নেটফ্লিক্সে সিজন-টু নিয়ে ফিরছে ‘স্কুইড গেম’

বিনোদন ডেস্কঃ তুমুল জনপ্রিয় পাওয়া সিরিজ স্কুইড গেমের দ্বিতীয় সিজন আসছে বলে ঘোষণা দিয়েছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স। গত রবিবার একটি সংক্ষিপ্ত টিজার প্রকাশ করা হয়েছে  নেটফ্লিক্সের পক্ষ থেকে। আর তাতেই নিশ্চিত হওয়া গেছে স্কুইড গেমের দ্বিতীয় মৌসুম নিয়ে।

বিভিন্ন ম্যাগাজিন সূত্রে জানা যায়, টিজারের সাথে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয় এই সিরিজের নির্মাতা, লেখক, পরিচালক এবং নির্বাহী প্রযোজক হোয়াং ডং-হিউকের একটি মেসেজও ছিল।

টিজারের ক্যাপশনে লেখা ছিলো, ‘রেড লাইট… গ্রিন লাইট’। আর টিজারের পাশাপাশি পরিচালক হোয়াং দং-হিউক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তার ছোট বার্তা। তিনি লিখেছেন, স্কুইড গেমের প্রথম সিজন তৈরি করতে লেগে গিয়েছিল ১২ বছর। কিন্তু জনপ্রিয় হতে সময় নিয়েছে মাত্র ১২ দিন। সবাইকে ধন্যবাদ। জি-হান আবারও ফিরছে।

প্রথমে সিনেমা হিসেবে তৈরি হলেও পরে এটি সিরিজ আকারে নেটফ্লিক্সে এসেছে। এরআগে ‘স্কুইড গেম’-এর সিকুয়েল নিয়ে  নানা জল্পনা-কল্পনা প্রসঙ্গে ‘ভ্যারাইটি’কে নির্মাতা জানিয়েছিলেন, ‘স্কুইড গেম টু’ তৈরির পরিকল্পনা নেই তার কারণ বিষয়টা নিয়ে ভাবতেও তার ক্লান্ত লাগছে।

এদিকে টিজার প্রকাশ পাওয়ার পর ভক্ত মহলে তৈরি হয়েছে উন্মাদনা। আবার অনেকেই লিখেছেন, ‘আর অপেক্ষা করতে পারছি না’।

উল্লেখ্য, ২০০০ সালের একটি জাপানিজ সিনেমা ‘ব্যাটল রয়্যাল’ থেকে অনুপ্রাণিত এই সিরিজ। জীবন যুদ্ধে পরাজিত, সমস্যায় জর্জরিত এবং গভীর হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ‘স্কুইড গেম’ ড্রামা সিরিজটি। টিকে থাকার লড়াইয়ের গল্প। একটি খেলা খেলতে হয় যা আপাতদৃষ্টিতে শিশুদের খেলার মতো হলেও বাস্তবে তা নয়। স্কুইড গেমে জিতলে বেঁচে থাকা যায় আর না হলে মৃত্যু।

এতে অভিনয় করেছেন লি জাং-জায়ে, পার্ক হেই সু, হিউ সাং তে, ওয়াই হা জুনসহ অনেকেই। সিরিজটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন গং ইয়ো।

 

নেত্রকোণার পূর্বধলায় জমি বেদখলের পায়তারা, সংঘর্ষের আশংকা

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর গ্রামের মৃত শেখ লেবু’র পুত্র মোঃ আব্দুল মজিদের ক্রয়কৃত সম্পত্তি একটি প্রভাবশালী চক্র বেদখলের পাঁয়তারা চালাচ্ছে। এ বিষয়ে সহজ সরল শান্তিপ্রিয় আব্দুল মজিদ ন্যায় বিচারের প্রত্যাশায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব বরাবরে একটি লিখিত আবেদন করেছেন।

