দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে অ্যাকশন লুকে ধরা দিলেন শাহরুখ

বিনোদন ডেস্কঃ বলিউড বাদশা শাহরুখ খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ‘ফ্যান’ ছবিতে। দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষে গতকাল শুক্রবার (৩ জুন) সকালে প্রকাশ্যে এসেছে শাহরুখ খান এর ‘জওয়ান’- ছবির টিজার । আর সেখানে অ্যাকশন লুকে দেখা যায় তাকে।

‘জওয়ান’ এর একটি পোস্টারে শাহরুখ খান এর প্রথম লুকে দেখা যায় হাত, মাথা, মুখ ব্যান্ডেজে মোড়া। তাতে আবার রক্তের ছোপ ছোপ দাগও রয়েছে। তবুও সহজাত ভঙ্গিতে বসে আছেন বলিউড বাদশা শাহরুখ খান।

ইউটিউবে এ সিনেমার টিজার প্রকাশিত হয়েছে। এদিকে ‘জওয়ান’-এর টিজারটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বলিউডের ভাইজান সালমান খান। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমার জওয়ান ভাই প্রস্তুত আছেন।’

জানা যায়, প্যান ইন্ডিয়ান এ চলচ্চিত্রটি মুক্তি পাবে একাধিক ভাষায়। পরিচালনা করবেন ভারতীয় দক্ষিণি ছবির খ্যাতনামা নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে থাকবেন ভারতীয় দক্ষিণি ছবির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো দক্ষিণের কোনো চিত্রনায়িকার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন কিং খান। সেই সঙ্গে প্রথমবারের মতো বলিউডে পা রাখতে যাচ্ছেন অ্যাটলি কুমার।

উল্লেখ্য, আগামী বছর শাহরুখের ৪টি সিনেমা মুক্তি পাবে। ২০২৩-এর শুরুতেই আসবে ‘পাঠানা আর এরপরই দেখা যাবে ‘জওয়ান’ এবং ‘ডানকি’। এছাড়াও সালমান খানের ‘টাইগার’ সিরিজের সিনেমাতেও পর্দায় হাজির হবেন কিং খান। আর আগামী ২০২৩ সালের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত এই “জাওয়ান” মুভি।

 

নেত্রকোণার কেন্দুয়ায় আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন ঘর ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউপির বলাইশিমুল মৌজার গত বৃহস্পতিবার (২ জুন) উপজেলার বলাইশিমুল গ্রামে ভুমিহীন ও গৃহহীনদের জন্য নবনির্মিত ঘর রাতের আধারে ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম ও কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পি.পি.এম।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বলাইশিমুল গ্রামের হাওড়ে ১ একর ৮৭ শতাংশ জায়গা জুড়ে একটি প্রচীনতম খেলার মাঠ রয়েছে। ইতিমধ্যে খেলার মাঠের চারপাশের কিছু জায়গা দখল করে রেখেছে পাশের জমির মালিকগণ।

উপজেলা প্রশাসন মাঠের জায়গাটি দখল মুক্তকরণসহ এক পাশে প্রধানমন্ত্রীর উপহারের ২৩টি ঘর ভূমি ও গৃহহীন পরিবারের জন্য প্রকল্প গ্রহণ করেন। আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণকাজের প্রস্তুতি জেনে এলাকাবাসীর উদ্যোগে মাঠ রক্ষার দাবিতে গত ২৮ মে খেলার মাঠেই মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং ২৯ মে উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউএনও মাহমুদা বেগম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া, কেন্দুয়া থানার ওসি আলী হোসেন খেলার মাঠে যান এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করে মাঠের পূর্ব ও উত্তর পাশে ঘর নির্মাণের সিদ্ধান্ত নিয়ে জায়গাটি মাপজোক করে চলে আসেন। একদিকে ৩০ মে ঘর নির্মাণের জন্য ইট, বালুসহ অন্যান্য নির্মাণসামগ্রী পাঠিয়ে কাজ শুরু করলে এদিনেই মাঠ রক্ষার দাবিতে বলাইশিমুল গ্রামের হাবিবুর রহমান মণ্ডলসহ ৮ জন বাদী হয়ে জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) কে বিবাদী করে আদালতে মামলা দায়ের করলে আদালত উপজেলা নির্বাহী অফিসারকে ৫ দিনের মধ্যে করাণ দর্শাতে নির্দেশ প্রদান করেন।

এ দিকে আবারও গত (২ জুন) বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা প্রকল্পে এসে পাহারারত গ্রাম পুলিশদের ভয়ভীতি দেখিয়ে নির্মাণাধীন ঘর ভাঙচুর করে চলে যায়।

