ফুলবাড়ীতে জলবায়ু পরিবর্তন জেন্ডার প্লান বিষয়ক কর্মশালা

ফুলবাড়ী প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে জলবায়ু পরিবর্তন জেন্ডার প্লান বিষয়ক একদিনের কর্মশালা গতকাল বুধবার (৮ জুন) বিকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্স স্টাডিজ এর বাস্তবায়নে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এর সহযোগিতায় এবং ফুলবাড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  গোলাম রাব্বানী সরকার, বাংলাদেশ সেন্টার ফর এ্যাডভান্স স্টাডিজ এর সিনিয়র রিসার্চ অফিসার আসাদুজ্জামান শাহিন।

এছাড়াও প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আরিফুল হক এর সঞ্চালনায় কর্মশালায় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, বড়ভিটা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, ফুলবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোছাঃ আয়শা খাতুন সহ সকল সরকারী দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদকরোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে মাদকদ্রব্যের অপব্যাবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের সহযোগিতায় বুধবার দিনব্যাপী স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত ধরে আজ দেশ রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে। দেশকে মাদকমুক্ত করা গেলে উন্নয়নের সুফল আরো বেশি পাওয়া যাবে। তাই নিজের, পরিবারের ও দেশের জন্য মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে নিজেদের সুন্দর জীবন গড়ে তুলতে হবে। এজন্য আমাদের সকলকে মাদকের ভয়াবহতা ও মাদকের কুফল বিষয়ে প্রতিটি এলাকায় জনপ্রতিনিধিদের নিয়ে জনসচেতনতা বাড়াতে হবে। নিজের এলাকার স্বার্থে প্রত্যেকের উচিত মাদকের বিরুদ্ধে অবস্থাসন নিয়ে সামাজিক প্রতিরোধে এগিয়ে আসা।

তিনি আরো বলেন, জেলার মধ্যে রাজনগর উপজেলায় প্রথম আনুষ্ঠানিক ভাবে মাদক প্রতিরোধে কর্মপরিকল্পনা প্রণয়নে আমরা কাজ শুরু করেছি। এসব পরিকল্পনা কার্যকর করার দায়িত্ব সকলের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাবলু সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হক, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত। এসময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের সনদ ও চেক বিতরণ অনুষ্ঠান

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (৮ জুন) বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধিনে ৫ দিন  সফট স্কিলস প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।

এ উপলক্ষে এদিন দুপুরে পরিষদ হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভিপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এককালীন অনুদানের চেক বিতরণের শুভ উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি।

এ সময় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, মহিলা ভাইসচেয়ারম্যান শেফালি বেগম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ।

এছাড়াও বিভিন্ন পেশাজীবী সম্প্রদায়ের প্রশিক্ষণার্থী, সরকারি কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুচি, নাপিত, মালি, বাঁশের তৈরী জিনিষের কারিগরসহ পিছিয়েপড়া বিভিন্ন শ্রেণিপেশার ১৫০ জন প্রশিক্ষণার্থীদের প্রত্যেকক ১৮ হাজার টাকা করে মোট ২৭ লক্ষ টাকা দেয়া হয়। অনু্ষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম।

চীনে প্রবল বৃষ্টিপাতে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের হুনান প্রদেশে প্রবল বৃষ্টিপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ৩ জন।  এতে ২ হাজার ৭০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘরছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। গতকাল বুধবার (৮ জুন) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি এ তথ্য দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ জুন থেকে শুরু হওয়া ভারী বর্ষণের ফলে দুই লাখ ৮৬ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে এবং দুই হাজার ৭০০-এরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

হুনান প্রদেশের কর্মকর্তা লি দাজিয়ান জানান, প্রবল বর্ষণের কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এখনো ৩ জন নিখোঁজ রয়েছে।

আজ বৃহস্পতিবার হুনানের প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ভারী বর্ষণের ফলে নদী ও হ্রদের পানির স্তর উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আর এ পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বন্যা সাধারণ ঘটনা। এ অঞ্চলগুলোতে গ্রীষ্ম মৌসুমে ভারী বৃষ্টিপাত হয়। গত বছর চীনের মধ্যাঞ্চলে বন্যায় তিন শতাধিক মানুষ নিহত হন।

 

নওগাঁর আত্রাইয়ে খনজোর জয়সাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২২ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে খনজোর জয়সাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২২ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন (বুধবার) বেলা সাড়ে এগারোটায় বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খনজোর-জয়সাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খনজোর-জয়সাড়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সভাপতি মীর বক্স সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি মীর বক্স সরদার শিক্ষাখীদের দিক নিদেশনা মূলক বক্তব্য দেন এবং শিক্ষাথীদের মোবাইল ফোন ব্যবহারে নিরুৎসাহী করেন। পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার পরামশ দেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন অত্র বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া খাতুন। বিদায়ী শিক্ষাথীদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মায়া খাতুন, রাসেল হোসেন রানা,রুহুল আমীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন বেগম, শিক্ষক মালা বেগম, সহকারী শিক্ষক শ্যামল কুমার পাল, ইন্সট্রাকটর কয়ছের আলী (কাওছার) শরীরচচ্চা শিক্ষক গোলাম মোস্তফা প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চলনা করেন সহকারী শিক্ষক মোঃ আয়েন উদ্দিন। আলোচনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচলেনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও সেন বাংলা টিভির ফটো সাংবাদিক সুয়াইব আহমাদ সাইম।

