শ্রীমঙ্গলে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার  ৮ নং সাটিয়াজুরি ইউপিস্থ খোয়াই নদীর পূর্ব পারে যমুনাঘাট নামক স্থানে খোয়াই নদীর পাড়ে ঢালু জায়গায় মৃত মহিন্দ্র মালাকার (২৫)কে কে বা কাহারা মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

এই হত্যাকান্ডে মহিন্দ্র মালাকারের পিতা মনোরঞ্জন মালাকার চুনারুঘাট থানায় মামলা নং-৫ তারিখ (৪ অক্টোবর ২০১৮,) ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ মূলে মামলা দায়ের করে। দীর্ঘ প্রায় ৩ বছর পরেও এই হত্যা কান্ডের কোন রহস্য উদঘাটন করা সম্ভব না হলে র‌্যাব-৯ সিলেট এর শ্রীমঙ্গল ক্যাম্প কর্তৃক মামলাটি ছায়া তদন্তে হত্যা কান্ডের মূল হোতা মধু মিয়া(৩৫)কে গ্রেফতার করে। হবিগঞ্জের বহুলা গ্ৰামের মৃত রশিদ মিয়ার ছেলে মধুকে চিহ্নিত করে গোপন সাংবাদের ভিত্তিতে গত (৪ জুন) সাড়ে নয়টায় হবিগঞ্জ জেলার সদর থানাধীন বড় বহুলা এলাকা হইতে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে  উক্ত আসামীর নেতৃত্বে এই হত্যাকান্ড সংঘটিত হয় মর্মে স্বীকার করে। উল্লেখ্য যে ,গত ০৩ অক্টোরর ২০১৮ ইং তারিখ হত্যা মামলা দায়ের করা হয় ।

র‌্যাব ৯ সুত্র মতে জানা যায় যে, এক যুবতী নারীকে ভোগ করাকে কেন্দ্র করে কে আগে যৌন কাজে লিপ্ত হবে এই নিয়ে মৃত ভিকটিম এর সহিত কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দ্বারা মাথায় ও শরীরে আঘাত করা হয়। পরবতীতে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থলে লাশ ফেলে পালিয়ে যায়।

সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৮ কর্মীসহ নিহতের সংখ্যা বেড়ে ৪৯

সিএনবিডি ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮ কর্মীসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। এছাড়াও আহত হয়েছে প্রায় ২৫০ জনের অধিক।

শনিবার রাতে আগুন লাগার পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাত থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত একে একে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৪৯ জন হয়েছে। ফায়ার সার্ভিস বলছে, লাশের সারি আরও দীর্ঘ হতে পারে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা।

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিমের প্রধান আরিফুল ইসলাম হিমেল বলেন, সকাল থেকে (রোববার) আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। এখনো পুরোপুরি নেভেনি। কিছু কনটেইনারে এখনো আগুন জ্বলছে।

বিএম ডিপো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং ফায়ার সার্ভিসের সঙ্গে কো-অর্ডিনেট করে রাসায়নিক ও সাধারণ কনটেইনার আলাদা করার চেষ্টা চলছে। আর যেন কোনো দুর্ঘটনা না ঘটে সে ব্যবস্থা নিচ্ছি। আর যেন কোনো হতাহতের ঘটনা না ঘটে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর প্রায় ২০০ জনবল এখানে কাজ করছে। রাসায়নিক পদার্থ যেগুলো বের হয়ে গেছে, তা বন্ধ করার চেষ্টা করছি। যাতে পরিস্থিতি আর খারাপ না হয়। কিছু সময় দিতে হবে।

উল্লেখ্য, গতকাল শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। রাত পৌনে ১১টার দিকে এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কন্টেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

 

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রবিউল, সম্পাদক টাঙ্গাইলের রুমী

