নেত্রকোণার দুর্গাপুরে অন্যকে উদ্ধার করতে গিয়ে নিজেই বন্যার পানিতে ডুবে নিখোঁজ

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় দুর্গাপুরে বন্যার পানিতে ডুবে আক্কাস আলী (২৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছে।

গত শুক্রবার বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামে এ নিখোঁজের ঘটনা ঘটে। নিখোঁজ যুবক পৌর শহরের দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্যায় চন্ডিগড় ইউনিয়নের তেলাচী গ্রামের আক্কাসের আত্মীয় আব্দুল বারেকের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। খবর শুনে শুক্রবার বিকেলে আক্কাস লোকজন নিয়ে আব্দুল বারেকের বাড়ির দিকে রওনা হয়। পথে চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের সামনে বন্যার পানির প্রবল স্রোতে তার সাথে থাকা তিন জন সহ সে নিজে বন্যার পানিতে পড়ে যায়। এ সময় তিন জন সাঁতার কেটে উপরে উঠলেও ডুবে নিঁখোজ হয়ে যায় আক্কাস আলী। পরে স্থানীয়রা এসে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেয়।

দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল এসেছে। উদ্ধার কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

কোরবানির টাকা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবেন অনন্ত জলিল

বিনোদন ডেস্কঃ সিলেটের বন্যার্তদের সহায়তায় বিনোদন জগতের অনেকেই এগিয়ে এসেছেন। আর এবার ঢালিউডের তারকা অনন্ত জলিলও পাশে দাঁড়ালেন সিলেটের বন্যা কবলিতদের। গতকাল শনিবার (১৮ জুন) এক ভিডিও বার্তায় কোরবানির টাকা ক্ষতিগ্রস্ত বানভাসিদের দেবেন বলে ঘোষণা দেন এই অভিনেতা।

প্রতিবছর প্রায় ১০- ১২ টা গরু কোরবানি দেন তিনি। কিন্তু এ বছর ১০-১২টা গরুর জায়গায় মাত্র ১টি বা দুইটি গরু কোরবানি দিয়ে বাকি টাকা ক্ষতিগ্রস্ত বানভাসিদের দেবেন বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে এমন দুর্যোগে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সিলেটের বন্যার ভয়াবহতার কারণে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি ১০-১২টা গরু কোরবানি না দিয়ে শুধুমাত্র ১টা বা দুইটি গরু কোরবানি দেব। এ কোরবানির যত টাকা আছে তা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াব। শুধু কোরবানির টাকাই না আমার ব্যবসার টাকা এবং আমি যে মুভি (দিন: দ্য ডে) মুক্তি দিচ্ছি সেটা থেকেও টাকা আসবে- সবকিছু দিয়েই সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গতকাল শনিবার বিকেলে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান বন্যার্তদের সাহায্য পাঠানোর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন। সেই সঙ্গে বানভাসি মানুষদের জন্য একটি তহবিলও গঠন করেছেন তিনি।

 

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ কয়েক বছর ধরে চলতে পারে: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। গতকাল শনিবার (১৮ জুন) জার্মান একটি সাপ্তাহিক পত্রিকাকে তিনি এ কথা বলেন বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে জেনস স্টলটেনবার্গ বলেন, আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে যে, ইউক্রেন যুদ্ধ কয়েক বছর স্থায়ী হতে পারে। তিনি মনে করেন, ইউক্রেনীয় সেনাদের অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করা হলে তা রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে ডনবাস অঞ্চলকে মুক্ত করার সুযোগ বাড়িয়ে দেবে। আর তাই তিনি বলেন, আমাদের ইউক্রেনকে সমর্থন বন্ধ করা উচিত নয়। এই সহায়তা করতে যদি খরচ বেশিও হয় তবুও না। কারণ শুধুমাত্র সামরিক সহায়তার জন্য নয় জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধির কারণেও খরচ বাড়ছে।

