নেত্রকোণায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধের লক্ষ্যে আলোচনা সভা

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধের লক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নেত্রকোনা জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল আমিন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আর ফয়সাল।

এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শূন্য পদে নির্বাচন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান (পুরুষ) শূন্য পদে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

সম্প্রতি নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-১) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৮শে জুন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৩০শে জুন। প্রার্থিতা প্রত্যাহারের দিন ৭ই জুলাই এবং ২৭শে জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার।

উল্লেখ্য, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব গত বছরের ২১শে মে মৃত্যুবরণ করেন। এরপর একই বছরের ২রা সেপ্টেম্বর নির্বাচন কমিশন উপজেলা চেয়ারম্যান শূন্য পদে তফসিল ঘোষণা করে ৭ই অক্টোবর উপনির্বাচনের তারিখ নির্ধারণ করে। ওই নির্বাচনে অংশ নিতে ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা ৯ সেপ্টেম্বর তার ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। সেই থেকে ভাইস চেয়ারম্যান পদে শূন্য থাকে পদটি।

ঠাকুরগাঁওয়ে দেশীয় ফলের পরিচিতি ও গুনাগুন সম্পর্কিত ফল উৎসব

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশীয় ফলের সাথে পরিচিত এবং গুণাগুন সম্পর্কে জানাতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো ফল উৎসব। গত মঙ্গলবার ৭ জুন শহরের ইকোপাঠশালা এন্ড কলেজ মাঠে এই উৎসবের উদ্বোধন করেন জেলা মহিলা কল্যাণ ক্লাবের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী।

এসময় কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড.মুহম্মদ শহীদ উজ জামান, প্রেসক্লাব সভাপতি মনসুর আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উৎসবে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, পেয়ারা, তরমুজ, বাঙ্গি, ডাওয়া, বেতফল, জামরুল, পেঁপেসহ ৫০ ধরণের ফল প্রদর্শণ করা হয় এবং এই ফলের পুষ্টিগুণ সম্পর্কে স্কুল কলেজের শিক্ষার্থীদের জানানো হয় ।

উৎসব আয়োজনকারী প্রতিষ্ঠান কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার জানায়, মধুমাসের এই দেশীয় ফলগুলোর পরিচিতি ও একই সাথে ফলগুলো গুণাবলী সম্পর্কে ধারণা দেয়াই এই উৎসবের মূল উদ্দেশ্য।

শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত-১২

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া শেরপুরে মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত (৮ জুন) ৩ টার দিকে মহাসড়কের শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর কাঠাঁলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ারসার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মোঃ নাদির হোসেন জানান, নওঁগা থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে উক্ত স্থানে উল্টে যায়। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আহতদের মধ্যে ৬জনকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পাহাড়ি টিলায় মাইক হাতে মৌলভীবাজারের জেলা প্রশাসক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটছে। তাই মৌলভীবাজারের কমলগঞ্জের পাহাড়ি টিলা এলাকায় সর্তকতামূলক প্রচারাভিযান চালালেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

মঙ্গলবার বিকালের দিকে তিনি কমলগঞ্জের উপজেলার রাজটিলা এলাকায় পাহাড়ের উঁচু টিলায় ঝুঁকি নিয়ে বসবাসরত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং টিলা ধসে দুর্ঘটনারোধে সবাইকে সচেতন করেন। তিনি সেখানে থাকা সরকারি জায়গায় ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঘর তৈরি করে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ প্রদান করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, ইউপি সদস্য সোলেমান হোসেন ভুট্টু, আব্দুল মতিন প্রমুখ।

ইরানে ট্রেন দুর্ঘটনায় ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পূর্বাঞ্চলে তাবাস এলাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত এবং ৫০ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (৮ জুন) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে তেহরান টাইমস। দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে প্রায় ৩৫০ জন যাত্রী ছিলেন এবং হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানা যায়, মরুভূমি শহর তাবাসের কাছে ভোরের অন্ধকারে ট্রেনটির সাতটি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। আর তাবাস রাজধানী তেহরানের প্রায় ৫৫০ কিলোমিটার (৩৪০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত। তাবাস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ট্রেনটি লাইনচ্যুত হয়। এই রেলপথটি তাবাস শহরকে ইয়াজদের কেন্দ্রীয় শহরের সঙ্গে সংযুক্ত করেছে।

কর্মকর্তাদের মাধ্যমে জানা যায়, অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারসহ উদ্ধারকারী দল প্রত্যন্ত অঞ্চলটিতে পৌঁছেছে। সেখানে যোগাযোগ ব্যবস্থা খারাপ। কমপক্ষে ১৬ জন গুরুতর আহত হয়েছেন যাদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, ট্রেনটি রেললাইনের কাছে থাকা একটি এক্সকেভেটরের (খননকারীর মেশিন) সঙ্গে ধাক্কা লাগে। তবে কেন এক্সকেভেটরটি রেললাইনের কাছে রাখা হয়েছে তা জানা যায়নি। একজন কর্মকর্তা ধারণা করেন এটি রেললাইন মেরামত প্রকল্পের অংশ হতে পারে।