এ ব্যাপারে ইউএনও মাহমুদা বেগম পাহারারত গ্রাম পুলিশের বরাত দিয়ে জানান, ঘর নির্মাণকাজে সার্বক্ষণিক গ্রাম পুলিশ পাহারায় রাখা হয়েছিল। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা এসে গ্রাম পুলিশদের ভয়ভীতি দেখিয়ে নির্মাণাধীন ঘর ভাংচুর করেছে।

এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন পিপিএম এর নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে বলাইশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক ও সাবেক ইউপি সদস্য হায়দার আলীকে গ্রেফতার করেন।

এই ঘটনায় নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ গতকাল শুক্রবার (৩ জুন) ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশকে নির্দেশ প্রদান করেন।

কেন্দুয়া থানার ওসি মো: আলী হোসেন (পিপিএম) এঁর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

ডিবির জালে ইয়াবাসহ ২ কারবারি আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার  জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১শ৩৫ পিস ইয়াবাসহ মাদক দুই কারবারি গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন পাত্রখোলা চৌমুনা সিএনজি স্ট্যান্ডের সামন থেকে ১৩৫ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জিলই মিয়া ওরফে জিলাই মিয়া (৩২), পিতা-মৃত বারিক মিয়া, সাং-দক্ষিণ গুলের হাওর, ২. আফাং মিয়া (৪২), পিতা-মৃত গোলাপ মিয়া, প্রেমনগর, থানা-রাজনগর, বর্তমান ঠিকানা- গুলের হাওর টিলা, উভয় মৌলভীবাজারের কমলগঞ্জে।

এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুড়িগ্রামে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রামের উলিপুরে পা‌রিবা‌রিক কলহের জেরে শাহেরা বেগম (৩৪) নামের তিন সন্তানের জননী এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত‌্যা করেছেন। শ‌নিবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ব্রহ্মপুত্র নদ বে‌ষ্টিত বাবুর চর এলাকায় এ ঘটনা ঘটে‌।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াবু‌ড়ি ইউ‌নিয়নের জলঙ্গারকু‌ঠির বা‌সিন্দা মহুবর রহমান ব্রহ্মপুত্র নদের ভাঙ‌নের শিকার হয়ে ওই এলাকার সীমানা লা‌গোয়া হা‌তিয়ার বাবুর চরে বসবাস করে আসছেন। গত কয়ক‌দিন ধরে স্বামী মহুবর ও শাহেরা বেগমের মধ্যে মনমা‌লিন‌্য চলে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করে শ‌নিবার সকালে অভিমান করে স্বামী ও পরিবারের অজান্তে ঘরের মাঁচার উপর আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত‌্যা করেন শাহেরা বেগম।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) ইম‌তিয়াজ ক‌বির জানান, ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হবে।

ঘাতক ছেলের শাবলের আঘাতে বাবা নিহত: ছেলে আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুসলিম মণিপুরি পল্লীর কেওয়ালীঘাট গ্রামে ছেলের শাবলের আঘাতে বাবা নিহতের ঘটনায় ছেলে জহিরুল ইসলামকে সীমান্ত এলাকা থেকে আটক করেছে পুলিশ। গত বুধবার (১ জুন) বিকেল সাড়ে ৫ টায় দিকে কমলগঞ্জের ভারতীয় সীমান্ত এলাকা ডবলছড়া সীমান্ত থেকে তাকে আটক করে গ্রেপ্তার পূর্বক থানার নিয়ে আসা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জহিরুল বুধবার বিকেলে ডবলছড়া সীমান্ত দিয়ে ভারতে পালাতে পারে এমন খবরে সীমান্ত এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।

গেলো বুধবার রাত ৮টার দিকে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং বৃহস্পতিবার (২ রা মে) হত্যা মামলার একমাত্র আসামি গ্রেপ্তার পূর্বক আদালতে প্রেরণ করা হয় বলে জানান।

উল্লেখ্য, গত ২৯ মে রাতে মা-বাবার সাথে ঝগড়া হয় ছেলে জহিরের। একপর্যায়ে ক্ষুব্ধ জহির ঘরে থাকা শাবল দিয়ে বাবা আব্দুল গফুরের মাথাসহ শরীরে আঘাত করেন। এ সময় তার মা হাসনত নেছা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করে পালিয়ে যান জহির। পরে বাড়ির লোকজন আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুরের মৃত্যু হয়। এ ঘটনায় জহিরুলের মাতা হাসতন নেছাও গুরুতর আহত হন। ঘটনার পরপরই পালিয়ে যান জহির। এ ঘটনায় নিহত আব্দুল গফুরের বড় মেয়ে মরিয়ম বেগম বাদী হয়ে তার ভাই জহিরুল ইসলামের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

