রায়পুরে সাংবাদিক মামুন ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলা

লক্ষ্মীপুর প্র‌তি‌নি‌ধিঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরে জাগরনী টেলিভিশনের জেলা প্রতিনিধি ও রায়পুর রিপোর্টার্স ইউনিটির নির্বাহী সদস্য  সাংবাদিক মামুন ভূইয়ার উপর সন্ত্রাসী হামলা হয়েছে। ঘঠনাটি ঘটেছে গত শ‌নিবার (০ ৪ জুন) সন্ধা ৭.৩০ টায় পৌরসভার ৫ নং ওয়ার্ডের মধুপুর গ্রামে।

সরেজমি‌নে গিয়ে জানা যায়, মধুপুর আঃ জব্বার ভূইয়া বাড়ির মৃত মোঃ হাচানের ছেলে মোঃ রকির কাছে মামুন ভূইয়া তার পাওনা টাকা চাইতে গেলে সে উত্তেজিত হয়ে জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে।

গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী মামুনকে উদ্ধার করে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করায়। রকির বিরুদ্ধে এলাকায় মাদক সেবন ও সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে রায়পুর থানার ওসি শিপন বড়ুয়াকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ঘঠনাটি জেনেছি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। রকির মোবাইলে একাধিকবার ফোন করলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া গেছে।

বড়লেখা বরুদল নদীতে যুবক নিখোঁজ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের বরুদল নদীতে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার (৪ জুন) সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ ওই ব্যক্তির নাম মোহাম্মদ সুজন (৩৫)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউপি’র নূরজাহানপূর এলাকার বাসিন্দা ইব্রাহিম মিয়ার ছেলে। সুজন মৃগী রোগে আক্রান্ত বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সূত্র মতে জানা গেছে, শনিবার সকালে বাড়ি থেকে মোহাম্মদ সুজনসহ কয়েকজন ব্যক্তি গাছ নিয়ে ইঞ্জিনচালিত নৌকাযোগে বড়লেখা উপজেলার চান্দ্রগ্রাম এলাকার একটি স-মিলের উদ্দেশ্যে রওয়ানা দেন। বড়লেখা উপজেলার বর্ণি ইউপি মিহারী এলাকায় পৌঁছামাত্র তিনি হঠাৎ নৌকা থেকে বরুদল নদীতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে বড়লেখা থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যান। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযানে নামেন। শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত নদীতে অনেক খোঁজাখুঁজির পরও নিখোঁজ মোহাম্মদ সুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শামীম মোল্লা শনিবার রাত ৮টায় মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, নদীতে নিখোঁজ মোহাম্মদ সুজনের স্বজনরা জানিয়েছেন, তিনি মৃগী রোগে আক্রান্ত। শনিবার সকালে তিনি কাঠ নিয়ে ইঞ্জিনচালিত নৌকাযোগে বড়লেখা উপজেলার চান্দ্রগ্রাম এলাকার একটি স-মিলে যাচ্ছিলেন। এসময় তিনি হঠাৎ বরুদল নদীতে পড়ে যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।
পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দিনভর নদীতে উদ্ধার অভিযান চালায়। সন্ধ্যা পর্যন্ত নদীতে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। কিন্তু তার কোনো সন্ধান মেলেনি। পরে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হয়েছে। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু নিখোঁজ ব্যক্তির নিখোঁজ রয়ে গেলেন।

পপগুরু আজম খানের ১১তম মৃত্যু্বার্ষিকী আজ

বিনোদন ডেস্কঃ বাংলার পপ সঙ্গীতের কিংবদন্তী শিল্পী আজম খান এর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ৫ জুন সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। বাংলাদেশে পপগানের সূচনা হয়েছিল তাঁর হাত ধরেই। আর তাইতো দেশের সবাই একবাক্যে তাকে এ দেশের পপসংগীতের ‘গুরু’ হিসেবে চিনেন।