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ৯০৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এমএএস রবিউল ইসলাম সবুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিশালের প্রার্থী সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনসুর হেলাল পেয়েছেন ৫২৩ ভোট।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৫৪৫ ভোট পেয়ে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার সালাহ উদ্দিন আহামেদ রুমি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কর্মরত  সহকারী শিক্ষা অফিসার মেরিনা হাসনাত পেয়েছেন ৩৯৯ ভোট। নির্বাচনে মোট ভোটার ছিল ১৯০০ জন। মোট ভোট কাস্ট হয়েছ ১৪৪৬ টি।

বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাচন কমিশনার এদিন রাত ৯ টায় সরকারিভাবে নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন। শনিবার (৪ জুন) সরাদেশের  ৮ বিভাগে একযোগে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও তথা উত্তরবঙ্গের কৃতি সন্তান দক্ষ, মেধাবী ও নিবেদিত এই শিক্ষা কর্মকর্তা বাংলাদেশ  সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তার নিজ উপজেলা ও জেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা অভিনন্দন জানিয়েছেন।

এ বিষয়ে রবিউল ইসলাম সবুজ বলেন, “সারা দেশে আমার প্রিয় সহকর্মীদের ভালবাসা পেয়ে এবং আকুন্ঠ সমর্ধন ও সার্বজনীন ভোটে নির্বাচিত করায় আমি মুগ্ধ হয়েছি। জাতির জনক বঙ্গবন্ধর সোনার বাংলা গড়ার অংশ হিসাবে প্রাথমিক ও গণশিক্ষা নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে পরিকল্পনা ও ভাবনা রয়েছে আমার সুপ্রিয় সহকর্মিগণ আমার হাতে বিজয়ের পতাকা তুলে দেয়ায়, আমি তা আন্তরিকার সাথে মাঠ প্রর্যায়ে সহকর্মিদের সাথে কাঁধে কাঁদ মিলিয়ে বাস্তবায়ন করার অঙ্গিকার করছি। পাশা পাশি আমার জীবনের শ্রেষ্ঠটুকু দিয়ে হলেও সহকর্মিদের সুখে দুঃখে পাশে থেকে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো ইনশাল্লাহ”।

ধুনটে মাদ্রাসা ছাত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে, যুবকের কারাদণ্ড

তানভীর হাসান : বগুড়ার ধুনট উপজেলায় নিজের আইডি ফেসবুক আইডি থেকে মোবাইল ফোনের মাধ্যমে এক মাদ্রাসা ছাত্রীর এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় জুয়েল রানা (২৪) নামের এক যুবকের ১৫দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জুয়েল রানার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। গত শনিবার (৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জুয়েল রানা উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী গ্রামের আইয়ুব আলীর ছেলে।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, উপজেলার এক কৃষকের মেয়ে স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণীর ছাত্রী। দীর্ঘদিন ধরে ওই মেয়েটিকে উত্যক্ত করে আসছিলেন জুয়েল। মেয়েটির পরিবারের পক্ষ থেকে জুয়েলের বাবার কাছে এ বিষয়টি নিয়ে বিচার চাওয়া হয়। এতে মেয়েটির উপর ক্ষুব্ধ হয়ে উঠেন জুয়েল।

এ অবস্থায় জুয়েল তার নিজের মোবাইল ফোনে অবুজ ভালবাসা নামের আইডি থেকে সামাজিক যোগাযোগ (ফেসবুক) মাধ্যমে শনিবার দুপুরে ওই মেয়েটির এডিট করা একটি আপত্তিকর ছবি প্রচার করে। এ ঘটনায় মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েল রানাকে নিজ বাড়ি থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এরপর ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় জুয়েল রানার ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ দণ্ড বিধির ১৮৬০ এর ৫০৯ ধারায় ১৫ দিনের কারাদন্ডের আদেশপ্রাপ্ত আসামী জুয়েল রানাকে রোববার বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।

আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস

সিএনবিডি ডেস্কঃ আজ ৫ই জুন (রবিবার) বিশ্ব পরিবেশ দিবস। আজ সারা পৃথিবীর অন্য দেশের পাশাপাশি বাংলাদেশেও উদযাপিত হচ্ছে ‘বিশ্ব পরিবেশ দিবস’। এবার দিবসটির এবারের প্রতিপাদ্য-‘আমাদের একটাই পৃথিবী : প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই জীবনযাপন করা।’ তবে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও বন মন্ত্রণালয় এর ভাবার্থ করেছে-‘একটাই পৃথিবী : প্রকৃতির ঐকতানে টেকসই জীবন।’

দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে সরকার সপ্তাহব্যাপী পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষ্যে পৃথক বাণী দিয়েছেন। বাণী দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তবে বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ দূষণের বিষয়টি অগ্রাহ্য করা যায় না। সাধারণত পরিবেশ দূষণ চার প্রকারের হয়ে থাকে। যথা- বায়ুদূষণ, পানি দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণ। বিশেষজ্ঞরা বলছেন, নানারকম দূষণ থেকে ধ্বংস হচ্ছে বায়ু, মাটি, পানি, বাস্তুতন্ত্রসহ প্রাকৃতিক পরিবেশ। স্বাভাবিক পরিস্থিতি নষ্ট হওয়ায় বিগড়ে যাচ্ছে প্রকৃতি। ফলে তাপ, বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ নানারকম প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে মানুষ। জাতিসংঘের হিসাবে বিশ্বের ৭ কোটি মানুষের মধ্যে ৩শ’ কোটিই ক্ষয়িষ্ণু বাস্তুতন্ত্রের কারণে ক্ষতির শিকার। দূষণের কারণে প্রতি বছর প্রায় ৯০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটছে। ১০ লাখের বেশি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বিলুপ্তির ঝুঁকি আছে, যার মধ্যে অনেক প্রজাতি খুব বেশি হলে আর মাত্র কয়েক দশক টিকতে পারবে।

প্রসঙ্গত, ৫০ বছর আগে ১৯৭২ সালে বিশ্বের পরিবেশের বিপন্নদশা অবলোকন করে সুইডেনের রাজধানী স্টকহোমে বিভিন্ন দেশের নেতারা বসেছিলেন। এটি ‘এনভায়রনমেন্ট সম্মেলন’ বা ‘স্টকহোম সম্মেলন’ নামে পরিচিত। ১৯৭৪ সাল থেকে পরিবেশ দিবস পালিত হচ্ছে। স্টকহোম সম্মেলনের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চলতি বছর ২০২২ সালে স্টকহম+৫০ নামে উল্লিখিত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সুইডেনে।

ঢাকায় অবস্থিত জাতিসংঘ তথ্যকেন্দ্র গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ সম্মেলনে সবাই একমত হয়েছেন যে, এসডিজির ১৭টি লক্ষ্যের সবগুলোই একটি স্বাস্থ্যকর গ্রহের ওপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তন, দূষণ আর জীববৈচিত্র্য হারানোর ত্রিমাত্রিক সংকটের কারণে বিশ্বে দুর্যোগ ঘনিয়ে আসছে। এই দুর্যোগ এড়াতে আমাদের সবাইকেই দায়িত্ব নিতে হবে।

জাতীয় কর্মসূচি : বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে-পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান। পরিবেশ মেলা আজ শুরু হয়ে ১১ জুন পর্যন্ত চলবে। আর বৃক্ষরোপণ অভিযান চলবে ৪ জুলাই পর্যন্ত। এছাড়া পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তর আরও কিছু কর্মসূচি গ্রহণ করেছে।

লর্ডসে জয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে সিরিজের প্রথম টেস্ট জয়ের অপেক্ষায় রয়েছে ইংল্যান্ড। ব্যাট করতে নেমে বেন স্টোকস ও জো রুটের জুটিতে ২৭৮ রানের লক্ষ্যে জয়ের অনেকটা দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তারা।

নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬৯ রানে ৪ ব্যাটসম্যানকে হারিয়ে দেয় ইংল্যান্ড। অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, ওলি পোপ কিংবা জনি বেয়ারস্টো, কেউই দলের হাল ধরতে পারেননি। এদের মধ্যে সর্বোচ্চ ২০ রান আসে ওপেনার লিসের ব্যাট থেকে।

