহানপুর, বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে বাঁশঝাড় থেকে  বাশেঁর সাথে ফাঁস দেওয়া অবস্থায় অজ্ঞাত যুবতী নারীর লাশ  উদ্ধার করে পুলিশ। গেল শনিবার সকাল  ১০.৩০  ঘটিকায় উপজেলার আশেকপুর ইউনিয়নের গণ্ডগ্রাম কালিতলা বাঁশঝাড়ের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয় ৷

স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার গণ্ডগ্রাম কালিতলা বাঁশঝাড়ে এক নারীর গলায় ফাঁস দেওয়া ঐ নারীর লাশ দেখতে পায় এলাকাবাসী। তার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ দেখা যায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ৷

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এখন পর্যন্ত মৃতদেহের পরিচয় জানা যায়নি তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সড়ক দুর্ঘটনায় স্ত্রী-ছেলেসহ বারডেম চিকিৎসকের মৃত্যু

সিএনবিডি ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন স্ত্রী-ছেলেসহ বারডেম হাসপাতালের চিকিৎসক। আজ শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহতরা হলেন ঢাকা বারডেম হাসপাতালের চিকিৎসক ও গোপালগঞ্জ শহরের বটতলা এলাকার প্রফুল্ল কুমার সাহার ছেলে ডা. বাসুদেব কুমার সাহা (৫২), তার স্ত্রী শিবানী সাহা (৪৮),  ছেলে আহসান উল্লাহ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী স্বপ্নীল সাহা (১৯) ও তার ব্যক্তিগত গাড়ি চালক আজিজুর ইসলাম (৪৪), কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের পিয়ার আলী মোল্যার ছেলে  ফিরোজ মোল্যা (৪৮), তার স্ত্রী রুমা বেগম ( ৪০) এবং ওই গ্রামের জিন্দার ফকিরের ছেলে অনিক বাবু (২৮) ও অনিকের নববিবাহিত স্ত্রী ইয়াসমিন আক্তার (১৯)।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এসআই সিরাজুল ইসলাম জানান, পিরোজপুরে মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকার ও কাশিয়ানী সদর থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এই সময় দুমড়ে-মুচড়ে প্রাইভটকারটি সড়কের পাশে ধান মাড়াই কাজে কর্মরত শ্রমিক ও মেশিনের ওপর গিয়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন, ধান মাড়াইরত স্বামী-স্ত্রীসহ ৮ জন নিহত হন।

উল্লেখ্য, এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী, ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

 

তেল ছাড়াই সুস্বাদু মাছের ঝোল রান্নার রেসিপি

লাইফস্টাইল ডেস্কঃ আমাদের অনেকেরই ধারনা খাবারের গুণ আর স্বাদ নির্ভর করে তেলের উপর। আসলে মোটেও তা না, খাবারের গুণ ও স্বাদ সম্পূর্ণ নির্ভর করে মসলার ওপরে। এক্ষেত্রে তেল তেমন বেশি একটা ভূমিকা রাখেনা। তাই জেনে নিতে পারেন বিনা তেলে রান্নার উপায়। অনেক খাবার আছে যেগুলো তৈরি করতে তেলের প্রয়োজন হয় না। জানলে অবাক হবেন তেল ছাড়াই সুস্বাদু মাছ রান্না করা সম্ভব।

চলুন জেনে নিই তেল ছাড়া মাছ রান্নার রেসিপি—

উপকরণঃ

  • মাছ ৪-৫ টুকরা
  • বেগুন ১টি
  • টমেটো ২টি
  • রসুন কুচি ১ চা চামচ
  • পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া আধা চা চামচ
  • মরিচ গুঁড়া আধা চা চামচ
  • কাঁচামরিচ ফালি ৪টি
  • ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

প্রণালীঃ

চুলায় কড়াই দিয়ে তাতে আধা কাপ পানি দিতে হবে। এরপর তার সঙ্গে কাঁচামরিচ ও ধনেপাতা বাদে সব মসলা দিয়ে দিতে হবে। নেড়েচেড়ে রান্না করতে হবে ২-৩ মিনিট। এরপর সেই মসলায় মাছ, বেগুন ও টমেটোর টুকরা একসঙ্গে দিয়ে দিয়ে দিতে হবে।

এবার ভালো করে নেড়ে চুলার আঁচ কমিয়ে ঢেকে রান্না করতে হবে। ঝোল ঘন হয়ে এলে চুলা বন্ধ করে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে ঢেকে রাখলেই ব্যাস তৈরি হয়ে যাবে তেল ছাড়া মজাদার মাছের ঝোল।

 

গম রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা, বিশ্ববাজারে দাম বাড়ার আশঙ্কা

অর্থনীতিক ডেস্কঃ নিজ দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে তাত্ক্ষণিকভাবে গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। গত শুক্রবার (১৩ মে) রাতে দেশটির বৈদেশিক বাণিজ্য বিষয়ক কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে। আজ শনিবার থেকে তাৎক্ষণিক এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। কয়েক দিন আগেই রেকর্ড পরিমাণ গম রপ্তানির কথা বলেছিল দেশটি। নতুন সিদ্ধান্তের কারণে বিশ্ববাজারে গমের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারত সরকার জানিয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের আগে যেসব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে, শুধুমাত্র সেসব দেশেই গমের চালান পাঠানো যাবে। শনিবার থেকে আন্তর্জাতিক কোনো ক্রেতার অর্ডার আর নেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে প্রতিবেশী দেশ ও খাদ্য সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোতে গম রপ্তানি অব্যাহত থাকবে বলে ভারত জানিয়েছে।

উল্লেখ্য, গম উৎপাদনে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে আছে চীন, তারপরই ভারতের অবস্থান।আর আন্তর্জাতিক বাজারে গম রপ্তানিতে শীর্ষে রয়েছে রাশিয়া ও ইউক্রেন। কিন্তু এই দুই দেশ যুদ্ধে জড়িয়ে পড়ায় গত ফেব্রুয়ারি থেকে ভারতে গমের চালান আসা প্রায় বন্ধ হয়ে যায়। এছাড়া দেশটিতে মুদ্রাস্ফীতিও বাড়ছে বিপজ্জনক হারে। গত এপ্রিল মাসে এই হার ছিল ৭ দশমিক ৭৯ শতাংশ। পাশাপাশি মার্চ মাসে ভারতে তীব্র তাপপ্রবাহের কারণে চলতি মৌসুমে গমের ফলন ক্ষতিগ্রস্ত হয় ব্যাপকভাবে।

আর তাই এই অবস্থায় দাম স্থিতিশীল রাখতে বাধ্য হয়েই দেশ থেকে সমস্ত গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত।