“আমরা কি ঘরে বসে আঙুল চুষব?”

রাজনীতি ডেস্কঃ সব ধরনের ষড়যন্ত্রের গন্ধ মাটি চাপা দিতে দলীয় নেতাকর্মীদের ‘তৈরি হয়ে যাওয়ার’ আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, “আমার নেত্রীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমরা কি ঘরে বসে আঙুল চুষব?”

আজ মঙ্গলবার (৭ জুন) ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এমন আহ্বান জানিয়ে এ কথা বলেছেন।

এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গণভবন প্রান্ত থেকে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ আলোচনা সভাটি সঞ্চালন করেন।

এর আগে সকালে আওয়ামী লীগের নেতারা ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিশ্বব্যাংক আমাদের চুরির অপবাদ দিয়েছে, দুর্নীতির অপবাদ দিয়েছে। কানাডার আদালতে প্রমাণ হয়ে গেছে আমরা চোর না, আমরা বীরের জাতি। এই পদ্মা সেতু শেখ হাসিনার অসম সাহসের প্রতীক। এই পদ্মা সেতু বীর বাঙালির সাধ্যমত্তার প্রতীক। এই পদ্মা সেতু বাংলাদেশের জনগণের অহংকারের প্রতীক।

সব ধরনের ষড়যন্ত্র বাঞ্চাল করতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা তৈরি হয়ে যান। রাজপথ আমরা ছাড়িনি। ৪ তারিখে নেত্রীকে কটূক্তির প্রতিবাদে আমরা একটা প্রোগ্রাম নিয়েছিলাম সারাদেশে। আমি অবাক হয়ে শুনেছি ইউনিয়ন পর্যন্ত এই বিক্ষোভ সারা দেশে হয়েছে। আমরা ৬ দফার শক্তিতে বলিয়ান, আমরা স্বাধীনতার চেতনায় মহিয়ান। আমরা আমাদের আস্থার বাতিঘর দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আস্থাবান। আসুন, ষড়যন্ত্রের গন্ধ মাটিচাপা দিয়ে ঘাতকের ষড়যন্ত্র নস্যাৎ করে আবারও জেগে উঠি। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তার সুযোগ্য কন্যার হাতকে আরও শক্তিশালী, আরও মজবুত করি। কাপন ধরাই দেশবিরোধী ষড়যন্ত্রের বেদিমূলে।

রান্নায় তেলের ব্যবহার কমাতে মেনে চলুন কিছু কৌশল

লাইফস্টাইল ডেস্কঃ রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার স্বাস্থ্যের পক্ষে যে কতটা ক্ষতিকর সে সম্পর্কে আমরা সকলেই জানি। কিন্তু তেল-মশলা দিয়ে কষিয়ে রান্না না হলে আবার আমাদের খাওয়া ঠিক জমে না। আর তাই তো ক্ষতিকর জেনেও তেলের ব্যবহার আমরা ছাড়তে পারি না। এর ফলস্বরুপ হজমের সমস্যা, পেট খারাপ-সহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়৷ সেই সঙ্গে মেদ বৃদ্ধি হতে থাকে শরীরে।

হাজার চেষ্টা করেও যারা রান্নায় কিছুতেই তেলের পরিমান কমাতে পারছেন না তাদের জন্য রান্নায় তেলের ব্যবহার কমাতে রইলো কিছু কৌশলঃ

ননস্টিক কড়াই ব্যবহার করুন:  এতে তেল খুব কম লাগে। আর রান্না তলায় লেগেও যায় না। এই কড়াইতে অল্প তেলে ঢাকা দিয়ে রান্না করলে চটজলদি রান্না করা যায়। আর খাবারের স্বাদও দারুণ হয়। মাছ ভাজা থেকে সব মাংস এবার থেকে সব রান্নাই ননস্টিক কড়াইয়ে অল্প তেলে বানিয়ে ফেলা যায়। তবে ননস্টিক কড়াই অবশ্যই ভালো মানের হতে হবে।

আগে থেকে মশলা মাখিয়ে রাখুন:  রান্নার বেশ কিছুক্ষণ আগে মাছ, মাংস কিংবা অন্যান্য খাবারে মশলা মাখিয়ে রেখে দিন। এতে রান্নার স্বাদও বাড়ে আর তেলও কম লাগে। দই ব্যবহার করা যেতে পারে তাহলে রান্নায় খুব বেশি তেল না দিলেও হয়।

