পল্লী বিদ্যুতের গাফিলতিতে বিদ্যুৎপৃষ্টে এক যুবকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাবুদ্দিন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাহাবুদ্দিন ওই গ্রামের মৃত রিয়াজুদ্দিনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে বসতঘরের লাইনে একটি কাঁঠাল গাছ পড়ে লাইনটি ঝুলে যায়। বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতিকে জানানো হয়। কিন্তু পল্লী বিদ্যুৎ লাইন সংস্কার করেনি।

গতকাল বিকেলে কমলগঞ্জের উত্তর গোলেরহাওর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে জমিতে কাজ শেষে ঝুলে থাকা লাইনটি একটি বাঁশ দিয়ে তুলে রাখতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন শাহাবুদ্দিন। পরে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির গাফিলতির কারণেই শাহাবুদ্দিনের মৃত্যু হয়েছে। সময় মতো পল্লী বিদ্যুৎ সমিতি লাইনটি সংস্কার করলে আজ এ দুর্ঘটনা ঘটতো না। ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলেমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার হার্টে ৯৫ শতাংশ ব্লক থাকায় রিং পরানো হয়েছে

রাজনীতি ডেস্কঃ আজ শনিবার (১১ জুন) দুপুরে  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এনজিওগ্রাম করার সময় তার হার্টে কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে।

আজ দুপুর ২টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, গতকাল বিকেল থেকে হার্টের সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। তাই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁর হার্টে রিং পরানো হয়েছে। ম্যাডাম এখন স্থিতিশীল আছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে রয়েছেন আমাদের নেত্রী। আমরা আশাবাদী, আগের মতোই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন তিনি।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রোববার (১০ জুন) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।

ঠাকুরগাঁওয়ে রাসুল (সা:) এর নামে কটুক্তির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে শুক্রবার (১০ জুন) দুপুরে ভারতের বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল  কর্তৃক রাসুল (সা:) ও উন্মুল মুমিনীন হযরত আয়েশা (রা:) এর নামে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এদিন শুক্রবার জুম্মার নামাজের পর শহরের বিভিন্ন স্থান থেকে ইসলামিক বিভিন্ন সংগঠন ও সাধারণ মুসল্লীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

এ সময় পৌর শহরের আর্ট গ্যালারী, কলেজপাড়া, বাসষ্ট্যান্ড, কালিবাড়িসহ বেশ কিছু এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিক্ষোভে যোগ দেন মুসল্লিরা। পরে চৌরাস্থা থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চৌরাস্তায় এসে প্রতিবাদ সমাবেশ করেন।

এ সময় নুপুর শর্মা ও নবীন জিন্দালের কুশ পুত্তলিকা দাহ করা হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখা, ছাত্র, যুব, শ্রমিক (গণ অধিকার পরিষদ) জেলাশাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখা, ইসলামী শাসনতন্ত্র জেলা শাখা, সম্মিলিত খতমে নবুওত সংরক্ষণ পরিষদ জেলা শাখাসহ বেশ কয়েকটি সংগঠন এতে অংশ নেন।
এ সময় বক্তব্য দেন, সম্মিলতি খতমে নবুওত সংরক্ষণ পরিষদের জেলা শাখার সভাপতি মুফতি ফরিদুল ইসলাম কাশেমী, উপদেষ্টা এবং জেলা কারাগার মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমান, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মুসা আলম, মো: আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান, সিনিয়র সহ সভাপতি মাওলানা হাফিজ উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: নুরুল করিম আকরাম প্রমুখ।
বক্তরা নুপুর শর্মা ও নবীন জিন্দালকে অবিলম্বে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে ভারত সরকারের প্রতি দৃষ্টান্তস্বরূপ বিচারের দাবি জানান। সেই সাথে ভারতীয় পণ্য বর্জনেরও দাবি জানান।

ইউএনও এর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর তাৎক্ষণিক হস্তক্ষেপে বিয়ের পিঁড়িতে বসা থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী। শুক্রবার (১০ জুন)  বাদ জুমা কবুল পড়িয়ে ষোড়শী বধুকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার সকল প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত বর পারভেজ আহমদের বরযাত্রী নিয়ে আর হবু শ্বশুড় বাড়িতে যাওয়া হলো না।

জানা গেছে, উপজেলার সুজাউল নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও সুয়ারারতল গ্রামের নাজিম উদ্দিন ও মনোয়ারা বেগমের মেয়ে রোকশানা আক্তারের বিয়ের তারিখ নির্ধারণ ছিল শুক্রবার। পাত্র উপজেলার কলারতলি পারের পারভেজ আহমদ। স্কুলের ভর্তি রেজিষ্ট্রার অনুযায়ী রোকশানার বয়স এখনও ১৬ বছর পূর্ণ হয়নি। কিন্তু বাবা-মা স্থানীয় ৩ নং ওয়ার্ড মেম্বার আব্দুল আজিজের যোগসাজসে ১৮ বছর পূর্ণ দেখিয়ে ভুয়া জন্মসনদ তৈরীর মাধ্যমে বিয়ের প্রস্তুতি নেন। এ গোপন খবর পৌঁছে যায় ইউএনও’র কানে। আর তখনই তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে এ বাল্যবিয়েটি বন্ধ করে দেন।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, স্কুলছাত্রীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই শুক্রবার বাবা-মা তাকে বিয়ে দিচ্ছিলেন। খবর পেয়েই তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন। বর আসার আগেই এ বাল্যবিয়েটি বন্ধ করেন।

