ফ্রান্সে ৩০ বছর পর নারী প্রধানমন্ত্রী হচ্ছেন এলিজাবেথ বোর্নে

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শ্রমমন্ত্রী এলিজাবেথ বোর্নকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। দীর্ঘ ৩০ বছরের বেশি সময় পর দেশটিতে একজন নারী প্রধানমন্ত্রী দায়িত্ব নিতে যাচ্ছেন। গতকাল সোমবার (১৬ মে) ফরাসি প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্রাসাদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জিন ক্যাসটেক্সের পরিবর্তে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন এলিজাবেথ বোর্ন। এর আগে বিদায়ী প্রধানমন্ত্রী জেন ক্যাসটেক্স প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র হস্তান্তর করেন। আর তার বিদায়ের ফলে জুনে গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচনের আগে ম্যাক্রোঁ মন্ত্রিসভায় বদল আনার সুযোগ পেলেন।

উল্লেখ্য, ইডিথ ক্রেসন সবশেষ নারী প্রধানমন্ত্রী হিসেবে ফ্রান্সে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৯১ সালের মে মাস থেকে ১৯৯২-এর এপ্রিল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এলিজা‌বেথ বোর্ন ফ্রান্সের পরিবেশ, পরিবহন ও শ্রম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ রাজ‌নৈ‌তিক জীবনে বামপ‌ন্থী রাজনী‌তির সঙ্গে স‌ক্রিয়ভা‌বে জ‌ড়িত থাকলেও ২০১৭ সালে তি‌নি ম্যাক্রোন শি‌বিরে যোগ দেন। কোভিড-১৯ এর সময়ে বেশ দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

 

মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির বলেছেন, বর্তমান দখলদার যে সরকারটি ক্ষমতায় আছে, এদের লজ্জা শরম নেই। এরা মুখে গণতন্ত্রের কথা বলে অথচ এই গণতান্ত্রিক লেবাসধারী দখলদাররা ঈদের পর বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, মঈন খাঁন, এহসানুল হক মিলন, জহির উদ্দিন স্বপনসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের বাসাবাড়ি দোকানপাঠ ব্যবসা কার্যালয়ে হামলা চালিয়েছে।

গত শনিবার (১৪ মে) বিকেলে শুরু হওয়া শহরের প্রেসক্লাব মোড়ে সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, এদের হায় লজ্জা নাই। এক কান কাটা থাকলেও লোকজন আরেক কানে শুনে চলাফেরা করে। যখন কান দুইটা থাকে না, তখন হায় লজ্জা শরম একেবারেই থাকে না। এদের কথাবার্তা শুনলে বুঝবেন এরা ডুবন্ত। মানুষ যখন পানির মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে, তখন স্বাভাবিক অবস্থা ভুলে মুহুর্তেই পড়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তেমনি আওয়ামীলীগের নেতাদের কথাবার্তা দেখলে বুঝবেন এদের আর দম নাই। এদের এক্সেপেয়ার ডেইট চলে এসেছে। সুতরাং সময় বেশী নেই। যেহেতু সময় বেশি নাই, এদের কার্যকলাপও অসংযত।

জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন-কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফরহাদ চৌধুরী শামিম, মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন ও সহ-সভাপতি ফয়ছল আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মোক্তাদির আরো বলেন, আওয়ামীলীগ কথায় কথায় পাকিস্তানীদের গালি দেয়, অথচ এদের আচার আচরণ  দেখলে মনেহয় ইয়াহিয়া খানের একেবারে সরাসরি বন্ধু। এদের প্রতিদিনকার কাজ রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচার দুর্নীতির অভিযোগ করা, ইচ্ছামত রাস্ট্রদ্রোহিতার অভিযোগ করা, দেশপ্রেমের কথা বলা ও নির্বাচন থেকে পালিয়ে বেড়ানো। জনগণের সেবার কথা বলে অথচ নির্বাচন থেকে তারা পালিয়ে বেড়ায়। মানুষের ওপর অত্যাচার করে, রাজনৈতিক প্রতিপক্ষকে কোথাও কথা বলতে দেয় না। এসমস্ত আচরণ কার মধ্যে দেখেছি আমরা। ইতিহাস স্বাক্ষী এগুলো আইয়ূব খাঁন ইয়াহিয়া খাঁনের আচরণ ছিল। এরা মুখে পাকিস্তানকে গালি দেয়, কিন্তু সার্বক্ষণিক এদের আচার আচরণে পাকিস্তানীদের অনুসরণ করেন।

