রাণীশংকৈল প্রেসক্লাব পুরাতন’র নির্বাচনে সভাপতি আনোয়ারুল, সম্পাদক আজাদ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর দ্বি-বার্ষিক নির্বাচন গত মঙ্গলবার (১৪ জুন) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইতোপূর্বে প্রতিদ্বন্দ্বি প্রার্থিরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আনোয়ারুল ইসলাম ( দৈনিক ইত্তেফাক), সহ-সভাপতি পদে রুহুল আমিন (দৈনিক আলোর জগত), সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ (দৈনিক জনমত) ও সহ-সাধারণ পদে রফিকুল ইসলাম সুজন (দৈনিক দাবানল) নির্বাচিত হন।

প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম। তাকে সহযোগিতা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কুশমত আলী ও যুগ্ম আহবায়ক হজরত আলী।

নির্বাচন অনুষ্ঠানে সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বাংলাদেশ সহকারী উপজেলা  শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি  রবিউল ইসলাম সবুজ, থানার ওসি এস এম জাহিদ ইকবাল, পৌর কাউন্সিলর ইসাহাক আলী, বিভিন্ন সাংবাদিকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পদুয়া ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতাঃ লোহাগাড়া উপজেলার আওয়ামী লীগের আওতাধীন পদুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪জুন) বিকালে পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আবছারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  মাষ্টার মোহাম্মদ মিয়া ফারুক।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ ছাফার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগে সহ-সভাপতি ও পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হরুনর রশিদ, পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন ,যুবলীগ নেতা আদেল চৌধুরী।

এ ছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে  ডাঃ নুরুল করিম হেলালী সভাপতি ও আতাউর রহমান মিয়া সম্পাদক নির্বাচিত হয়।

“৭৭৭ চার্লি ” সিনেমার কেন্দ্রীয় চরিত্রে কুকুর

বিনোদন ডেস্কঃ এবার মূল ধারার কোনও সিনেমার কেন্দ্রীয় চরিত্র হলো কুকুর। গত ১০ জুন মুক্তি পেয়েছে প্রযোজক রক্ষিত শেঠির ‘৭৭৭ চার্লি’ আর সেখানেই দেখা যায় নায়কের সাথে সাথে কুকুরের চরিত্র কতটা মন ছুঁয়েছে দর্শকের।

বক্স অফিসেও দারুণ ব্যবসা করছে সিনেমাটি এবং দর্শক মনে সাড়া তুলেছে। মাত্র চার দিনে এ সিনেমা বক্স অফিসে সংগ্রহ করেছে ২৯.১৫ কোটি রুপি। কুকুর ও রক্ষিত উভয়ের অভিনয় প্রশংসা পাচ্ছে। চিত্রনাট্য, আবেগ আর পরিচালনা, সবকিছু যেন মুগ্ধতা ছড়িয়েছে।

সিনেমার নায়ক ধর্ম যে একজন নিঃসঙ্গ মানুষ এবং তাকে সঙ্গ দেয় এক ল্যাব্রাডর কুকুর। ধর্ম তার কিশোর বয়সে এক দুর্ঘটনায় তার পুরো পরিবারকে হারায়। ধর্ম একটি কারখানায় কাজ করে। সারা রাত মদে মত্ত থাকে। সে ইডলি খায়। যদি ঝগড়া-বিবাদে না জড়ায়, তখনই কাজে যায়। এ নিয়ে এগোয় গল্প।

তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে ‘৭৭৭ চার্লি’ সিনেমাটি। রক্ষিত শেঠি ছাড়াও অভিনয় করেছেন সংগীতা শ্রীঙ্গেরি, রাজ বি শেঠি, দানিশ সৈত, ববি সিমহা প্রমুখ।

‘৭৭৭ চার্লি’র চিত্রনাট্যকার কিরণরাজ কে, সংলাপ লিখেছেন রাজ বি শেঠি ও অভিজিৎ মহেশ। গানের সুর করেছেন নবীন পাল। সিনেমাটোগ্রাফ অরবিন্দ কাশ্যপের এবং সিনেমাটি প্রযোজনা করেছেন রক্ষিত শেঠি ও জিএস গুপ্ত।