১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কলোনির ১০ নম্বর কোয়ার্টারে বাংলাদেশের এই রক গানের জনকের জন্ম। বাবা আফতাবউদ্দিন আহমেদ, মা জোবেদা খাতুন।

আজম খান শুধু পপশিল্পী হিসেবেই নন, স্বাধীনতাযুদ্ধের অন্যতম একজন বীরযোদ্ধাও ছিলেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে ১৯৭২ সালে লাকী আখন্দ ও হ্যাপি আখন্দ দুই ভাইকে নিয়ে ‘উচ্চারণ’ নামের একটি গানের দল গড়েন তিনি। এর মধ্য দিয়েই পপসংগীতে আজম খানের যাত্রা শুরু হয়।

এরপর সে বছরই বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে নারে’ ও ‘চার কালেমা সাক্ষী দেবে’- এই গান দুটি তাকে জনপ্রিয় করে তোলে। এছাড়াও ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘রেল লাইনের ঐ বস্তিতে’, ‘আসি আসি বলে তুমি আর এলে না’, ‘আলাল ও দুলাল’, ‘হারিয়ে গেছে খুঁজে পাব না’- এ গানগুলো গেয়ে শ্রোতাদের তিনি মাতিয়ে তোলেন।

১৯৫০ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার আজিমপুর সরকারি কলোনির ১০ নম্বর কোয়ার্টারে বাংলাদেশের এই রক গানের জনকের জন্ম হয়। বাবা আফতাবউদ্দিন আহমেদ, মা জোবেদা খাতুন। ১৯৮১ সালের ১৪ জানুয়ারি ৩১ বছর বয়সী আজম খানের সঙ্গে বিয়ে হয় সাহেদা বেগমের। আজম খান দুই মেয়ে এবং এক ছেলের জনক।

উল্লেখ্য, তিনি ক্যানসারের সঙ্গে এক বছরেরও বেশি সময় লড়েছিলেন। সে যুদ্ধে পরাজয় মেনে নিয়ে যাওয়ার আগে তিনি দুটি জিনিস রেখে গেছেন-স্বাধীন দেশ ও মানচিত্র আর অন্যটি বাংলা রক গান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

 

একসঙ্গে ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মহড়া চালানোর একদিন পর এবার একসঙ্গে ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। আজ রবিবার (৫ জুন) সকালে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনাকে উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সুং কিমের সিউল সফরের জবাব হিসেবেও মনে করা হচ্ছে। মার্কিন এই বিশেষ প্রতিনিধি গত শনিবার সিউল ত্যাগ করেন বলেও জানা যায়।

মূলত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র ৪ বছরেরও বেশি সময়ের মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী নিয়ে প্রথম সম্মিলিত সামরিক মহড়া চালানোর একদিন পর নিজেদের পূর্ব উপকূলে পিয়ংইয়ং স্বল্প-পাল্লার এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে স্বল্প-পাল্লার এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ২৫ মে সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সেসময় বাইডেন পূর্ব এশিয়া ত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই একে একে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিলেন কিম।

 

নেত্রকোণায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে ফ্লেভার দুধ ও টি-শার্ট বিতরণ

নেত্রকোণা প্রতিনিধিঃ বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ উপলক্ষে নেত্রকোণা জেলার বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মাঝে ফ্লেভার দুধ ও টি-শার্ট বিতরণ করা হচ্ছে। আজ রবিবার (৫ জুন) সকালে কামরুন্নেছা আশরাফ দীনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে এক আলোচনা হয়।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও  ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে দুধ ও টি-শার্ট বিতরণ করা হয়।

কামরুন্নেছা আশরাফ দীনা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল্লাহ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জীব চক্রবর্তী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর সেন, সাংবাদিক শ্যামলেন্দু পাল সহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।

সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ৭ কর্মীসহ নিহত ৩৮

সিএনবিডি ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৭ কর্মীসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। এছাড়াও আহত হয়েছে প্রায় ২৫০ জনের অধিক। আজ রবিবার (৫ জুন) এসব তথ্য পাওয়া গেছে।

শনিবার রাতে আগুন লাগার পর রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাত থেকে আজ সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত একে একে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৮ জন হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে। দগ্ধ ও আহতদের মধ্যে ১৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে। আহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ২১ জন এবং পুলিশের ১০ সদস্য রয়েছেন বলে জানা যায়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক সাংবাদিকদের বলেন, বিস্ফোরণে তাদের থানার কনস্টেবল তুহিনের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও অন্তত ৫ কনস্টেবল, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন এবং শিল্প পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল ছাড়াও বেসরকারি ম্যাক্স, ন্যাশনাল, মেট্টাপলিটন হাসপাতালে আহতরা ভর্তি রয়েছেন। এছাড়া সিএমইচ হাসপাতালেও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা চিকিৎসাধীন আছেন।

এদিকে এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, ইতোমধ্যে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় আহতদের জন্য ১ কোটি টাকা ও ১ হাজার শুকনা খাবারের বরাদ্দ দিয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। রাত পৌনে ১১টার দিকে এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কন্টেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

কুড়িগ্রামে মাদ্রাসা ছাত্রকে গলাকেটে হত্যার চেষ্টা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে হাবিবুল্লাহ (১৪) নামের এক মাদ্রাসাছাত্রকে গলাকেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গেল শুক্রবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা শহরের রৌমারী ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার পাশে এ ঘটনা ঘটে। এদিকে এ উপজেলায় একের পর এক হত্যাকান্ডের ঘটনায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।

আহত হাবিবুল্লাহ (১৪) উপজেলা সদরের রৌমারী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ বিভাগের শিক্ষার্থী। তিনি রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের বালিয়ামারী ক্যাম্প পাড়া এলাকার তারা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে লজিং বাড়িতে খাবার খেয়ে ফেরার পথে নিজ মাদ্রাসার কাছাকাছি গেলে দুর্বৃত্তরা হাবিবুল্লাকে কৌশলে নির্মাণাধীন একটি বহুতল ভবনে ডেকে নেয়। এ সময় দুর্বৃত্তরা ধারালো ছুড়ি দিয়ে গলা কেটে তাকে হত্যার চেষ্টা করেন। তবে তার আত্মচিৎকারে মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক তাকে অন্যত্রে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা আরও জানান, সম্প্রতি এ উপজেলায় মা-ছেলেকে নির্মমভাবে হত্যা, এক যুবককে হাত-পা বেঁধে বস্তায় ভরে মাটিতে পুঁতে রাখার ঘটনায় মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: জাহাঙ্গীর আলম জানান, গলাকাটা মুমূর্ষু অবস্থায় ওই মাদ্রাসা শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তার গলার সামনে ও পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তার শ্বাসনালী কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিকেলে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে রৌমারী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা ইব্রাহীম খলিল বলেন, ‘ওই শিক্ষার্থী মে মাসের ১২ তারিখে মাদ্রাসায় ভর্তি হয়। এর আগে সে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচর সিলেটপাড়া মাদরাসায় পড়ত। সে ভালো। কেনো এমন ঘটনা ঘটল তা বলতে পারছি না।’

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) আনছার আলী জানান, এ ঘটনায় মাদ্রাসার পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার কারণ এখনও জানা যায়নি। গুরুত্ব সহকারে তদন্ত চলছে।

নওগাঁ সাহিত্য পরিষদ হতে কবি অরিন্দম মাহমুদকে সংর্বধনা প্রদান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সাহিত্য পরিষদ এর পক্ষ হতে কবি- সম্পাদক অরিন্দম মাহমুদকে সংর্বধনা ও কবির সাথে একক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গেল শুক্রবার সন্ধ্যায় জেলার ধামইরহাট উপজেলার আলতাদিঘী জাতীয় উদ্যানে এর আয়োজন করা হয়।