এদের উন্নয়নের ফিরিস্তি শুনলে মনে হবে বাংলাদেশ আর বাংলাদেশ নাই। ইতিমধ্যে বাংলাদেশ ইংল্যান্ড আমেরিকার পর্যায়ে চলে গেছে। মূলত এই করোনার পরে যতগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে তাদের উপর মানুষের আস্থা আছে। তাদের জরিপে দেখা গেছে, দারিদ্রসীমার নিচে বাংলাদেশের জনসংখ্যা তিন কোটি। আঠারো কোটি মানুষের মধ্যে দারিদ্রসীমার নিচে যদি তিন কোটি থাকে, তাহলে এই দেশ দরিদ্র না ধনী। ধনী তারাই যারা এই সরকার দখলদার ও তাদের চেলাচামুন্ডারা, যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। তারাই শুধু একমাত্র ধনী। সভাপতির বক্তব্যে এম নাসের রহমান বলেন, অবৈধ ক্ষমতা দখলদারদের এখন শেষ সময়। আমাদের পাশ্ববর্তী শ্রীলঙ্কায় কি ঘটনা ঘটেছে আপনারা তা দেখছেন। সরকারের মন্ত্রী এমপিদের পুকুরের পানি আর নদীর পানিতে ঝাঁপিয়ে পরতে হচ্ছে। মন্ত্রীদের কাপড় খুলার বিষয় তো সবাই দেখেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী কল্পনাও করে নাই সে এভাবে ক্ষমতাচ্যুত হয়ে যাবে। ঠিক তেমনি আওয়ামীলীগেরও দিন শেষ হয়ে আসছে। কখন যে জনগণ ফুঁসে উঠবে টেরই পাবে না।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মো. বদরুল আলম, মো. হেলু মিয়া, প্রথম যুগ্ম সম্পাদক মো.ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাউর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, জেলা বিএনপির সহ সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, জেলা তাঁতীদলের আহবায়ক আতাউর রহমান চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, যুগ্ম সম্পাদক শামিম জাফর, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ রশীদ, যুগ্ম সম্পাদক সরোয়ার মজুমদার ইমন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জিএম মোক্তাদির রাজু, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সদস্য ইছহাক চৌধুরী মামুন, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, জেলা জাসাসের সভাপতি সামছুল ইসলাম রাসেল, সদস্য সচিব জসিম উদ্দিন, সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফিজ আহমেদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমীর মোহাম্মদ, পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান শিপন, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলুর রহমান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মহসিন আহমেদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, যুগ্ম সম্পাদক মাজেদুল আলম চৌধুরী শাহান, হাসান আহমদ চৌধুরী ঝুমা, পৌর ছাত্রদলের আহবায়ক ইহাম মোজাহিদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আফসর, কমলগঞ্জ উপজেলা বিএনপির আনোয়ার হোসেন বাবু, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান, আবুল হোসেন প্রমুখ।

সভাশেষে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমানের নেতৃত্বে শহরের প্রেসক্লাব মোড় থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।

নারী সাংবাদিকের উপর মানসিক নির্যাতনের অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন স্থানীয় সাংবাদিক এ এস কাঁকন। তিনি দৈনিক ভোরের পাতা ও দি পিপলস টাইমসের মৌলভীবাজার জেলা প্রতিনিধি। গত বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন এ এস কাঁকন।

এই সাংবাদিক বলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের প্রথম নারী সদস্য এবং ২০২০-২০২২ সালের নির্বাচনে বিজয়ী প্রথম নারী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পাই। নারী হওয়ায় শুরু থেকেই আমার সাথে বৈষম্যমূলক আচরণ করেন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ এস কাঁকন বলেন, “দুই বছর মেয়াদের নির্বাচনে বিজয়ী হয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে এই কমিটির সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক পান্না দত্তের কাছে প্রতিনিয়ত অশোভন, অমানবিক আচরণের শিকার হই। নানা কৌশলে সভাপতি প্রায়ই হয়রানি করতেন এবং তার বাসায় যেতে বলেন। প্রথমে তার ইঙ্গিত বুঝতে না পারলেও পরবর্তীতে কালক্ষেপণ হবার সাথে সাথে যেকোনো বিষয়ে কথা বললে সভাপতি যখন বারবার তার বাসায় গিয়ে কথা বলার জন্য বলেন তখন বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করি।

