যশোরে ১ কোটি টাকার স্বর্ণসহ আটক একজন

যশোর প্রতিনিধিঃ যশোরের নাভারন এলাকা থেকে কোটি টাকার দশটি স্বর্ণের বারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। আজ রবিবার (১৯ জুন) সকালে যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মোড় থেকে আটক ৪০ বছর বয়সী মনিরুজ্জামান বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের শের আলীর ছেলে।

যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এক সোনা পাচারকারী ঢাকা থেকে স্বর্ণের বার নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোলের দিকে আসছে বলে খবর পায় বিজিবি। পরে তাদের একটি টহলদল সন্দেহভাজন হিসেবে সাতক্ষীরা লাইন পরিহনের যাত্রী মনিরুজ্জামানকে আটক করে। এ সময় তার পায়ের নিচে রাখা একটি ব্যাগে তল্লাশি করে দশটি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা সোনার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।

তিনি আরো বলেন, মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর স্বর্ণগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

মৌলভীবাজারে বন্যায় লাখো মানুষ আক্রান্ত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: চলমান ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিলেটের পাশপাশি বেড়েছে মৌলভীবাজারের নদ-নদীর পানি। ফলে মৌলভীবাজারের ৭টি উপজেলা, বড়লেখা, জুড়ী, সদর, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলায় বন্যা দেখা দিয়েছে। বন্যাক্রান্ত মানুষের সংখ্যা প্রায় দুই লাখ।

রবিবার (১৯ জুন) মৌলভীবাজারের বন্যা কবলিত বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

মৌলভীবাজার জেলা প্রশাসন এর দেয়া তথ্য অনুযায়ী- কুশিয়ারা নদী ও হাকালুকি হাওড়ের পানি বৃদ্ধি পেয়ে বড়লেখা পৌর এলাকা এবং ১০টি ইউনিয়নের ২০০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় দুর্গত মানুষের সংখ্যা প্রায় ১ লাখ ৬০ হাজার। পাশাপাশি পাহাড়ধ্বসে উত্তর শাহবাজপুর ইউনিয়নের আয়েশাবাগ চা বাগানে একজন নিহত ও সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামে একজন আহত হয়েছেন। বিদ্যুৎ সাব স্টেশন ইতিমধ্যেই পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।

কুলাউড়া উপজেলায় অর্ধশতাধিক গ্রামের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। গ্রামগুলোর সাথে বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কুলাউড়া উপজেলায় অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নদ-নদীসহ হাকালুকি হাওড়ের পানি বৃদ্ধি পাওয়ায় ভূকশিমইল, ভাটেরা, জয়চন্ডী, ব্রাহ্মণবাজার, কাদিপুর, ও কুলাউড়া সদর- ৭টি ইউনিয়নের বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

এছাড়া কর্মধা ইউনিয়নের মহিষমারা গ্রামের ফানাই নদীর বাঁধ ভেঙ্গে মহিষমারা, বাবনিয়া, হাশিমপুর, ভাতাইয়া, পুরশাই গ্রামগুলো প্লাবিত হয়েছে। অর্ধশতাধিক গ্রামের প্রায় দুই হাজার পরিবার পানিবন্দী  অবস্থায় নিজ নিজ বাসভবনে অবস্থান করছে। গ্রামগুলোর সাথে বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

জুড়ী উপজেলায় গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে  সৃষ্ট বন্যায় এই উপজেলার ২৮টি গ্রামের প্রায় ১৬ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। এ সকল গ্রামের অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় জনসাধারণের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়।  এ পর্যন্ত ঝুঁকিপূর্ণ প্রায় ২৪টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এছাড়াও জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর ও সাগরনাল ইউনিয়নের কাশিনগর, গোয়ালবাড়ি, পশ্চিম শিলুয়া গ্রামে জুড়ী নদীর বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সহযোগীতায় বাঁধ মেরামত কাজ চলছে।

মৌলভীবাজার সদর উপজেলায় ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে খলিলপুর, মনুমুখ, আখাইলকুড়া, কনকপুর, কামালপুর ও চাঁদনীঘাট ইউনিয়ন আংশিক প্লাবিত হয়েছে। বন্যা দুর্গত মানুষের সংখ্যা প্রায় ৭ হাজার ৫০০জন।

রাজনগর উপজেলায় ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ৪টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। বন্যা দুর্গত মানুষের সংখ্যা প্রায় দশ হাজার।