 

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারটি অ্যাম্বুলেন্স’ই বিকল, সেবা থেকে বঞ্চিত রুগীরা

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লা মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্স সেবা পাওয়া রোগী এবং তার আত্মীয়ের কাছে অনেকটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো হয়ে পরেছে। অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিতে হলে হাসপাতের সামনে থাকা বিভিন্ন বেসরকারি অ্যাম্বুলেন্স ও দালালদের খপ্পরে পরতে হচ্ছে রোগীর আত্মীয়স্বজনদের। এতে করে জরুরি প্রয়োজনে রোগীকে আনা-নেওয়া করতে গুনতে হয় চড়া ভাড়া। হাসপাতালটিতে চারটি অ্যাম্বুলেন্স থাকার পরও সেবা না পাওয়ায় হাসপাতালে আগত রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতাল কমপ্লেক্সের সামনে খোলা আকাশের নিচে প্রায় ১৫ বছর ধরে বিকল হয়ে পড়ে আছে দুইটি অ্যাম্বুলেন্স। অন্য একটি যান্ত্রিকক্রটি ও চালক না থাকা পড়ে থেকে বিকল হয়ে পড়ে। অ্যাম্বুলেন্স গুলো বিকল হওয়ায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার রোগীরা। এরই মাঝে গত ১৭ মার্চ স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের মাধ্যমে ২৭ লক্ষ ৬২ হাজার ৫শ’ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স পায় হাসপাতল কতৃপক্ষ। কিন্তু প্রায় ৩ মাস পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ এই হাসপাতালে কোন চালক নিয়োগ না দেওয়ায় এটিও অচল হয়ে পড়ার অশঙ্কায় রয়েছে স্থানীরা। স্থানীয়দের অভিযোগ রক্ষণাবেক্ষণ ও তত্বাবধানের অভাবেই গাড়ি গুলো চলাচলের সম্পুর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে স্বাস্থ্য সেবার কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহতসহ ক্রমশ হ্রাস পাচ্ছে স্বাস্থ্য সেবা।

হাসপাতাল সূত্রে জানা যায়, যান্ত্রিক ক্রটির কারণে ২০০৬ সালে বিকল হয়ে পড়ে একটি অ্যাম্বুলেন্স। দীর্ঘ সময় অচল পড়ে থাকায় ইঞ্জিন স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। একইভাবে ২০১৩ সালে অচল হয়ে খোলা আকাশের নিচে পড়ে আছে আরো একটি অ্যাম্বুলেন্স। রক্ষণাবেক্ষণের অভাবে অ্যাম্বুলেন্স দুটির যন্ত্রাংশও চুরি করে একটি চক্র বিক্রি করে দিয়েছে। অপর একটি অ্যাম্বুলেন্সে প্রায় ৩ বছর থেকে চালক না থাকা ও দীর্ঘ সময় অচল পড়ে থাকায় ইঞ্জিন স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হয়ে যায়। উপজেলায় প্রায় ১৫ লাখ লোকের বসবাস। তাদের দ্রুত চিকিৎসা সেবা দেয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মাত্র অ্যাম্বুলেন্স সচল থাকলেও চালক না থাকায় রোগীদের কোন কাজে আসছেনা। এতে করে উপজেলার ২২টি ইউনিয়নের বসবাসরত প্রায় ১৫ লক্ষ মানুষের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠির হাজার হাজার লোকের ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা। প্রতিদিন চিকিৎসা নিতে আসা শত শত রোগী চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে হাসপাতালের সবকয়টি অ্যাম্বুলেন্স অকেজো অবস্থায় পড়ে থাকায় মুমূর্ষ রোগীদের চিকিৎসা কাজে সরকারি অ্যাম্বুলেন্সগুলো কাজে আসছে না। এ সুযোগে রোগী পরিবহনে হাসপাতালের মূল ফটকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে বেসরকারি অ্যাম্বুলেন্স। গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর ও ঢাকা নিতে হলে বেসরকারি অ্যাম্বুলেন্স ছাড়া উপায় থাকে না।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আলম বলেন, এখানে বর্তমানে চার টি অ্যাম্বুলেন্স রয়েছে। এর মধ্যে তিনটি অচল হয়ে আছে। দীর্ঘ দিন থেকে হাসপাতালটিতে অ্যাম্বুলেন্সে চালকের পদটি শূণ্য রয়েছে। এর মধ্যে এই বছর আরো একটি অ্যাম্বুলেন্স এই হাসপাতে যুক্ত হয়েছে। এটি যাতে কোন ভাবে বিকল না হয় তার জন্য আউট সুর্স এর মাধ্যমে ড্রাইবার নিয়োগ দেওয়া হবে। বিকল হওয়া অ্যাম্বুলেন্স সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নওগাঁয় মাদক মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মাদক পাচার সম্পর্কিত একটি মামলার রায়ে দুই যুবকের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে বরোটায় জনাকীর্ন আদালতে এই রায় প্রদান করেন দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক হাসান মাহমুদুল ইসলাম।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলো চাঁপাই নবাবগঞ্জ জেলার সদর উপজেলাধীন নরেন্দ্রপুর মোল্লা পাড়ার সাইদুর রহমানের ছেলে জুয়েল রানা (১৮) ও মোঃ আমির হোসেনের ছেলে বাবু (১৯)। প্রদত্ত রায়ে দন্ডপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে নগদ ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছর করে সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এ পি পি শামসুল হক জানিয়েছেন, গত ২০২১ সালের ২৯ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ লোকমান হোসেনের নেতৃত্বে এক অভিযান চালিয়ে সড়াইগাছি-আড্ডা সড়কে পোরশা উপজেলার জালুয়াপাড়া নামকস্থানে ঐ দুই মোটসাইকেল আরোহীকে আটক করা হয়। তাদের শরীরে তল্লাশী চালিয়ে দু’জনের নিকট থাকা পৃথক দু’টি প্যাকেটে ২২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ লোকমান হোসেন এ ব্যপারে পোরশা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশের সহায়তায় আসামীদের কোর্টে প্রেরন করা হয়।

