কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দি হয়ে আছে প্রায় আড়াই  লাখ মানুষ। এ অবস্থায় বিশেষ করে চরম দুর্ভোগে পড়েছে দুর্গম চরাঞ্চলের বন্যা কবলিত মানুষজন। চুলা জ্বালাতে না পারায় এবং টিউবওয়েল তলিয়ে থাকায় তীব্র হয়ে উঠছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট।

অন্যদিকে টানা বৃষ্টি ও উজানের পানিতে গো-খাদ্য নষ্ট হয়ে হয়ে যাওয়ায় একমাত্র আয়ের উৎস গবাদি পশুর খাদ্য সংকট নিয়েও চরম বিপাকে পড়েছেন চরাঞ্চলের মানুষজন। বন্যা কবলিত এলাকার কাঁচা-পাকা সড়ক তলিয়ে যাওয়ায় ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের শাহাজালাল বলেন, হামার এই চরের সোগগুলা বাড়ি অর্ধেকেরও বেশি তলে গেইছে। বাকি পরিবার উচুঁ জায়গায় চলে গেছে। হমরা না যায়া পরিবার নিয়া নৌকায় ও ঘরের ভিতর উঁচু করা মাচানে দিন-রাত পার করছি।

একই এলকার রহমত আলী বলেন, আমাদের নৌকা না থাকায় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঁচু জায়গায় যেতে পারিনি। ঘরের ভিতর কষ্ট করে আছি। সরকারী ভাবে ত্রাণ সহায়তা পেলেও তা রান্না করার মতো উপায় নেই।

খেয়ার আলগা চরের সদরুল ইসলাম বলেন, আমরা কষ্ট করে দিন পার করলেও গরু, ছাগল, ভেড়ার খাদ্য সংকট নিয়ে বিপদে আছি। একদিকে বন্যার পানিতে চারনভূমি পানির নীচে অন্যদিকে টানা বৃষ্টিতে পচে গেছে খড়ও। এই গবাদি পশুই আমাদের মূল আয়ের উৎস। এটা রক্ষা করতে না পারলে আমাদের বাঁচার উপায় থাকবে না।

এদিকে সরকারী ভাবে ত্রাণ তৎপরতার পাশাপাশি বেসরকারীভাবেও কিছু এলাকায় সামান্য ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সদরের পাঁচগাছী ইউনিয়নে ৪শ শুকনা খাবারের প্যাকেট বিতরণ করেছে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু, মানবিক বাংলাদেশ সোসাইটি কুড়িগ্রাম শাখার পক্ষ থেকে সদরের যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতীপুর এলাকায় ৩শ পরিবারের মঝে ১ কার্টুন করে বিস্কুট বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সাধ্যমত বন্যার্তদের পাশে দাড়ানোর চেষ্টা করছেন।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, আমার ইউনিয়নে যে পরিমান মানুষ পানিবন্দি হয়ে পড়েছে তাতে বরাদ্দের বাইরে আরো সহযোগীতার প্রয়োজন হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, ৯ উপজেলার বন্যা কবলিত মানুষের জন্য ৩শ ৩৮ মেট্রিক টন চাল, নগদ ১৬ লাখ ৫০ হাজার টাকা, ১ হাজার প্যাকেট শুকনো খাবার, ১৮ লাখ ৯৫ হাজার টাকার শিশু খাদ্য ও ১৭ লাখ ৭৫ হাজার টাকা গো-খাদ্য বরাদ্দ দেয়া হয়েছে। যা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আজ বুধবারের মধ্যে পানি কমার সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নেত্রকোণায় ‪দূর্গাপুরে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার  দুর্গাপুর উপজেলায়  ট্রাক চাপায় খায়রুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের নোয়াপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খায়রুল ইসলাম নোয়াপাড়া গ্রামের কালাম মিয়ার পুত্র। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন।

এলাকাবাসী জানায়, নিহত খায়রুল পেশায় একজন ট্রাক ড্রাইভার। সে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে দুর্গাপুর ফিরে নিজের ট্রাক বাসার সামনে রেখে তার হেলপার কে অন্য একটি গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য দুর্গাপুর থেকে ছেড়ে আসা একটি মিনি ড্রাম ট্রাককে থামার জন্য সিগনাল দেয় এই সময় ওই দ্রুতগামী বালুবাহী ট্রাক না থেমে তাকে চাপা দিলে চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

