রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে গতকাল মঙ্গলবার (৭ জুন) আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সমূহে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন বিকেলে পরিষদ হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রাহিমউদ্দীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদ হোসেন, পৌর-আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, আনিসুর রহমান, ইয়াকুব আলী, সাহেরুল ইসলাম, কুশমত আলী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুঞ্জুরুল আলম।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে চা শ্রমিকদের আর্তনাদ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : বঞ্চনা আর অবহেলায় যাদের জীবন গড়া। অধিকারহারা অবহেলিত চা শ্রমিকদের রয়েছে করুণ ইতিহাস। দেশে প্রায় ২০০ বছর ধরে বসবাস করে আসছেন আমাদের চা শ্রমিকরা। তাদের নিপুণ হাতে তোলা পাতাকুঁড়ি দিয়েই আমরা ক্লান্তি দূর করতে তৃপ্তির সঙ্গে পান করি গরম চা। তাদের শ্রমেই বড় হয়ে ওঠেন বাবু, সাহেব ও মালিকপক্ষ।

শ্রমিকরা জানান, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। পাতাকুঁড়ির সঙ্গে জীবনের চাকা ঘুরলেও সংসারের চাকা মাঝে মাঝে আটকে যায়। প্রতিদিন ১২০ টাকা মজুরি পেয়ে আর চলতে পারছি না। ঘাম ঝড়ানো শ্রম দিয়ে চা উৎপাদন বাড়ালেও দৈন্যতা যাচ্ছে না আমাদের। সুপড়ি (বাঁশ-বেতের তৈরি ছাতা) আর গামছা (চা পাতা তুলে রাখার তলে) নিয়ে সকালে বের হই আর বিকেলে ফিরি।

বাগান সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব পণ্যর দাম বাড়লেও বাজারে দিন দিন চায়ের মূল্য হ্রাস পাচ্ছে এতে বাগান পরিচালনা করা কঠিন হয়ে যাচ্ছে। কোনো কোনো বাগান ভর্তুকি দিয়ে চালানো হচ্ছে। দেশের অন্যান্য সেক্টরের শ্রমিকদের সঙ্গে চা-শ্রমিকদের তুলনা করলে তাদের মজুরি তেমন কম নয়। তাদের বোনাস, রেশন ও ফ্রি চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া বাড়িভাড়াও নেই। বাগান মালিক পক্ষ সাধ্যমতো শ্রমিকদের মূল্যায়ন করছে। ডানকান কোম্পানির মালিকানাধীন মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর চা বাগানে কথা হয় নারী চা শ্রমিক মজিদুন, লঙ্ক্ষীমনি গোয়ালা, মায়া রানী করসহ অনেকের সঙ্গে।

তারা বলেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। কিন্তু তাদের মজুরি সে অনুপাতে বাড়ছে না। ১২০ টাকা মজুরি নিয়ে টানাপোড়েনের জীবন কাটাতে হচ্ছে চা শ্রমিকদের। কথা হয় চা শ্রমিক নেতা বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক দীপংকর রায়, কাজল রায় ও পঞ্চায়েত সভাপতি গণেশ বড় কুরমির সঙ্গে। তারা অভিযোগ করে ডিজিটাল বাংলা নিউজকে বলেন, চুক্তির মেয়াদ শেষ হলে নতুন চুক্তি হয় কিন্তু কর্তৃপক্ষ তাদের চুক্তি মোতাবেক দাবি পূরণ করেনি। দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করতে হয়।

কথা হয় বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা রাম ভজন কৈরীর সঙ্গে। তিনি প্রতিবেদক’কে বলেন, চা শ্রমিকরা অধিকার আদায়ে সচেতন না থাকায় তারা বঞ্চিত। চা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরি ও রপ্তানি পণ্য। দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণে চায়ের অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ দ্রুত বাড়ছে। এই চা উৎপাদনে নিরলসভাবে কাজ করছে দেশের ১৬৭টি বাগানের প্রায় তিন লাখ চা শ্রমিক। এর মধ্যে মৌলভীবাজার জেলায় ৯২টি চা বাগানে কর্মরত লক্ষাধিক শ্রমিক। তারা বছরের পর বছর ধরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনও তাদের বেতনবৈষম্যসহ নানা বঞ্চনার শিকার হতে হচ্ছে।

রাজনগর চা বাগানের ব্যবস্থাপক মো. মহসীন বলেন, মালিক পক্ষ শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণে আন্তরিক। বিশ্ববাজারে চায়ের দাম কমে যাওয়ায় বাগান পরিচালনা করা কঠিন হয়ে যাচ্ছে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজড়া বলেন, দ্বিপাক্ষিক চুক্তি হলেও অনেক বাগান সম কাজ সম মজুরি দিচ্ছে না।

