বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর ভাই বাদি হয়ে মামলা দায়ের করে। থানা পুলিশ গত মঙ্গলবার রাতে অভিযুক্ত যুবক আল-আমিন আলাইকে গ্রেপ্তার করেছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করলে, আদালত কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে। আলাই উপজেলার কাশেমনগর গুচ্ছগ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

জানা গেছে প্রায় একমাস আগে মোবাইল ফোনে ওই কিশোরীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে আল আমিন আলাই ওই কিশোরীকে (১৭) গত সোমবার রাতে বাড়ির পাশের কাঁঠাল গাছের নিচে ডেকে নিয়ে যায়। পরে সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরের দিন মঙ্গলবার রাতে আলাই বিয়ে করবে বলে পুনরায় কিশোরীকে ঘরের বাইরে ডেকে বের করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরী কান্নাকাটি ও চিৎকার শুরু করে পরক্ষনে বিষয়টি স্বজনদের জানিয়ে দেয়। এ ঘটনায় কিশোরীর ভাই বাদি হয়ে রাতেই থানায় মামলা করেন। মামলার পরই পুলিশ অভিযানে নামেন। অভিযান চালিয়ে আল আমিন ওরফে আলাইকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ধর্ষণ মামলা নথিভুক্ত হবার পরই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক আল আমিন ওরফে আলাইকে গ্রেপ্তার করেছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে  কারাগারে পাঠানো হয়েছে।

নেত্রকোণায় জনপ্রিয় ‘খবর নেত্রকোণা’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ “আমরা গণমানুষের ভাষায় কথা বলি অবিরাম” এই স্লোগানকে ধারণ করে সফলতার সাথে ১ বছর অতিক্রম করে আজ ২য় বর্ষে পদার্পণ করলো জেলার জনপ্রিয় অনলাইন পোর্টাল খবর নেত্রকোণা

১৫  জুন খবর নেত্রকোণার সম্পাদক ও ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর সভাপতি রেজাউল হাসান সুমনের সভাপতিত্বে খবর নেত্রকোণার নিবার্হী সম্পাদক ও ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর সাধারণ সম্পাদক ইকবাল হাসানের সঞ্চালনায় জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর নেত্রকোণা জেলা অফিস মিলনায়তনে জেলার সাংবাদিকদের অংশগ্রহণে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আ.ক.ম আলতাবুর রহমান কাশেম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সদস্য ও জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর সহ-সভাপতি প্রণব রায় রাজু, সাবেক যুবলীগ নেতা ও এফ.আর.এস.বি এর দপ্তর সম্পাদক এম এস রতন, জেলা ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অফ বাংলাদেশ (এফ.আর.এস.বি) এর সাংগঠনিক সম্পাদক ও নতুন সময় টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান ইমন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার সম্পাদক ও এফ.আর.এস.বি এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাজমুল ইসলামসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ‘খবর নেত্রকোণার‘ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উত্তর উত্তর সমৃদ্ধি অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বগুড়া শাজাহানপুরে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার উদ্বোধন

সাবিক ওমর সবুজ, বগুড়াঃ জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এই শ্লোগান সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার শাজাহানপুরে বুধবার (১৫ জুন) উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও বাসভবনে গণনা মধ্যে দিয়ে ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কর্মসূচির শুভ সুচনা করা হয়।

সারা দেশে একযোগে ৩ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন গণনাকারী এ শুমারি পরিচালনা করবেন। ট্যাবের (কম্পিউটার) সাহায্যে সাত দিন ধরে তারা তথ্য সংগ্রহ করবেন। এতে প্রত্যেক ব্যক্তিকে ৩৫টি তথ্য দিতে হবে।

শাজাহানপুর উপজেলা জনশুমারি সমন্বয়কারী জাহিদ হাসান জানান, ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত উপজেলায় সপ্তাহব্যাপী  জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম চলবে।এজন্য  উপজেলাকে ৮টি জোনে ভাগ করা হয়েছে। এসব এলাকায় শুমারি গণনায় মোট ৮১৪ জন গণনাকর্মী এবং ১৪৬ জন সুপারভাইজার মাঠ পর্যায়ে কাজ করছে। এছাড়া প্রত্যেক জোনে একজন আইটি সুপারভাইজার এবং একজন জোনাল অফিসার কাজ করছে।

উল্লেখ্য, জনশুমারি আগে আদমশুমারি নামে পরিচিত ছিল। প্রতি ১০ বছর অন্তর এ শুমারি হওয়ার কথা থাকলে ও মহামারী করোনার ভাইরাসের সংক্রমণের কারণে গত বছর তা সম্ভব হয়নি।

কুলাউড়ার নবনিযুক্ত ওসি ছালেক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ আব্দুছ ছালেক। বুধবার (১৫ জুন) কুলাউড়া থানার দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

ওসি আব্দুছ ছালেক মানবিক পুলিশের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইতিপূর্বে তিনি দীর্ঘ তিন বছরের অধিক সময় সততা নিষ্ঠা ও সাহসিকতার সাথে শ্রীমঙ্গল থানায় দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়েছেন।