লিখিত আবেদনে প্রকাশ, হামিদপুর গ্রামের মৃত শেখ লেবু’র পুত্র মোঃ আব্দুল মজিদ ১৯৭৩ সালে ১৫ শতাংশ জমি ক্রয় করে তা অদ্যাবদি ভোগ দখল করে আসছিল। তিনি নিয়মিত জমির খাজনা দিয়েও আসছেন। জায়গাটি দুর্গাপুর-শ্যামগঞ্জ-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন হওয়ায় এর দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এই জায়গার উপর লুলোপ দৃষ্টি পড়ে বিক্রেতার আত্মীয় স্বজন শালদীঘা গ্রামের ইমান আলীর পুত্র নাজিম উদ্দিন ও শামছুল হকের স্ত্রী ফারজানা ইয়াসমিনের। তারা ওয়ারিশানের ওজুহাতে আমার ক্রয়কৃত জমি বেদলের পাঁয়তারা চালাচ্ছে।

সম্প্রতি তারা বিরোধপূর্ণ জমিতে ঘর তোলার জন্য বাঁশ, কাঠ, টিন ও সিমেন্টের পিলার এনে সেখানে জড়ো করে।

পরে আমি খবর পেয়ে গিয়ে ঘর তুলতে বাঁধা দিলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমি তাৎক্ষনিক বিষয়টি থানা পুলিশ কে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে সেখানে প্রতিপক্ষের লোকজনকে ঘর তুলতে নিষেধ করে। এ নিয়ে দু’পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে দু’পক্ষের মাঝে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছে।

এ বিষয়ে সহজ সরল শান্তিপ্রিয় আব্দুল মজিদ ন্যায় বিচারের প্রত্যাশায় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব বরাবরে একটি লিখিত আবেদন করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপ সচিব ফৌজিয়া খান বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নেত্রকোণা পুলিশ সুপারকে নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিরুদ্ধপূর্ণ জমিতে যাতে কোনপক্ষই যেন না যায় তার জন্য দুপক্ষকে কঠোর ভাবে নিশেধ করা হয়েছে। বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে, আদালতই জমির মালিকানা নির্ধারন করে দিবে। আইনশৃংখলার যাতে কোন অবনতি না হয়, আমরা তা কঠোর নজরদারিতে রেখেছি।

আজ ১৪ জুন দেখা মিলবে বছরের প্রথম সুপার মুন

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ আজ মঙ্গলব্বার (১৪ জুন) দেখা যাবে ২০২২ সালের প্রথম ‘সুপারমুন’। নাসার বিবৃতিতে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ আর চন্দ্রপ্রেমীদের জন্য এটি দারুণ একটি খবর।

এই সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে এবং এতে করে আমাদের চোখে চাঁদ দেখতে অনেক বড় মনে হবে। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৪০২ কিলোমিটার। আর এই সময় চাঁদ পৃথিবী থেকে তিন লাখ ৫৬ হাজার ৯৯১ কিলোমিটার দূরত্বে অবস্থান করবে। আগামী বছরের আগস্ট মাসের আগে আর পৃথিবীর এতটা কাছাকাছি আসবে না চাঁদ।

আজ অনুভূ সময়ের কাছাকাছি সূর্য, পৃথিবী ও চাঁদ প্রায় একই সরলরেখায় অবস্থান করবে। এর ফলে তখন পূর্ণচন্দ্র বা পূর্ণিমা হবে। অনুভূ ও পূর্ণিমা প্রায় একই সময়ে সংঘটিত হওয়ার কারণে তখন চাঁদকে স্বাভাবিকের চেয়ে কিছুটা বড় ও উজ্জ্বল দেখাবে।

তবে গবেষকদের মতে এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। এ প্রসঙ্গে তাদের ধারণা, সুপারমুন হচ্ছে কাকতালীয় একটি বিষয়। আর এ বিষয়টি চোখে একটি ভ্রম সৃষ্টি করে মাত্র।

উল্লেখ্য, প্রতিবছরই কোনো না-কোনো সময় এ ঘটনা ঘটে থাকে। এ সময় চাঁদের আকার স্বাভাবিক পূর্ণিমার চেয়ে ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ উজ্জ্বল দেখায়। তবে খালি চোখে এটি নির্ণয় করা কঠিন। আর এ ঘটনায় পৃথিবীর ওপর তেমন কোনো প্রভাব পড়বে না, তবে জোয়ারের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে।

 