পরে স্থানীয় উত্তেজিত জনতা ওই গাড়ি ভাঙচুরসহ গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম’র সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

সাপের কামড়ে যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়ির পাশের জমিতে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে শিপু আহমেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিপু মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌর এলাকার বাদে মনসুর গ্রামের মাখন মিয়ার ছেলে।

এলাকার বাসীর বরাতে জানা যায়, সোমবার সন্ধ্যা পর বাড়ির পশ্চিম পাশের একটি জমিতে মাছ ধরতে যায় শিপু। এ সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। তার কোনো খোঁজ না পাওয়ার পরিবারের লোকজন তাকে খোঁজাখোঁজি করতে বের হন। একপর্যায়ে রাত ১০টার দিকে বাড়ির পাশে জমির পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ময়নুল ইসলাম বলেন, বিষধর সাপের কামড়েই শিপুর মৃত্যু হয়েছে। তার মাথায় সাপের কামড়ের চিহ্ন রয়েছে। এর থেকে নিশ্চিত বিষধর সাপের কামড়ে মৃত্যু হয়।

ঢাকা মাতাবেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্কঃ আগামী ৩০ জুন ভারতীয় হিন্দী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শিল্পী শেঠি ঢাকা মাতাতে আসছেন। মিরর ও ম্যাক্স শপারস আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।

জানা যায়,  আগামী ৩০ জুন ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে ‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’। আর এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিল্পা শেঠি। শুধু অতিথি হিসেবেই নয়, পারফর্ম করতেও দেখা যাবে তাকে।

শিল্পা শেঠি ঢাকায় আসার খবর নিশ্চিত করে এক ভিডিও বার্তায় বলেন, প্রধান অতিথি হয়ে ঢাকায় আসছি। আমি খুবই উৎসাহী হয়ে আছি এই সফরের জন্য। কারণ, ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত আছেন।

দেশের বিভিন্ন শিল্পখাত থেকে নমিনেশনের মাধ্যমে ‘বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’ দেওয়া হবে। এছাড়া অনুষ্ঠানটিতে থাকবে ফ্যাশন শো, ডান্স পারফর্মেন্স, মিউজিকাল পারফর্মেন্সসহ আরও অনেক আয়োজন। সে সাথে এই আয়োজনে ঢাকার তারকাদের মধ্যে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস, মেহজাবীন চৌধুরী, দীঘি, বিদ্যা সিনহা মিমসহ অনেকে।

উল্লেখ্য, ৬ বছর আগে ২০১৬ সালেও ঢাকায় এসেছিলেন তিনি। সে সময় ‘প্যাশন ফর ফ্যাশন’ শিরোনামের ফ্যাশন শোতে অংশ নেয়ার জন্য ঢাকায় এসেছিলেন এ বলিউড সুন্দরী।

 

ধর্ম যার যার বিশ্বাসের উপর নির্ভরশীল-খাদ্যমন্ত্রী

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন ধর্ম যার যার বিশ্বাসের উপর নির্ভরশীল। ধর্ম হচ্ছে চেতনা। তিনি মঙ্গলবার বিকাল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে “সম্প্রীতির অগ্রযাত্রায় নওগাঁ” শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো: হারুন অল রশিদ, সবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, সাধারন সম্পাদক শফিক ছোটন, বিটিভি জেলা প্রতিনিধি সাজেদুর রহমান সাজু, কাচারী জামে মসজিদের পেশ ইমাম রেজোয়ান এহসান এবং সুবল চন্দ্র মন্ডল।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৭ই মার্চ ভাষনে স্পষ্ট করে বলেছিলেন এ দেশের বাঙালী অবাঙালী, হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান সকলেই আমরা ভাই ভাই। তাই কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না।

তিনি আরও বলেছেন, যে কোন ধর্মকে অবমাননা করলে সেই ধর্মের মানুষ প্রতিবাদ করবেই। কিন্তু মনে রাখতে হবে সেই প্রতিবাদ করতে গিয়ে যাতে পুনরায় অন‍্য ধর্মের উপর আঘাত না আসে, দেশে যাতে নৈরাজ্য সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিবাদের ভাষা এমন হওয়া উচিত নয়।