চামচে মেপে তেল দিন:  রান্নায় অতিরিক্ত তেল দিলেই যে তার স্বাদ বেড়ে যায় এটা সম্পুর্ন ভুল ধারনা। যেই বোতলে তেল রাখা থাকে সেখান থেকেই সরাসরি তেল নিয়ে আমরা রান্নায় ব্যবহার করি। আর তাই এ ক্ষেত্রে রান্নায় তেল অনেক ক্ষেত্রেই বেশি পরে যায়। তাই চামচে মেপে তেল ব্যবহার করাই ভাল। ডুবো তেলে রান্না না করে, অল্প তেলে ঢেকে রান্না করুন।

বেক করুন:  বেকিং পদ্ধতিতে রান্না করলে তেল অনেকটাই কম লাগে। আর তাই তেলের ব্যবহার কমাতে মাছ, মাংসে মশলা মাখিয়ে বেক করে নিতে পারেন। সামান্য পরিমান তেল কিংবা মাখনেই বেক করা যায়।


ভাপে রান্না করুন:  যে কোনও সবজি ভাজার আগে ভাপিয়ে নিন। এতে রান্না করতে যেমন কম সময় লাগে তেমনই কিন্তু তেলও খুব কম লাগে। বজায় থাকে পুষ্টিগুণও। মাছ, ডিম, পনির কিংবা মুরগির বিভিন্ন পদও ভাপেই রান্না করা যায়। আর এই পদ্ধতিতে রান্না করলে তেলের সাশ্রয় হয়।

মুরাদনগরে বর্ষা ঋতুর আগমনে জমে উঠেছে শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী নৌকার হাট

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারে জমে উঠেছে নৌকার হাট।বর্ষা ঋতুর আগমনকে কেন্দ্র করে জমে উঠেছে শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী নৌকার হাট। এ হাটকে কেন্দ্র করে উপজেলার, ১২নং রামচন্দ্রপুর ইউনিয়নের গ্রামের অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। জ্যৈষ্ঠ থেকে শুরু করে আশ্বিন এ চার মাস নৌকা বেচা-বিক্রির ধুম পড়ে যায় হাটে। আষাঢ় মাস থেকে শুরু হয় নৌকার হাটের ভরা মৌসুম। তখন খালের পানিতে সমান তালে চলে বাহারি নৌকা ক্রয় বিক্রয়। চাম্বল, মেহগনি ও রেইনট্রি কাঠের নৌকা আসে এখানে।

কথা হয় স্থানীয় একাধিক ব্যক্তির সাথে। তারা জানান, প্রতি সপ্তাহে রামচন্দ্রপুর বাজারে বসে এই হাট।তবে এ বছর গত কয়েক বছরের তুলনায় এই বছরে নৌকার দাম বিক্রেতারা তাদের আশা অনুরুপ নয়, বিক্রেতারা জানিয়েছেন ৪ হাজার টাকার নৌকা ৩ হাজার টাকায় বিক্রয় হয়।

তবে বাস্তবতা হচ্ছে ধীরে ধীরে শত বছরের ঐতিহ্যবাহী পুরানো নৌকার হাট কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। কয়েক বছর আগেও এ বাজারটিতে ব্যবসায়ীরা নৌকার সারি সারি স্তুপ করে সাজাতো। বর্তমানে অল্প সংখ্যক নৌকা নিয়ে ব্যবসায়ীরা এ বাজারে আসে। পানি না হওয়ার কারণে ক্রেতাদেরও নেই আনাগোনা। বিক্রির আশায় তীর্থের কাকের মতো বসে থাকে নৌকা বিক্রেতারা। অল্প সংখ্যক বিক্রি হলেও লাভের মুখ দেখছেনা নৌকা প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা। এ অবস্থায় হতাশ হয়ে পড়েছেন নৌকা কারিগর এবং ব্যবসায়ীরা।

জানা যায়, উপজেলার ১৭১টি খাল বেদখল হয়ে যাওয়ায় নৌকার ব্যবহার আগের মতো আর হচ্ছে না। আগে নৌকা দিয়ে মানুষজন আত্মীয়-স্বজণের বাড়িতে বেড়াতে যেতেন, আর জেলেরা নৌকা দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন এবং খালের পানি দিয়ে জমি চাষাবাদ করতেন কৃষক। এখন এই খালগুলি ভরাট হয়ে যাওয়ায় নৌকার ব্যবহার তেমন হচ্ছে না।