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন নারীর মৃত্যু

সিএনবিডি ডেস্কঃ নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীরা হলেন-মনি রানী ঘোষ, বাসন্তী রানী ঘোষ ও বিমলা রানী ঘোষ। সম্পর্কে তারা জা।

তাদের মৃত্যুর বিষয়টি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজমুল হাসান নিশ্চিত করেছেন।

শেরপুরে ২৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে সাড়ে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। মঙ্গলবার (৮ জুন) রাত ১টার দিকে শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সীমাবাড়ী গ্রামের চামড়া গুদামের পার্শ্বে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া বাজার এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে রুবেল (৩২) ও নারায়ণগঞ্জ জেলা সদরের মিজমিজি পুর্বপাড়ার আমিনুল হকের ছেলে আরিফ শেখ (৩৩)।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার ও সহকারি পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শেরপুর থানায় সোর্পদ করা হয়েছে।

আর্জেন্টিনার কোপা জয় নিয়ে আমাজন প্রাইমের ওয়েব সিরিজ

বিনোদন ডেস্কঃ দীর্ঘ ২৮ বছর পর শিরোপার খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। গত বছর ব্রাজিলে কোপা আমেরিকায় শিরোপা জিতেছে মেসির দল। আর এবার আর্জেন্টিনার সেই ঐতিহাসিক শিরোপা জয়ের একটি ওয়েব সিরিজ বানাতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম।

অজস্র স্বপ্নভঙ্গের পর গত বছর কোপা আমেরিকায় লিওনেল মেসির অধীনে আন্তর্জাতিক অঙ্গনে মেজর শিরোপার ছোঁয়া পেয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলের মাটিতে শিরোপা জয়টাকে আর্জেন্টিনার খেলোয়াড়, ভক্ত-সমর্থকরা মনে রাখবেন অনেক বছর। আর সেই শিরোপা জয়ের গল্পটা সবার মাঝে জানাতে এবার আর্জেন্টিনার কোপা জেতার পুরো কাহিনী নিয়ে হতে যাচ্ছে ওয়েব সিরিজ।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবে জানায়, ‘স্টোরি অব লা আলবেসিলেস্তে’ নামের এ ডকুমেন্টারি সিরিজ আগামী ১০ জুলাই আমাজন প্রাইমে মুক্তি দেওয়া হবে। আর এটি চলবে বিশ্বকাপের আগ পর্যন্ত। এই সিরিজে কোপা আমেরিকা সহ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার যাত্রা, ইতালির বিপক্ষে ফিনালিসিমাও যুক্ত হবে। এ ছাড়াও অনেক বিশেষ ছবি ও প্রামাণ্যচিত্রও থাকবে।

উল্লেখ্য, বিশ্বের ২৪০টি দেশের ফুটবলপ্রেমী দর্শকেরা দেখতে পারবেন সিরিজটি। কোপা আমেরিকা ফাইনালের আগে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সেই ঐতিহাসিক ভাষণও দেখা যাবে।

 

টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড

স্পোর্টস ডেস্কঃ আগামী ১৬ জুন থেকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর ঘরের মাঠে সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ বৃহস্পতিবার (৯ জুন) প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে খেলবেন না জেসন হোল্ডার। আইপিএল খেলে ফেরার পর বোর্ডের কাছে বিশ্রাম চেয়েছিলেন তিনি। আর তাই পুরো সিরিজেই বিশ্রামে থাকবেন তিনি।

হোল্ডারের অনুপস্থিতির বিষয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে রাখা হয়নি কারণ বিশ্রাম ও পুনর্বাসনের জন্য বিরতি চেয়েছেন তিনি। তাই বাংলাদেশের বিপক্ষে কোনো ফরম্যাটের দলেই থাকছেন না তিনি।

তবে এই সিরিজে ক্যারিবীয় দলে থাকছে নতুন তিন মুখ। আর তারা হলেন উইকেটরক্ষক ব্যাটার ডেভন থমাস, বাঁহাতি স্পিনার গুদাকেশ মোতি ও পেসার অ্যান্ডারসন ফিলিপ। থমাস ও মোতি এরই মধ্যে ক্যারিবীয়দের হয়ে সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তবে কোনো ফরম্যাটেই অভিষেক হয়নি ফিলিপের।

উল্লেখ্য, আগামী ১৬ জুন থেকে অ্যান্টিগায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। এরপর সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। দুটি টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আর এর আগে আগামীকাল শুক্রবার (১০ জুন) থেকে শুরু হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রিফার, জেডেন সিলস, ডেভন টমাস।

 

যুক্তরাষ্ট্রে সামরিক উড়োজাহাজ বিধ্বস্তে ৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার (৮ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টার দিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় অ্যারিজোনার সীমান্তবর্তী ইম্পেরিয়াল কাউন্টিতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। খবর লস অ্যাঞ্জেলস টাইমস ও নিউইয়র্ক পোস্টের।

প্রতিবেদনের মাধ্যমে থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের মুখপাত্র কর্পোরাল সারাহ মার্শাল জানিয়েছেন, বিধ্বস্ত এই সামরিক উড়োজাহাজটি একটি এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এটি পরিচালনা করে থাকে। তিনি আরো বলেন, বিধ্বস্ত উড়োজাহাজটিতে কোনো পারমাণবিক পদার্থ ছিল না।

উল্লেখ্য, গত মার্চ মাসে নরওয়েতে এমন একটি দুর্ঘটনা ঘটেছিল। আর সেই দুর্ঘটনায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চার মার্কিন মেরিন সেনা নিহত হয়।