ডিজিটাল বাংলা নিউজডিআর /মাহমুদা ইয়াসমিন

ইয়াবার চালানসহ এক নারী গ্রেফতার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা থেকে ইয়াবার চালানসহ শামিমা বেগম (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় বড়লেখা পৌরসভার বারইগ্রাম রেল কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শামীমা ওই এলাকার বাসিন্দাও চিহ্নিত ইয়াবা কারবারি সুমন আহমদের স্ত্রী।

পুলিশ সূত্রে জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ বড়লেখা পৌরসভার বারইগ্রাম রেলকলোনি এলাকায় অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারি সুমন আহমদ পালিয়ে যায়। পরে পুলিশ ২০০ পিস ইয়াবাসহ সুমনের স্ত্রী শামীমা বেগমকে গ্রেপ্তার করে।

এসময় ইয়াবা বিক্রির ২৭২০ টাকা জব্দ করা হয়। বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ আহমদ বলেন, ২০০ পিস ইয়াবাসহ নারী ইয়াবা কারবারি শামীমাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী চিহ্নিত ইয়াবা কারবারি সুমন পালিয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় রাতে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শামীমাকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।

ইংল্যান্ড সফরে নিউজিল্যান্ডের জন্য দুঃসংবাদ

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড সফরে টানা দুই টেস্ট হারা নিউজিল্যান্ডের জন্য এলো দুঃসংবাদ। টেস্ট হারের দিনে জোড়া ইনজুরির ধাক্কা কিউই শিবিরে। ফাস্ট বোলিং অলরাউন্ডার কাইল জেমিসন ও উইকেটকিপার ব্যাটার ক্যাম ফ্লেচার ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন সিরিজ থেকে। একদিকে কোমরের ইনজুরিতে ভুগছেন জেমিসন এবং অন্যদিকে ফ্লেচার ‘গ্রেড টু’ হ্যামস্ট্রিংয়ের টানজনিত ইনজুরিতে পড়েছেন।

জানা যায়, ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয়তম দিনে বোলিং করার সময় এই ইনজুরিতে পড়েন জেমিসন। যার কারণে ম্যাচের বাকি সময়ে তাকে আর মাঠে দেখা যায়নি। শুধু দ্বিতীয় ইনিংসে সংক্ষিপ্ত সময়ের জন্য ব্যাটিং করতে নেমেছিলেন তিনি। তাকে দেশে ফেরত পাঠানোর চিন্তাভাবনা চলছে এবং ৪/৫ সপ্তাহের বিশ্রাম শেষে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। সেপ্টেম্বর কিংবা অক্টোবরে তিনি ফের ক্রিকেটে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে জেমিসনের জায়গায় দলে ডাক পেয়েছেন ব্লিয়ার টিকনার। আগামী সপ্তাহে লিডসে তৃতীয় টেস্টের আগেই তিনি যুক্তরাজ্যে পৌঁছে দলের সঙ্গে যোগ দেবেনবলে জানানো হয়। অন্যদিকে ফ্লেচারের বদলি হিসেবে প্রথমবারের জন্য টেস্ট দলে ডাক পেয়েছেন ড্যান ক্লেভার। ট্রেন্ট ব্রিজ টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করতে গিয়ে চোট পান তিনি। দলের তরফ থেকে জানানো হয়েছে তার সেরে উঠতে আরো ছয় থেকে আট সপ্তাহ লাগবে।

কিউইদের কোচ গ্যারি স্টিড দলের খেলোয়াড়ের এমন ইনজুরির কারণে ছিটকে যাওয়া নিয়ে বলেন, সফরের শুরুতেই এভাবে ইনজুরিতে খেলোয়াড়দের ছিটকে পড়া দেখাটা সবসময়ই দুঃখজনক। লর্ডসে প্রথম টেস্টে জেমিসন বড় ভূমিকা পালন করেছেন এবং আমি জানি দ্বিতীয় টেস্টে তার ভূমিকা সীমিত হয়ে পড়ায় সে কতটা হতাশ ছিল।

