ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে পশ্চিমা অস্ত্রের বিশাল ডিপো ধ্বংস করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে পশ্চিমা অস্ত্রের বিশাল ডিপো ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রাশিয়া জানিয়েছে, পশ্চিম ইউক্রেনের তেরনোপিল অঞ্চলে আমেরিকা এবং ইউরোপ থেকে সরবরাহ করা অস্ত্রের একটি বিশাল গুদাম ধ্বংস করা হয়েছে। এ হামলায় ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বলে জানিয়েছে মস্কো।

রোববার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সেভিরোদোনেস্ক শহরের রাস্তায় রাস্তায় ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে খবর প্রকাশের দিন পশ্চিমা অস্ত্রের গুদাম ধ্বংসের কথা জানাল রুশ সরকার।

এর আগে বেশ কয়েক দফা মার্কিন এবং ইউরোপীয় অস্ত্র চালানের ওপর হামলা চালিয়েছে রাশিয়া। চলতি মাসের প্রথম দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে তাহলে তাতে রুশ সেনারা তাতে হামলা চালাবে।

সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের নেতারা অস্ত্র সরবরাহ জোরদার করার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি বারবার আবেদন জানাচ্ছেন।

এদিকে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা আজ জানিয়েছে, রুশ সেনারা ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বিশাল অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে। এছাড়া, রাশিয়ান বাহিনীর হাতে ইউক্রেনের তিনটি এসইউ-২৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। ইউক্রেনের সূত্রগুলো অস্ত্র গুদামে হামলার কথা নিশ্চিত করেছেন। সুত্রঃ পার্সটুডে।

জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য এখন বাংলাতেও

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য এখন বাংলাতেও পাওয়া যাবে। ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার সঙ্গে এবার বাংলা ভাষাকে যুক্ত করার প্রস্তাব পাশ হয়েছে। সংস্থাটির সাধারণ সভায় গেলো শুক্রবার এই প্রস্তাব পাস হয়। খবর দ্য প্রিন্টের।

এখন থেকে জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার পাশাপাশি মিলবে বাংলায়ও। এ ছাড়া হিন্দি ও উর্দুকেও সংযোজন করা হয়েছে। ইংরেজি, ফরাসি, রুশ, ম্যান্ডারিন, আরবি ও স্প্যানিশ-এই ছয়টি ভাষায় মূলত এ পর্যন্ত জাতিসংঘের সব লিখিত এবং মাল্টিমিডিয়ায় প্রকাশিত বার্তা প্রচারিত হতো। এবার থেকে সেখানে যুক্ত হলো বাংলা, উর্দু ও হিন্দিও।

এছাড়া, সংস্থাটির ওয়েবসাইটেও এবার থেকে বাংলা ভাষা ব্যবহৃত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ নিয়ে রোড শো

তিমির বণিক, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ মানুষের কাছে পৌঁছে দিতে ১০ টি সুসজ্জিত ট্রাকে করে রোড শো করেছে জেলা প্রশাসন। গতকাল রোববার (১২ জুন) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ রোড শো শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগগুলো হলো-সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ন প্রকল্প, নারীর ক্ষমতায়ন, শিক্ষা সহায়তা, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ, ডিজিটাল বাংলাদেশ, পল্লী সঞ্চয় ব্যাংক ও কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ।

প্রত্যেকটি উদ্যোগের জন্য আলাদা আলাদা ট্রাক সাজানো হয়েছিল। রোড শোতে অংশ গ্রহন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, মেয়র ফজলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রাধাপদ দেব সজলসহ অনেকে। রোড শোতে বিভিন্ন সংস্থার শতাধিক গাড়ি অংশ গ্রহণ করে।

এ বিষয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, প্রধানমন্ত্রীর কাজগুলোকে মানুষের মাঝে তুলে ধরতেই এমন উদ্যোগ।

বিশ্ব নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ভারতের মুখ্যপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দান বিশ্বে নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় বিক্ষোভ কর্মসুচি পালন করেছে  বেশ কয়েকটি ইসলামিক সংগঠন।

রবিবার  (১২জুন) যোহরের নামাজের পর রুহিয়া বড় মসজিদ, শাহী মসজিদ এলাকাসহ বেশ কয়েকটি স্থান থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে শত শত মুসল্লিরা এ বিক্ষোভ ও সবাবেশে অংশগ্রহণ করেন ।