এরপর থেকে পরিস্থিতি আরোও বেগতিক খারাপ হওয়া শুরু হয়। প্রতিনিয়ত আমার সাথে বৈষম্যমূলক আচরণ, বিভিন্ন অনুষ্ঠানের দাওয়াত থেকে এমনকি সাংবাদিকতার বিভিন্ন ট্রেনিং থেকেও আমাকে বঞ্চিত রাখা হয়। এদিকে মৌলভীবাজার প্রেসক্লাবে ফল উৎসব আয়োজনকে কেন্দ্র করে সভাপতি এম সালামের একান্ত অভিযোগের ভিত্তিতে প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত আমার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মনগড়া অসত্য, ভিত্তিহীন ও সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমাকে বহিষ্কার করেন।”

এই সাংবাদিক আরো বলেন, ‘তবে, সভাপতি কোনো কথা না শুনে,না বুঝতে চেষ্টা করে তার একক সিদ্ধান্তে সাংবাদিককে বহিষ্কার করতে বলেন। ওই সভা চলাকালে সভাপতি অশুভন আচরণ ‘তুই-তুকারি’ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে অপমান করেন। কিন্তু সভাপতি, সাধারণ সম্পাদক কোনো কথা না শুনে আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। তবে এ বহিষ্কারের সিদ্ধান্তের লিখিত কপি এখনও আমাকে দেওয়া হয়নি।

কি কারণে তার সাথে এমন আচরণ হচ্ছে জানতে চাইলে সাধারণ সম্পাদক জানান, এসব বিষয়ে সব সিদ্ধান্ত সভাপতি নেন। তিনিও আমাকে পরামর্শ দেন সভাপতির বাসায় গিয়ে সব সমাধান করে নিতে।

সাধারণ সম্পাদকের এমন বক্তব্যে আমি আরো হতাশ হয়ে পড়ি। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদকের কর্মকাণ্ড এখানেই থেমে থাকেনি। এর থেকে আরও ভয়াবহ রূপ নেয়।’

কাঁকন বলেন, ‘এরপর থেকে কমিটির সবধরনের কার্যক্রম থেকে আমাকে বঞ্চিত রাখার পাশাপাশি পেশাগত দায়িত্বেও বাঁধা সৃষ্টি করে। অকারণে সবার সামনে আমার সাথে অপমান ও অশুভনজনক আচরণ করে।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে কমিটির সদস্যদের নিয়ে খেলাধুলার আয়োজন করতে চাইলে সাধারণ সম্পাদক সেটি করতেও বাঁধা তাও করতে দেননি। কারণ হিসেবে বলেন, নারী হিসেবে এত বড় আয়োজন তুমি সামলাতে পারবে না। ক্লাবের সদস্যদের খেলাধুলার জন্য আমার ব্যক্তিগত টাকায় কিছু খেলার উপকরণ সামগ্রী প্রেসক্লাবে দিতে চাইলে সেটিও নিতে আপত্তি জানান সভাপতি-সাধারণ সম্পাদক। এক পর্যায়ে মানসিকভাবে বিপর্যস্ত ও ভেঙে দিতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠান আয়োজন বিষয়কে কেন্দ্র করে আমাকে বহিষ্কার করা হয়।’

সংবাদ সম্মেলনে এ.এস.কাঁকন বলেন, ‘প্রেসক্লাবের হলরুমে নির্বাহী কমিটির সভায় আমার সাথে অশালীন আচরণ করা হয়। কার্যনির্বাহী কমিটির সভাচলাকালে আমার প্রতি অন্যায় ও অশালীন আচরণের একটি ভিডিও/অডিও কপি আমার কাছে সংরক্ষিত আছে।’

এসময়, তার প্রতি এই আচরণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন কাঁকন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