শেরপুরে জুয়ার আসর থেকে সাবেক ইউপি সদস্য সহ আটক-৮

শেরপুর, বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে  উপজেলায় জুয়ার আসরে হানা দিয়ে খানপুর ইউনিয়নে সাবেক ইউপি সদস্য সহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের খলিলুর রহমান ঘরের মধ্যে জুয়ার আসর বসায় জুয়ার আসর বসে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ০২ জুন ২০২২ বৃহস্পতিবার রাতে ১টায় এসআই শফিকুল ইসলাম ও এসআই আফজাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের মধ্যে জুয়াখেলারত দেখতে পায়। পরে পালানোর চেষ্টা করলে পুলিশ ৮ জনকে আটক করে। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ২ হাজার ৮০ টাকা’ উদ্ধার করে।

আটককৃতরা হলেন- শেরপুর উপজেলা খানপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান রহমান (৬০), তার সহযোগী সিরাজ (৫৫), জিয়াউর (৩৮) মহির উদ্দিন (৫০) আনোয়ার হোসেন (৪০) বাদশা সেখ (৪৫) নুর ইসলাম (৫০) শরিফ আহমেদ (৩০) সকলেরই গ্রাম চৌবাড়ীয়া পুরান পাড়া।
অপরদিকে শেরপুর থানা নিয়মিত অভিযানে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত একজন হেরোইন সহ একজন ও অরেন্ট ভুক্ত সহ ৬ জনকে আটক করেন।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই বাড়িতে কয়েকজন বসে জুয়া খেলছে পরে আমাদের পুলিশ অফিসার ও ফোর্স দিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে জয়া আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আর্জেন্টিনা কি বিশ্বকাপ জয় করে ফেলেছে বলে নেইমারের খোঁচা

স্পোর্টস ডেস্কঃ ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জয়ের পর ড্রেসিংরুমে উৎসব করেছিলেন আর্জেন্টাইনরা। আর সেখানে তারা টেনে আনে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জয়ের কথা। সেটির পাল্টা জবাব দিয়েছেন এবার নেইমার। খুব বেশি উদযাপন করায় চিরপ্রতিদ্বন্দ্বীদের ব্যঙ্গ করেছেন ব্রাজিলিয়ান এই তারকা। আর তাই তো আর্জেন্টিনাকে খোঁচা মেরে নেইমার বলে বসলেন, তারা কি বিশ্বকাপ জিতেছে?

আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমে জানা যায়, জয়ের পর আর্জেন্টিনা দলের  আনন্দের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে আর সেখানে ব্রাজিলকে টেনে এনে আর্জেন্টিনার খেলোয়াড়রা গান গাইছিলেন, কী হলো ব্রাজিল? পাঁচবারের চ্যাম্পিয়নরা কি ভয় পেয়ে গেলো?

আর স্বাভাবিকভাবে এই বিষয়টি ভালোভাবে গ্রহণ করেনি ব্রাজিলের ভক্ত-সমর্থকরা। সেই তালিকায় যুক্ত হয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রও। ইনস্টাগ্রামে ফুটবল ইজ আর্ট নামের একটি প্রোফাইল থেকে আপলোড করা হয় আর্জেন্টাইনদের সেই উদ্যাপনের ভিডিও। সেখানে তারা ক্যাপশন দেয়, ফাইনালিসিমা জিতে আর্জেন্টিনার খেলোয়াড়রা ড্রেসিংরুমে ব্রাজিলকে খোঁচা মেরে গান গেয়ে আনন্দ-উল্লাস করছে।

এরপরেই ব্রাজিল তারকা নেইমার তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সে পোস্টে মন্তব্য করেন, তারা কি বিশ্বকাপ জিতে গেছে?

 

একযুগেও বদলায়নি রাস্তার চেহারা, জনজীবনে ভোগান্তি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর গ্রামের অনেক জায়গায় কাদাজল মারিয়েখনো প্রতিদিন হাজারো মানুষকে তাদের গন্তব্যে ফিরতে হয়। আটঘর এলাকার আটঘর পয়েন্ট থেকে পানি উন্নয়ন বোর্ড নিয়ন্ত্রণাধীন ওয়াবদা বাঁধ পর্যন্ত দুই কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক এখনও সম্পূর্ণ কাঁচা।