এসময় বিক্ষোভ মিছিল বের করে রুহিয়া চৌরাস্তা শহরের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানায়। সেই সাথে তাদের শাস্তির দাবি করেন বিভিন্ন  সংগঠনের নেতারা।

বিক্ষোভ কর্মসুচির পর রুহিয়া চৌরাস্তা এলাকায় মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ভারতের মত একটি সভ্য রাস্ট্রে দায়িত্বশীল ব্যক্তিরা বিশ্ব নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে গোটা বিশ্বের মুসলিমকে আঘাত করেছে। যা কোনভাবেই মেনে নেয়া সম্ভব নয়। আজ শুধু বাংলাদেশ নয় গোনা বিশ্বে তাদের প্রতি ঘৃণা জন্ম নিয়েছে। এখনো পর্যন্ত ভারত সরকার তাদের বিরুদ্ধে কার্যত প্রদক্ষেপ গ্রহন করেনি। অবিলম্বে তাদের শাস্তি নিশ্চিত করা না হওয়া পর্যন্ত ভারতের সকল পণ্য বয়কট করার আহবান জানান।

এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন প্রতিবাদ না জানানোয় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়। মহানবীকে নিয়ে অবমাননাকারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে আরো কঠোর কর্মসুচি দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেন মুসলিম সংগঠনের নেতারা।

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪৮

সিএনবিডি ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ নুরুল কাদের (২২) নামে আরও একজন মারা গেছেন। আজ রবিবার (১২ জুন) দুপুরে ২ টার দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল পার্ক ভিউতে মারা যান তিনি। এখন পর্যন্ত এই ঘটনায় মোট ৪৮ জনের মৃত্যু হয়েছে।

পার্ক ভিউ হাসপাতালের জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই নুরুল কাদের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ দুপুরে আইসিইউতে তিনি মারা যান।

উল্লেখ্য, গত ৪ জুন (শনিবার) রাত সাড়ে ৯টায় উপজেলার কাশেম জুট মিল গেট এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে গেলে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়। আর এ ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যসহ এখন পর্যন্ত ৪৮ জন মারা গেছেন।

 

কুলাউড়ায় দুই স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ৩

তিমির বণিক, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকৃতদেরকে রবিবার (১২ জুন) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার (১১ জুন) রাতে উপজেলার টিলাগাঁও এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।

গ্রেপ্তারকৃতরা হলেন, বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকার ময়নুল হকের ছেলে মো. শাহিন আহমদ, বারেক মিয়ার ছেলে মো. তোফাজ্জল হক ও মৃত নূরুল ইসলামের ছেলে মো. হোসেন। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

থানা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে ওই দুই স্কুলছাত্রী পরীক্ষা দিতে স্কুলে যায়। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুপুর ১টার দিকে টিলাগাঁওয়ের বিজলী এলাকায় স্কুলছাত্রীদের বাড়ির সামনে আগে থেকে ওৎ পেতে বসে থাকা শাহিন, তোফাজ্জল ও হোসেন তাদেরকে জোরপূর্বকভাবে অপহরণ করে সিএনজি অটোরিকশা করে শমসেরনগরের দিকে চলে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলেও অপহরণকারীদের আটক করতে তারা ব্যর্থ হন। পরে ওই দুই স্কুলছাত্রীকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে একটি জঙ্গলে নিয়ে যায় তারা। সেখানে নেওয়ার পর দুই স্কুলছাত্রীকে তারা জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে তাদের চিৎকারে ভয়ে অপহরণকারীরা তাদের গাড়িতে উঠিয়ে বাড়ির সামনে পৌঁছে দেয়। সেখানে পৌঁছার পর তারা কান্নাকাটি করলে বাড়ির লোকজনসহ স্থানীয়রা এসে অপহরণকারীদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃত ৩ জনকে আজ রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২২