বৈরী আবহাওয়ায় মুরাদনগর উপজেলার ২২ ইউনিয়নে কমতে পারে বোরোর ফলন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ চলতি বোরো মৌসুমে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে ধানের ফলন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষক ও এলাকা বাসী জানিয়েছেন। বীজ বপন ও চাষের সময় ভালো আবহাওয়া থাকলেও এপ্রিলের মাঝামাঝি সময়ে ফসল কাটা শুরু হওয়ার পর থেকে ঝড় ও বৃষ্টি অনেক এলাকায় ফসলের ক্ষতি করতে শুরু করে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সতর্ক করেছে, মে মাসের শেষের দিকে আরও ঝড় হতে পারে। ঝড়ের আগেই ফসল ঘরে তুলে নিতে কৃষকদের পরামর্শ দিয়েছে কৃষি কর্মকর্তারা। তবে কৃষকদের অভিমত, ফসল কাঁচা থাকলে ঝড়ের আগে ফসল কাটা বেশিরভাগ সময় সম্ভব হয় না।

কৃষি কর্মকর্তারা বলেন, ঝড়ের আগে বোরো ধান কাটতে না পারার অন্যতম কারণ হচ্ছে অনেকেই বোরো ধান চাষ শুরু করতে দেরী করেন। কারণ, বোরো বপনের আগে অতিরিক্ত এক ফসল চাষ করতে কৃষক আগ্রহী হয়ে থাকেন। এতে বোরো ফসলের ক্ষতি হয়।

সম্প্রতি মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে সরেজমিনে দেখা যায়,অধিকাংশ কৃষক ইতিমধ্যেই তাদের ফসল ঘরে তুলেছেন। গ্রামের রাস্তাগুলোতে ধান প্রক্রিয়াকরণের কাজ চলছে। কৃষকরা বলছেন,কিছু ধান তারা নিজেদের জন্য রেখে বাকিটা বিক্রি করবেন।

একজন কৃষক জানান, তার ৩ বিঘা বোরো জমি থেকে চলতি মৌসুমে ৩০ মণ কম ধান সংগ্রহ করতে পেরেছেন। এতে তার ২৫/৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে। তিনি বলেন, ঝড়ে আমার ধানের শীষ মাটিতে হেলে পড়ে। এই সামান্য ক্ষতিই বড় হয়ে দেখা দিচ্ছে। কারণ ডিজেল ও অন্যান্য কৃষিপণ্যের দাম বৃদ্ধির কারণে চাষের খরচ এবার অনেক বেশি ছিল। আর সরিষা তোলার পর বোরো চাষ করতে গিয়ে দেরি করে ফেলেছেন তিনি।

অপর আরেকজন কৃষক জানান, তার ২ বিঘা জমিতে ভালো ফলন হয়েছে।তিনি বলেন, আবহাওয়া ভালো ছিল, ফলনও ভালো হয়েছে। তিনি স্থানীয় জাত থেকে প্রতি বিঘায় ২০ মণ ফলন পেয়েছেন। 

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ভ্লাদিমির পুতিন!

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের সাবেক এক গুপ্তচর দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গুরুতর অসুস্থ। কিন্তু তিনি আসলে কোন রোগে ভুগছেন তা পরিষ্কার নয়। তবে ব্লাড ক্যানসারে আক্রান্ত বলে ধারণা করছেন তার ঘনিষ্ঠজনরা।

স্কাই নিউজ সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য দেন ব্রিটেনের সাবেক গুপ্তচর ক্রিস্টোফার স্টিলে। পুতিন অসুস্থ এ তথ্য জানালেও রুশ প্রেসিডেন্ট আদতে কোন রোগে আক্রান্ত, তা নিরাময়যোগ্য নাকি স্থায়ী কোনো কিছুই পরিষ্কার নয় বলে জানান ক্রিস্টোফার।

সাক্ষাৎকারে ক্রিস্টোফার জানান, রাশিয়া ও অন্যান্য সূত্র থেকে পুতিনের অসুস্থতার ব্যাপারে জানতে পেরেছেন তিনি। তিনি আরো বলেন, আমরা শুনেছি পুতিন গুরুতর অসুস্থ। রাশিয়ান নেতার সঙ্গে ঘনিষ্ঠ একজন ধনকুবের জানিয়েছেন, রুশ প্রধান ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এ কারণেই তিনি অসুস্থ।

এ ছাড়া এক রেকর্ডিংয়ে রুশ অলিগার্চকে একজন পশ্চিমা ব্যবসায়ীর সঙ্গে পুতিনের স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে শোনা গেছে। দুজনের আলোচনা থেকে শোনা যায়, ব্লাড ক্যান্সারের কারণে রুশ নেতার সার্জারি হয়েছে। ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে এ সার্জারি করা হয়। অসুস্থতার কারণে পুতিন মারা যাবেন বলেও ধারণা করছেন ওই ব্যক্তি।

