বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্কঃ গেল কয়েক দিন ধরে চলা বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। এখন পর্যন্ত ১৬ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য পারনামবুকোতে নিখোঁজ এই ১৬ জনের মধ্যে ১৪ জন মাটিচাপা পড়েছে এবং বাকি দুজন পানির স্রোতে ভেসে গেছেন বলে ধারণা করা হচ্ছে। টানা বৃষ্ট ও ভূমিধসে এই রাজ্যের ছয় হাজারের বেশি বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন।

পারনামবুকো রাজ্যের ১৪টি পৌরসভায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। জরুরী অবস্থা চলছে পাশের অ্যালাগোয়াস রাজ্যের ৩৩টি পৌরসভাতেও। সেখানেও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত সপ্তাহে শুরু হওয়া এই বৃষ্টিপাত সপ্তাহ শেষে এসে ভারী বর্ষণে রূপ নেয়।

খবর আল জাজিরা।

নিখোঁজ যুবতীর খবর মিললো ভারতে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাড়ি থেকে বের হয়ে সপ্তাহখানেক নিখোঁজ ছিলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউপির জামকান্দি এলাকার পূর্ণিমা মুন্ডা (২৬)। এরই মধ্যে ভারতে আটক হন তিনি। মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।

বিজিবির সূত্র মতে জানা গেছে, জামকান্দি এলাকার মংরু মুন্ডার মেয়ে পূর্ণিমা মুন্ডা বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ। গত ২৪ মে তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এরপর আর ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় স্বজনেরা (২৮ মে) শনিবার জুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে ওই দিনই পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যের আদমটিলা এলাকায় লোকজন তাঁকে পেয়ে স্থানীয় পাথারকান্দি থানার পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় পূর্ণিমা পুলিশকে তাঁর নাম-ঠিকানা বলেন। পরে বিএসএফের পক্ষ থেকে বিজিবির সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার লাঠিটিলা সীমান্ত দিয়ে পূর্ণিমাকে হস্তান্তর করা হয়। এ সময় বিএসএফের পক্ষে ১৩৬ ব্যাটালিয়নের লাঠিটিলা ক্যাম্পের পরিদর্শক মনোজ কুমার ও বিজিবির ৫২ ব্যাটালিয়নের জুড়ী ক্যাম্পের কমান্ডার আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

বিজিবি কমান্ডার আব্দুর রহিম মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, পূর্ণিমা কোনোভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাঁকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সে তার পরিবারের নিকট আছে বলেও জানান।

নওগাঁয় চাঁদার টাকা না পেয়ে ছুড়ি দিয়ে আঘাত করে হত্যা চেষ্টা বাবা-ছেলেকে, পলাতক আসামী!

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় চাঁদার টাকা না পেয়ে ছুড়ি দিয়ে আঘাত করে হত্যা চেষ্টা বাবা-ছেলেকে, পলাতক আসামী। ঘটনাটি ঘটেছে গত ২৭মে শুক্রবার সন্ধ্যা ৭টায়। বসতবাড়ির নির্মাণাধীন বাড়ির ছাদের কার্নিশ ভাঙ্গাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে নওগাঁ সদর উপজেলার খাঁস নওগাঁ হঠাৎ পাড়ার মোছাঃ রেহেনা বেগমের স্বামী মো. নূর ইসলাকে ও ছেলে মো. রায়হান হোসেনকে হত্যার উদ্দেশে একই গ্রামের মো.মইদুল হোসেনের ছেলে মো. নিরব হোসেন (২৪) ও মো. মিজল হোসেন(২২) পেটে চাকু মেরে পালিয়ে যায়।

মোছাঃ রেহেনা বেগম বলেন, আমাদের বাড়ি নির্মণ কাজ চলাকালীন সময়ে বিভিন্ন ভাবে চাদাঁ দাবী করে আসছিল মো.মইদুল হোসেনের দুই ছেলে। চাদাঁর টাকা না পেয়ে তারা নির্মাণাধীন ছাদের কার্নিশ ভাঙ্গতে যায়। কার্নিশ ভাঙ্গাকে কেন্দ্র করে কথা কাটা-কাটির এক পর্যায়ে অকাথ্য ভাষায় গালাগালি করতে-করতে ধারালো চাকু নিয়ে জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে মো. মিজল হোসেনের স্ত্রী মোছা. মুক্তা (৪৫) হুকুমে আমার ছেলে মো. রায়হান হোসেন কে হত্যার উদ্যেশে মো. নিরব হোসেনের হাতে থাকা চাকু দিয়ে পেটে আঘাত করলে পেটের ডান পাশে কেটে মারাত্মক ভাবে জখম হয়। ওই সময় মো. মিজলের হাতে থাকা চাকু দিয়ে আঘাত করলে দু হাত দিয়ে প্রতিহত করলে বাম হাত কেটে রক্তাক্ত হয়ে যায়। ওই সময় আমার স্বামী মো. নূর ইসলাম এগিয়ে আসলে মিজল হোসেনের হাতে থাকা চাকু দিয়ে পেটে আঘাত করলে আমি এগিয়ে আসলে রেহেনা বেগম ও তার ছেলেরা আমাকে বেধড়ক পিটািতে থাকে। এমন অবস্থায় গ্রাম বাসী এগিয়ে আসলে তাদেরকেও চাকু দেকিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে। এলাকাবাসী এক প্রর্যায়ে পুলিশকে ফোন দিলে তারা আমাদেরকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