বর্তমান পাসপোর্টটির মেয়াদ শেষ হয়ে গেলে বা পাসপোর্ট এর কোন তথ্য পরিবর্তন করার প্রয়োজন হলে নতুন আরেকটি পাসপোর্ট এর আবেদন করা ও নতুন পাসপোর্ট গ্রহণ করার প্রক্রিয়া হল পাসপোর্ট রিনিউ করা বা রি-ইস্যু। আর উভয় ক্ষেত্রেই নতুন পাসপোর্টটি হাতে পাওয়ার পর আগের পাসপোর্ট বাতিল করা হয় ও নতুনটি সচল হয়। আবেদন করে নতুন যে পাসপোর্ট দেয়া হয় তার নাম্বারও নতুন হবে কিন্তু আগের পাসপোর্ট এর নাম্বার নতুন পাসপোর্ট এ থাকবে। বর্তমান পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ৮ মাস থাকা অবস্থাতেই পাসপোর্ট রিনিউর আবেদন করতে পরামর্শ দেয়া হয়ে থাকে। কারণ প্রায় সব দেশেই পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ৬ মাস না থাকলে ভিসা ও ইমিগ্রেশন এন্ট্রি দেয়া হয় না।

পাসপোর্ট রিনিউ করার ধাপসমুহঃ

নতুন পাসপোর্ট এর আবেদন করা ও রিনিউ আবেদন করার প্রসেস প্রায় একই রকম।  তবে অল্প কিছু পার্থক্য আছে আর সংক্ষেপে পাসপোর্ট রিনিউ করার নিয়মসহ প্রতিটি ধাপের বিস্তারিত নিচে দেয়া হলো-

               ১। পাসপোর্ট রিনিউ বা রি-ইস্যু আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা

                 ২। আবেদন ফরম পূরণ করা

                 ৩। পাসপোর্ট রিনিউ বা রি-ইস্যু ফি জমা দেয়া

                 ৪।আবেদন ফরম পাসপোর্ট অফিসে জমা দেয়া ও বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন করা

                 ৫।পুলিশ ভেরিফিকেশন (ক্ষেত্র বিশেষে)

                 ৬।পাসপোর্ট স্ট্যাটাস চেক করা

                 ৭।পাসপোর্ট সংগ্রহ করা

পাসপোর্ট রিনিউ করতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করাঃ

পাসপোর্ট রিনিউ করতে যেসব কাগজপত্র লাগে তা সব নতুন পাসপোর্ট করার মতই। তবে যেহেতু রিনিউ আবেদনকারীদের আগের একটা পাসপোর্ট থাকে তাই অনেক পাসপোর্ট অফিসে কাগজের কিছু শিথিলতা থাকে। চলুন দেখে নেই পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে-

  • জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন (BRC) সনদ (নিম্নোক্ত বয়স অনুযায়ী)
    • ১৮ বছরের নিচে হলে অনলাইন জন্ম নিবন্ধন (BRC) সনদ
    • ১৮-২০ বছর হলে জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন (BRC) সনদ
    • ২০ বছরের বেশি হলে জাতীয় পরিচয়পত্র (NID) আবশ্যক
  • পেশাগত প্রমাণ (যেমন ছাত্র হলে স্টুডেন্ট আইডি, জব হোল্ডার হলে জব আইডী, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, কৃষক হলে জমির খতিয়ান এসব)
  • ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার, উকিল ও অন্যান্য পেশার লোকদের ক্ষেত্রে পেশাগত সনদ
  • সরকারী চাকুরীজীবীদের জন্য NOC বা Government Order-সরকারি আদেশ (GO/জিও)
  • নাগরিক সনদপত্র
  • পাসপোর্টে স্বামী বা স্ত্রীর নাম নতুন যুক্ত করলে কাবিননামা
  • আগে কোন পাসপোর্ট থেকে থাকলে সেগুলোর মুল কপি ও ডাটা পেইজের ফটোকপি
  • ১৮ বছরের নিচের আবেদনকারীদের জন্য তাদের পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (NID)
  • ১৫ বছরের নিচের আবেদনকারীদের পিতা-মাতার পাসপোর্ট সাইজ ছবি অথবা বৈধ অভিভাবকের পাসপোর্ট সাইজ ছবি
  • ৬ বছরের নিচের আবেদনকারীদের ক্ষেত্রে পাসপোর্ট সাইজ ছবি ও 3R সাইজের (সাদা ব্যাকগ্রাউন্ড) ম্যাট পেপারে ল্যাব প্রিন্ট রঙ্গিন ছবি