পুতিনকে পাগল মনে করে পশ্চিমা ব্যবসায়ীকে তিনি আরও জানান, রাশিয়া-ইউক্রেনসহ অনেক দেশের অর্থনীতি ধ্বংস করেছেন পুতিন। তার মাথায় সমস্যা আছে। একজন পাগল মানুষ পৃথিবীকে উল্টে দিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, পুতিনের অসুস্থতার বিষয়টি মূলত আলোচনায় আসে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে। গত সপ্তাহে দেশটির বিজয় দিবসসহ বিভিন্ন আয়োজনে জল্পনা আরও বাড়ে। এসব অনুষ্ঠানে পুতিনের দুর্বল উপস্থিতি আলোচনার জন্ম দেয়।

তবে পশ্চিমাবিশ্বের গণমাধ্যমে পুতিনের অসুস্থতা নিয়ে সংবাদ প্রকাশ করা হলেও রাশিয়া এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

পুলিশের বিয়ে বন্ধ করলো শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন

তিমির বনিক, নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবল বিয়ে করতে গিয়েছিলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার সেই বাল্যবিয়েটি বন্ধ করেছে শ্রীমঙ্গলের উপজেলা প্রশাসন। গত শুক্রবার (১৩ মে) উপজেলার সাতগাঁও ইউপি ২নং ওয়ার্ড মাকড়ীছড়া গ্রামে বাল্যবিয়েটি বন্ধ করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার ৷

বিষয়টি নিশ্চিত করে তিনি প্রতিবেদক’কে বলেন, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীর (১৬) বিয়ের প্রস্তুতির খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি একটি প্যান্ডেলে সাজিয়ে এনগেজম্যান্টের আয়োজন চলছিলো ৷ পরে আমরা মেয়ের মা-বাবা ও ছেলেপক্ষের লোকজনদের বুঝিয়ে একটা অঙ্গীকারনামা নেই এবং মেয়ের বিয়ের বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেয়া এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয় ৷

এদিকে স্থানীয় সূত্রে মতে জানা গেছে, যে যুবকের সাথে ওই মেয়ের বিয়ে ঠিক হয়েছিলো তার নাম সঞ্জয় অলমিক (২৬) সে পুলিশের কনস্টেবল পদে নবীগঞ্জ থানায় কর্মরত আছে ৷ তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চাতলাপুর চা বাগানে ৷

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সঞ্জয় অলমিক নবীগঞ্জ থানায় কনস্টেবল পদে চাকরিরত অবস্থায় আছেন। কিন্তু বর্তমানে তিনি ছুটিতে আছেন ৷

লাঞ্চ বিরতি থেকে ফিরেই লঙ্কান শিবিরে সাকিবের জোড়া আঘাত

স্পোর্টস ডেস্কঃ লাঞ্চ বিরতির পর মাঠে ফিরেই লঙ্কান শিবিরে জোড়া আঘাত হানলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সোমবার (১৬ মে) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে দ্বিতীয় দিনের মতো ব্যাট করছে শ্রীলঙ্কা।

এদিকে লাঞ্চ বিরতির আগে জোড়া আঘাত হেনে টাইগার শিবিরে স্বস্তি ফিরিয়েছিলেন নাঈম। টাইগার বোলারদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়া দুই লঙ্কান ব্যাটার দীনেশ চান্ডিমাল ও এঞ্জেলো ম্যাথুসের ১৩৬ রানের জুটি ভাঙ্গেন তিনি। বিরতিতে যাবার আগে চান্ডিমালকে ফেরান ৫৪ রানে।

আর বিরতি থেকে ফেরার পর প্রথম ওভারের দ্বিতিয় বলেই সাকিব তুলে নেন রমেশ মেন্ডিসকে। মাত্র ১ রান করা রমেশ হন ক্লিন বোল্ড। পরের বলে আবারও উইকেট নেন সাকিব। এবার শিকার নতুন ব্যাটার লাসিথ অ্যাম্বুলডনিয়া। এলবির আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিলে বাঁচতে পারেননি লাসিথ। হ্যাট্রিকের দারুণ সুযোগ পেলেও পরের বলটা ফিরিয়ে দেন আভিস্কা ফার্নান্দো।