করোনা মহামারিতে নিরলসভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করে ঘরে রেখে নিজে মাঠে থেকে দায়িত্ব পালন ও মহামারিতে ক্ষুধার্তদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে সাহসিকতার সাথে নিজ উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলার কয়েক হাজার মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় ওসি। যিনি নিজেও রাতের আধারে দিনের আলোয় ক্ষুধার্ত মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তিনি।

সাকিব ফিরে আসাতে সাফল্যের আশায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা সাফল্য পাচ্ছে না। কদিন আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে চরম ব্যর্থ হয়ে হেরেছে বাজে ভাবে। পরে অধিনায়ক বদল। আর তাই সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ফিরিয়ে নতুন আশার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে লড়ায়ে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। সাকিবের নেতৃত্বে আসন্ন এই সিরিজে কেমন করবে বাংলাদেশ সেসব নিয়ে চলছে আলোচনা। তৃতীয়বারের মতো বাংলাদেশের টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাকিব। তাঁর অধীনে এবার পুনরুজ্জীবিত হবে দল সেই আশা করছেন সবাই।

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেই প্রথমবার অধিনায়ত্ব পেয়েছিলেন সাকিব। তখন তাঁর নেতৃত্বে দুই ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এরপর ২০১১ সালে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সাকিবকে। কিন্তু ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে আবারও অধিনায়কত্ব পান তিনি।কিন্তু ২০১৯ সালে আইসিসি নিষিদ্ধ করে সাকিবকে। আর তাই প্রথম টেস্টের স্পটলাইটে রয়েছে সাকিবের অধিনায়কত্বের বিষয়টি।

সংবাদ সম্মেলনে সাকিব বলেন, আমরা সাম্প্রতিক সময়ে টেস্টে ভালো খেলছি না। তবে আমি ভাবছি এখানে ভালো খেলে সবাইকে ভুল প্রমাণ করা সম্ভব। এখানে টেস্টে ভালো করলে পুরো সিরিজের জন্যও আমরা মোটিভেটেড হতে পারব।

সাকিবের মতে, সে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে চিন্তিত নয় বরং দলের পারফরম্যান্স নিয়ে ভাবছেন। তাই তিনি বলেন, আমাদের ওপেনার জয় দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডে ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজ তার জন্য চ্যালেঞ্জিং হবে। তবে আমি আশা করি, সে যথেষ্ট যোগ্য আর সে বাংলাদেশ ক্রিকেটকে আরও অনেক কিছু দেবে। রাজার দিকে আমরা নজর রাখতে পারি। এ ছাড়া মেহেদী মিরাজ দলে ব্যাক করেছে। সোহানও নিজেকে প্রমাণের চেষ্টায় আছে। আশা করি, তারা বাংলাদেশকে জয় এনে দেবে।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ ১৬টি টেস্ট খেলেছে। যার চারটিতে জয়, ১০টিতে হার ও দুটিতে ড্র হয়।

 

কুমিল্লা সিটির নতুন মেয়র হলেন নৌকার আরফানুল হক রিফাত

সিএনবিডি ডেস্কঃ কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু ৩৪৩ ভোটে হারিয়ে জয় পেয়েছেন নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।

গতকাল বুধবার (১৫ জুন) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফল অনুযায়ী, ১০৫ কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম সাক্কু টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। তৃতীয় স্থানে থাকা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট।

এর আগে, বুধাবার সকাল ৮টা থেকে সিটি করপোরেশনের ১০৫ কেন্দ্রের ৬৪০ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল চারটায়। এরপর শুরু হয় গণনা। ফলাফল শেষে রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বেসরকারিভাবে কুমিল্লা সিটি করপোরেশনের নতুন মেয়র হিসেবে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাতকে নির্বাচিত ঘোষণা করেন।

নওগাঁয় সাম্প্রদায়িকতা বিরোধী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মহিলা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।  সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও গুজব প্রতিরোধের লক্ষ‍্যে জেলা তথ‍্য অফিস এই সমাবেশের আয়োজন করে। মঙ্গলবার বিকাল সাড়ে চারটা থেকে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ‍্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো: মাসুদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লিপি সাহা এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরেরর উপপরিচালকের প্রতিনিধি আমেনা খাতুন।

বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক মহিলা সমাবেশে অংশগ্রহণ করেন।

বক্তাগন আবহমান থেকেই চলে আসা অসাম্প্রদায়িকতা বজায় রেখে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ  গড়ে  তোলার আহবান জানান। এর আগে জেলা তথ‍্য অফিসের শিল্পীরা সাম্প্রদায়িক সম্প্রীতির সংগীত পরিবেশন করেন।

একক ক্যারিয়ারে নজর দেবেন ‘বিটিএস’ ব্যান্ডের সদস্যরা

বিনোদন ডেস্কঃ এখন থেকে দলবদ্ধ হয়ে নয় বরং একক ক্যারিয়ারে নজর দেবেন বিশ্বজুড়ে পরিচিত কোরিয়ান পপ সুপারব্যান্ড ‘বিটিএস’ ব্যান্ডটির সদস্যরা। গতকাল বুধবার (১৫ জুন) কোরিয়ান টাইমসের এক প্রতিবেতদন থেকে এ তথ্য জানা যায়।