এছাড়াও ঢাকার পাসপোর্ট অফিসগুলোতে বর্তমান ঠিকানা প্রমাণের জন্য ইউটিলিটি বিল, ভাড়াটিয়া চুক্তিপত্র এসব লাগতে পারে।

পাসপোর্ট রিনিউ করার ফরম পূরণ করাঃ

পাসপোর্ট রি-ইস্যু ফরম পুরন করতে হবে অনলাইনে। আর পাসপোর্ট ফরম পুরন করার জন্য প্রথমেই  এই লিঙ্কে https://www.epassport.gov.bd/onboarding গিয়ে বর্তমান ঠিকানার জেলা ও পুলিশ স্টেশন সিলেক্ট করে ইমেইল ও ফোন নাম্বার দিয়ে রেজিস্টেশন করতে হবে। এরপর ধাপে ধাপে খুব সতর্কতার সাথে আবেদন ফরম পুরন করতে হবে। এখানে ফরম পুরন করার সময় এ বিষয়গুলো খেয়াল রাখতে হবেঃ

  •  রিনিউ বা রি-ইস্যু করতে অবশ্যই NID/BRC+MRP+নতুন আবেদনের সব মৌলিক তথ্য হুবুহ এক হতে হবে। মৌলিক তথ্য বলতে আপনার পাসপোর্ট এর তথ্য পাতার দুই পাতার সব তথ্যই তবে শুধু ইমার্জেন্সি কন্টাক বাদে। যদি তথ্যে গরমিল থাকে তাহলে তথ্য সংশোধন করে আবেদন করতে হবে। নতুন পাসপোর্ট এর তথ্য NID/BRC অনুযায়ী হবে। MRP বা আগের পাসপোর্টে যাই থাকুক না কেন। তাই পরিবর্তন করতে আগে NID/BRC সংশোধন করতে হবে। তারপর এফিডেভিড করে আবেদন করতে হবে।
  • ধরুন আগে MRP করার সময় অনেকেই NID তে MD থাকলেই পাসপোর্ট এ দিয়েছেন MOHAMMAD। এখন যারা রিনিউ করতে চাইবেন তাদের দুইটা অপশন আছে। একঃ NID সংশোধন করে MD এর জায়গায় MOHAMMAD করে নেয়া। অথবা রিনিউ আবেদনে MD দিয়ে আবেদন করা। এতে পাসপোর্ট পেতে কয়েকমাস সময় লাগবে যদিও।
  • বয়স, বাবা মায়ের নামের বানান বা নাম পরিবর্তন সব ধরনের পরবর্তনেই এখন এফিডেভিড ও অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আবেদন করতে হবে।
  • কোন পরিবর্তন না থাকলে নতুন আবেদন ফরম খুবই সতর্কতার সাথে আগের পাসপোর্টের মত হুবুহ তথ্য দিয়ে পুরন করুন।
  • পুর্ন নাম ও Given name ও Surname আগের পাসপোর্ট অনুযায়ী অথবা সংসোধন যেভাবে করতে চান সেভাবে দিন।
  • কোন অবস্থাতেই কোন নামে ডট (.), কমা (,), হাইফেন (-) দিবেন না। আপনার সার্টিফিকেট, NID বা জন্ম নিবন্ধন যেখানেই থাকুক না কেন। এটা না দিলে কোন সমস্যা হবে না। দিলেই বরং অনাকাংখিত ঝামেলা হতে পারে।
  • স্থায়ী ঠিকানা আগের পাসপোর্ট অনুযায়ী দিন। অথবা চেঞ্জ করতে চাইলে নতুন করে পুলিশ ভেরিফিকেশন হবে।
  • বর্তমান ঠিকনা আগে যেটা দিয়েছেন সেটা থাকলে দিন অথবা পরিবর্তন হলে নতুনটা দিন। ঠিকানা পুরনের সময় পূর্নাংগ ঠিকানা দিন। শহরের হোল্ডীং সহ ঠিকানা হলে City/Village/House ও Road/Block/Sector (optional) এই দুইটা ফিল্ডই ব্যবহার করুন। গ্রামে হলে শুধু City/Village/House এ গ্রামের নাম দিলেই হয়, Road/Block/Sector (optional) যেহেতু থাকে না তাই এটা অপশনাল।
  • ID Documents সেকশনে অবশ্যই আগের পাসপোর্ট এর তথ্য দিবেন।
    • “Yes, I have a Machine Readable Passport (MRP)” সিলেক্ট করবেন।
    • “Select reissue reason” এ সঠিক কারণ দিবেন। যেমন মেয়াদ শেষ হয়ে গেলে বা মেয়াদের কাছাকাছি চলে আসলে EXPIRED দিবেন। MRP পাসপোর্ট এর মেয়াদ থাকা সত্যেও সখন করে ই-পাসপোর্ট করতে চাইলে দিবেন ‘Conversion to E-passport’. এছাড়া হারিয়ে গেলে Lost/Stolen আর অন্যান্য ক্ষেত্রে বাকিগুলা দেখে দিবেন।