মামলা চলাকালে স্বাক্ষীদের নিকট থেকে স্বাক্ষ্য গ্রহন শেষে বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে এািপপি এ্যাড. শামসুল হক এবং আসামী পক্ষ্যে এ্যাড. আব্দুর রাজ্জাক মামলাটি পরিচালনা করেন।

২বছরের শিশুর পানিতে ডুবে মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আবু তালিব নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গাজীপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মো. আব্দুল হাসিমের ছোট ছেলে।

জয়চণ্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মো. ফজলুল আউয়াল বলেন, সাড়ে ১২টার দিকে আবু তালিবকে তার মা খাওয়া দাওয়া করিয়ে ঘরের ভেতর খেলতে রেখে গৃহস্থালীর কাজে ব্যস্ত হয়ে যান। দরজা খোলা থাকায় ঘর থেকে বেরিয়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

তাকে ঘরে দেখতে না পেয়ে প্রায় ঘণ্টাখানেক খোজাখুঁজির পর পুকুরের পানিতে আবু তালিবের দেহ ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তালিবকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

বাঞ্ছারামপুরে একাধিক মামলার আসামি কসাই রুবেলসহ গ্রেফতার ২

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। ৭ই জুন মঙ্গলবার পৌরসভার ৬ নং ওয়ার্ডে অভিযানে চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বাঞ্ছারামপুর উপজেলার দড়ি বাঞ্ছারামপুরের সুন্দর মিয়ার ছেলে কসাই রুবেল (৩৮) এবং  কুমিল্লা হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রামের জিবন মিয়ার ছেলে হাবিবুর রহমান হিজলা মহিলার নাম হাবিবা (৩৮)।

এদের মধ্যে কসাই রুবেলের কাছ থেকে ১১৮২ পিস ইয়াবা ও হিজলা হাবিবার নিকট হইতে ৭৫৫পিস ইয়াবা, মোট ১৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

পূর্বে কসাই রুবেলের বিরুদ্ধে ২৪ টি মামলা এবং হিজলা হাবিবের বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে।

সার্কেল এএসপি মোঃ সিরাজুল ইসলাম জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানে মঙ্গলবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৬ নং ওয়ার্ডের চকের হাটি জনৈক আব্দুর রব মিয়ার বাড়ীর সামনে কয়েকজন লোক মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করিতেছে।  উক্ত সংবাদ পাইয়া এসআই (নিঃ) মো.মনিরুল ইসলাম সংগীয় এসআই (নিঃ)মো.আবু নাসের  ও ফোর্সসহ  বাঞ্ছারামপুর টু উজানচর সড়কের পশ্চিম পাঁর্শ্বে ফায়ার সার্ভিস হইতে অনুমান আধা কিলোমিটার দক্ষিণে উক্ত রব মিয়ার বসত বাড়ীর সামনে রাস্তার উপর ৭/৬/২০২২ তারিখ সকাল ৮ ঘটিকার সময় উপস্হিত হইলে পুলিশের উপস্হিতি টের পাইয়া কয়েকজন লোক দৌড়াইয়া পালোনোর চেষ্টা কালে উক্ত এসআই তাদের দুইজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত দুইজনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে বাঞ্ছারামপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।