রাশিয়া-ইউক্রেনে প্রায় তিনমাস ধরে সামরিক অভিযান চালালেও রুশ সেনারা প্রাথমিকভাবে প্রায় পুরো ইউক্রেনীয় ভূখণ্ডে হামলা পরিচালনা করে। তবে পরে সেই অবস্থান থেকে সরে এসে রাশিয়ার সামরিক বাহিনী মূল মনোযোগ দেয় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায়। মূলত তখন থেকে এই অঞ্চলে ব্যাপক গোলাবর্ষণ করে যাচ্ছে রুশ সেনারা।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। গত মার্চে কিয়েভ দখলে করার চেষ্টা করলেও ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধে তা পারেননি রুশ সেনারা। রুশ-ভাষী মানুষকে রক্ষা এবং রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের রক্ষার কথা বলে মস্কো বর্তমানে ডনবাস ভূখণ্ড দখলের চেষ্টা করছে।

 

সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মদ্যপ অবস্থায় দুই নারীসহ আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরীকে পলিটেকনিক ইনস্টিটিউট এর পিছনে প্রতিবন্ধী ও এতিমদের প্রশিক্ষন ইনস্টিটিউট থেকে সাধারণ জনগণ ও সদর উপজেলা চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগীতায় দুই নারীসহ হাতে নাতে আটক করে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে অবগত করা হয়েছে বলেও জানা গেছে। গত শুক্রবার রাত ১০ টার দিকে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও চেয়ারম্যানের বরাতে জানা যায়, প্রতিদিন উপ-পরিচালক রাত ২ টা ৩টা পর্যন্ত বিভিন্ন মেয়েদের ফুসলিয়ে ও সরলতার সুযোগ নিয়ে তাদের মদ পান করিয়ে অনৈতিক কাজ করতেন দীর্ঘদিন ধরে। তিনি অনেক সময় মেয়েদের তাঁর সরকারী গাড়িতে নিয়েও ঘুরতেন। এলাকার লোকজন সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তা হবার কারনে ভয়ে কোনও কথা বলতো না। তারা বিষয়টি চেয়ারম্যানকে অবগত করলে তিনির সহযোগীতায় রাতে দুই জন মদ্যপ অবস্থায় নারী ও তাকে আটক করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষনি ভাইরাল হয়ে পরে।

৭ নং চাঁদনীঘাট ইউপি চেয়ারম্যান আখতার উদ্দিন জানান, বিষয়টি লোকজন অনেক আগেই তাকে জানিয়েছিলেন। ভয়ে লোকজন কোনও কিছু বলতো না। শুক্রবার রাতে লোকজন তাকে দুইজন নারীসহ আটক করার পর তাঁকে খবর দিলে সেখানে উপস্থিত হয়ে এর সত্যতা পান।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে নেশাগ্রস্ত অবস্থায় দুই জন মহিলাকে উদ্ধার করে তাদের পরিবারের মাধ্যমে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং তাকে আটক করে সেখানে লোকজন ঘিরে রেখেছে। তিনি বলেন, উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী উনার হাতে-পায়ে ধরে ক্ষমা চাচ্ছে, কিন্তু তিনি তো বিচারের মালিক না। তিনি বলেন বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানিয়েছেন তারাই ব্যবস্থা গ্রহন করবেন।

গতকাল শনিবার এবিষয়ে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানিয়েছেন, বিষয়টি আমি শুনেছি এর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনায় সাথে জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ফুলবাড়ীতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার ও লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

জানা গেছে, সাত মাস পুর্বে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের আশরাফ আলীর মেয়ে আফরোজা’র (২৩) সাথে পূর্ব-ফুলমতি গ্রামের আব্দুল জব্বারের ছেলে দেলওয়ার হোসেনের (২৫) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই দেলওয়ার নানা অজুহাতে স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন চালাতো। কিছুদিন আগে স্ত্রী আফরোজা জানতে পারেন যে, পুর্বের তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে দেলওয়ারের সম্পর্ক রয়েছে। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। শনিবার রাত ১১ টার দিকে একই বিষয় নিয়ে দুজনের মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে দেলওয়ার বেদম মারপিট শুরু করলে মোবাইলে মা চায়না বেগমকে মারপিটের কথা জানায় আফরোজা। এর কিছুক্ষণ পর দেলওয়ার তার শাশুড়ী চায়না বেগমকে আবারও মোবাইল করে জানায়, আপনার মেয়ে মারা গেছে এসে দেখে যান। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দেলওয়ারকে আটক করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী দেলওয়ার কে আটক রয়েছে এবং তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মৌলভীবাজার শহরের জলাবদ্ধতার নেপথ্য স্লুইস গেট