    • “Previous passport number” এ আগের পাসপোর্ট নাম্বার দিবেন। একাধিক পুরাতন পাসপোর্ট থাকলে সর্বশেষটার নাম্বার দিবেন।
    • “Select date of issue” এ আগের পাসপোর্টটি দেখে ইস্যু তারিখ দিবেন।
    • “Select date of expiration” এ আগের পাসপোর্টটি দেখে মেয়াদ শেষের তারিখ দিবেন।
  • “Do you have passports of other countries?” এ আপনার অন্য কোন দেশের পাসপোর্ট থাকলে Yes দিয়ে সেটার তথ্য দিতে হবে। আমাদের না থাকলে শুধু No দিলেই হবে।
  • এখন ID Documents সেকশনে ‘Identification information’ এ সতর্কথার সাথে আপনার NID বা জন্ম নিবন্ধনের নাম্বার দিবেন (যেটা দিয়ে আবেদন করবেন)।
  • Parental information এ বাবা মায়ের নাম দিবেন। তাদের National ID নাম্বার না দিলেও সমস্যা নাই।
  • Guardian information শুধু যাদের দরকার তাদের দিবেন। এতা শুধু তাদের জন্য যাদের লিগ্যাল গার্ডিয়ান আছে। বাকিরা এটাতে কিছুই পুরন করবেন না।
  • Spouse Information এ ম্যারিড দিলে কাবিননামা দিতে হবে ও স্পাউজ এর নাম ও অন্যান্য তথ্য দিতে হবে। আগের পাসপোর্ট এ স্পাউজ নাম থাকলে নতুন করে আর কাবিননামা দিতে হয় না।
  • Emergency contact আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন কোন সমস্যা হবে না।
  • Passport options এ আপনি আবেদনের ধরন ও পৃষ্ঠা সংখ্যা সিলেক্ট করবেন ও সে অনুযায়ী পাস্পোর্ট ফি দেখাবে।
  • Delivery Options & Appointment এ আপনাকে দেখাবে, আপনি যে কেন্দ্রে আবেদন করবেন সেখানে কোন এপয়েনমেন্ট লাগে কিনা। সাধারণত ঢাকার বাইরের জেলাগুলোতে এপয়েনমেন্ট লাগে না। আর ঢাকার কেন্দ্রগুলোতে এপয়েনমেন্ট লাগে। এখন নিয়মিত আবেদনে ২ মাসের মাঝেও ডেট পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে জরুরি সিলেক্ট করে দেখুন আগে পান কিনা। তাও না পেলে ও আপনার দ্রুত লাগলে জরুরি বা Express আবেদন সিলেক্ট করে আবেদন সাবিমিট করুন আর ব্যাংকে অতিব জরুরি/Super Express ফি প্রদান করুন। এতে আপনি কোন এপয়েনমেন্ট ছাড়াই যেকোনদিন আবেদন জমা দিতে পারবেন।
  • শেষ ধাপে আপনাকে একটা সামারি দেখাবে যে আপনি আবেদন চেক করে দেখুন কোন ভুল আছে কিনা। সব কয়েকবার চেক করে দেখুন ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে সাবমিট করে দিন। একবার সাবমিট করলে আপনি আর এডিট করতে পারবেন না।
  • এখন আপনি সামারি প্রিন্ট করতে পারবেন ও ফর্ম ডাউনলোড করতে পারেন।
  • সবশেষে এপ্লিকেশন ফরমের শেষ পাতায় আপনার স্বাক্ষর ও তারিখ দিন
  • আবেদন খুব সতর্কতার সাথে পুরন করতে হবে। কারণ একটু ভুল হলেই বলবে আবেদন ক্যানসেল করতে। আর আপনি নিজে নিজে সাইট থেকে আবেদন ক্যানসেল করতে পারবেন না। এর জন্য অফিসে আবেদন করলে কিছুদিন পর আবেদন ডিলিট হবে। তা হয়রানি এড়াতে সতর্কতার সাথে ফরম পুরন করুন।
  • একটা NID বা BRC দিয়ে একবার আবেদন সাবমিট করে ফেললে সেটা ডিলিট না হওয়া পর্যন্ত ওই NID বা BRC দিয়ে আর আবেদন করতে পারবেন না।
  • কোন তথ্য সংশোধন করতে হলে এফিডেভিট ও সংশোধন আবেদন করতে হবে। তারপরেও কয়েকমাস Backend verification এ আটকে থাকবে। আপনাকে বার বার পাসপোর্ট অফিসে গিয়ে তাগাদা দিতে হবে।