উল্লেখ্য, লর্ডসে প্রথম টেস্টে এগিয়ে থেকেও নিউজিল্যান্ডকে জো রুটের দুর্দান্ত ব্যাটিংয়ে হার মানতে হয়। আবার একই ফল আসে দ্বিতীয় টেস্টে। পঞ্চম দিনে ২৯৯ রানের লক্ষ্য তাড়া করে বেয়ারস্টোর মাত্র ৯২ বলে ১৩৬ রানের অনবদ্য ইনিংস ও অধিনায়ক বেন স্টোকসের ৭০ বলে অপরাজিত ৭৫ রানে ভর করে অবিশ্বাস্য জয় পায় ইংল্যান্ড।

 

এবার বিবিসির শীর্ষ সাংবাদিকদের নিষিদ্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন নিয়ে একপেশে সংবাদ প্রকাশের অভিযোগে যুক্তরাজ্যে বিবিসির বেশ কয়েকজন শীর্ষ সাংবাদিককে নিষিদ্ধ করেছে রাশিয়া। গত মঙ্গলবার (১৪ জুন) বিবিসির সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিকদের পাশাপাশি প্রতিরক্ষা কর্মকর্র্তারাসহ মোট ৪৯ জন ব্রিটিশ নাগরিককে কালো তালিকাভুক্ত করেছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রণালয়।

এদিকে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রুশ সরকারি কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাব দিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন বিবিসির ক্লাইভ মাইরি, ওরলা গুয়েরিন ও নিক বেক। তারা প্রত্যেকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন।

এছাড়াও স্কাই টিভি, টাইমস, গার্ডিয়ান, চ্যানেল ফোর ও আইটিভির সাংবাদিকদেরও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিটিশরা একপেশে খবর প্রচার করে রুশ ফোবিয়াকে উসকে দিচ্ছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে তারা ইচ্ছাকৃত মিথ্যা ও একতরফা তথ্য প্রচারে জড়িত। ভবিষ্যতে তালিকা সম্প্রসারণের কাজ অব্যাহত থাকবে বলে জানায় মস্কো। রাশিয়া ইতোমধ্যে কয়েকশত নির্বাচিত ব্রিটিশ এমপিকেও নিষিদ্ধ করেছে।

উল্লেখ্য, রাশিয়ার যুদ্ধ মূলত পশ্চিমের সঙ্গে ছায়াযুদ্ধ নিয়ে। রাশিয়া কখনো চায়নি তার সীমান্তবর্তী দেশগুলো ন্যাটোর সদস্য হোক। কিন্তু পোল্যান্ড ও বাল্টিক দেশকে (ইস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া) ন্যাটোর সদস্য করা হয়েছে। কিন্তু এসব দেশের ন্যাটোভুক্ত নিয়ে রাশিয়ার কোনো অসন্তোষ আমলে নেয়নি মার্কিন নেতৃত্বাধীন জোটটি। তাই গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

অন্যদিকে ইউক্রেনীয় জ্বালানিসমৃদ্ধ পূর্ব ও দক্ষিণাঞ্চল দখল করা মস্কোর মূল লক্ষ্য। ইউক্রেন যুদ্ধের ১০০ দিনের মধ্যে রুশ বাহিনী লুহানস্ক, দোনেৎস্ক, মারিউপোল হয়ে খেরসন পর্যন্ত নিয়ন্ত্রণ নিয়েছে। বর্তমানে তারা সেভেরোদোনেৎস্ক শহর দখলের পথে রয়েছে। এছাড়া কৃষ্ণসাগরীয় বন্দর ওদেসাও দখল নিতেও মরিয়া মস্কো।

 