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: টানা বৃষ্টিতে জলমগ্ন মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়ক। গেলো শুক্রবার কোদালিছড়ার ভাটিতে শহরের পশ্চিমাঞ্চলে গিয়াসনগর ইউনিয়নের ভূজবল-আজমেরু এলাকায় দেখা যায়- কচুরিপানার দীর্ঘ স্তুপ জমে বাঁধের মতো তৈরি হয়েছে। ফলে পানি প্রবাহ মারাত্মকভাবে বাঁধাগ্রস্ত হচ্ছে। সে কারণে শহরে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ অবস্থায় শুক্রবার দিবাগত রাতে শনিবার আজমেরুতে কোদালিছড়ার পাড়ে ছুটে যান উদ্বিগ্ন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পৌর মেয়র ফজলুর রহমানসহ পৌর কাউন্সিলরগণ। কচুরিপানা অপসারণে জেলা প্রশাসনের সহযোগিতায় মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শ্রমিকরা কাজ করে যাচ্ছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর নাহিদ হোসেন, আসাদ হোসেন (মক্কু), সৈয়দ সেলিম হক, অ্যাডভোকেট পার্থ সারথী পাল, আনিসউজ্জামান বায়েস, সালেহ আহমদ পাপ্পু।

কচুরিপানার এই প্রতিবন্ধকতার কারণে শহরের টিবি হাসপাতাল সড়ক, ফাটাবিল, গীর্জাপাড়া, আরামবাগসহ বেশকিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। সাথে আছে মানুষের সৃষ্ট নানা উপযোগ। কোদালিছড়া এবং ড্রেনেজ সিস্টেমে বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা ফেলা, প্লাস্টিক-পলিথিন ও বর্জ্য ফেলায় স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

ভুজবল এলাকায় স্থানীয় জনগণ জানান- সেখানে অতি ক্ষীণ স্লুইস গেট নির্মাণ করা হয়েছে। ফলে এই স্থানে কোদালিছড়ার প্রশস্ত মাত্র ১২ ফিটে সংকীর্ণ হয়েছে। যেখানে কচুরিপানার সাথে নাগরিকদের ফেলে দেওয়া প্লাস্টিক-পলিথিন, কাপড়, টিনের টুকরা ইত্যাদি গিয়ে যোগ হয়েছে। ফলে পানি প্রবাহ স্লথ হয়ে উজানে শহরের দিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

মেয়র ফজলুর রহমান জানান, শুক্রবার বিকেল থেকে পৌরসভার শ্রমিকরা শনিবার সারাদিন পর্যন্ত কচুরিপানা অপসারণ করেছে।

মেয়র ফজলুর রহমান আরো বলেন, আজমেরুতে অতি ছোট স্লুইস গেট স্থাপনের ফলে কোদালিছড়া মাত্র ১২ফিটে সংকীর্ণ হয়ে এসেছে। কিন্তু অন্য সব জায়গায় কোদালিছড়ার প্রশস্ততা ২৫-৩০ ফিট থেকে ৪০-৫০ ফিট পর্যন্ত আছে। দ্রুত এই সংকীর্ণ স্লুইস গেট সমস্যা সমাধান করা হোক না হলে শহরে জলাবাদ্ধতা বারবার দেখা দেবে। এছাড়া বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা, প্লাস্টিক-পলিথিন ও আবর্জনা বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। নাগরিকদের এক্ষেত্রে আরো সচেতন হতে হবে। জনগণের দুর্ভোগ লাঘবে পৌরসভা এবং সকল জনসাধারণের সহযোগিতা একত্রে প্রয়োজন।