শ্রীমঙ্গল উপজেলায় ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে ৫টি ইউনিয়নের ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা দুর্গত মানুষের সংখ্যা প্রায় চার হাজার।

কমলগঞ্জ উপজেলায় অতি বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর পাড় ভেঙ্গে  ৯টি ইউনিয়ন ও পৌর এলাকায় বন্যার আশংকা দেখা দিয়েছে।

ফুটবলে বাংলাদেশকে সম্মান এনে দিচ্ছে মেয়েরা : প্রধানমন্ত্রী

স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব পর্যায়ের মেয়েরা বাংলাদেশের হয়ে ভালো খেলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল মারিয়া মান্ডার দল। আবার ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ শিরোপা ঘরে তুলে। এসব অর্জনকে হাইলাইট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ফুটবলে মেয়েরা আমাদের সাফল্য এনে দিচ্ছে। আজ রবিবার (১৯ জুন) গণভবনে সাফের শিরোপা জয়ী অনূর্ধ্ব-১৯ নারী দলকে সংবর্ধনা ও অর্থ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরো জানান, প্রতিযোগিতা করে আমাদের মেয়েরা উঠে আসছে। ফুটবলে মেয়েরা অনেক ভালো খেলছে। তারা আমাদের সম্মান এনে দিচ্ছে। এ জন্য আন্তঃবিশ্ববিদ্যালয় ও আন্তঃকলেজভিত্তিক প্রতিযোগিতা বেশি বেশি আয়োজন করতে হবে। সেখান থেকে আমরা জাতীয় দলের জন্য খেলোয়াড় বেছে নিতে পারব। ফুটবলের পাশাপাশি এটা অন্য খেলাগুলোর জন্যও প্রযোজ্য।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশীয় খেলা আরও বেশি জনপ্রিয় করে তোলার পরামর্শ দেন। তিনি বলেন, এখনকার ছেলেমেয়েরা ডাংগুলি, হাডুডু তো ভুলতে বসেছে। এসব খেলা তারা খেলেনি। আমরা খেলেছি। ডাংগুলিটা ভালো খেললে বেসবলটাও ভালো খেলতে পারবে।

উল্লেখ্য, প্রতিটি জেলা-উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কথাও জানান শেখ হাসিনা। তিনি বলেন, প্রত্যেকটি জেলা-উপজেলায় যাতে খেলা ভালোভাবে চলে সে জন্য মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। মিনি স্টেডিয়াম সুনির্দিষ্ট কোনো খেলার জন্য না বরং সব ধরনের খেলার জন্য। ক্রিকেট স্টেডিয়ামে ফুটবল খেলার আয়োজন করা যেতে পারে। ক্রিকেট খেলার জন্য পিচটা অনেক গুরুত্বপূর্ণ। সেটিকে সুরক্ষিত রেখে একপাশে ফুটবলও খেলা যেতে পারে।

 

ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

আজ রবিবার (১৯ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাশেম (৫০), তার নাতি ফারজানা (১২) ও মাইক্রোবাসের চালক বিল্লাল (৪৫)। আহত হয়েছেন কুয়েত ফেরত প্রবাসী লাভলু (৪০), রেখা (২৫) ও ফাহিমা (৭)।

এলাকানবাসী সুত্রে জানা গেছে, চালকসহ মাইক্রোবাসে মোট ছয়জন ছিলেন। তাদের মধ্যে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। বাকি চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সকাল সাড়ে ৯টায় চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গলে গাছের ডাল ভেঙে পরে নারী চা শ্রমিকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউপির রাজঘাট চা বাগানে গাছের ডাল পরে অনিতা তাঁতি নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। অনিতা ওই চা বাগানের মৃত যতন তাঁতির স্ত্রী। শনিবার (১৮ জুন) বাগানের ৩ নং সেকশনে এই ঘটনা ঘটে। এসময় তিনি বাগানে চা পাতা তুলার কাজে ছিলেন।

রাজঘাট ইউনিয়ন পরিষদের মেম্বার সুমন তাঁতি জানান, তুফানে অতি বৃষ্টি ও তুফানে গাছের একটি বড় ডাল অনিতার উপর ভেঙ্গে পরে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগানের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাবার পর কর্তব্যরত চিকিৎসক অনিতাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁওয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ শনিবার (১৮ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণে জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সচিবালয় ঢাকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাবিনা আলম।