মন্ত্রী আরও বলেছেন, আগামী ২৫ জুন বাঙালী জাতির স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মা সেতু নির্মান শুরুর প্রাক্কালে ষড়যন্ত্র করা হয়েছিল। হাজারো ষড়যন্ত্র এবং প্রতিবন্ধকতা উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য ইচ্ছায় যখন নির্মাণ কাজ শেষ হয়েছ। উদ্বোধনের সময় এসে আবারো ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। সাম্প্রদায়িকতা সৃষ্টি ঐ ষড়যন্ত্রের যে একটি অংশ নয় তা বলা যাবে না।

খাদ্যমন্ত্রী আরও বলেছেন, আবহমান কাল ধরে চলে আসা অসাম্প্রদায়িক বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করে দেশকে অস্থিতিশীল করতে চাইনা। এক্ষেত্রে দেশবাসীকে সতর্কভাবে সজাগ থাকতে হবে।

এই মত বিনিময় সভায় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দসহ সমাজের নেতৃস্থানীয় ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে খাদ্যমন্ত্রী জেলা দূর্যোগ ব‍্যবস্থাপনা জেলা কমিটির সভায় যোগদান করেন।

সিরিজের দ্বিতীয় টেস্টে সেন্ট লুসিয়ায় সাকিব-তামিমরা

স্পোর্টস ডেস্কঃ  ওয়েস্ট ইন্ডিজের কাছে চার দিনের হারের পর হতাশাকে সঙ্গী করে এবার সেন্ট লুসিয়াতে গিয়েছে সাকিব আল হাসানের দল। আগামী শুক্রবার থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট সেন্ট লুসিয়ার মাঠে গড়াবে। আর এই টেস্টে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে ভেন্যুতে গিয়েছেন সাকিব-তামিমরা।

সাদা পোশাকের লড়াই দিয়ে শুরু করা প্রথম টেস্টে ক্যারিবীয়দের কাছে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। দুর্বল ব্যাটিং নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে চার দিনেই হেরেছে দল্টি। দুই ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে। দুটি ম্যাচই ছিলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে।

আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে মূল লড়াইয়ের আগে অনুশীলন করবেন বাংলাদেশের ক্রিকেটাররা।

এ দিকে টেস্ট স্কোয়াডে নতুন করে যুক্ত হয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। দলের সঙ্গে যোগ দিতে গত সোমবার রাতে বাংলাদেশ থেকে উড়াল দিয়েছেন তিনিও। শরিফুল ছাড়াও এই টেস্ট দলের স্কোয়াডে যোগ করা হয়েছে এনামুল হক বিজয়কে।

উল্লেখ্য, টেস্ট সিরিজের পরেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২ ও ৩ জুলাই প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডোমিনিকায় এবং ৭ জুলাই গানায়ায় অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি।

ডোমারে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ কৃষি অফিসারের বিরুদ্ধে, হাজতে শিক্ষার্থীর বাবা

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুজ্জামানের উপজেলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র রাহাদ আহমেদ মৃন্ময় সাথে একই বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সিয়াম আহমেদের খেলার মাঠে সাইকেল চালানো কেন্দ্র করে ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মৃন্ময়ের মা উপজেলা কৃষি অফিসারের স্ত্রী তাদের কোয়াটারের জানালা দিয়ে দেখতে পেয়ে মাঠে গিয়ে সিয়ামকে মারধর করে টেনে হেচরে তাদের কোয়াটারের দিকে নিয়ে যায়। এরই এক পর্যায়ে তিনি তার স্বামী কৃষি অফিসারকে ফোন দিলে কৃষি অফিসার, অফিস থেকে উত্তেজিত হয়ে তাদের কোয়াটারের সামনে এসে সিয়ামকে মারধর ও তার বুকে লাথি মারে। এ সময় মাঠে থাকা অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এসে সিয়ামকে মারার কারন জানতে চাইলে কৃষি অফিসার তাদের গায়েও হাত তুলেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। এ সময় শিক্ষার্থীরাসহ স্থানীয় লোকজন সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

কর্তব্যরত ডা. নাহিদা বলেন, শিশুটি গায়ে ও বুকে আঘাতের চিহৃ রয়েছে। শিশুটিকে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিয়াম পৌরসভার ৯ নং ওয়ার্ড ডাঙ্গাপাড়া এলাকার মোফাজ্জল হোসেন মোফার ছেলে।