উল্লেখ্য, লাঞ্চ বিরতির পর শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ৩৩০ রান। অ্যাঞ্জেলো ম্যাথুস অপরাজিত রয়েছেন ১৪৯ রানে। প্রথমদিন ২৫৮ রান নিয়ে দিনশেষ করেছে শ্রীলঙ্কা। ১১৪ রান নিয়ে সেঞ্চুরিয়ান ম্যাথুজ ও তার সঙ্গী চান্দিমাল অপরাজিত ছিলেন ৩৪ রানে।

নওগাঁয় ভুয়া কাবিননামা দেখিয়ে আইন কলেজের ছাত্রীকে স্ত্রী দাবী, জোরপূর্বক উঠিয়ে নিতে হুমকি

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ভুয়া কাবিননামা তৈরী করে এক অসুস্থ্য মুক্তিযোদ্ধার অবিবাহিত কন্যাকে স্ত্রী হিসেবে দাবী করে মাহমুদুননবী বেলাল নামে এক ব্যক্তি নিজ বাড়িতে উঠিয়ে নেয়ার জন্য নানা ভাবে হুমকী প্রদান করে আসছে। একাধিক বিয়ে করা মাহমুদুন নাবী বেলাল নামের ঐ ব্যক্তি নওগাঁ শহরের পার-নওগাঁ মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোফাখখারুল ইসলামের আইন কলেজের ছাত্রী মোছাঃ দিপু বেগম নামের কিশোরীকে বিয়ে করেছে বলে দাবী করে।

ভুয়া বিয়ের শিকার উক্ত মোছাঃ দিপু বেগম নওগাঁ সদর থানায় উক্ত মাহমুদুন নবী বেলাল, বিয়ের কাবিন রেজিষ্ট্রি করা নওগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাজী মোঃ রফিকুল ইসলাম, বিয়ে পড়ানোর মৌলভী সদর থানার লখাইজানি গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র মোঃ লুৎফর রহমানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামে মামলা দায়ের করেছেন।

নওগাঁ সদর থানা মামলা নম্বর ১৯ তারিখ ১৩-০৫-২০২২ এবং ধারা ৪০৬/৪২০/৪৬৫/৪৬৮/৪৭১/৩৪ মামলার বিবরনে জানা গেছে উক্ত মাহমুদুন নবী বেলাল পরিচয়ের সুত্র ধরে উক্ত অসুস্থ মুক্তিযোদ্ধা মোফাখখারুণ ইসলামের এক পুত্র চাকুরীর সুবাদে ঢাকায় এবং দুই কন্যা বিয়ে করে স্বামীর বাড়িতে অবস্থান করেন। অবিবাহিত মেয়ে মোছাঃ দিপু বেগম বাবার সাখে অবস্থান করেন এবং নওগাঁ আইন কলেজে পড়াশুনা করেন। পরিচিত হওয়ার পর থেকে বিভিন্নভাবে সহযোগিতার নামে বিশ্বস্ততা গড়ে তোলে। সেই সুবাদে ঐ বাড়িতে অবাধ যাতায়াত শুরু করে উক্ত বেলাল। এরই এক পর্যায়ে সে গত ৫মে বেলা ১১টায় দিপু বেগমের বাড়িতে এসে একটি কাবিননামা এবং নোটারী পাবলিকের কাছে সম্পন্ন একটি এফিডেভিট দেখিয়ে বলে যে আমি দিপুকে বিয়ে করেছি দাবী করে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যেতে চায়। দিপু বেগম এই কাবিন নামা এবং এফিডেভিট সম্পুর্ন ভুয়া বলে  দাবী করে। সে তার সাথে যেতে অস্বীকার করলে বেলাল তাকে নানাভাবে হুমকী প্রদান করতে থাকে। এ সময় বেলাল দাবীকৃত স্ত্রী দিপু বেগমের উদ্যেশ্যে বলতে থাকে শুধু নিকাহনামাই নয় আরও অনেক জাল ডকুমেন্ট তৈরী করেছি। সুতরাং তার কথা না মানলে দিপুকে এবং তাঁর পরিবারের সকলকে অনেক বড় বিপদে পড়তে হবে।