পাসপোর্ট রিনিউ ফি ও আবেদনের ধরনঃ

নতুন পাসপোর্ট এর জন্য আবেদন এর ফি আর পাসপোর্ট রিনিউ ফি, রি-ইস্যু ফি একই। তবে আবেদনের ধরন ও পাসপোর্ট এর পৃষ্ঠা সংখ্যার উপর ভিত্তি করে পাসপোর্ট রিনিউ ফি বিভিন্ন রকম হয়ে থাকে। নিচের টেবিলে দেখে নিন পাসপোর্ট নবায়ন ফি ২০২২।

পৃষ্ঠা সংখ্যা মেয়াদ নিয়মিত
(২১দিন)
জরুরি
(৭ দিন)
অতিব জরুরি
(২ দিন)
৪৮ পৃষ্ঠা ৫ বছর ৪০২৫ ৬৩২৫ ৮৬২৫
৪৮ পৃষ্ঠা ১০ বছর ৫৭৫০ ৮০৫০ ১০৩৫০
৬৪ পৃষ্ঠা ৫ বছর ৬৩২৫ ৮৬২৫ ১২০৭৫
৬৪ পৃষ্ঠা ১০ বছর ৮০৫০ ১০৩৫০ ১৩৮০০

তবে ১৮ বছরের কম বয়সী ও ৬৫ বছরের বেশি বয়সীরা শুধুমাত্র ৫ বছর মেয়াদী পাসপোর্ট পাবেন।

পাসপোর্ট রিনিউ ফি জমা দেওয়ার নিয়ম-

ফরম পুরন করার পর দুই উপায়ে পাসপোর্ট রিনিউ করার ফি জমা দেয়া যায়।

ব্যাংকে রি-ইস্যু ফি জমা দেয়া: আশেপাশে প্রায় অব ব্যাংকেই এ চলানের মাধ্যমে পাসপোর্টের টাকা জমা দেয়া যায়। তবে সব ব্যাংক নাও নিতে পারে। তাই আগে জেনে নিতে হবে সুবিধাজনক কোন ব্যাংকে পাসপোর্ট ফি জমা নেয়। তারপর নিচের ডকুমেন্টস নিয়ে ফি জমা দিতে হবে।

  • NID বা জন্ম নিবন্ধন সনদ (যেটা দিয়ে পাসপোর্ট আবেদন করা হয়েছে
  • এপ্লিকেশন সামারি পেইজ
  • আর ব্যাংকে একটা ফর্ম দিবে পুরন করতে হবে

এ-চালানের মাধ্যমে নিজে জমা দেয়া:  এছাড়া রকেট, বিকাশ, ডিবিবিএল নেক্সাস বা অন্যান্য ব্যাংকের ভিসা ও মাস্টার্কার্ড দিয়ে অনলাইনে ও এ-চালানের এপে পাসপোর্ট ফি জমা দেয়া যায়।

ওয়েবসাইটের মাধ্যমে দিতে https://ibas.finance.gov.bd/acs/general/sales এই লিংক গিয়ে পাসপোর্ট ফি সিলেক্ট করে আবেদনের প্রকৃতি ও বিতরণের প্রকৃতি সিলেক্ট করে পছন্দমত ব্যাংকের গেটওয়ে সিলেক্ট করে ফি দিতে হয়। এই সাইটে ফি দিতে কোন রেজিস্ট্রেশন এর দরকার নাই।