বাগান ব্যবস্থাপক টি প্লান্টার ইবাদুল ইসলাম ও মৌলভীবাজারের চানভাগ চা বাগানের ব্যবস্থাপক লংলাভ্যালীর সার্কেল চেয়ারম্যান মো. মুজিবুর রহমান বলেন, বিশ্ববাজারে চায়ের দরপতনের কারণে বাগান পরিচালনায় আমরা হিমশিম খাচ্ছি।

তাছাড়া দেশের অন্যান্য সেক্টরের শ্রমিকদের সঙ্গে চা-শ্রমিকদের তুলনা করলে তাদের মজুরি তেমন কম নয়। বাজারে নিম্নমানের চা পাতার প্রবেশ বন্ধ করতে হবে। চা নিলামে সিন্ডিকেট ভাঙতে হবে। শ্রমিকদের মজুরি বাড়াতে হলে চায়ের মূল্যবৃদ্ধি করতে হবে। তা না হলে আগামীতে বাগান চালানো কঠিন হবে।

নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত পালিত হয়েছে। ১৯৬৬ সালের এদিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙ্গালি জাতির মুক্তির সনদ ৬-দফা দাবির পক্ষে দেশব্যাপী বেগবান গণ আন্দোলনের সূচনা হয়।

এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি, ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআর’র গুলিতে শ্রমিক নেতা মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ এগারো জন বাঙ্গালি শহীদ হন। এর পর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারায় উনসত্তরের গণ অভ্যূত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙ্গালি জাতি, পরবর্তী সময়ে ঐতিহাসিক ছয়-দফা ভিত্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনই ধাপে ধাপে বাঙ্গালির স্বাধীনতা সংগ্রামে পরিণত হয়।

এই কমসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে জাতীয় শ্রমিক লীগ আত্রাই,নওগাঁ শাখার আয়োজনে আপত্রাই উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেনর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ আত্রাই শাখাসহ বিভিন্নসংগঠন।

পরে উপজেলা জাতীয় শ্রমিক লীগ এর সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রবীণ নেতা শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সরদার সোয়েব, প্রচার সম্পাদক মোঃ আব্দুল হামিদ, মোমিন শেখ, প্রবীণ সাংবাদিক কামাল উদ্দিন টগর, চৌধুরী সাজ্জাদ হোসেন রিপন, উপজেলা ছাত্র লীগ সভাপতি মেহেদী মসনদ স্বরুপ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের সভাপতিকে সংর্বধনা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও  প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে গতকাল মঙ্গলবার (৭ জুন) দুপুরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর রিসোর্স সেন্টারে প্রাথমিক শিক্ষক সমিতির আহব্বায়ক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মনের সভাপতিত্বে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সভাপতি এম এ এস রবিউল ইসলাম সবুজকে সংবর্ধনা দেওয়া হয়।

সংববর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর আবিদুল হাসান, শিক্ষা অফিসার মমতাজ ফেরদৌসি, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, ইয়াকুব আলী, আইয়ুব আলী, আনিসুর রহমান, রমজান আলী, কুশমত আলী, সহকারি শিক্ষক সমিতির সভাপতি সহকারি শিক্ষক মোকবুল হোসেন, রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে প্রধান শিক্ষক ফজলুল হক, রহিমা খাতুন, জয়নাল আবেদীন, আনোয়ারুল ইসলাম প্রেসক্লাব সম্পাদক বিপ্লবসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন প্রধান শিক্ষক আঃ মান্নান।

প্রসঙ্গত, গত ৪ জুন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের সভাপতি হিসাবে তিনি নির্বাচিত হন। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরে।

ফুলবাড়ীতে অগ্নি নির্বাপন, উদ্ধার ও ভূমিকম্পের উপর জনসচেতনতা মুলক মহড়া অনুষ্ঠিত

ফুলবাড়ী প্রতিনিধিঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ফুলবাড়ী কুড়িগ্রাম এর উদ্যোগে অগ্নি নির্বাপন, উদ্ধার ও ভূমিকম্পের উপর জনসচেতনতা মুলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৭ জুন) সকালে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে এ মহড়ার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।

এ সময় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়

স্পোর্টস ডেস্কঃ অবশেষে ফিফা বিশ্বকাপ ট্রফির ৫৬টি দেশ ঘোরার পথে বাংলাদেশও ট্রফি ট্যুরের সঙ্গী হলো। আজ বুধবার (৮ জুন) বেলা ১১ টার পর হজরত শাহজালাল বিনামবন্দরে বিশ্বকাপ ট্রফি নিয়ে পা রেখেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার ক্রিস্টিয়ান কারেম্বু।