এদিকে লক্ষ্য টপকাতে নেমে টপ-অর্ডারের তিন ব্যাটার অ্যালেক্স লিসকে ২০, জ্যাক ক্রোলিকে ৯ ও অলি পপকে ১০ রানে হারানোর পর দলের হাল ধরেন জো রুট। জনি বেইরস্ট্রোকে (১৬) নিয়ে ২৩ রানের জুটির পর বেন স্টোকসকে নিয়ে লম্বা জুটি গড়েন। আর দুজনের জুটি থেকে আসে ৯০ রান। বেন স্টোকসকে ৫৪ রানের মাথায় বিদায় করেন কাইল জেমিনসন। এরপর বেন ফোকসকে নিয়ে ৫৭ রানের জুটি বেঁধেছেন রুট। দুজনের জুটি শেষ করে তৃতীয় দিন। জয় পেতে দরকার আর ৬১ রান। এখনো রুট অপরাজিত আছেন ৭৭ রানে।

ঊল্লেখয়,  এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে গুটিয়ে যায় মাত্র ১৩২ রানে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংসও শেষ হয় ১৪১ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই কিউই ব্যাটার ড্যারেল মিচেলের ১০৮ ও টম ব্লান্ডেলের ৯৬ রানের ইনিংসে ভর করে বড় লিড পায় সফরকারীরা।

 

জীবন যুদ্ধে হার না মানা দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের কানিজ ফাতেমাকে মেজর পদে পদোন্নতি

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ জীবন যুদ্ধে হার না মানা ক্যাপ্টেন কানিজ ফাতেমাকে মেজর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে শনিবার (৪ জুন) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সকল ফরমেশন কমান্ডারদের উপস্থিতিতে তাকে মেজর পদবীতে উন্নীত করেন।

কানিজ ফাতেমা দেশ সেবার এক বুক স্বপ্ন নিয়ে ২০১১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৮ সেপ্টেম্বর ২০১২ মেজর কানিজের প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনায় পতিত হয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। উল্লেখিত ঘটনার প্রেক্ষাপটে তার পক্ষে সেনাবাহিনীর কঠোর ও সুশৃঙ্খল স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভবপর ছিল না।

কিন্তু এই অকুতোভয় নারী, ভাগ্যের কাছে হার না মেনে দেশের স্বার্থ রক্ষায় কাজ করে যেতে দৃঢ় প্রত্যয়ী ছিলেন। সেনাবাহিনী কানিজ ফাতেমার এই অদম্য উদ্দীপনাকে সম্মান জানিয়ে সব বাধা উপেক্ষা করে ৬৯ বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের সঙ্গে ২০১৩ সালে বিশেষ বিবেচনায় কমিশন প্রদান করে। পরবর্তীতে কানিজ ফাতেমা হুইল চেয়ারের সাহায্যে চলাফেরা করলেও নিজের অদম্য মানসিক শক্তি এবং সহকর্মীদের সহায়তায় দৈনন্দিন কার্যক্রম স্বতঃস্ফূর্ততার সঙ্গে পালন করে আসছেন। তার ইচ্ছাশক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে পদে পদে। দেশ ও জনগণের আস্থার প্রতীক সেনাবাহিনী কর্তৃক একজন অকুতোভয় নারীর প্রতি এ বিরল সম্মাননা দেশের প্রতিটি নারীর অগ্রযাত্রায় সর্বদা অনুকরণীয় এবং ইতিহাসের পাতায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে সেনাবাহিনীতে ২০০০ সালে নিয়মিত বাহিনীতে সর্বপ্রথম নারী অফিসার নিয়োগ প্রদান শুরু হয়। এরই ধারাবাহিকতায় ২০১৫ সাল থেকে নারী সৈনিকের সংযোজন, নারী অফিসারদের ইউনিট কমান্ড প্রদান, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে গুরুত্বপূর্ণ পদে নারী অফিসারদের নিয়োগসহ বিভিন্ন পদক্ষেপে দেশে নারী উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করেছে। সেনাবাহিনী প্রধানের নির্দেশে এই বিশেষ আয়োজন জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