একই ভাবে A-Challan এর মোবাইল এপের মাধ্যমেও ফি দেয়া সম্ভব। এপ ডাউনলোড করতে হবে এন্ড্রয়েড ও আইওএস। এপে রেজিস্ট্রেশন করে পাসপোর্ট ফি সিলেক্ট করে NID নাম্বার দিলে অটো নাম ও ঠিকানা সার্ভার থেকে চলে আসবে ও শেষের দিকে পেমেন্ট অপশন থাকবে।

দুইভাবেই পেমেন্ট সম্পন্ন হলে চালান ডাউনলোড করা যাবে। চালান ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। চালান চাইলে ভেরিফাই করে রাখা যাবে এই সাইট থেকে।

সতর্কতাঃ

  • পাসপোর্ট আবেদনকারীর নাম ও চালানের নাম একই দিতে হবে। আর তা না হলে আবেদন নিবে না।
  • চালানে ডট (.) থাকা বা না থাকায় কোন সমস্যা হবে না।
  • এ চালানে পেমেন্ট ফেইল হতে পারে। মানে টাকা কাটবে কিন্তু চালান আসবে না এমন হতে পারে।

আবেদন পাসপোর্ট অফিসে জমা দেয়া ও বায়োমেট্রিক এনরোলমেন্ট সম্পন্ন করাঃ

পাসপোর্ট অফিসে যাওয়ার আগে কাগজগুলো চেক করে নিতে হবে-

  • চালান কপি (পেমেন্ট স্লিপ)
  • এপ্লিকেশন সামারি এপয়েনমেন্টসহ (যদি লাগে)
  • এপ্লিকেশন ফরম (৩ পৃষ্ঠা)
  • NID বা জন্ম নিবন্ধরের ফটোকপি (আসলটাও দেখাতে হবে)
  • পেশাগত প্রমাণ (স্টুডেন্ট আইডি, জব আইডী, ট্রেড লাইসেন্স, NOC, GO ইত্যাদি)
  • কাবিননামা (যদি লাগে)
  • নাগরিক সনদপত্র
  • ইউটিলিটি বিলের ফটোকপি
  • পুর্ববর্তী পাসপোর্ট এর ফটোকপি

ফরম পুরন করে পাসপোর্ট পেমেন্ট করে নিমোক্ত কাগজপত্র নিয়ে এপয়েনমেন্ট ডেটে পাসপোর্ট অফিসে চলে যেতে হবে। সিরিয়াল ধরে কাগজ জমা দিতে হবে কাউন্টারে। সব কিছু ঠিক থাকলে তারা আবেদন জমা নিবে এবং কোন রুমে যেতে হবে সেটা বলে দিবে। রুম নাম্বার অনুযারি পাঠানো রুমে গিয়ে  আঙ্গুলের ছাপ, ছবি তোলা, চোখের স্ক্যান এবং সিগনেচার দিয়ে একটা রশীদ দিবে সেটা নিয়ে ভালো করে দেখতে হবে কোন ইনফরমেশনে ভূল আছে কি না। এই রশীদে যে ইনফরমেশন দেখাবে তা পাসপোর্টে হুবুহু সেইম ই প্রিন্ট হবে। তাই কিছু ভূল দেখতে পেলে সাথে সাথে কর্মকর্তাকে জানাতে হবে। য়ার তা না হলে পাসপোর্ট প্রিন্ট হয়ে গেলে আর সংশোধন করা যাবে না।

পুলিশ ভেরিফিকেশনঃ

পাসপোর্ট রি-ইস্যু বা রিনিউ আবেদনে সাধারণত পুলিশ ভেরিফিকেশন হয় না। তবে পুলিশ ভেরিফিকেশন হতে পারে নিম্নোক্ত ক্ষেত্রে।

  • যদি স্থায়ী ঠিকানা পরিবর্তন করা হয়
  • এছাড়া যদি কোন বিশেষ পরিবর্তন করা হয় তাহলেও পাসপোর্ট অফিস চাইলে পুলিশ ভেরিফিকেশন চাইতে পারে।