পারাবত এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

ডিবিএন ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস চলন্ত ট্রেনের পাওয়ার কার বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে বন্ধ রয়েছে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল।

আজ শনিবার (১১ জুন ) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের নিরন্তন প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পিাওয়া যায়নি।

এর আগে, শনিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি ধোপাটিলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের একটি বগির নিচে আগুন ধরলে চালক ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এদিকে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসলেও হঠাৎ আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে।

ট্রেনের এক যাত্রী বলেন, আমি ‘ঙ’ নম্বর বগিতে শ্রীমঙ্গল থেকে সিলেটে যাওয়া জন্য উঠেছি। হঠাৎ শমশেরনগর রেলস্টেশন ক্রস করার পর আমার পেছনের সিট থেকে আগুনের সূত্রপাত হয়।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুকুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের জেনারেটরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পাওয়ার কার থেকে আগুন লেগে তেলের ট্যাংকি বিস্ফোরণ হয়।

প্রাথমিকভাবে ট্রেনের দায়িত্বরতরা ধারণা করেছেন ট্রেনটির এসির কোন ত্রুটি থেকেই আগুণের সূত্রপাত। তবে রেলের একটি সূত্র জানিয়েছে, ট্রেনটির পাওয়ার কার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

চার মাস পর যুবকের লাশ কবর থেকে উত্তোলন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে ৪ মাস পর কবর থেকে এক যুবকের লাশ উত্তোলন করা হয়। উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মহব্বত উল্লা এর পুত্র নজরুল ইসলাম (৩২) কে শশুর বাড়ির লোকজন হত্যা করেছে স্বজনদের এমন অভিযোগের পর আদালতের নির্দেশে বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে স্থানীয় বড়চেগ বিক্রমপুরবাসীর কবরস্থান থেকে মৃতদেহ উত্তোলন করা হয়।

নিহত নজরুল ইসলাম এর ভাই মোঃ বদরুল ইসলাম জানান, তার ভাইকে তার স্ত্রী ও শশুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করেছে। নিহত নজরুল ইসলাম কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের চিতলিয়া গ্রামের রংগু মিয়ার কন্যা মোছাঃ মসকুরা বেগমকে বিয়ে করেন। গত ২৭ জানুয়ারী ২০২২ইং তারিখে শশুর বাড়িতে একটি অনুষ্টানে যোগ দিতে যান। গত ১ ফ্রেব্রুয়ারী ২০২২ইং তারিখে নজরুল ইসলাম এর বাড়িতে তার শশুর বাড়ির লোকজন খবর দেয় দাঁতের ব্যাথায় নজরুল ইসলাম মারা গেছে। নিহতের পরিবাবারের লোকজনের সন্দেহ হয় নজরুল ইসলামকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এমন অভিযোগ এনে গত ১৮/০৫/২০২২ইং তারিখে নিহতের মা নুর জাহান বেগম বাদি হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। কোনও ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে এমন অভিযোগ করা হলে লাশ উত্তোলন করে ফের ময়নাতদন্তের নির্দেশ দেয় আদালত।

আদালেতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকারের উপস্থিতিতে শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ মোশাররফ হোসেনসহ সঙ্গীয় ফোর্স লাশ উত্তোলন করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

ভারতে বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সা:) কে নিয়ে কটূক্তি মন্তব্যের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : ভারতে রাসূল (সা:) এর শানে বেয়াদবী, তার পরিবার নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতা। এতে উপজেলার বিভিন্ন মসজিদের মাদ্রাসার হাজার হাজার মুসল্লি ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

শুক্রবার বাদজুম্মা উপজেলার কেন্দ্রী মসজিদ থেকে মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আল্লাহু চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মহানবী সা: ও তাঁর পরিবার নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র যে অবমাননা করেছে, তাতে ভারতের পতনকে ত্বরান্বিত করেছে। এটি গজওয়াতু হিন্দের পূর্বাভাস। অচিরেই ভারত মুসলমানদের শাসনে আসবে। মোদী ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ইসলামের ওপর আঘাত করেই চলছে। তাতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ভারতে হিন্দুদের ক্ষমতা বেশি দিন স্থায়ী হবে না। মুসলামান জেগে উঠলে ভারতে কট্টরপন্থী হিন্দুরা থাকতে পারবে না বলে মন্তব্য করেন বক্তারা।

সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের আমীর ও মুরাদনগর মুজাফ্ফর উলুম মাদ্রাসা  ও এতিমখানার শিক্ষা সচীব মূফতী আমজাদ হোসেন, সিনিয়র নায়েবে নায়েবে আমীর হফেজ আমিনুল ইসলাম, সেক্রেটারী মূফতী দীন মোহাম্মদ, মুরাদনগর মুজাফ্ফর উলুম মাদ্রাসা ও এতিমখানার মোহদ্দীস মাও: আজহার আলী, দিলালাপুর হাফেজিয়া মাদ্রাসা ও শিশু সনদের মোহাদ্দীস হাফেজ ওবায়দুল্লাহ প্রমূখ।

মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : শুক্রবার দুপুরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও মা আয়েশা (রা)বিরুদ্ধে কটুক্তি করায় নবাবগঞ্জ ওলামা পরিষদ ওসর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে উপজেলা পরিষদের সামনে নবাবগঞ্জ বিরামপুর সড়কে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  করেছেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের জামে মসজিদের খতিব হাফেজ মাওনা আব্দুল আজিজ, থানা জামে মসজিদের খতিব মুফতি আসাদুল্লা, দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আল আলিমুল রাজীব সহ অনেকে।
এছাড়া নবাবগঞ্জ উপজেলার শওগুন খোলা তিনঘরে পাড়া জামে মসজিদে সহ বিভিন্ন মসজিদে প্রতিবাদ জানানো হয়েছে। বক্তারা জোরালো প্রতিবাদ সহ ভারতের পর্ন‍্য বয়কটের আহবান জানান।

বড়লেখায় টিলাধসের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের টিলাধসের ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ পরিদর্শন করেন।

এ সময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল্লাহ খাঁন, দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ বাবলু, প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান মনা তরুন সমাজ সেবক মাছুম আহমেদ, সহ উপস্থিত ছিলেন গণ্যমাধ্যমকর্মী ও এলাকার স্থানীয় মুরুব্বিগন।

পরিদর্শন কালে দেখা যায় অনেকের বাড়িতে মাটি পড়ে রান্না ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে, স্থানীয় নারগিস বেগম বলেন গত কয়দিনের টানা বৃষ্টির কারনে আমার ঘরের ভিতর পানি জমেছিলো, এমন কি ঘরের ভিতর মাটি পড়ে রান্না ঘরের একটি দেয়াল ভেঙ্গে গেছে।

উপজেলা নির্বাহী অফিসারের নিকট তাদের দুঃখের বিষয় গুলো তুলে ধরলে, উপজেলা নির্বাহী অফিসার তাদের কে ছোট লেখা উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশ দেন। এবং তিনি এই এলাকায় অব্যাহত টানা বর্ষণে টিলা ধসের আশঙ্কাযুক্ত ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করেন এবং ভূমিধসের মত দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে বলেন।

পূজা করা নিয়ে দ্বন্দ্বে এক জনের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মন্দিরে পূজা করা নিয়ে প্রতিপক্ষের হামলায় সুরঞ্জিত বিশ্বাস (১৭) নামে আহত এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বুধাবার (৮ জুন) বিকেল ৪টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুরঞ্জিত মারা যান। বৃহস্পতিবার (৯ জুন) সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে আসেন।

সুরঞ্জিত উপজেলার ব্রাহ্মণবাজারের শ্রীপুর এলাকার সুধাংশু বিশ্বাসের পুত্র। এ ঘটনায় ১০ জনকে আসামি করে থানায় মামলা (নম্বর ৮) দায়ের করেছেন সুরঞ্জিতের পিতা সুধাংশু বিশ্বাস।

মামলার এজাহার ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজারের শ্রীপুর এলাকায় কালি মন্দিরে শীতলী পূজার আয়োজন করেন স্থানীয় বাসিন্দা সুধাংশু বিশ্বাস, শ্যাম লাল বিশ্বাসসহ ১০/১২ জন সনাতন ধর্মের লোক। বিষয়টি মেনে নেননি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পঞ্চায়েতের লোকজন। পূজো চলাকালীন সময়ে পঞ্চায়েত পক্ষের ওই এলাকার মৃত যদু বিশ্বাসের ছেলে নান্টু বিশ্বাস, মৃত রমেশ বিশ্বাসের ছেলে রসেন্দ্র বিশ্বাস, রসেন্দ্র বিশ্বাসের ছেলে রনজিত বিশ্বাসসহ প্রায় ১৫/১৬ জনের একটি দল পূজো বন্ধ করতে নির্দেশ দেয়। এ সময় সুধাংশু বিশ্বাসরা পূজো বন্ধ না করায় তাদের ওপর ইট-পাটকেল ও লাঠিসোটটা নিয়ে হামলা চালায় পঞ্চায়েত পক্ষ। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সুরঞ্জিত, তার পিতা সুধাংশু, শ্যাম লাল বিশ্বাস, মিন্টু বিশ্বাসসহ ৬ জন আহত হোন।

আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সুরঞ্জিতের অবস্থা আশংকাজনক হওয়ায় সেখানকার কতব্যরত চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। একদিন চিকিৎসার পর সেখানে বুধবার বিকেলে সুরঞ্জিতের মৃত্যু হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনাটি ঘটেছে। নিহতের পিতা থানায় মামলা করলে এ ঘটনায় নান্টু বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।