এ সময় নওগাঁ সাহিত্য পরিষদ এর সহ সভাপতি কবি রবিউল মাহমুদের সভাপতিত্বে কবি- সম্পাদক অরিন্দম মাহমুদের সাহিত্যকর্ম তুলে ধরে বক্তব্য রাখেন, সহ সভাপতি অনিন্দ্য তুহিন, সাধারন সম্পাদক চর্যাপদ গবেষক ও গল্পকার আশরাফুল নয়ন,যুগ্ম সাধারন সম্পাদক রিমন মোরশেদ, ধামইরহাট পৌর কমিশনার আমজাদ হোসেন,জগদল আদিবাসী স্কুল ও কলেজ ইন্সটেক্টর ছাইদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে কবির স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও আবৃত্তি শিল্পি মারিয়া নূর, কবি গুলজার রহমান, সোহাগ হোসেন।

উল্লেখ্য যে, সম্প্রতি বগুড়া লেখকচক্র কবি সম্পাদক আন্ওয়ার আহমদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে লিটল ম্যাগাজিন “পালকি” সম্পদনার জন্য অরিন্দম মাহমুদকে আন্ওয়ার আহমদ স্মৃতিপদক প্রদান করায় এ সংর্বদনা দেওয়া হয়।

বাঞ্ছারামপুরে বিশ্ব পরিবেশ দিবসে গ্রীন ভয়েসের বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন অনুষ্ঠিত

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস এ বছরের প্রতিপাদ্য “একটাই পৃথিবী : প্রকৃতির ঐকতানে টেকসই জীবন”। আর তাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করে।

শনিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েজ,বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে, ভুরভুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে র‍্যালী, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাকায় পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস বাঞ্ছারামপুর উপজেলা শাখা কমিটির সদস্যরা উপজেলার বেশ কিছু যায়গায়, ফলজ ও ঔষধি গাছ রোপণ করেন।

দিনের শুরুতে সংগঠনের সদস্যদের নিজ নিজ  বাড়ির আঙিনায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনের কার্যক্রমের সূচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস বাঞ্ছারামপুর উপজেলা শাখার আহ্বায়ক মো.আরিফুল ইসলাম মাসুম,সদস্য সচিব জিএম মেহেদি হাসান পলাশ,বাঞ্ছারামপুর উপজেলা শাখার শুভানুধ্যায়ী ও পৃষ্ঠপোষক মো.মহি উদ্দিনসহ পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর বাঞ্ছারামপুর  উপজেলা শাখা কমিটির সদস্যবৃন্দ।

ঠাকুরগাঁওয়ে লোকনাথ বাবার নব নির্মিত মন্দিরের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় শ্রী শ্রী শ্মশান কালী মাতার মন্দির সংলগ্ন গেলো শুক্রবার (৩ জুন) বিকেলে শ্রী শ্রী লোকনাথ বাবার নব নির্মিত মন্দিরের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরে-১ আসনের এমপি ও কেন্দ্রীয় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল।

এ উপলক্ষে মন্দির চত্বরে ওই মন্দিরের সভাপতি মনোরঞ্জন সিং’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সদর উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি এ্যাডঃ অরুণাংশু দত্ত টিটো।

এছাড়াও বক্তব্য দেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর গুপ্ত বুয়া, মন্দিরের কোষাধক্ষ্য মানষ রায়, প্রচার সম্পাদক জয় মহন্ত অলক এবং কিশোর কুমার প্রমুখ।

এর আগে সকালে পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। অঞ্জলি, শান্তি ও মঙ্গল কামনায় হোম যজ্ঞের মধ্য দিয়ে পূজার কার্যক্রম সম্পূর্ণ করা হয়।
পূজো শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় শুরু হয় ধর্মীয় কীর্তন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুমন কুমার ঘোষ।