পাসপোর্ট রি-ইস্যু আবেদনের স্ট্যাটাস চেক করাঃ

এবার পাসপোর্ট পাওয়ার ম্যাসেজের জন্য অপেক্ষা করতে হবে। আর অনলাইনে মাঝে মাঝে ঢুকে পাসপোর্ট এখন কোন অবস্থায় আছে চেক করতে হবে। এই লিঙ্কে গিয়ে https://www.epassport.gov.bd/authorization/application-status  Application ID ( পাসপোর্ট এর ছবি তোলার পরে যে রশীদ দেবে সেখানে লেখা থাকবে ) অথবা Online Registration ID (ফরমে বা সামারি পেইজে আছে) এবং জন্ম তারিখ দিয়ে ক্যাপচার ভেরিভাই করতে হবে। তাহলেই  পাসপোর্ট এর স্ট্যাটাস দেখতে পারা যাবে। আর নিজে একাউন্ট খুলে এপ্লাই করতে চাইলে  একাউন্টে লগিন করেও স্ট্যাটাস দেখা যাবে। এছাড়া এসএমএস করেও স্ট্যাটাস চেক করা যাবে। EPP স্পেস Application ID লিখে ২৬৯৬৯ নাম্বারে মেসেজ করতে হবে। ফিরতি মেসেজে  পাসপোর্ট এর বর্তমান অবস্থার আপডেট পাওয়া যাবে।

পাসপোর্ট সংগ্রহ করাঃ

সব কিছু ঠিক ঠাক মত হয়ে গেলে আবেদনের ধরনের উপর ভিত্তি করে কিছুদিন পর মোবাইলে ও ইমেইলে মেসেজ আসবে যে পাসপোর্ট কালেকশনের জন্য রেডি। মেসেজ পাওয়ার পর ডেলিভারি স্লিপ, আইডি কার্ড ও আগের পাসপোর্টগুলো নিয়ে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

 

ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া ডেস্কঃ ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রোববার (১২ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত পেতে পারে। আগামী ৭২ ঘণ্টা (৩ দিন) আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দ্ক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পরিবর্তন হলো এসএসসি পরীক্ষার সময়সূচি

শিক্ষা ডেস্কঃ আগামী ২৫শে জুন হতে যাচ্ছে পদ্মা সেতুর উদ্বোধন। যার কারনে  ২৫ জুনের এসএসসি পরীক্ষা একদিন এগিয়ে ২৪ জুন অনুষ্ঠিত হবে বলে আজ (১২ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের দিন গোটা জাতি উৎসবে মাতবে। এ জন্য ওই দিনের পরীক্ষা একদিন এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি আরো বলেন, পরীক্ষায় জালিয়াতি রোধ ও নিরাপত্তার স্বার্থে আগামী ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। তবে কোচিং বা প্রাইভেট পড়া মানেই মন্দ নয়, কিন্তু সেসবকে কেন্দ্র করে অনৈতিক চর্চা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ১৯ জুন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৬ জুলাই। সব পরীক্ষাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে। এ বছর পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন। দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ড ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী অংশ নেবে।

ভারী বর্ষণ ও উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি

লালমনিরহাট প্রতিনিধিঃ ভারী বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়েই চলছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ রবিবার (১২ জুন) দুপুর ১২টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাট তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার। যা (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার) বিপৎসীমার দশমিক ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে তিস্তা ব্যারাজ এলাকায় পানি বৃদ্ধির কারণে পাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, সিঙ্গীমারি, সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী; কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী ও সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুণ্ডা ইউনিয়নে নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে।

তিস্তা ব্যারেজ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা গণমাধ্যমকে জানিয়েছেন, তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উজানের ঢল অব্যাহত থাকায় দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের ৪৪ স্লুইসগেট খুলে রাখা হয়েছে। পাশাপাশি পানি অস্বাভাবিকহারে বেড়ে যাওয়ায় তিস্তার চর এলাকাগুলো প্লাবিত হতে শুরু করেছে। উজানের ভারী বর্ষণ ও ঢল নেমে আসায় প্রাণ ফিরে পেয়েছে মরা তিস্তা নদী।

ব্যারেজ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, শনিবার সকাল থেকে তিস্তা নদীর পানি ৫১ দশমিক ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। ২৪ ঘণ্টার ব্যবধানে রোববার সকালে পানি বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।