নওগাঁর আত্রাইয়ে চলছে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

নওগাঁ জেলা প্রতিনিধিঃ কৃষকদের মাঝে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের উদ্দেশ্যে নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠে শুরু হয়েছে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২২। রাজশাহী বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আত্রাই উপজেলা কুষি সম্প্রসারণ অধিদপ্তর উক্ত মেলার আয়োজন করেছে।

উদ্বোধণী দিন (সোমবার ১৩ জুন) আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম ফিতা কেটে মেলা উদ্বোধন করেন। মেলা উদ্বোধন শেষে আলোচনা সভায় সভাপত্ত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কমকর্তা কৃষি বিদ কেএম কাওছার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য আত্রাই উপজেলা প্রেস ক্লাব সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক কামাল উদ্দিন টগর,সহকারী কৃষি সম্প্রসারণ কমকর্তা মোঃ আব্দুল বারী, উপসহকারী কৃষি কমকর্তা মোঃ কেরামত আলী, উপসহকারী কৃষি কমকর্তা আবুল কালাম আজাদ প্রমূখ।

আলোচনা শেষে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ মেলার বিভিন্ন প্রযুক্তির ২৮টি স্টল পরিদর্শণ করেন।

ফুলবাড়ীতে বিশ্বনবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ( সাঃ) এবং আয়েশা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন) বাদ আসর সম্মিলিত ইমাম ওলামা কল্যাণ পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল   উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোনা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দুই সহস্রাধিক মুসল্লি অংশ নেন।

সমাবেশে ফুলবাড়ী উপজেলা ইমাম ওলামা কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুগ্মসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ ফেরদৌস হোসেন, হাফেজ মাওলানা মোঃ জুবায়ের হোসেন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, ফুলবাড়ী আবেদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান বক্তব্য রাখেন।

বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর এর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি সংসদে উত্থাপনের জন্য অনুরোধ জানান। পরে শাহ বাজার সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবুল কাশেম এর পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজারে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের ঢল বিক্ষোভ মিছিল ও সমাবেশে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র নেতা নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দাল কর্তৃক রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি ও অবমাননাকর কটুক্তির প্রতিবাদে ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন) সকাল ১০ ঘটিকায় উলামা পরিষদ মৌলভীবাজারে টাউন ঈদগাহ সংলগ্ন মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শায়কুল হাদীস আল্লামা মুফতী রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা।

সমাবেশ শেষে বৃষ্টিতে ভিজে স্বতস্পুর্ত ভাবে নবী প্রেমীকদের উপস্থিতিতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে কুসুমবাগে এসে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি হয়।

ফুলবাড়ীর গোরকমন্ডল ব্রীজ ঝূঁকিপূর্ন, দুর্ঘটনার আশংকা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল এলাকায় বারোমাসিয়া নদীর উপর নির্মিত গোরকমন্ডল ব্রীজের দুপাশের রেলিং ভেঙ্গে গেছে। মাঝখানের পাটাতন ভেঙ্গে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এরপরও ওই সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করলেও দীর্ঘ দিন ধরে ব্রীজটি সংস্কার না হওয়ায় যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।

জানা গেছে, ওই ব্রীজ দিয়ে গোরকমন্ডল বিডিআর বাজার, গোরকমন্ডল বিজিবি ক্যাম্প, গোরক মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর গোরকমন্ডল আনন্দ বাজার, চর-গোরকমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোরকমন্ডল হাফেজীয়া, চর-গোরকমন্ডল কওমী মাদ্রাসার শিক্ষার্থীসহ গোরকমন্ডল ও চর-গোরকমন্ডল ওয়ার্ডের প্রায় ২০ হাজার মানুষ বালারহাট বাজার, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ সহ উপজেলা সদরে যাতায়ত করে।

এ ছাড়াও রিকশা, অটোবাইক, মোটরসাইকেল, পিকআপ ভ্যান, ট্রাকক্টরসহ ছোট-বড় শত শত যানবাহন চলাচল করে ওই ব্রীজ দিয়ে। ব্রীজটির রেলিং ও পাটাতন ভেঙ্গে বড়বড় গর্ত হওয়ায় মারাত্বক ঝুকির মধ্যে রয়েছে চলাচলকারী যানবাহন ও পথচারীরা।