আজ বিকেল ৪টায় বিশ্বকাপ ট্রফিটি বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি ভবন ‘বঙ্গভবনে’ এবং সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবনে’ নিয়ে যাওয়া হবে। এরপর রাতে ট্রফি আসাকে ঘিরে আয়োজন করা হবে আমন্ত্রিত অতিথিদের নিয়ে নৈশভোজ। যেখানে আমন্ত্রণ পাচ্ছেন বাংলাদেশের কয়েকজন নারী পোশাকশ্রমিক।

আর আগামীকাল বিকেল সাড়ে ৪টায় আর্মি স্টেডিয়ামে সীমিতসংখ্যক ফুটবলপ্রেমীর জন্য ট্রফি প্রদর্শন করা হবে। যেখানে প্রায় ২৫ হাজার দর্শক প্রবেশের অনুমতি পাবেন। যেটি অনলাইনে নিবন্ধনের মাধ্যমে বাছাই করা হয়েছে।

এবারের বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসার পথে চার্টার্ড ফ্লাইটে ফিফার আরও ৭ জন প্রতিনিধিও এসেছেন। যাদের মধ্যে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিশ্চিয়ান কারেম্বুও রয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালে ব্রাজিল বিশ্বকাপের আগে বিশ্বকাপ ট্রফি সবশেষ বাংলাদেশে আনা হয়েছিল। এর পরের আসরে রাশিয়া বিশ্বকাপের আগে ট্রফি বাংলাদেশে আসেনি। তবে ২০১৩ সালে যে ট্রফিটা এসেছিল সেটি ছিল আসল ট্রফির রেপ্লিকা। তবে এবার এসেছে বিশ্বকাপের আসল ট্রফি।

 

সিনেমা ফ্লপ হওয়ার পরেও নিজেকে বক্স অফিস কুইন ভাবেন কঙ্গনা

আন্তর্জাতিক ডেস্কঃ নিজেকে বরাবরই সেরা বলে জাহির করেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। অন্যদের কটূক্তি, সমালোচনা করে জন্ম দেন নিত্যনতুন আলোচনার। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ধাকড়’। কিন্তু মুক্তির পর বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। কিন্তু সিনেমা ফ্লপ হওয়ার পরেও নিজেকে তিনি বক্স অফিস কুইন ভাবেন।

একশো কোটি রুপি বাজেটের সিনেমাটি মুক্তির পর প্রথম ৩ দিনে এর আয় হয়েছিল মাত্র ২ কোটি রুপি । কিন্তু এরপরও নিজেকেই সেরা দাবি করলেন কঙ্গনা। আর তার মতে, তিনিই বলিউড বক্স অফিস কুইন। ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ধাকড়’ সিনেমার ব্যর্থতা প্রসঙ্গে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

তিনি বলেন, ২০১৯-এ আমি মণিকর্ণিকা দিয়েছি, ১৬০ কোটি সুপারহিট ছবি। ২০২০ ছিল করোনার বছর। ২০২১-এ আমি ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি ‘থালাইভি’ দিয়েছি, ওটিটিতে এসেছিল এবং বড় সাফল্য পেয়েছে। সিনেমাটি নিয়ে এখনো আশা ফুরায়নি তার আর তাই তিনি বলেন, অনেক নেতিবাচকতা দেখছি কিন্তু ২০২২-এর সবচেয়ে বড় সাফল্য তো ‘লক আপ’ সঞ্চালনা! আর এখনও তো শেষ হয়ে যায়নি। আমার আশা ফুরায়নি।

উল্লেখ্য, গত ২০ মে মুক্তি পায় কঙ্গনার নতুন সিনেমা ‘ধাকড়’। এতে পুরোদস্তুর অ্যাকশন লেডি হয়ে অভিনয় করেছেন কঙ্গনা। বলিউডে এমন লেডি অ্যাকশন সিনেমা এর আগে নির্মিত হয়নি। কিন্তু এরপরও সিনেমাটি ব্যবসা করতে পারেনি।

 

জার্মানি ন্যাটোর শক্তি আরও বাড়াতে চায় রাশিয়ার ভয়ে

আতর্জাতিক ডেস্কঃ রাশিয়ার সামরিক হামলা ঠেকাতে যেকোনো পরিস্থিতিতে বাল্টিক অঞ্চলে ন্যাটোর সামরিক ঘাঁটি আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। রাশিয়ার কাছে এক ইঞ্চি জায়গাও ছাড় না দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (৭ জুন) রাশিয়ার প্রতিবেশী দেশ লিথুনিয়ার প্রেসিডেন্ট গিতানাস নয়সেদাকে সঙ্গে নিয়ে দেশটিতে প্রতিষ্ঠিত ন্যাটোর সামরিক ঘাঁটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জার্মান চ্যান্সেলর। এ সময় ভবিষ্যতে দেশটিতে অবস্থানরত জার্মান সেনা সংখ্যা ১৬০০ থেকে ৫০০০ এ উন্নীত করার পাশাপাশি পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক ঘাঁটিগুলোতে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহের কথা জানান তিনি।