আরও বক্তব্য দেন জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

নেত্রকোণার দুর্গাপুরে পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে উপজেলায় টানা কয়েক দিনের বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ হয় আক্কাস আলী (২৬)। গত শুক্রবার (১৭ জুন) বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক পৌর শহরের দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। পরে শনিবার দুপুরে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পরে আক্কাস আলীর লাশ উদ্ধার করে ডুবুরি দল।

স্থানীয়রা জানান,বন্যায় চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামের আক্কাসের আত্মীয় আব্দুল বারেক এর বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এ খবর শুনে গতকাল বিকেলে আক্কাস লোকজন নিয়ে আব্দুল বারেক এর বাড়ির দিকে রওনা হয়। পথে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানির প্রবল স্রোতে তাঁর সঙ্গে থাকা তিনজন পানির চক্করে পড়ে যায়। চারজনের মধ্যে তিনজন সাঁতার কেটে উপরে উঠলেও ডুবে নিখোঁজ হয়ে যায় আক্কাস আলী। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে অনেক খুঁজাখুঁজি পরও সন্ধান মিলেনি এরপর (১৮জুন) শনিবার সকালে ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করলে দীর্ঘ সময় উদ্ধার কার্যক্রম চালিয়ে দুপুরে লাশ উদ্ধার করে ডুবুরি দল।

এ ঘটনার বিষয়ে দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন,ডুবুরিদল ১২০ মিনিট উদ্ধার কার্যক্রম চালিয়ে ঘটনা স্থল থেকে প্রায় ১৫০ গজ দূর থেকে লাশ উদ্ধার করে।

মৌসুমী নাগ ও মলয় কুমার রায়ের স্বরণে নাগরিক স্বরণসভা অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় জনমিলনায়তনে নাগরিক স্বরণসভা অনুষ্ঠিত হয়। নাগরিক স্বরণ সভার আয়োজন করেন শ্রীমঙ্গলের নাট্য ও সাংস্কৃতিক পর্যায়ে সকল অঙ্গসংগঠন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশরাফি আজম ঠাকুর,ও অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন অনিক ভট্টাচার্য সাজু।

উপস্থিত ছিলেন অন্যান্য সংঘটনের মধ্যে শ্রীমঙ্গল থিয়েটারের সভাপতি আবু সুলতান মোহাম্মদ ইদ্রিস (লেদু), ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীসহ বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক অঙ্গসংগঠনে নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এদের স্মৃতি চারণে কবিতা আবৃত্তি ও দুই গুনী শিল্পীর অসময়ে চলে যাওয়াকে আজীবন সাংস্কৃতিক অঙ্গনে অপূর্ণতার কথা ভুলবে না সাংস্কৃতিকমনা গুনী জনেরা।

মৌসুমী নাগ ও মলয় রায় ভানুর অকাল প্রয়াণে স্মৃতি স্বরণে শোকাঞ্জলী পাঠ করেন,বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কৌশিক ভট্টাচার্য। মৌসুমি নাগ ও মলয় কুমার রায় ভানুর স্বরণে সকলে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে ১ মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

ঠাকুরগাঁওয়ে সম্বিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা বাস্তবায়নের দবিতে সমাবেশ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ মানবিক সমাজ নির্মাণে চাই সংস্কৃতির জাগরণ এ প্রতিপাদ্যে সংস্কৃতিক খাতে বরাদ্দ বৃদ্ধি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে  মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকায় শনিবার ১৮ জুন ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখা।

সমাবেশে সংগঠনটির জেলা সভাপতি অনুপম মনির সভাপতিত্বে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মনতোষ কুমার দে, সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক পার্থ সারথী দাস, সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুবোধ রায়, গণসংগীত মঞ্চের সভাপতি বাউল মীর ছানোয়ার হোসেন ছানু, সাধারন সম্পাদক মুসা রাখাল, নিশ্চিন্তপুর থিয়েটারের সভাপতি রাশেদুল আলম লিটন, সাধারন সম্পাদক নূর আলম উজ্বল, শাপলা নাট্য গোষ্ঠির সাধারন সম্পাদক আলমগির হুসাইন, গ্রিন থিয়েটারের সাধারন সম্পাদক মামুনর রশিদ, সপ্তধ্বণী সংগীত বিদ্যালয়ের পরিচালক ধীরেন্দ্র রায়, প্রেসক্লাব সভাপতি মনসুর আলিসহ জেলার বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন এবং সাংস্কৃতিক কর্মীরা অংশ গ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, অতীতে বিভিন্ন সংকটময় মূহুর্তে বাংলাদেশের মাঠপর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক শিল্পীরাই রাজপথে থেকে অপশক্তির বিরুদ্ধে লড়াই করে তাদের গান, কবিতা ও লেখনির মাধ্যমে। যখন ৭১এর পরাজিত শক্তি পাকিস্তানের প্রেতাত্মারা বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দেয়, দেশের মানুষ ও বাঙ্গালী সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তখন এই ষড়যন্ত্র রুখতে সারাদেশের শিল্পীরা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠে। অথচ বাংলাদেশে বিভিন্ন খাতে অনেক বাজেট দেয়া হলেও সংস্কৃতি খাতে ১% এর কম বাজেট দেয়া হয় যা পৃথিবীর অন্য কোন দেশে হয়না। তাই এদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ৮ দফা বাস্তবায়ন খুবই জরুরী বলে তারা দাবি করেন।