গোরকমন্ডল এলাকার ট্রাক্টর চালক নুরজামাল জানান, ব্রীজটিতে বড় বড় ৬ টি গর্ত ছিল। আমরা কয়েকজন চালক মিলে ৪টি গর্ত মেরামত করেছি। কিন্তু দুইটি গর্ত আকারে অনেক বড় যা মেরামত করা সম্ভব নয়। তাই জীবনের ঝুঁকি নিয়ে অমনি চলাচল করছি।

চর-গোরকমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম বাবলা বলেন, আমরা ভয়ে ভয়ে ব্রীজ পারাপার হই। ব্রীজটি মেরামত না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী জানান, গোরকমন্ডল ব্রীজ মারাত্বক ঝুঁকিপূর্ণ হলেও উপায় না থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব জানান, গোরকমন্ডল এলাকার ঝুকিপুর্ন ব্রীজটি আমাদের নজরে আছে। সেখানে নতুন ব্রীজ নির্মানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রাণীশংকৈলে শয়নকক্ষ থেকে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের আশা এনজিও অফিসের ভাড়া বাড়ির শয়ন কক্ষ থেকে গত রবিবার রাতে মেহেদী হাসান(১৩) নামে এক স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।

মৃত মেহেদী হাসান পৌরশহরের কেন্দ্রীয় হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিল। সে রাউতনগর গ্রামের হবিবর রহমানের ছেলে।

সরেজমিনে  গিয়ে জানা গেছে, ঘটনার দিন রাত ১০টার দিকে ওই ভাড়া বাড়িতে ছোট ভাই মেহেদী  হাসান ও বড় ভাই তারেক হাসানের মধ্যে সামান্য এক শ’ টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে মেহেদী তার শোবার ঘরে চলে যায়।মা মাজেদা বেগম, তারেক ও অন্যরা বাড়ির সদস্যরা ঘরে টিভি দেখছিল। ঘন্টাখানেক পরে মেহেদীকে ভাত খাবার জন্য ডাকতে গেলে তার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। ওই ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে রাত ১২টার দিকে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে থানার ওসি সঙ্গীয় পুলিশ নিয়ে এসে ওই ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে মেহেদীর ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

ওসি জানান, এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে। লাশ দাফনের জন্য পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

শ্রীমঙ্গলে বালু খেকোকে জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসী নামক এলাকায়  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গত রোববার (১২জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ বালু খেকোকে  ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

জরিমানা করা ব্যক্তি বালু খেকোর নাম মোঃ কাদির মিয়া(৪৩)। আশিদ্রোন ইউপি পূর্ব জামসীর রইচ মিয়ার ছেলে কাদির মিয়া।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন এর তত্বাবধানে মোবাইল কোর্ট আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার। এই মোবাইল কোর্টে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।

ভারতে কেন হলো সাইবার হামলা?

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে মন্তব্যের জেরে ভারতীয় ওয়েবসাইটগুলোতে সাইবার হামলা শুরু হয়েছে। এখন পর্যন্ত সাইবার হামলার শিকার হয়েছে দেশটির ৭০টি ওয়েবসাইট। হামলার শিকার এসব ওয়েবসাইটের মধ্যে ভারতের সরকারি ও বেসরকারি ওয়েবসাইটও রয়েছে।

আজ সোমবার (১৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সরকারি ও বেসরকারি ওয়েবসাইটগুলোতে হামলার ঘটনার পেছনে রয়েছে হ্যাকার গ্রুপ ড্রাগনফোর্স মালয়েশিয়া। তাদের চালানো সিরিজ এসব হামলায় অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে ইসরায়েলে ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট, ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব এগ্রিকালচার এক্সটেনশন ম্যানেজমেন্টের ওবেসাইট এবং ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চের ই-পোর্টালও রয়েছে।