শলজ বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বাল্টিক অঞ্চলের দেশগুলোতে ন্যাটোর যত সামরিক ঘাঁটি আছে সবগুলোকে আরও শক্তিশালী ব্রিগেড হিসেবে গড়ে তোলার। শুধু তাই নয়, ঘাঁটিগুলোতে জার্মান সেনা সদস্যের সংখ্যাও বাড়ানো হবে। তিনি আরো বলেন, শক্তিশালী ব্রিগেড হিসেবে সম্মুখযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করার জন্য জার্মান সেনাবাহিনীকে ঢেলে সাজানো হবে। তবে কোন ঘাঁটিতে কত সৈন্য বাড়ানো হবে তা স্পষ্ট করেননি তিনি।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে অস্ত্র সরবরাহে জার্মান সরকার গড়িমসি করার অভিযোগের বিষয়ে শলজ বলেন, এখন পর্যন্ত ইউক্রেনে অস্ত্রের সবচেয়ে বড় যোগানদাতা জার্মানি। স্পেন থেকে ইউক্রেনকে ৪০টি লিওপার্ড, দুটি সাঁজোয়া ট্যাংক দেয়ার বিষয়ে শলজ বলেন, এ বিষয়ে স্পেন সরকার এখন পর্যন্ত কোনো আবেদনই জানায়নি।

 

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে আরও দুই মরদেহের সন্ধান, নিহত বেড়ে ৪৩

সিএনবিডি ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ৬১ ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণের পর মূল অগ্নিকাণ্ডের স্থান থেকে দুটি মরদেহ শনাক্তসহ বেশ কয়েকজনের হাড়ের খণ্ড উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জন হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুন) দুপুরে আগুন নিয়ন্ত্রণের পর ডিপোর বাইরে এসে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের কর্মী মো. আল আমিন।

ফায়ার সার্ভিসের কর্মী মো. আল আমিন জানান, বেলা ১২টা ৭ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ আনার জন্য দুটি ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করেছে। অগ্নিকাণ্ডের স্থান থেকে মরদেহ শনাক্তের কাজ চলছে। অনেক জায়গায় হাড় পড়ে আছে সেগুলো সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গতকাল সোমবার (৬ জুন) রাত ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের ৫টি বড় ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। চারটি কেমিক্যালযুক্ত কনটেইনার সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। সেই কনটেইনারগুলো সরিয়ে নিলেও ফায়ার সার্ভিস বলছে সেগুলো পরবর্তীতে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। মূল আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এখন কেমিক্যালযুক্ত কনটেইনার নিয়ে কাজ করবে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ ইউনিট।

উল্লেখ্য, জেলা সিভিল সার্জন বলছে এখন পর্যন্ত ৪৯ জন নিহত হয়েছে। তবে জেলা প্রশাসনের তথ্যমতে মৃতের সংখ্যা বেড়ে ৪৩। দগ্ধ ও আহত ১৬৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই শনাক্ত হওয়া নিহতদের জেলা প্রশাসনের সহায়তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আরও ৬১ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আরও ৬১ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় গতকাল সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ রাজনীতিক, জনপ্রতিনিধি এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্রমবর্ধমান মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ৬১ জনের তালিকায় যুক্তরাষ্ট্রের একাধিক মন্ত্রী ছাড়াও দেশটির বিভিন্ন বৃহৎ প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নাম রয়েছে।

এ তালিকায় হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক কেট বেডিংফিল্ড, হোয়াইট হাউসের বাজেট পরিচালক শালান্দা ইয়াং, অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন, জ্বালানিমন্ত্রী জেনিফার গ্রানহোম, নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জেফরি স্প্রেচার এবং নেটফ্লিক্সের সিইও রিড হেস্টিংসের নামও রয়েছে।

এদিকে ইউক্রেনে যুদ্ধের ফলে সৃষ্ট সংকট সত্ত্বেও মস্কোতে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ না করার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন জে সুলিভান বলেছেন, রাশিয়ায় থাকা তার দেশের দূতাবাস বন্ধ করা উচিত হবে না। কেননা, বিশ্বের বৃহৎ দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র অবশ্যই আলাপ-আলোচনা চালিয়ে যাবে।

জন জে সুলিভান আরো বলেছেন, ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত হবে না। আমাদের অবশ্যই পরস্পরের সঙ্গে কথা বলার সক্ষমতা সংরক্ষণ করতে হবে।

সুত্রঃ রয়টার্স, দ্য ওয়াশিংটন পোস্ট।