জানাযায় সোমবার বিকালে ডোমার উপজেলা পরিষদ হেলিপ্যাড মাঠে ঘটনাটি ঘটে। ঘটনার জের ধরে সন্ধ্যায় বিষয়টি জানতে পেরে মোফাজ্জল হোসেন মাঠে থাকা প্রত্যক্ষদর্শীদের নিয়ে উপজেলা পরিষদে কৃষি অফিসারের কার্যালয়ে যান। এবং কৃষি অফিসারের কাছে তার ছেলেকে মারধরের কারন জানাতে চাইলে উভয়ে তর্ক বির্তকে জড়িয়ে পরেন। এক পর্যায়ে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ এ সময় সিয়ামের বাবা মোফাকে আটক করে।

ওইদিন রাতে কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান বাদী হয়ে ৬জন নামীয় ও অজ্ঞাত নামীয়দের নামে সরকারী কাজে বাধা,অফিসে ঢুকে কর্মকর্তাকে লাঞ্চিত করার অভিযোগে থানায় মামলা করেন। মামলা নং-৬, তাং-২১/৬/২২। ওই মামলায় মোফাজ্জল হোসেন ও সৌরভ নামে দুইজনকে আটক করে মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করেন পুলিশ।

আহত শিশুটির মা স্বপ্না আক্তার জানান, তার ছেলে সিয়াম দীর্ঘদিন থেকে অসুস্থ্য। তার খাদ্যনালি চিকন হয়ে যাচ্ছে। ৫ম শ্রেণিতে পরলেও অসুস্থ্য থাকার কারনে তাকে খৎনা দেওয়া যায়নি। অপারেশনে জন্য দ্রুত ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তিনি বলেন, আমার ছেলে ভুল করলেও তিনি আমাকে জানাতে পারতেন। আমি তাকে শাসন করতাম। কিন্তু তিনি এসে আমার অসুস্থ্য ছেলের বুকে লাথি মারেন। একজন দায়িত্বশীল অফিসার হয়ে এমন জঘন্য কাজ কিভাবে করেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে বিষয়টি জানার জন্য তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি। তার সেলফোনে ফোন দেওয়া হলে ফোন রিসিভ না করায় তার মন্তব্য জানা যায়নি।

জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তাছাড়া এটি ডোমার উপজেলা পরিষদের বিষয়। তারা বসে হয়তো কোন সিদ্ধান্ত গ্রহন করতে পারেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম জানান, সোমবার সন্ধ্যায় অফিসে এসে কিছু লোক হামলা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

ডোমার থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানি এবং ১৫০ জনের বেশি আহত হয়েছে। আজ বুধবার (২২ জুন) ভোররাতে ভূমিকম্পটি আঘাত হানে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাত দিয়ে একজন স্থানীয় কর্মকর্তার এ তথ্য জানায়।

স্থানীয় একজন সরকারি কর্মকর্তা বিবিসিকে জানান, মৃতের সংখ্যা আড়াই শতাধিক এবং আরও দেড় শতাধিক আহত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে ছিল। অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএসএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির তীব্রতা উৎপত্তিস্থল থেকে ৫০০ কিলোমিটার দূরেও অনুভূত হয়।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, আফগানিস্তান ছাড়াও পাকিস্তান ও ভারতেও এ ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে। রাজধানী ইসলামাবাদ ছাড়াও পাকিস্তানের লাহোর, মুলতান ও কোয়েটাসহ বিভিন্ন অঞ্চলে এর তীব্রতা অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন।

সরকারের মুখপাত্র বিলাল করিমি এক টুইট বার্তায় বলেন, দুর্ভাগ্যবশত গতরাতে পাকতিকা প্রদেশের চারটি জেলায় একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে আমাদের শতাধিক দেশবাসী নিহত ও আহত হয়েছে এবং কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংস হয়েছে। তিনি বলেন, আমরা আরও বিপর্যয় এড়াতে অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় টিম পাঠানোর জন্য সব সাহায্য সংস্থাকে অনুরোধ করছি।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের ইসলামাবাদ, পেশওয়ার, রাওয়ালপিন্ডি ও মুলতান। এ ছাড়া ফয়সালাবাদ, অ্যাবোটাবাদ, সোয়াট, বুনার, কোহাত এবং মালাকান্দেও কম্পন অনুভূত হয়।

 

নেত্রকোণায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু।

নেত্রকোণা সদর ও বারহাট্টা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রতিমন্ত্রী সহস্রাধিক মানুষের মাঝে শুকনা খাবার প্যাকেট, খাবার পানি, খাবার স্যালাইন ও নগদ অর্থ বিতরণ করেন।

এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কমলগঞ্জে দুই’শ পরিবার পানিবন্দি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত রোববার বিকাল ৫টা থেকে আকস্মিকভাবে দ্রুত গতিতে পাহাড়ি ঢলের কারণে ধলাই নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করে। রাতেই আতংকিত গ্রামবাসীরা উপজেলার প্রতিরক্ষা বাঁধের কয়েকটি স্থানে স্বেচ্ছাশ্রমে গাছ ও মাটির ভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করেন। এলাকার বাসিন্দারা নির্ঘুম রাত আতিবাহিত করেন।

এছাড়া ঐ রাতেই পতনঊষার ইউনিয়নে লাঘাটা নদীর ঘোপীনগরে বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করে ২টি গ্রামের ২০০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। রাতেই উপজেলার পরিষদ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ও সোমবার সকালে সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার ঝুঁকিপূর্ণ বাঁধ এলাকা পরিদর্শন করেন।

জানা যায়, উপজেলার পতনউষার ইউনিয়নের লাঘাটা নদীর পানি বৃদ্ধি পেয়ে রাতে ঘোপীনগর এলাকায় বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করে কান্দিগাঁও ও রাধাগোবিন্দপুর এলাকায়। এতে শমশেরনগর, পতনঊষারের কেওলার হাওর ও মুন্সীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বিভিন্ন স্থানে দু’শতাধিকেরও বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়ছে। ঢলের পানিতে কিছু আউশ ক্ষেত তলিয়ে গেছে। এতে ২টি গ্রাম সহ বিভিন্ন এলাকার প্রায় ২শ টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

কান্দিগাঁও এলাকার পানিবন্দি সাতির মিয়া, আব্দুল মন্নান, হাসিনা বেগম জানান, গত রোববার রাতে লাঘাটা নদীর পানি বৃদ্ধির কারণে হঠাৎ প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি চলে আসে আমাদের বাড়ি-ঘর ও রাস্তা ঘাটে। রাতে বাঁধ রক্ষার চেষ্টা করেও ভাঙ্গন ঠেকাতে পারিনি।

অপরদিকে, ধলাই নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম না করলেও মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। এরিমধ্যে নদীতে পানি বৃদ্ধি পাওয়া ফলে রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সুবিনয় দেবের বাড়ীর পার্শ্বে, চৈত্রঘাট এলাকার সুরঞ্জিত পালের বাড়ীর পার্শ্বে, মুন্সিবাজার ইউনিয়নের বাদে করিমপুর এবং সুরানন্দপুর (কোনাগাঁও) গ্রামের বাসিন্দারা রাত জেগে টস লাইটের আলোতে সেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টা করেন।

এছাড়া ধলাই নদীর কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিন কুমড়া কাপন গ্রামের কাউন্সিলার রফিকুল ইসলামের বাড়ীর সম্মুখে, উত্তর কুমড়া কাপন গ্রামের এডভোকেট এএসএম আজাদুর রহমানের বাড়ীর সম্মুখে, রামপাশা গ্রামের সৈয়দ বাড়ীর সম্মুখ, গোপালনগর, করিমপুর ও আলেপুর, মাধবপুর ইউনিয়নের হিরামতি এলাকায় প্রতিরক্ষা বাঁধ অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। রাতেই মাধবপুর ইউনিয়নের হিরামতি এলাকার বাঁধ এলাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাম ভজন কৈরী, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী সাকিবুল হাসান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী বাঁধ এলাকা পরিদর্শন করেন।

কমলগঞ্জে অবস্থানরত পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের পর্যবেক্ষক সাকিব আহমেদ জানান, পানি উন্নয়ন বোর্ডের রিডিং অনুযায়ী সোমবার দুপুর ৩টার রিডিং অনুযায়ী বিপদসীমার ৭১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলি আহমদ খান বলেন, লাঘাটার ভাঙ্গনে প্রায় ২শটি পরিবার পানিবন্ধি হয়ে পড়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, বন্যার আগাম প্রস্তুুতি হিসাবে ইতিমধ্যে উপজেলায় ৮টি অস্থায়ী বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। লাঘাটার ভাঙ্গনে পানি বন্দিদের নামের তালিকা তৈরি করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলা হয়েছে। তাদেরকে দ্রুত ত্রাণ দেওয়া হবে। তিনি আরও বলেন,আমরা ধলাই নদীর দিকে সার্বক্ষনিক নজরদারি করছি।