দীপু বেগম বলেছেন, পরবর্তীতে স্থানীয় এক কাউন্সিলরসহ অনেকেই বেলালের পক্ষ নিয়ে তাকে হুদকী প্রতদান অব্যাহত রেখেছে। অনেক মানুষ নিয়ে গিয়ে বাডি ঘেরাও করে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়ার হুমকী প্রদান করছে। যার ফলে উক্ত দিপু বেগম, বৃদ্ধ অসুস্থ মুক্তিযোদ্ধা পিতা এবং পরিবারের সকলে ভীতসন্ত্রস্থ দিনযাপন করছেন। বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন।

এদিকে খোজ নিয়ে জানা গেছে নওগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাজী উক্ত রফিকুল ইসলাম অধিক টাকার বিনিময়ে বিয়ে রেজিষ্ট্রির নামে এ ধরনের অনেক অনৈতিক কার্যক্রম সম্পাদন করে থাকে। তার এসব অনৈতিক কার্যক্রম সম্পর্কে অবহিত রয়েছেন বলে জেলা রেজিষ্ট্রার স্বীকার করে বলেছেন বিষয়টি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

নবাবগঞ্জে ইউনিয়ন ভুমি উপ-সহকারীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদ ইউনিয়নের ভুমি অফিসের ভুমি উপ-সহকারীর বিরুদ্ধে নানা অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়ন ভুমি উপ-সহকারী মোঃ নুর আলম একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তাহার দপ্তরে ঘুষ ছাড়া কোন কাজ হয়না। তাহার দুর্নীতির কারণে এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে পড়েছে। উক্ত নুর আলমের বাড়ি উপজেলা সদরে হওয়ায় বিভিন্ন মহলের সাথে তাহার যথেষ্ট সখ্যতা রহিয়াছে। ফলে বিভিন্ন মহলকে ম্যানেজ করে তাহাদের ক্ষমতার অপব্যবহার করিয়া দিনের পর দিন তিনি দুর্নীতি করিয়া লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ জনগণ ও নিরীহ মানুষের নিকট হইতে। সম্প্রতি মাহমুদ ইউনিয়নের চকনওদা মৌজায় অবস্থিত বানমারী বিল ও সুকনা পুকুর নামক ২ টি পুকুর রহিয়াছে। অঞাত কারণে বিলগুলি জলমহল ইজারায় অন্তর্ভুক্ত হয়নি। সেই সুযোগে উক্ত নুর আলম বানমারী পুকুরটির মাটি কর্তন করিয়া ইট ভাটায় মাটি বিক্রি করিয়া লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

এবং তাহার অফিসে খারিজ করিতে গেলে কম পক্ষে ১৫ থেকে ২০ হাজার টাকার নিচে কাহারও কাজ হয়েছে এমন কোন দৃষ্টান্ত নেই। তাহার নির্ধারিত কিছু দালাল রয়েছে। উক্ত দালালের মাধ্যমে তিনি বেশির ভাগ ঘুষ লেনদেন করেন।

এলাকাবাসী জানান, নুর আলম একজন দুর্নীতিবাজ কর্মকর্তা এভাবে দুর্নীতি করে সে প্রচুর টাকার মালিক হয়েছে এবং বিপুল পরিমানে নামে বেনামে জমি ক্রয় করছে। যাহা সুষ্ঠু তদন্ত করলে প্রমান পাওয়া যাবে।  এবং তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি সংশ্লিষ্ট কতৃপক্ষকে।

এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসার মো: কামরুজ্জামান সরকার বলেন, এবিষয়ে ইতোমধ্যে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ফুলবাড়ীতে ৬ জুয়ারী আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ৬ জুয়ারীকে পুলিশ আটক করেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ধর্মপুর এলাকায় গভীর রাতে  তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানের সময় তাস খেলারত অবস্থায় ধর্মপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে আলী হোসেন জাম্বু (৪০), একই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে একরামুল হক (৩২) মৃত আফাজ উদ্দিনের ছেলে সাদেকুর রহমান (৫২) মৃত আনছার আলীর ছেলে আব্দুল হক (৫৮) মৃত শহীদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও আব্বাস আলীর ছেলে আব্দুল আউয়াল (২৬) কে তাস খেলার সরঞ্জাম  ও নগদ টাকা সহ হাতেনাতে আটক করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, জুয়া আইনে মামলা দায়ের করে আটককৃতদের শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।