বিশ্ব নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ভারত সরকারের মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দান বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সোমবার ১৩ জুন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে বাংলাদেশ সম্মিলিত উলামা পরিষদ (রাণীশংকৈল,বালিয়াডাঙ্গি ও হরিপুর)। এদিন বিকেল ২ টায় হ্যালিপ্যাড মাঠে বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রায় ২০ হাজার মুসল্লি বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে  উলামা পরিষদের সভাপতি ও বালিয়াডাঙ্গি জামিরিয়া মাদ্রাসার অধ্যক্ষ শরিফুল ইসলাম, উলমা পরিষদের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ জামিরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুজ্জামান, উলমা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দীন,সভাপতি মাওলানা আব্দুল মজিদ প্রমুখ।

পরে তারা সেখান থেকে মিছিল নিয়ে চৌরাস্তা মোড়ে আবার সমাবেশ করে। মিছিলে তারা “নূপুর শর্মার দুই গালে,জুতা মারো তালে তালে”

” বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার” ইত্যাদি শ্লোগান দেয়। চৌরাস্তা মোড়ে বিভিন্ন বক্তা বক্তব্য দেন। বক্তব্যে তারা নূপুর শর্মা ও দিল্লির মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালের বিচার ও শাস্তি চেয়ে ভারত সরকারকে চাপ দেবার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এই সাথে তারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশ্বনবীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানান।

পরে তারা নূপুর  ও জিন্দালের কুশ পুত্তলিকা দাহ করেন।

বক্তারা বলেন, ভারতের মত একটি সভ্য রাস্ট্রে দায়িত্বশীল ব্যক্তিরা বিশ্ব নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে গোটা বিশ্বের মুসলিমকে আঘাত করেছে।যা কোনভাবেই মেনে নেয়া যায় না। আজ শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে তাদের প্রতি ঘৃণা জন্ম নিয়েছে। এখনো পর্যন্ত ভারত সরকার তাদের বিরুদ্ধে কার্যত প্রদক্ষেপ গ্রহন করেনি। অবিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করা না হওয়া পর্যন্ত ভারতের সকল পণ্য বয়কট করার আহবান জানান।

তারা  মহা নবীকে অবমাননাকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে ভবিষ্যতে  আরো কঠোর কর্মসুচি দেয়ার হুশিয়ারি দেন। এবং ভারতীয় পণ্য বর্জনেরও আহবান জানান।

বগুড়া শাজাহানপুরের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হোসেন গ্রেফতার

সাবিক ওমর সবুজ, বগুড়াঃ বগুড়া শাজাহানপুরে অভিযান চালিয়ে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হোসেন  কে গত (১৩ জুন) সোমবার রাত ২.০০ ঘটিকায় গ্রেফতার করেছে শাজাহানপুর পুলিশ। ইয়াবা ব্যবসায়ী হোসেন আলী সাজাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আঃ আজিজ জায়দারের ছেলে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায়, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আঃ রউফ এর তত্ত্বাবধানে এস আই শামীম হাসান, পি এস আই জামিল হাসান, পি এস আই মোস্তাফিজ, এএসআই শামীম হোসেন সংগীয় ফোর্স সহ স্থানীয়দের নিয়ে হোসেন আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ীর বারান্দা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন। এ সময় হোসেন আলীর নিকট হতে ইয়াবা ট্যাবলেট বিক্রির কাজে সহায়ক একটি স্যামসাং স্মার্টফোন ও ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ৭০০ টাকা জব্দ করা হয়।

স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, হোসেন আলী পুরাতন ইয়াবা ব্যবসায়ী। সে ইয়াবা ক্রয়ের জন্য সরাসরি কক্সবাজার চলে যায়। ইয়াবা নিয়ে এসে বগুড়া বিভিন্ন থানা এলাকায় ব্যবসায়ীদের নিকট বিক্রি করে। তার নির্দিষ্ট কোন পেশা নাই। একমাত্র ইয়াবা বিক্রি করেই সে স্বচ্ছলভাবে জীবন যাপন করে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হোসেন আলীকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার নামে পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে।