কমলগঞ্জে ধলাই নদীসহ বিভিন্ন ছড়ার পানি বৃদ্ধি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: কয়েক দিনের টানা বৃষ্টিপাতে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীসহ সবগুলো পাহাড়ি ছড়ায় পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ধলাই নদীর পানি যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে। এদিকে টানা বর্ষণের ফলে উপজেলার টিলাঘেষা এলাকাগুলোতে বসবাসকারী বাসিন্দাদের মাঝে সতর্কতা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শনিবার ভোর থেকে ধলাই নদী, লাঘাটা ছড়াসহ সবগুলো পাহাড়ি ছড়ায় পানি বৃদ্ধি পেতে দেখা যায়। ধলাই নদীতে পানি বৃদ্ধি পেলেও শনিবার বিকেল পর্যন্ত বিপৎসীমার খুব কাছাকাছি প্রবাহিত হচ্ছে।

নদী তীরবর্তী এলাকার মানুষজন জানান, পানি প্রবাহের ধারা দেখে মনে হচ্ছে উজানে ভারতীয় অংশে বৃষ্টিপাত না থামলে যে কোন সময় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে যেতে পারে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের কমলগঞ্জের পর্যবেক্ষক সাকিব আহমেদ জানান, শনিবার বিকেল পর্যন্ত কমলগঞ্জে ধলাই নদীর রেল সেতু এলাকায় পানি বিপৎসীমা অতিক্রম এখন ও করেনি। পানি বিপৎসীমার ১ দশমিক ৯০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়ে চলেছে।

তিনি বলেন, উজানে ভারতীয় ত্রিপুরা এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকলে যেকোনো সময় পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে। উপজেলা লঙ্গুরপার এলাকায় ধলাই নদীর বাঁধের কিছু অংশে ধসে বাঁধ ভেঙেছে। সেখানে জরুরি ভিত্তিতে মেরামতের কাজ হচ্ছে এবং চলমান।

ভারী বৃষ্টিপাতের সময় পাহাড় ধসে ক্ষয়ক্ষতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্রবার বিকেলেই টিলাঘেষা কালেঙ্গা, রাজটিলা, ভেড়াছড়া ও বাঘমারা এলাকা পরিদর্শন করে সেসব স্থানে বসবাসকারীদের নিরাপদে থাকার সতর্কতা জারি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দীন বলেন, ‘ধলাই নদী ও আশপাশের পাহাড়ি ছড়ায় পানি বেড়েছে। সে পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলা প্রশাসন এ দিকে সার্বক্ষণিক নজরদারি করছে। ’

এদিকে টানা বৃষ্টিপাতের কারণে গ্রামাঞ্চলে শাক-সবজির ফসলি খেত তলিয়ে গেছে। ফলে শনিবার উপজেলার বিভিন্ন হাট-বাজারে শাক-সব্জির সরবরাহ ছিল খুবই কম।

ভানুগাছ বাজারের শাক-সব্জির আড়তদারদের একজন বলেন, ‘গ্রামের শাক-সব্জি বিক্রেতারা তাদের উৎপাদিত শাক-সব্জি বাজারে নিয়ে আসতে পারছেন না। আর বাজারে শাক-সব্জির চাহিদার তুলনায় সরবরাহ বেশ কম বলে কিছুটা দাম বেড়েছে। আরও ২/১ দিন এভাবে বৃষ্টিপাত হলে শাক-সব্জির দাম আরও বাড়তে পারে বলে মনে করেন।