রাজনগরে আধা কেজি গাঁজাসহ দুই জন’কে আটক করেছে পুলিশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে আধা কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার কামারচাক ইউনিয়নের তারাপাশা বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো-টেংরা ইউনিয়নের পন্ডিতনগর গ্রামের আব্দুল লতিফের ছেলে মামুন মিয়া (৩০) ও একই এলাকার বাবুল মিয়ার ছেলে সাবলু মিয়া (২০)।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে তারাপাশা বাজারে গাঁজা বিক্রির জন্য মামুন মিয়া ও সাবলু মিয়া অবস্থান করছে। খবর পেয়ে রাজনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিতোষ পাল, সহকারী উপপরিদর্শক (এএসআই) জালাল উদ্দিন ও সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ওই বাজারে অভিযান চালায়। এসময় তাদেরকে আটক করে তল্লাশি করলে আধা কেজি গাঁজা পাওয়া যায় ও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

উপপরিদর্শক (এসআই) পরিতোষ পাল বলেন, গাঁজা বিক্রি করা হবে খবর পেয়ে আমরা অভিযান চালালে দুইজনকে আটক করি। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, প্রায় অর্ধ লক্ষ মানুষ পানি বন্দি

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় জেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। গতকাল পর্যন্ত কুড়িগ্রামে ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলার ৮টি উপজেলার ৩০টি ইউনিয়নের প্রায় সোয়া লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান সাময়িক বন্ধ রয়েছে। প্রায় সাড়ে তিন হাজার হেক্টর ফসলি জমি বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। বন্যার পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় চর ও দ্বীপচরগুলোর যোগাযোগ ব্যবস্থা কার্যতঃ ভেঙে পড়েছে।

বাড়িঘরে পানি ঢুকে পড়ার কারণে অধিকাংশ পরিবারের লোকজন তাদের ঘরের ভিতর উচু মাচাং তৈরি করে আবার কেউ কেউ নৌকায় দিবা রাত কাটাচ্ছেন। এসব পরিবারের রান্নাবান্না করা এখন দুরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোতে গবাদিপশু নিয়ে অনেক পরিবার চরম বিপাকে পড়েছেন।

জনপ্রতিনিধি এবং স্থানীয়দের তথ্যানুযায়ী, বন্যায় পানিবন্দি রয়েছে কুড়িগ্রাম সদর উপজেলার- যাত্রাপুর, মোগলবাসা, ঘোগাদহ, হলোখানা, পাঁচগাছি ইউনিয়ন, নাগেশ্বরী উপজেলার কেদার, নারায়ণপুর, বামনডাঙ্গা, নুনখাওয়া, বল্লভের খাস, কালীগঞ্জ, বেরুবাড়ি ইউনিয়ন, উলিপুর উপজেলার হাতিয়া, বুড়াবুড়ি,সাহেবের আলগা, বেগমগঞ্জ ইউনিয়ন, চিলমারী উপজেলার রাণিগঞ্জ,অস্টমির চর,রমনা, নয়ারহাট, চিলমারী সদর ইউনিয়ন, রৌমারী উপজেলার শৌলমারী, যাদুরচর, রৌমারী সদর ইউনিয়ন, রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর, মোহনগঞ্জ,কোদালকাটি ইউনিয়ন, ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড়,শিমুলবাড়ি এবং ভূরুঙ্গামারী উপজেলার-চর ভূরুঙ্গামারী, শিলখুড়ি, পাইকেরছড়া,বঙ্গ সোনাহাট ইউনিয়নের শতাধিক গ্রামের প্রায় সোয়া লাখ মানুষ।

কুড়িগ্রাম সদর  উপজেলার ভোগডাঙ্গা, যাত্রাপুর, পাঁচগাছী ইউনিয়ন, উলিপুর উপজেলার হাতিয়া, বুড়াবুড়ি, বেগমগঞ্জ, সাহেবের আলগা, থেতরাই ও বজরা ইউনিয়ন, চিলমারী উপজেলার চিলমারী, অষ্টমীরচর, নয়ারহাট ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা সার্বিক বন্যা পরিস্থিতির অবনতির কথা জানান। তাদের মতে এসব এলাকায় আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার  মানুষ কমবেশি বন্যা কবলিত হয়ে পানিবন্দি রয়েছে।

সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর জানান, যাত্রাপুর ইউনিয়নের পোড়ারচর, রলাকাটা, খেয়ার আলগা, বড়ুয়া ও মাঝিয়ালির চরের প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনকে অবহিত করেছেন বলেও তিনি উল্লেখ করেন। উজান থেকে আসা ঢলের পানি ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় তাদের এলাকার নিম্নাঞ্চলের অনেক ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে বলে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা জানান।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার ১৩ সেন্টিমিটার, দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ১১ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি বিপদসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া, আগামী ২৪ ঘন্টায় উজানে ভারী বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি আরো বৃদ্ধি পেতে পারে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

বন্যার পানির তীব্র স্রোতে ব্রিজ ভেঙে ঢাকা-নেত্রকোনা-মোহনগঞ্জে রেল যোগাযোগ বন্ধ

মোঃ মোস্তাফিজুর রহমান, সিএনবিডি ডেস্কঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় বন্যার পানির স্রোতে ২৩ নম্বর রেলসেতুর মাটি সরে পুরো সেতুটি ভেঙে ভেসে গিয়েছে। এতে ঢাকা-নেত্রকোনা-মোহনগঞ্জ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আজ শনিবার (১৮ জুন) সকাল ৯টার দিকে মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার মাঝামাঝি অতীতপুরের ইসলামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

সুত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী লোকাল ট্রেনও বারহাট্টায় আটকে পড়েছে।

বারহাট্টা উপজেলার স্টেশনমাস্টার গোলাম রব্বানী এসব তথ্য নিশ্চিত করে জানান, রেলব্রিজ ভেঙে নেত্রকোণার সঙ্গে ঢাকা ও ময়মনসিংহসহ সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আন্তনগর ট্রেন হাওর এক্সপ্রেস মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ২৬২ নম্বর লোকাল ট্রেন আটকা পড়েছে বারহাট্টা স্টেশনে।

রেলওয়ে জিআরপির তথ্যমতে, হাওর এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনে আটকা পড়ে আছে। তবে শীঘ্রই রেলসেতুটি মেরামত করে চলাচলের উপযুক্ত করা হবে।

কলেজ ছাত্রীকে আটকে ৩ দিন পালাক্রমে ধর্ষণ, ১জনকে আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের কলেজ পড়ুয়া এক মেয়েকে ফুসলিয়ে সিলেটে নিয়ে ৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে করা মামলায় শহিদুল ইসলাম শহীদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (১৬ জুন) তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের এইচএসসি পড়ুয়া (১৭) বছরের একটি মেয়েকে গত ৮ জুন ফুসলিয়ে প্রতারনার জালে ফেলে পাহাড়িকা ট্রেনযোগে কমলগঞ্জ থেকে সিলেট নিয়ে যায় অভিযুক্ত শহীদুল ইসলাম শহীদ। সেখানে তাকে আটকে রেখে বার বার ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে।

মেয়েটির বাবা গত ১০ জুন কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর সূত্র ধরে পুলিশ মেয়েটি খোঁজতে থাকে। গোপন তথ্যের ভিত্তিতে মেয়েটির অবস্থান সিলেট নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করে। এরপর তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে আসে।

পুলিশ অভিযুক্ত শহিদুল ইসলাম শহীদকে (৫৫) তার ব্যবসা প্রতিষ্ঠান লালদিঘীর-পাড় থেকে গ্রেপ্তার করে। শহীদ কালীঘাটের মৃত আলী হোসেনের পুত্র।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, শহীদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা করা হয়েছে। শুক্রবার তাকে কোর্টে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাঁকে কারাগারে প্রেরণ করেন।