এক দিনের ব্যবধানে ফের টাকার মান কমে ডলারের দাম বৃদ্ধি

অর্থনীতিক ডেস্কঃ ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো। গতকাল (সোমবার) ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ৬০ পয়সা কমে বিনিময় মূল্য হয় ৯১ টাকা ৫০ পয়সা। মঙ্গলবার তা আরও ৪৫ পয়সা কমে দাঁড়িয়েছে ৯১ টাকা ৯৫ পয়সায়। আজ মঙ্গলবার (৭ জুন) এক দিনের ব্যবধানে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

যদিও কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবারই ব্যাংকগুলোর কাছ থেকে এক ডলারের বিপরীতে ৯১ টাকা ৯৫ পয়সা নিয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র নিশ্চিত করেছে। ডলারের দর ব্যাংকগুলোর ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের পর থেকে ৫ দিনে চার দফায় দাম কমল টাকার। গত মে মাসেও ডলারের বিপরীতে চার দফা কমেছিল টাকার মান। এর আগে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক প্রতি মার্কিন ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করে দিয়েছিল। যা তার আগে ছিল ৮৯ টাকা।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে ৯১ টাকা ৯৫ পয়সা। ব্যাংকগুলোর কাছে প্রতি ডলার বিনিময় মূল্য ৯১ টাকা ৯৫ পয়সা ধরে ১৩০ মিলিয়ন ডলার বিক্রি করেছে। সব মিলিয়ে এ অর্থবছরে ৬০৭ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়। যা এখন পর্যন্ত অব্যাহত আছে।

কুমিল্লায় গত ১৬ মাসে বিভিন্ন অভিযানে ২৭ কোটি টাকার মাদক উদ্ধার!

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লায় বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা, হুইস্কি হিরোইন, বিয়ার, দেশি ও বিদেশি মদসহ গত ১৬ মাসে বিভিন্ন অভিযানে ২৭ কোটি টাকার মাদক উদ্ধার করেছে পুলিশ। এছাড়া কুমিল্লা সিটি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান করেছে কুমিল্লা জেলা পুলিশ।

প্রচারণার গত বারো দিনে সহস্রাধিক যানবাহন থেকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে নয় শতাধিক মোটর সাইকেল রয়েছে।সোমবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টায় কুমিল্লা পুলিশ লাইন শহীদ আর আই এবিএম আবদুল হালিম মিলনায়তনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তানভীর আহমেদ।গত ১৬ মাসে বিভিন্ন অভিযান পরিচালনার মাধ্যমে ১০ টন গাঁজা ও এর সাথে সংশ্লিষ্ট ৪৩২৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এই মাদক উদ্ধারের মধ্যে প্রায় তিন লাখ পিস ইয়াবা, ২০ হাজার পিস ফেনসিডিলসহ মদ, বিয়ার হুইস্কি, হিরোইন ও ইস্কাফ রয়েছে।গত জানুয়ারি-২১ থেকে এপ্রিল-২২ এই ১৬ মাসে জেলা পুলিশের উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ২৭ কোটি টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তানভীর আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান বেড়েছে। জিরো টলারেন্স থাকায় এ বছর জেলা পুলিশের হাতে প্রচুর পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। আমরা মাদক বহনকারীদের পাশাপাশি কারবারিদেরও গ্রেফতার করছি। তাছাড়া নির্বাচন উপলক্ষে বিভিন্ন অবৈধ যানবাহন আটক ও জরিমানা করা হচ্ছে নগরীর ১৫টি চেক পোস্টের মাধ্যমে।

উল্লেখ্য, জেলায় গত বছরের তুলনায় এবছর মাদক উদ্ধার হয়েছে ৬১৪ শতাংশ বেশি। 

আইসিসির মে মাসের সেরার তালিকায় মুশফিক

স্পোর্টস ডেস্কঃ আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মে মাসের সেরা তিন খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়েছেন টাইগার ব্যাটার মুশফিকুর রহিম। চট্টগ্রাম ও ঢাকা টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে এই স্বীকৃতি পেলেন মিস্টার ডিপেন্ডেবল। গত রবিবার মে মাসের সেরা নির্বাচনের জন্য মনোনীত তিনজনের নাম প্রকাশ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের সঙ্গে মে মাসের সেরার তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ ও পেসার আসিথা ফার্নান্দো।

এর আগে গত বছরের মে মাসেও মুশফিক আইসিসির মাসসেরা নির্বাচিত হয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়ার পরও ঘরের মাটিতে তার জন্য গত টেস্ট সিরিজটি স্মরণীয় ছিল। দুই টেস্টে ৩০৩ রান করে তিনি ছিলেন সিরিজের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক। ম্যাথুজের মতো তিনিও করেন দুটি সেঞ্চুরি। চট্টগ্রাম টেস্টে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সাদা পোশাকে ৫ হাজার রানের মাইলফলকে পা রাখেন তিনি।