গেল সোমবার (১৩ জুন) বিটিএস-এর প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। ঠিক ৯ বছর আগে যাত্রা শুরু হয়েছিল ব্যান্ডটির। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গত ১০ জুন মুক্তি পেয়েছে ব্যান্ডটির নতুন অ্যালবাম ‘প্রুফ’। সংকলিত এই অ্যালবামটিতে জায়গা পেয়েছে ২৮টি গান। এর টাইটেল ট্র্যাক ‘ইয়েট টু কাম’ গানটি ব্যান্ডের বিগত সময়গুলোর যাত্রাকে উপস্থাপন করে যা ইতোমধ্যে রেকর্ড ৩০ লাখের বেশি কপি বিক্রি হয়েছে।

ব্যান্ডটির ‘ফিস্টা’ নামক বার্ষিক একটি ডিনার পার্টিতে গত মঙ্গলবার (১৪ জুন) ব্যান্ডটির অন্যতম সদস্য আরএম ব্যান্ডটির বিচ্ছেদের ঘোষণা দেন। তিনি বলেন, আমি সব সময় অন্য ব্যান্ডদের থেকে আলাদা করে ভেবেছি বিটিএস’কে। কিন্তু কোরিয়ান পপ (কে-পপ) ও আইডল পদ্ধতির সমস্যা হচ্ছে, এটা কখনোই পরিণত হতে দেয় না। আপনাকে এ জন্য সব সময় গান করতে হবে এবং কিছু না কিছু করতেই হবে।

বিটিএসের সদস্য জিমিন বলেন, এখন আমাদের নতুন ভাবনা শুরু হলো। কী ধরনের শিল্পী হিসেবে ভক্তরা আমাদের মনে রাখবে। বিটিএস-এর ভক্তরা নিজেদের ‘আর্মি’ নামে পরিচয় দেন। এত দিন ধরে সমর্থন জানানোর জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জিমিন আরও বলেন, এখন আমাদের নিজেদের আত্মপরিচয় খুঁজতে হবে, যা ক্লান্তিকর ও দীর্ঘ এক প্রক্রিয়া।

আরেক সদস্য সুগাও বলেন, আমরা এখন আলাদা হয়ে যাব। মূলত ব্যান্ডের সদস্যের একক ক্যারিয়ার এগিয়ে নিতেই এ সিদ্ধান্ত বলে জানানো হয়।

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে নাচে-গানে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে সাত তরুণের বিটিএস ব্যান্ডটি। গান বিক্রি, স্ট্রিমিং এবং ডাউনলোড মিলে ২০২১ সালে বিশ্বের সফল সংগীতশিল্পী হিসেবে ‘গ্লোবাল রেকর্ডিং আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে এই ব্যান্ড।

 

রাণীশংকৈলে জনশুমারি ও গৃহগণনা কার্যক্রমের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৫ থেকে ২১ জুন জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম উদ্বোধন করা হয়। বুধবার ১৫ জুন সকালে নন্দুয়ার ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও সহকারি কমিশনার (ভূমি) ইনাদ্রজিৎ সাহা।

এ সময় উপজেলা জনশুমারি সমন্বয়কারী মুক্তাদীর রহমান, জোনাল অফিসার ফলেন পাল ও অন্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সমন্বয়কারী মুক্তাদীর রহমান বলেন, সরকার ১৫ জুন থেকে ২২ জুন জনশুমারি সপ্তাহ ঘোষণা করেছে। এ ৭ দিন গণনাকারিরা বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি বাড়ি ও পরিবারের সদস্যের তথ্য সংগ্রহ করবেন।

উদ্বোধকরা দেশের সঠিক জনসংখ্যা গণনায় ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল মানুষকে গণনাকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।

ন্যাটোর অস্ত্রের গুদাম ধ্বংসের দাবি রাশিয়ার

 আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ন্যাটোর সরবারহ করা অস্ত্রের গুদাম ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। গতকাল বুধবার (১৫ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের পশ্চিমাঞ্চলের লভিভ শহরে একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, রাশিয়া নিজেদের অবস্থান আরও জোরদার করছে ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ নিতে। এদিকে সেভেরোদোনেৎস্কের ৮০ শতাংশ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে রুশ বাহিনী। আজত রাসায়নিক কারখানায় অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি বলেছেন, তিনি অস্ত্রের জন্য রীতিমতো প্রতিদিন সংগ্রাম করছেন। তিনি আরও বলছেন, বিশ্ব দেখছে আমরা কীভাবে দেশ রক্ষা করছি। আমাদের সেনাদের কাছ থেকে শেখা উচিত কীভাবে লড়াই করতে হয়। তবে আমাকে প্রতিদিন ভাবতে হচ্ছে অস্ত্রের স্বল্পতা নিয়ে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ইউক্রেনকে ১০০ কোটি ডলারের অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে গুদামটিতে যুক্তরাষ্ট্রের তৈরি এম৭৭৭ হাউইটজারে ব্যবহারের উপযোগী কিছু গোলাবারুদও ছিল।