এলাকাবাসী জানান, সড়কটি ২০১১ সালে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য থাকাকালে তাঁর সহায়তায় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে রাস্তা পাকাকরণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্ন্তভুক্ত করা হয়। পরবর্তীতে ২০১৪ সালের ডিসেম্বরের শেষের দিকে ২০১৪-১৫ অর্থবছরে আটঘর পয়েন্ট থেকে ওয়াবদা বাঁধ পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও শেষ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হয়নি অদৃশ্য কোন কারণে আজো তা অজানা। রাস্তাটি দীর্ঘদিন যাবত পাকা না হওয়ায় বর্ষায় হাজারো মানুষ দুর্ভোগে পড়েন।

বিষয়টি নিয়ে এলাকার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। নাজিরাবাদ ইউনিয়নের আটঘর, নারাইনপাশা, মানিকপুর, কৈল্যাণপুরসহ বেশ কয়েকটি গ্রামের কয়েকহাজার মানুষ প্রতিদিন চলাচল করেন আটঘর পয়েন্ট থেকে ওয়াবদা বাঁধ পর্যন্ত নির্মিত কাঁচা রাস্তা দিয়ে। জেলার তিনটি বড় হাওরের মধ্যে হাইল হাওরের পার্শ্ববর্তী ও স্থানীয়দের কাছে মানিক হাওর হিসেবে পরিচিত হাওর যেতে হয় ওই সড়ক দিয়েই। প্রত্যেক বছর বোরো মৌসুমে হাজার হাজার মণ বোরো ধান হওরের কৃষি জমি থেকে সংগ্রহ করতে হয় এই রাস্তা দিয়েই। কিন্তু কাঁচা রাস্তা হওয়ায় বর্ষা মৌসুমে রাস্তাটি বর্ষার পানিতে জমাট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়।

কাদাজল মারিয়েই হাইল হাওর ও মানিক হাওর থেকে সদর উপজেলার আমতৈল ও আপারকাগাবালা ইউনিয়ন এবং শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নসহ দুই উপজেলার তিনটি ইউনিয়নের শত শত কৃষক তাদের উৎপাদনকৃত বোরো ধান সংগ্রহ করতে গিয়ে বিড়ম্বনার শিকার হন। বর্ষা মৌসুমে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা চলাচল করতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন পথচারীসহ এলাকাবাসী। হঠাৎ করে কোনো দুর্ঘটনা কিংবা গর্ভবতী নারীদের সঠিক সময়ে হাসপাতালে পৌঁছানোও বেশ কষ্টসাধ্য। রাস্তাজুড়ে কাদাজল জমে থাকায় বর্ষায় রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ কোনো যানবাহনই চলাচল করতে পারে না।

সড়ক পার হলেই বিশাল বিশাল বিল, গবাদিপশুর খামার, কৃষি আর নানা জলজ সম্পদে ভরপুর বৃহত্তম হাইল হাওর ও মানিক হাওর রয়েছে এখানে। হাওরে পৌঁছতে হলে এ সড়কই একমাত্র অবলম্বন। এসব কারণে এ অঞ্চলের মানুষের কাছে সড়কটির গুরুত্ব বেশি।

এলাকার কাঁচা ওই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, জেলে, ব্যবসায়ীসহ নানা পেশার কয়েক হাজার মানুষ যাতায়াত করে। আর এটিই তাদের যাতায়াতের একমাত্র সড়ক। হাওর আর কৃষিকেন্দ্রিক জীবিকানির্বাহ যাদের একমাত্র পেশা তারাও ওই সড়ক দিয়ে যাতায়াত করেন নিয়মিত।

স্থানীয় ইউপি সদস্য মো. মহসিন আহমদ বলেন, ২০১৪ সালে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আমজদ মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে আমি দায়িত্বে থাকাকালে রাস্তাটি পাকাকরণের জন্য এলাকাবাসীর পক্ষে আবেদন করেও ব্যর্থ হই। আমরা অবহেলিত, এর অবসান চাই।

স্থানীয় কৃষক মো. আতাউর রহমানসহ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তার সমস্যার কারণে হাওর এবং হাওর পাড়ের শত শত কৃষকের গবাদিপশু ক্রয়-বিক্রয়ের জন্য দূর থেকে পাইকারদের আসতে বেগ পোহাতে হয়। এতে করে অনেকটা কম দামে গবাদিপশু বিক্রয় করতে বাধ্য হন কৃষকরা, ফলে অনেকেই গবাদিপশু পালন এক প্রকার বাদই দিয়ে দিয়েছেন। হাওর থেকে হাজার হাজার মণ ধান উৎপাদন হলেও যাতায়াতের সমস্যা থাকায় সেগুলোও অনেকটা কম দামে বিক্রি করতে হয় স্থানীয় কৃষকদের।