মিরপুর টেস্টে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ যখন ১৬ রানে ৩ উইকেট হারায় তখনি মুশফিক ক্রিজে নামেন। স্কোরবোর্ড একসময় হয়ে যায় ৫ উইকেটে ২৪ রান। লিটনকে সঙ্গে নিয়ে সেখান থেকে মুশফিক ঘুরে দাঁড়ানোয় নেতৃত্ব দেন। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে ২৭২ রানের জুটি গড়েন আর ৩৬৫ রানের সংগ্রহ পায় স্বাগতিকরা।

এত চেষ্টার পরেও ১৭৫ রানের সাহসী ইনিংস খেলা মুশফিকের দুর্ভাগ্য বাকি ব্যাটারদের ব্যর্থতায় পরাজয়ের স্বাদ পেতে হয়। দারুণ ইনিংসে অবশ্য টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ উপরে উঠে এখন ১৭তম অবস্থানে মুশফিক।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষেই দুই টেস্টে ২ সেঞ্চুরিসহ ৩৩৪ রান করে মনোনীত হয়েছেন ম্যাথুজ। আরেক লঙ্কান ক্রিকেটার আসিথা সিরিজে ১৩ উইকেট নিয়ে সেরার দৌড়ে।

 

কমলগঞ্জে ২ প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার (৬ জুন) বিকালে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে ও র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় চাউলের আড়ৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিং ও তদারকি, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় পাকা রশিদ দেখাতে না পারা, মেয়াদ উত্তীর্ণ ময়দা বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারের ষ্টেশন রোডের পূজা এন্টারপ্রাইজ (মাষ্টারের দোকান) কে ২০ হাজার ও গৌরাঙ্গ খাদ্য ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্যমূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম চলমান থাকবে।

স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’র নতুন ছবি

বিনোদন ডেস্কঃ আগামী ১০ জুন সারাবিশ্বে মুক্তি পেতে চলেছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’র নতুন ছবি। এদিকে বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর নিয়ে এলো স্টার সিনেপ্লেক্স। আন্তর্জাতিক মুক্তির দিনেই কলিন ট্রেভরো পরিচালিত এই ছবিটি ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে।

স্টিভেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’ ছবিটি মুক্তির পর থেকে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়েছে উঠেছে। একে একে মুক্তি পায় জুরাসিক সিরিজের আরও ৫টি সিনেমা। আর এবার আসতে চলেছে সিরিজের ষষ্ঠ সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড: ডমিনিয়ন’। এই ছবিতে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট, ব্রিস ডালাস হাওয়ার্ড, স্যাম নিল, লরা ডার্ন এবং জেফ গোল্ডব্লাম প্রমুখ।

৫ জুন থেকে অনলাইন এবং কাউন্টারে অগ্রীম টিকেট বিক্রি শুরু হয়ে গিয়েছে। আর এর পাশাপাশি একটি বিশেষ অফার হচ্ছে আগামী ১৫ জুন পর্যন্ত যারা স্টার সিনেপ্লেক্সের টিকেট কিনবেন (যে কোন সিনেমার) তাদের টিকেটের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী একজন কক্সবাজারে বিমানে আসা-যাওয়া এবং হোটেল সায়মনে দুই রাত থাকার সুযোগ পাবেন।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ১১ জুন স্টিভেন স্পিলবার্গের ছবি ‘জুরাসিক পার্ক’ মুক্তি পেয়েছিল। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘জুরাসিক ওয়ার্ল্ড: দ্য ফলেন কিংডম’। এই ছবিটি ২০১৫ সালে মুক্তি পাওয়া জুরাসিক ওয়ার্ল্ড ছবির সিক্যুয়েল হিসেবে তৈরি করেছিলেন প্রযোজক স্টিভেন স্পিলবার্গ। ভবিষ্যতের জন্য জুরাসিক ওয়ার্ল্ড ট্রিলজির অংশ হিসেবে ২০১৪ সালের প্রথম দিকে এই চলচ্চিত্রটির পরিকল্পনা করা হয়েছিল। ২০২০ সালের ফেব্রুয়ারিতে কানাডায় এর শুটিং শুরু হয়। ২০২০ সালের মার্চ মাসে কোভিড-১৯ মহামারীর কারণে নিরাপত্তা মূলক সতর্কতা হিসেবে এর চিত্রায়ন বন্ধ রাখা হয়েছিল। এরপর ২০২০ সালের জুলাই মাসে পুনরায় কাজ শুরু হয়।