ঘুমন্ত শ্রমিকদের উপর হামলার অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউপি বাদে সুনাপুর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজে বাঁধা, শ্রমিকের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু লোকের বিরুদ্ধে।

এলাকাবাসীর বরাতে জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে বাদে সুনাপুর জামেয়া নুরে মদিনা এতিম খানা কমপ্লেক্স প্রাঙ্গণে ডিপ টিউবওয়েল স্যানিটারি ও পাকার কাজ চলমান রয়েছে। কাজের শুরু থেকেই বাঁধা বিপত্তি দিচ্ছেন ৬নং ওয়ার্ড সদস্য জহুর আলী বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় কিছু বখাটে পোলাপান নিয়ে শ্রমিকদের ভয়ভীতি দেখান তিনি। এর পর প্রায় ৬০০ ফুট ১ইঞ্চি পাইপ টুকরো টুকরো করে মাটি দিয়ে পাইপ লাইন ভরাট করে দেয় এবং ২ হাজার ফুট পাইপের ৪টি বান্ডেল চুরি করে নিয়ে যায়।

শ্রমিকরা জানান, ১জুন রাত প্রায় আড়াইটার দিকে শিবির মিয়া, অলিউর রহমান আউয়াল, বশির মিয়াসহ ৪০/৫০ জনের একটি দল দেশীয় অস্র নিয়ে মাদ্রাসায় হামলা চালিয়ে ভাংচুর ও লুট করলে বাঁধা আপত্তি জানালে ঘুমন্ত শ্রমিকের উপর হামলা চালানো হয়। এতে ৩ জন আহত হয়।

আহতরা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ার বাগ এলাকার রইছ মিয়ার পুত্র সোহেল আহমেদ (২৬), কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের সিরাজ মিয়ার পুত্র মনির মিয়া (২১), মৌলভীবাজার সদর উপজেলার ধনাশ্রী গ্রামের কাজল মিয়ার পুত্র জীবান আহমেদ (২০)।

আহতরা প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নেন। হামলার পর থেকে সরকারের উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। মামলা করবেন বলে জানান ক্ষতিগ্রস্তরা।

ভুরুঙ্গামারী সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম সীমান্তের নো-ম্যান্সল্যান্ড থেকে কামাল হোসেন নামের এক বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

কামাল হোসেন ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের আবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী ও গোয়েন্দা সংস্থার তথ্যসূত্রে জানা গেছে, শনিবার (৪ জুন) দুপুরে কুড়িগ্রাম-২২ বিজিবির আওতাধীন ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম বিজিবি ক্যাম্প এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৭-এর সাব পিলার ৭-এর নো-ম্যান্সল্যান্ড থেকে কামাল হোসেনকে ধরে নিয়ে যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা থানার ১২৯ দিঘলটারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

তিনি নো-ম্যান্সল্যান্ডের কাছে বাংলাদেশের অভ্যন্তরের একটি বাড়ি থেকে ধান কিনে নিয়ে সেই ধানের বস্তাসহ আসার সময় নো-ম্যান্সল্যান্ড থেকে তাকে আটক করে বিএসএফের একটি টহল দল। তিনি বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম-২২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোস্তাকিমের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।

নবাবগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সম্পাদকের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

গতকাল শনিবার বিকাল ৫ টায় উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অংগসংঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সদরের উপজেলা ফটক, হাসপাতাল মোড় সহ  স্বপ্নপুরী মোড় প্রদক্ষিণ শেষে ডাকবাংলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা আঃ লীগের সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, জিয়াউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মোঃ সায়েম সবুজ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল ইসলাম, যুবলীগের যুগ্ন আহ্বায়ক দিলীপ কুমার, মেহেদী হাসান ও সাবেক ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ প্রমূখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হূমকি ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান।