ফের টাকার মান কমে ডলারের দাম বৃদ্ধি

সিএনবিডি ডেস্কঃ ফের টাকার মান কমে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। ডলারের বিপরীতে বাংলাদেশ ব্যাংক টাকার দাম একবারে কমিয়েছে ১ টাকা ৬০ পয়সা। এবার প্রতি ডলারের বিনিময়মূল্য ৯১ টাকা ৫০ পয়সা; যা আগে ছিল ৮৯ টাকা ৯০ পয়সা। গতকাল সোমবার (৬ জুন) কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, গত সপ্তাহের বৃহস্পতিবার প্রতি ডলারের মূল্য ৯০ পয়সা বাড়ানো হয়, তার আগে বাড়ানো হয়েছিল ১ টাকা ১০ পয়সা।

বাংলাদেশ ব্যাংক সুত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার থেকে ৯১ টাকা ৫০ পয়সা দরে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করা শুরু করেছে। মুলত সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে এ ডলার বিক্রি করা হয়। ফলে, এটাই এখন ডলারের আনুষ্ঠানিক দর। তবে ব্যাংকগুলো আমদানিকারকদের কাছ থেকে প্রতি ডলারে ৯৫ টাকার বেশি দাম নিচ্ছে। আর প্রবাসী আয় ডলার আনছে ৯৩ থেকে ৯৪ টাকা দরে।প্রবাসী আয় আনতে গত বৃহস্পতিবার ডলারের দামের সীমা তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়, বাজারের সঙ্গে সংগতি রেখে ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করতে পারবে। এর পর থেকে দুই দফা দাম বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, আমদানি পণ্যের দাম ও জাহাজভাড়া বেড়ে যাওয়ায় ইতিমধ্যে আমদানি ব্যয় বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে সে খরচ মেটানো যাচ্ছে না। এতে তৈরি হয়েছে ডলার সংকট। আর সংকট সামলাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে কয়েক দফায় বেড়ে গেছে ডলারের দাম।

রাণীশংকৈলে নেকমরদ পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ পশুহাটে কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে। তারা সরকার নির্ধারিত দর ২৩০ টাকার বদলে প্রতি গরুতে ৪০০ টাকা করে নিচ্ছে। ছাগলে নিচ্ছে ৯০ টাকার বদলে ১৫০ টাকা।

সুত্রে জানা গেছে, গত ৮ মে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিত সাহা অতিরিক্ত খাজনা আদায়ের প্রমাণ পেয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেন। পরের সপ্তাহে ১৫ মে আবারও ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এর পরের দুটি হাটে যথানিয়মে অতিরিক্ত খাজনা আদায় করলেও উপজেলা প্রশাসন অজ্ঞাত কারণে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি।

গত রবিবার (৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরকে অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি আগামী সপ্তাহের হাটে ব্যবস্থা নেবেন বলে জানান।

গত রবিবার ওই হাটে গিয়ে দেখা গেছে, প্রতিটি গরু ৪০০ টাকা করে আদায় করছে হাটের খাজনা আদায়কারী কর্মচারীরা। একইভাবে ছাগলেরও ১৫০ টাকা করে আদায় করা হচ্ছে।

স্থানীয় গরু ব্যবসায়ী সফিউল ইসলাম বলেন, হাটে গরু প্রতি ১৭০ টাকা বেশি খাজনা নিচ্ছে। মাঝে মাঝে এসিল্যান্ড এসে ১০ থেকে ১৫ হাজার টাকা জরিমানা করে চলে যাচ্ছেন। কিন্তু অতিরিক্ত খাজনা আদায় বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

আরেক ব্যবসায়ী দুরুল হক বলেন, যা জরিমানা করা হয় তা হাট ইজারাদারের পকেট থেকে যায় না। প্রত্যেক হাটে অতিরিক্ত খাজনা আদায় করে সর্বনিম্ন ১ থেকে দেড় লাখ টাকা। সেখানে থেকে ১৫ থেকে ২০ হাজার টাকা জরিমানা দিলে ইজারাদারের কোনো লোকসান হয় না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গরু ছাগলের ব্যবসায়ী বলেন, যে টাকা অতিরিক্ত খাজনা নেওয়া হয় তা দিয়ে একটি গরুর অনন্ত তিন চার দিনের খাবার কিনতে পারা যাবে। উপজেলা প্রশাসন যদি সঠিকভাবে ব্যবস্থা নেয় তাহলে ইজারাদার অতিরিক্ত খাজনা আদায় করার সাহস পাবে না। প্রশাসন মাঝে মাঝে এসে কিছু জরিমানা করে তাঁরা তাঁদের দায় সারেন।

অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে হাট ইজারাদার আব্দুল কাদের বলেন, আপনি হাটে এসে দেখা করেন। ফোনে আমি কিছু বলব না।

এ বিষয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, হাটে অতিরিক্ত খাজনা আদায়ের সুযোগ নেই। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

নবাবগঞ্জে ল্যাম্ব এর সহযোগিতায় নেটওয়ার্কিং ও সমন্বয় সভার আয়োজন

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নানা সমস্যা নিয়ে উপজেলার বিভিন্ন চার্চ এন্ড কমিউনিটির প্রতিনিধিদের নিয়ে এক সমন্বয় সভা করেছে উপজেলা এনজিও ফোরাম।

গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার গোলাবাড়ী শালোম প্রেস বিটেরিয়ান চার্চে এনজিও সংস্থা ল্যাম্ব এর সিসিটি প্রজেক্ট এর সহযোগিতায় এবং সিডার ফান্ড- হংকং এর আর্থিক সহযোগিতায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিসিডিবির কর্মকর্তা পাত্রাস মুর্মুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ল্যাম্বের কর্মকর্তা ও ফোরামের সাধারণ সম্পাদক গাব্রিয়েল কিস্কু, ব্র্যাকের প্রতিনিধি শহিদুল ইসলাম সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, চার্চের প্রতিনিধি, সাংবাদিক গন বক্তব্য রাখেন।

সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝি নেতৃত্ব ও মন্ডলদের আধুনিকায়ন ছাড়াও বাল্য বিবাহ, মাদকের অপব্যবহার রোধের উপায় ছাড়াও স্থানীয় কমিউনিটির মানুষের সমস্যা ও প্রয়োজন চিহ্নিত করা এবং সরকারী ও বেসরকারী সংস্থার সুযোগ-সুবিধাগুলো সমন্বয়ন করে সমাজের সামগ্রিক উন্নয়ন করা সহ শিক্ষা, ভূমি বেদখল, সরকারী ভাতা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পরিকল্পনা প্রণয়ন করা হয়।

এসময় উপজেলার বিভিন্ন কমিউনিটি লিডার গন, এনজিও প্রতিনিধি সহ নেটওয়ার্কিং এর সদস্য গন ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলায় ৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি শহরে বন্দুকধারীর হামলায় অন্তত ৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার তথ্য মতে, বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে ৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছন। নিহতদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী রয়েছে।

টেনেসিতে একটি নাইটক্লাবের কাছে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন গুলিবিদ্ধ হয়ে এবং একজন গাড়ির ধাক্কায় মারা গেছেন। এ দুটি ঘটনাই শনিবার দিবাগত মধ্যরাতে ঘটে।

এছাড়া, রোবাবর ভোরে মিশিগানে একটি নাইটক্লাবের কাছে ম্যাককুলি অ্যাভিনিউতে গুলি চালালে ৩ জন নিহত ও ২ জন আহত হন।

এর আগে গত মাসেই যুক্তরাষ্ট্রে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়। সূত্র: আল জাজিরা।

আগামী সপ্তাহে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে : খাদ্যমন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ চালের বাজার স্বাভাবিক রাখতে আগামী সপ্তাহে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ সোমবার (৬ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বাজারে অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই চাল যেন শুল্কমুক্তভাবে আনা যায় তা নিয়ে আলোচনা চলছে। এতে করে আমাদের কৃষক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আজ খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির মিটিংয়ে রেজ্যুলেশনসহ সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে দ্রুতই পাঠানো হবে। এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। চালের পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সম্প্রতি চালের দাম দফায় দফায় বেড়ে যাওয়ায় সারাদেশে অবৈধভাবে চাল মজুতের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। কোনোভাবেই চালের বাজার অস্থিতিশীল হতে দেওয়া যাবে না বলে তিনি জানিয়েছেন।

তিনি আরো বলেন, সরকারের বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে বেশি চাল যাদের গুদামে পাওয়া যাবে সেগুলো অবৈধ চাল হবে। আর সেগুলো সিলগালা করা হবে।

উল্লেখ্য, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) ভার্চুয়াল বৈঠকে আজ স্থানীয় সকরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বৈঠকে উপস্থিত থেকে মতামত পেশ করেন।

এছাড়াও বৈঠকে এনবিআরের চেয়ারম্যান, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মন্ত্রী পরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এবং খাদ্য মন্ত্রণালয়ের সচিব অংশ নেন।

ধর্ষণের পর স্বামী-স্ত্রীকে হত্যা মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড

সিএনবিডি ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দলবদ্ধ ধর্ষণের পর এক নারী ও তার স্বামীকে হত্যার ঘটনায় ৬ আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন মহামান্য আদালত। আজ সোমবার (৬ জুন) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা দেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন সুমন, লোকমান, শফিক, সুমন ২, আরিফুল ও জামাল। তাদের মধ্যে সুমন, লোকমান ও শফিক পলাতক রয়েছেন।তবে উপস্থিত তিন আসামি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালত যুক্তিতর্ক শেষে তাদের ফাঁসির আদেশ দেন।

মামলার বরাত দিয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৯ সালের ১১ আগস্ট রাতে রূপগঞ্জের দেবই গ্রামে খাদিজা নামের নারী ও তার স্বামী আবদুর রহমানকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় আসামিরা। তারা স্বামীকে বেঁধে খাদিজাকে দলবেঁধে ধর্ষণ করেন। পরে দুইজনকে হত্যা করে রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেন। ১৬ আগস্ট দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল ১২ জনের সাক্ষ্যগ্রহণ বিচার বিশ্লেষণ করে ৬ জনের ফাঁসির আদেশ দেন।

নাইজেরিয়ায় চার্চে বন্দুক হামলায় নিহত অন্তত ৫০ জন

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওন্ডো রাজ্যের একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীরা গুলির হামলায় ৫০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অনেকেই।

গতকাল রবিবার (৫ জুন) ওন্ডো রাজ্যের ওয়ো শহরের সেইন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে উপাসকরা প্রার্থনার জন্য জড়ো হওয়ার সময় এই সহিংসতা শুরু হয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, ৫০টিরও কম মৃতদেহকে ওয়োর ফেডারেল মেডিকেল সেন্টার এবং সেন্ট লুইস ক্যাথলিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাজ্য পুলিশের মুখপাত্র ইবুকুন ওদুনলামি জানিয়েছেন, মৃতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। এখনও ঠিক কতজন নিহত হয়েছে তা বলা যাচ্ছে না। কিন্তু হামলায় অনেক উপাসক প্রাণ হারিয়েছেন এবং অন্যরা আহত হয়েছেন।

রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোটিমি আকেরেদোলু বলেছেন, ওন্ডো  ইতিহাসে আমরা কখনও এমন কুৎসিত ঘটনার সম্মুখীন হইনি। আমরা এই হামলাকারীদের খুঁজে বের করতে এবং তাদের শাস্তি দিতে সব ধরনের ব্যবস্থা নেব। এই হামলাকে জঘন্য ও শয়তানি বলে অভিহিত করেছেন তিনি।

নাইজেরিয়ার ক্যাথলিক চার্চের মুখপাত্র রেভারেন্ড অগাস্টিন ইকুউ বলেছেন, এটি অত্যন্ত দুঃখজনক যে যখন পবিত্র গণসমাবেশ চলছিল, তখন অজ্ঞাত বন্দুকধারীরা সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে হামলা চালায়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ‘উপাসকদের জঘন্য হত্যার’ তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আরো বলেন, পার্শ্ববর্তী অঞ্চলের শয়তানরাই এই ধরনের জঘন্য কাজ করতে পারে। যাই হোক না কেন এই দেশ কখনই দুষ্ট লোকের কাছে হার মানতে পারবে না। অন্ধকার কখনই আলোকে জয় করবে না।

এদিকে ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় চার্চের মেঝেতে প্রার্থনাকারীদের নিথর ও রক্তাক্ত মরদেহগুলো শায়িত রয়েছে। পাশেই কিছু মানুষ বিলাপ করছেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা অন্য কেউ  হামলার দায় স্বীকার করেনি।

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলাধসে একই পরিবারের ৪ জন নিহত

সিলেট প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় টিলাধসে চারজন নিহত হয়েছেন।  নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন। আজ সোমবার (৬ জুন) ভোর ৫টার উপজেলার চিতনাগুল পূর্ব সাতজনী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের ৫ বছর বয়সি ছেলে সাফি আহমদ ও জুবের আহমদের ভাবি শামীমারা বেগম (৪৮)।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের হাসপাতালে পাঠায়। এছাড়া নিহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছে ফায়ার সার্ভিস।

নিহতদের ময়নাতদন্তের কাজ চলছে। মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

নিহতদের স্বজন ইমামুল ইসলাম সাজু জানান, প্রতিদিনের মতো পরিবারের সদস্যরা রাতে ঘুমিয়ে ছিলেন। অবিরাম বৃষ্টি হচ্ছিলো। ভোরে হঠাৎ করে পাশের উচু টিলা ধসে তাদের টিনসেড পাকা ঘরে পড়ে। এতে ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়।

চিবনাগুল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী জানান, অতিরিক্ত বৃষ্টিতে পূর্ব সাতজানি এলাকার একটি টিলা ধসে ঘরের উপর পরে। এতে টিলার পাদদেশে বসবাস করা ওই পরিবারের ৪ সদস্য মারা যান।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তোগীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘সোমবার ভোর ৫টার দিকে টিলা ধসে চারজন মারা গেছেন। তারা একই পরিবারের সদস্য। নিহতদের ময়নাতদন্তের কাজ চলছে। মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

স্থানীয়রা বলছেন, পাহাড় কেটে মাটি বিক্রি এবং গত তিন দিন থেকে একটানা বৃষ্টির কারণে এই টিলা ধসের ঘটনা ঘটছে।

এস্তোনিয়ার বিপক্ষে ৫ গোল করলেন মেসি

স্পোর্টস ডেস্কঃ ফিফা প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে এবার একাই ৫গোল করে রেকর্ড করলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। গত সপ্তাহে ইতালির বিপক্ষে দারুণ খেলেও গোল পাননি তিনি। তবে এস্তোনিয়ার বিপক্ষে এবার আর আক্ষেপে পুড়তে হয়নি তাকে। তার চোখ ধাঁধানো নৈপুণ্যে সহজ প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারাল আর্জেন্টিনা আর সেই সঙ্গে মেসি নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়।

গতকাল রবিবার (৫ জুন) রাতে স্পেনের নাভারেতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে মেসির শিষ্যরা। লড়াইয়ের প্রথমার্ধে ২ টি এবং দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল করেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। জাতীয় দল আর্জেন্টিনার জার্সিতে তার গোলসংখ্যা বেড়ে হলো ৮৬।

পুরো ম্যাচে ৭৯ ভাগ বল দখল ও প্রতিপক্ষের পোস্টে ২৪টি শট নেয় আর্জেন্টিনা। আর চারটি শট নিতে সক্ষম হয় এস্তোনিয়া।

উল্লেখ্য, এস্তোনিয়ার বিপক্ষে ৭৬ মিনিটে মেসি করেছেন ৫ গোল। অথচ পিএসজির জার্সিতে পুরো এক মৌসুমে ২৬ ম্যাচে তিনি করেছেন ৬ গোল। জাতীয় দলের জার্সিতে মেসির দুর্দান্ত ফর্মের কারণেই এবার বিশ্বকাপে সাফল্যের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। এই নিয়ে টানা ৩৩ ম্যাচে অপরাজিত রইল ২ বারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০১৯ সালের জুলাইয়ের পর আর কোনো ম্যাচ হারেনি এই দল।

 

আজ দেশের যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়ার খবরঃ আজ দেশের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃতি রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় (৩ দিন) আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

গতকাল রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ছিল কুমিল্লায় ও কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ২২.৩ ডিগ্রি সেলসিয়াস করে। সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল সিলেটে ১৪৯ মিলিমিটার।