ভারতীয় এই সংবাদমাধ্যমটি বলছে, সব মিলিয়ে হ্যাকার গ্রুপ ড্রাগনফোর্স মালয়েশিয়া প্রায় ৭০টি ভারতীয় ওয়েবসাইট হ্যাক করেছে। এমনকি দিল্লি পাবলিক স্কুল, বিভিন্ন ভবন এবং সারা দেশে কলেজের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য গ্রুপগুলোকেও রেহাই দেয়নি হ্যাকার এই গ্রুপটি। এছাড়া শুধু মহারাষ্ট্রেই ৫০টিরও বেশি ওয়েবসাইট বিকৃত অবস্থায় পাওয়া গেছে বলেও জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এদিকে ওয়েবসাইট হ্যাকের পাশাপাশি অডিও ক্লিপ ও বার্তার মাধ্যমে মালয়েশীয় এই হ্যাকার গ্রুপটি একটি সাধারণ বার্তা পাঠিয়েছে। আর তাতে বলা হয়েছে- আপনার জন্য আপনার ধর্ম এবং আমার জন্য আমার ধর্ম। একইসঙ্গে সকল মুসলিম হ্যাকার, বিশ্বের সকল হ্যাকার, মানবাধিকার সংস্থা এবং কর্মীদের ভারতের বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করারও আহ্বান জানিয়েছে তারা।

এছাড়া হ্যাকড হওয়ার পর ভারতীয় কর্তৃপক্ষ রোববারের মধ্যে ইসরায়েলে ভারতীয় দূতাবাসের ওয়েবসাইট পুনরুদ্ধার করতে সক্ষম হলেও সোমবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনটি প্রকাশের সময় ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চের (আইসিএআর)-এর ওয়েবসাইটটি বিকৃত অবস্থায় ছিল। ভারতীয় সরকারি বিভিন্ন ওয়েবসাইট এবং সেইসাথে বেসরকারি পোর্টালগুলো গত ৮ থেকে ১২ জুনের মধ্যে হ্যাক করা হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া নিশ্চিত করেছে।

অন্যদিকে, নিরাপত্তা বিশেষজ্ঞরা ইঙ্গিত দিয়েছেন হ্যাকার গ্রুপ ড্রাগনফোর্স মালয়েশিয়ার হ্যাকাররা ভারতের প্রধান একটি ব্যাংক হ্যাক করার চেষ্টা করেছিল। হ্যাকটিভিস্ট এই গ্রুপের সদস্য সংখ্যা ১৩ হাজারের বেশি বলেও জানানো হয়েছে।

ভারতের একজন শীর্ষ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘এরা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হ্যাকার এবং রাষ্ট্রীয় মদতপ্রাপ্ত অপরাধী। ডিফেসমেন্ট অ্যাটাক বা ওয়েবসাইট বিকৃত করার হামলা হলো ভবিষ্যতে ব্যাংকিং ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে র‌্যানসমওয়্যার আক্রমণ ও ডেটা চুরির উন্নত ও শক্তিশালী ক্রমাগত হুমকির মতো বিষয়।’

তিনি আরও জানান, ‘ইসরায়েলি সাইটগুলো আক্রমণ করার মাধ্যমে তারা ইসরায়েলি কোম্পানির ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট তথ্য এবং গোপনীয় ভিপিএন তথ্য ফাঁস করে দিয়েছে। আর তাই আমাদের আরও সাইবার আক্রমণের জন্য প্রস্তুত হওয়া উচিত।’

উল্লেখ্য, ভারতের রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা এক টেলিভিশন শোতে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত ওই মন্তব্য করেছিলেন। পরে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেন। তাদের এই মন্তব্য দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করে তোলে। এমনকি অভিযুক্তদের মন্তব্যের জেরে ভারতের কয়েকটি রাজ্যের মুসলিমরা বিক্ষিপ্তভাবে প্রতিবাদ বিক্ষোভ করেন। আর এর রেশ ভারতের গণ্ডি ছাড়িয়ে বাইরের বিশ্বে ছড়িয়ে পড়ে। অবশ্য এরপরই অনেকটা নড়েচড়ে বসে বিজেপি। পরিস্থিতি বিবেচনায় বিজেপি গত রোববার অভিযুক্ত নুপুর শর্মাকে বরখাস্ত এবং জিন্দালকে বহিষ্কার করা করে। এমনকি পরে বিজেপির এই দুই নেতা প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতিও দিয়েছেন।

সুত্রঃ এনডিটিভি, হিন্দু টাইমস।