 

বরিস জনসনের প্রধানমন্ত্রীত্ব টিকে গেল অনাস্থা ভোটে

আন্তর্জাতিক ডেস্কঃ সরকারি বাসভবনে মদের পার্টি আয়োজন করে লকডাউনের বিধি ভঙ্গ করায় নিজ দল কনজারভেটিভ পার্টির এমপিদের অনাস্থা ভোটে জয়ী হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল সোমবার (৬ জুন) তার নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন তার কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতারা।

কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডি গতকাল সোমবার স্থানীয় সময় রাত ৯ টায় ফল ঘোষণা করেন। এর আগে সন্ধ্যা ৬টায় ভোট শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে। তার পক্ষে ভোট পড়েছে ২১১ এবং বিপক্ষে পড়েছে ১৪৮ ভোট। আইনপ্রণেতাদের ৫৯ শতাংশের সমর্থন পেয়েছেন তিনি। এর ফলে তিনি প্রধানমন্ত্রীর পদে বহাল রইলেন।

জনসন বলেন, এটি একটি খুব ভালো ও সন্তোষজনক ফলাফল এবং মিডিয়া যেসব বিষয় নিয়ে ব্যস্ত থাকে তা পেছনে রেখে দেওয়ার সুযোগ। সরকারের কাজের সাফল্য তুলে ধরতে তিনি কোভিড-১৯ টিকাদান কর্মসূচি, বেকারত্বের হার কমানো, ইউক্রেন যুদ্ধে সহায়তা এবং শরণার্থী সংকট সামাল দেওয়ার বিষয়গুলো উল্লেখ করেন। তাছাড়াও আগামীতে সরকারের আরও কিছু ভালো কাজ করে দেখানোর প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, জনসন ২০১৯ সালের নির্বাচনে বড় জয় পেয়েছিলেন। কিন্তু গত মাসে কোভিড -১৯ মহামারী চলাকালে ডাউনিং স্ট্রিটে লকডাউন ভেঙে পার্টি করার ঘটনার প্রতিবেদন প্রকাশ করা হলে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রেক্ষাপট তৈরি হয়। জনসন একাধিক বার করোনার বিধিনিষেধ ভঙ্গ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

ইউক্রেনে সর্বাধুনিক রকেট সিস্টেম পাঠাচ্ছে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস এলাকায় রাশিয়ার ব্যাপক সামরিক অভিযান ঠেকাতে ব্রিটেন সর্বাধুনিক রকেট সিস্টেম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে ইউক্রেনের সমর্থনে অস্ত্র পাঠানোর ব্যাপারে পশ্চিমা দেশগুলোকে রাশিয়া আগেই সতর্ক করে বলেছে, যুদ্ধের আগুনে যেন তারা ঘি না ঢালে।

অন্যদিকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, রাশিয়ার অগ্রাভিযানকে বাধাগ্রস্ত করতে ইউক্রেনের কাছে তারা এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম পাঠাবে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই উন্নতমানের রকেট ৫০ মাইল বা ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

এছাড়া ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের অনুরোধের পর তারা এই অস্ত্র সরবরাহ করতে যাচ্ছে। এই রকেট সিস্টেমকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী অত্যন্ত কার্যকর বলে উল্লেখ করেন।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সম্প্রতি ইউক্রেন যে রকেট সিস্টেম পাঠানোর ঘোষণা দিয়েছে তার সঙ্গে সমন্বয় করে ব্রিটিশ সরকার এই উন্নতমানের রকেট সিস্টেম পাঠাতে যাচ্ছে।

আর ধারণা করা হচ্ছে, ব্রিটেনের এইরকম সিস্টেম চালানোর প্রশিক্ষণ দিতে ব্রিটিশ সরকার ইউক্রেনে সামরিক বিশেষজ্ঞ পাঠাবে। ব্রিটিশ এই রকেট সিস্টেম পরিচালনা করতে একসঙ্গে ৩ জন ব্যক্তির প্রয়োজন হয়।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে এই পর্যন্ত ব্রিটেন ইউক্রেনকে ৭৫ কোটি পাউন্ডের সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে যার অংশ হিসেবে ট্যাঙ্ক-বিধ্বংসী পাঁচ হাজার রকেট এবং ১২০টি ট্যাংক ও সাঁজোয়া যান দিয়েছে লন্ডন।