এলাকাবাসী সুমি আক্তার বলেন, আমি বাড়িতে ছিলাম হঠাৎ চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি রক্তাক্ত অবস্থায় বাবা ছেলে পড়ে আছে। আমরা এগিয়ে আসতে চাইলে মইদুলের দুই ছেলে চাকু বের করে আমাদেরকে ভয়-ভীতি দেখায় এরপর আমরা থানায় ফোন দিলে তারা পালিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ার কারণে চার্জার (টমটম) করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে জানতে পারি রায়হানকে রাজশাহী হাসপাতলে আইসিওতে নেওয়া হয়েছে। আসলে আমরা গ্রামবাসী অনেক আতঙ্কের মধ্যে রয়েছি আমরা এর সুষ্ঠু বিচার চাই।

ঘটনাটির সত্যতা স্বীকার করে নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামিদের ধরার জন্য চেষ্টা অব্যাহত আছে যে কোন মুহূর্তে তাদেরকে ধরে বিচার এর জন্য জেল হাজতে প্রেরণ করা হবে।

নবাবগঞ্জে ট্রলির চাপায় মোটরসাইকেল চালক নিহত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে গরুর সাথে ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ট্রলির চাপায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার ওই দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার মিডিয়া অফিসার বিভূতি ভূষন রায় ব্রতি জানান, নবাবগঞ্জ উপজেলার শওগুনখোলা এলাকার সকাল ১১টার দিকে গরুর সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে লিমন হোসেন (২৪) নামে একজন মোটর সাইকেল চালক। এসময় ট্রলির চাকায় পৃষ্ট হয়ে দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে সে।

নিহত লিমন হোসেন (২৪) দিনাজপুরের বিরামপুর উপজেলার উত্তর কাজীপাড়া গ্রামস্থ মৃত বকুল হোসেনের ছেলে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুরের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন জরুরী বিভাগের চিকিৎসক। ঘাতক ট্রলি থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্হা নেবেন তারা।

চিলাহাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কর্তৃক ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ

মোকাদ্দেস লিটু, ডোমার, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার চিলাহাটিতে ভোগডাবুরি একরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরি মেরাজুল ইসলাম (৩৫) কর্তৃক পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও নির্যাতিত একাধিক শিশু শিক্ষার্থীর অভিযোগের তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়া যায়। তারা জানায়, মেরাজুল দীর্ঘদিন ধরে ছাত্রীদের সাথে অশোভন আচরণ করে আসছে। গত ১৯ মে বৃহস্পতিবার, ২০২২ এক ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার সময় কয়েকজন শিশু বিষয়টি দেখে ফেলে, মেরাজুল এই ঘটনা কাউকে জানালে তাদের সাথেও এরকম করবে এই হুমকি দিলে প্রায় সপ্তাহখানেক পরে ঘটনাটি উক্ত শিশুরা তাদের অভিভাবকদের জানায় এবং বিষয়টি সবার সামনে আসে।

এ বিষয়ে অভিভাবকদের সাথে কথা বললে তারা জানায়, আমরা কয়েকজন স্কুলের প্রধান শিক্ষক শাহনাজ পারভীনকে বিষয়টি জানালে তিনি বলেন “আপনার সন্তানের সাথে তো এরকম হয়নি আপনি কেন আসছেন? আমাকে কেউ অভিযোগ জানায়নি, যদি জানায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।”

উক্ত সময়ে উপস্থিত আশেপাশের কিছু অভিভাবক জানান যে, “প্রধান শিক্ষক শাহনাজ পারভীন শিশুদের এ বিষয়টি বাড়িতে না জানানোর জন্য ভয়ভীতি দেখান এবং তাদের উপবৃত্তি বন্ধ করে দেয়ার কথা বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানান “এর আগেও ২-৩ বার এরকম ঘটনা ঘটিয়েছে মেরাজুল। আমারও তো মেয়ে আছে, আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

স্থানীয় বাসিন্দারা জানান, স্কুলে শিক্ষক শিক্ষিকা থাকা অবস্থায় কিভাবে মেরাজুল এই ঘটনা ঘটায়? আমরা তাহলে কার ভরসায় বাচ্চাদের স্কুলে পাঠাব? আমরা তো হাজিরা করে খাই, তাহলে কি আমরা স্কুলে পাহারা দিব?”