কৃষক রুহেল মিয়া বলেন, হাওরে এ বছর বোরো ধানের ফলন ভালো হলেও যানবাহন সমস্যার কারণে প্রতি মণ ধান অন্তত দুইশ টাকা কম মূল্যে বিক্রি করতে হয়, তবে রাস্তা পাকা হলে শুধু কৃষি নয় সব ক্ষেত্রে সুফল ভোগ করবেন এ অঞ্চলের কৃষক আর হাওরের জেলেরা।

দীর্ঘ কয়েক যুগ যাবত হাওরে গবাদিপশু পালন করেন কৃষক আনিছ আলী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বর্ষায় এ রাস্তায় চলাচল করা সম্ভব হয় না। হাঁটু পর্যন্ত দেবে যায়। বিকল্প হিসেবে তখন নৌকা দিয়েই চলাচল করতে হয়। তাঁর ক্ষোভ সব জায়গায় রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন হলেও আমরা অবহেলার শিকার হচ্ছি যুগ যুগ ধরে।

নাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, আটঘর পয়েন্ট থেকে বাঁধের সংযোগস্থল পর্যন্ত দুই কিলোমিটার রাস্তাটি পাকাকরণের জন্য বহু চেষ্টা করেও ব্যর্থ হই। রাস্তাটি পাকা হলে বদলে যাবে এলাকার মানুষের সামগ্রিক জীবনমান। হাওরজুড়ে বাড়বে কৃষি উৎপাদনসহ মৎস্য আহরণ।

নাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বলেন, রাস্তাটি এলজিইডির হলেও দুই বছর পূর্বে স্থানীয় এলাকাবাসীর নিজ অর্থায়নে কাঁচা রাস্তাটি সংস্কার করা হলেও বর্ষার পানিতে ফের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এর আগেও রাস্তাটি পাকাকরণের জন্য অনেক চেষ্টা করেছি। আগামীতেও রাস্তাটির পাকাকরণের ব্যাপারে আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. আলমগীর হোসেন বলেন, বর্তমানে সদর উপজেলায় এলজিইডির কোনো প্রকল্প নেই, আগামীতে একটি উন্নয়ন প্রকল্প আসার সম্ভাবনা রয়েছে। তখন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা করব বলে তিনি জানান।

বাঙ্গরায় ৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

এম শামীম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলায় চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীর দুই নারী সদস্যকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ী-হায়দরাবাদ বাদামতলী সড়কের হায়দরাবাদ গ্রামের ইয়াকুব আলীর বাড়ীর সামনে থেকে তাদের আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামের মৃত সন্তু মিয়ার মেয়ে কমলা শান্তা(৩৮) এবং একই উপজেলার শিমরাইল গ্রামের মৃত লিটন মিয়ার মেয়ে স্বপ্না আক্তার (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্তবর্তী এলাকা কসবা থেকে মুরাদনগর উপজেলার হায়দরাবাদ এলাকা দিয়ে মাদকের একটি চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই কাজী শাহনেওয়াজের নেতৃত্বে একদল পুলিশ কড়ইবাড়ী-হায়দরাবাদ বাদামতলী সড়কের হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গাঁজাসহ আটককৃত দুই নারী মাদক ব্যবসায়ীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

মৌলভীবাজারে বঙ্গমাতা টুর্নামেন্টে কুলাউড়া চ্যাম্পিয়ন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ ফুটবলে মৌলভীবাজার জেলা চ্যাম্পিয়ন হয়েছে কুলাউড়া উপজেলা বালক ও বালিকা দল। বৃহস্পতিবার (২ জুন) মৌলভীবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুলাউড়া বালিকা দল ট্রাইবেকারে ৪-৩ গোলে মৌলভীবাজার সদর উপজেলা দলকে পরাজিত করে। নির্ধারিত সময় গোলশূণ্য ড্র হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। এর আগে সেমিফাইনালে তারা বড়লেখা উপজেলাকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিলো।

বালকদের ফাইনাল খেলায় কুলাউড়া উপজেলা দল ট্রাইবেকারে মৌলভীবাজার সদর উপজেলা দলকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেমিফাইনালে কুলাউড়া উপজেলা দল ১-০ গোলে শ্রীমঙ্গল উপজেলা দলকে হারিয়ে ফাইনাল থেলার যোগ্যতা অর্জণ করেছিলো।

খেলা শেষে চ্যাম্পিয়ন বালক ও বালিকা দলের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া অধিদপ্তরের সচিব মেজবাহ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মিসবাউর রহমান ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এ টি এম ফরহাদ চৌধুরী ও পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ প্রমুখ।