এলাকাবাসী হোসেন আলীকে ইয়াবাসহ গ্রেফতারের জন্য শাজাহানপুর থানা পুলিশকে ধন্যবাদ জানায়।

বুরকিনা ফাসোতে বিদ্রোহীদের হামলায় নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৩ জুন) নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে জানা যায়, গেল শনিবার ও রবিবারের মধ্যে সশস্ত্র হামলাকারীরা বুরকিনা ফাসোর সেনো প্রদেশের সেতেঙ্গা এলাকায় রাতের অন্ধকারে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায়। সেখানে হামলাকারীরা পুরুষদের টার্গেট করেছিল।

যদিও কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। তবে হামলাটি সীমান্তবর্তী এলাকায় ঘটেছে যেখানে জঙ্গিদের আল কায়েদার সঙ্গে সম্পর্ক রয়েছে এবং ইসলামিক স্টেট বিদ্রোহ চালাচ্ছে।

তবে মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য রয়েছে। গত সোমবার একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, অন্তত ১০০ জন মারা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্থানীয় সূত্র জানায়, নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫। সরকারের মুখপাত্র লিওনেল বিলগো বলেন, এখন পর্যন্ত ৫০টি মৃতদেহ পাওয়া গেছে। তবে সংখ্যাটি চূড়ান্ত নয়। সৈন্যরা বাড়ি বাড়ি গিয়ে লাশ খুঁজে দেখছে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইসলামপন্থী বিদ্রোহীদের সহিংসতায় বুরকিনা ফাসো, প্রতিবেশী মালি ও নাইজার জুড়ে হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আর সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশির ভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত।

এই ঘটনার পর  জাতিসংঘ এক বিবৃতিতে ‘ভুক্তভোগীর সংখ্যা বহু’ উল্লেখ করে হামলার নিন্দা করেছে এবং দোষীদের বিচারের আওতায় আনার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

শ্রীমঙ্গলে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কায় এক জনের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোড়ের হাবিব মার্কেটের সামনে খুলনা হতে আসা চানাচুর ভর্তি একটি কাভার্ড ভ্যান দাড় করিয়ে চানাচুর আনলোড করছিল, এসময় চট্টগ্রাম হতে ফিনলে চা কোম্পানীর ডিনস্ট্রন চা ফ্যাক্টরীতে আসা চা বোঝাই কাভার্ড ভ্যানটি দাড়িয়ে থাকা চানাচুরের কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিলে চাপাতা বোঝাই ভ্যানের ড্রাইভার লোকমান মিয়া গাড়িতেই মারা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত চালক বদলি ড্রাইভার ছিল। কাভার্ড ভ্যানের মুল চালক রাশেদ শারিরীক অসুস্থ্য থাকার কারণে লোকমানকে দিয়ে চট্রগ্রাম থেকে চা নিয়ে শ্রীমঙ্গলে পাঠিয়েছিল।

সোমবার দিবাগত রাত ( ১৪ জুন ) ১ টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডের হাবিব মার্কেটের বাম পাশে থাকা ঢাকা মেট্রো -ট ১৩-৫৩ ৯৯ কাভার্ড ভ্যান গাড়িটি হাবিব মার্কেটে চানাছুড় আনলোড করার জন্য দাড়াঁলে পিছন থেকে নিউ মধুমতি ট্রান্সপোর্ট কাভার্ড ভ্যান ঢাকা মেট্রো ট ২৪-৫৬৮২ এই কাভার্ড ভ্যান টি ধাক্কা দেয়।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও শ্রীমঙ্গল থানা পুলিশসহ স্থানীয়রা নিউ মধুমতি ট্রান্সপোট কাভার্ড ভ্যানটির চালক লোকমান’কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। নিহত লোকমান চালকের বাড়ি চট্রগ্রামের খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাসিন্দা।