উক্ত বিদ্যালয়ের নির্যাতিত পঞ্চম শ্রেণির শিশুটির কাছ থেকে ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে শিশুটির চাচা এসে ভয়ভীতির কারণে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে এবং বাসায় একজন সদস্যকে মারধোর শুরু করে। তিনি সাংবাদিকদের তথ্য দিতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে তথ্য সংগ্রহে গত সোমবার ৩০ মে, ২০২২ দুপুর দেড়টায় স্কুলে গেলে দপ্তরি মেরাজুলকে স্কুলে পাওয়া যায়নি, তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার নাম্বার বন্ধ পাওয়া যায়। স্কুলের এক সহকারী শিক্ষক জানান মেরাজুলকে ছুটি দেয়া হয়েছে। এ সময় প্রধান শিক্ষক শাহনাজ পারভীন স্কুলে না থাকায় মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি নিজ বাসায় দেখা করতে বলেন।

তার বাসায় কথা হলে রেকর্ড না করার শর্তে তিনি জানান, “মেরাজুল ৮ বছর ধরে চাকরি করছে এতদিন আমাদের চোখে তার কোন খারাপ আচরণ চোখে পড়েনি, এমনকি এতদিন কোন গার্জিয়ানও আমাকে জানায়নি। গত বুধ বা বৃহস্পতিবার কিছু গার্জিয়ান আসে এবং আমার স্কুলের সহসভাপতি হারুন স্কুলের ম্যাডামকে জানালে তার কাছ থেকে বিষয়টি জানতে পারি। আমি বিষয়টি সভাপতিকে জানাই এবং নির্যাতিত শিশুর বাসায় এক ম্যাডামসহ গিয়ে শিশুর সাথে কথা বলে বিস্তারিত শুনি এবং মেরাজুলের সাথে কথা বললে সে সবকিছু স্বীকার করে। এরপর আমি সভাপতি ও স্থানীয় ওয়ার্ড মেম্বার এর সাথে কথা বলে এ বিষয়ে ৩১ মে মঙ্গলবার মিটিং আহবান করি। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে আমরা তার বিরুদ্ধে মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিব।”

৩১ মে মঙ্গলবার দুপুর ২ টায় স্কুলের ম্যানেজিং কমেটির সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি হারুন, প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, স্থানীয় ওয়ার্ড মেম্বার সাদেকুর রহমান, সদস্য গোলাপ, নির্যাতিত শিশুর অভিভাবক, স্কুলের শিক্ষিকাবৃন্দ ও অন্যান্য সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভায় আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দপ্তরী মেরাজুল ইসলাম মেরাজের অনুপস্থিতিতেই তাকে ৭ দিনের জন্য সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় ম্যানেজিং কমিটি।

প্রধান শিক্ষক জানান, আমরা তাকে সাত দিনের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি, সাতদিনের মধ্যে আমরা প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা শিক্ষা অফিসে পাঠাব তারপর যা ব্যবস্থা নেয়ার অফিস নেবে। এ বিষয়ে সভাপতির কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ রকিবুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,“ বিষয়টি আমি শুনেছি কিন্তু কোন লিখিত অভিযোগ পাইনি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।”

তবে স্থানীয় নাগরিক ইয়াছিন আলী মমতাজ (এ্যাডভোকেট, জজকোর্ট নীলফামারী) জেলা শিক্ষা অফিসে জনস্বার্থে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

সাবিক ওমর সবুজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  করেছে বগুড়া উপজেলা আওয়ামীলীগ। মঙ্গলবার (৩১ মে) বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক  ঘুরে মাঝিড়া বটতলায় এসে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তালেবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির হিসেবে রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আছাদুর রহমান দুলু।

সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আলমগীর হোসেন স্বপন, আব্দুল খালেক মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজার রহমান বাবলু, সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা, হোসেন শরিফ মনির, সেলিমুজ্জামান, আসাদুজ্জামান লিটন, যুবলীগ সভাপতি ভিপি এম সুলতান আহমেদ, সহ-সভাপতি আলী ইমাম ইনোকী, নজরুল ইসলাম, সাধারন সম্পাদক বাদশা আলমগীর, স্বেছাসেবকলীগ সভাপতি জিয়াউল হক জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, শ্রমিকলীগ সভাপতি রুবেল সরকার, সাধারন সম্পাদক নুরুনবী তারেক, কৃষকলীগ সভাপতি আবুল আজাদ ঠান্ডা, লাভলী আক্তার, মৌসুমী, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, সাধারন সম্পাদক মিন্টু মিয়া, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আছাদুর রহমান দুলু বলেন,৭১ এর ঘাতকরা ও ৭৫ এর খুনিরা ঐক্যবদ্ধ হয়ে জিয়া ও মোস্তাকরা মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে  হত্যা করে। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীদের গ্রেফতার  করে, ৪ হাজার আওয়ামী লীগের কর্মীদের হাত পায়ের রগ কেটে দেয় এবং অসংখ্য নেতাকর্মীদের গুম খুন করে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান সাহেব একদিকে সেনা প্রধান আরেক দিকে রাষ্ট্রপ্রধান হয়ে আওয়ামী লীগের ওপর নির্যাতন চালিয়েছেন।বঙ্গবন্ধুর অসমাপ্ত  কাজ সম্পূর্ণ করার জন্য  জন্য জনগণ  আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। শেখ হাসিনার কারণে বাংলাদেশের ভাগ্যের উন্নয়ন ঘটেছে।

শেখ হাসিনার নামে কটুক্তি করলে আওয়ামী লীগ আপনাদেরকে খাতির করবে না বলে তিনি বলেন, তারেক রহমানের পরিবার দুর্নীতির পরিবার, এই পরিবার হতে সাবধান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অশালীন বক্তব্যকারী বগুড়া জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরায়া জেরিন রনিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে না পারলে আবারো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষনা দেন তিনি।

বিভাগীয় পর্যায়ে বিজয়ী জুড়ীর তিন শিক্ষার্থী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর সিলেট বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলা থেকে অংশগ্রহণ করে জুড়ীর তিন শিক্ষার্থী প্রতিযোগীদের মধ্য হতে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন।

তন্মধ্যে শ্রেষ্ট শিক্ষার্থী (বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শাহ আহমেদ জুবায়ের, শ্রেষ্ট স্কাউট নির্বাচিত হয়েছেন একই প্রতিষ্ঠানের অমিষা দাস সৃষ্টি। এছাড়া সহপাঠক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলা কবিতা আবৃত্তি, খ গ্রুপ থেকে নির্বাচিত হয়েছেন জুড়ীর মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আমিনাতুজ সাদিকা।

কলেজ শিক্ষক দম্পতি মো: আলা উদ্দিন ও নাসরিন পপির পুত্র শাহ আহমেদ জুবায়ের এবং সরকারি কর্মচারী অমলেন্দু দাস ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরী রানী দাস দম্পতির মেয়ে অমিষা দাস সৃষ্টি জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি (বিজ্ঞান শাখা) পরীক্ষার্থী। তারা প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ সহ সরকারি, বেসরকারি বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জন করেন। অমিষা দাস সৃষ্টি ২০২১ সালে বাংলাদেশ স্কাউট-এর সর্বোচ্চ পদক ‘রাষ্ট্রপতি পদক’ অর্জন করেছেন।

মাদ্রাসা শিক্ষক মরহুম হাফিজ মাওলানা আব্দুল কাদির ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী বেগম-এর মেয়ে আমিনাতুজ সাদিকা জুড়ীর মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির (বিজ্ঞান শাখা) শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষা সমাপনি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ সহ সরকারি, বেসরকারি বিভিন্ন মেধাবৃত্তি পরীক্ষায় তার সাফল্য রয়েছে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে ৩৪টি সনদ অর্জন করে সাফল্যের ঝূঁড়ি ভরপুর করেছে সে।

এক প্রতিক্রিয়ায় শাহ আহমেদ জুবায়ের, অমিষা দাস সৃষ্টি ও আমেনাতুজ সাদেকা তাদের এ সাফল্যের জন্য নিজের পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সর্বোচ্চ সফলতার জন্য সবার দোয়া কামনা করেন।

সবার দোয়া চেয়ে জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী বলেন, এ তিন শিক্ষার্থী দেশ সেরার মুকুট পরবে বলে আমরা আশাবাদী। তাদের জন্য ভালোবাসা শুভকামনা।

ঠাকুরগাঁওয়ে গড়েয়া কলেজের ৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজের নতুন ৫ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গড়েয়া ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডঃ আ স ম গোলাম ফারুক রুবেল মঙ্গলবার ৩১ মে দুপুরে এ কাজের শুভ উদ্বোধন করেন।

গড়েয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গড়েয়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব সাইফুর রহমান, ,গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাবিন্দ্র নাথ মোদক।

এছাড়াও কলেজ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, উপাধ্যক্ষ, শিক্ষক – কর্মচারী স্থানীয় ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ভবনটি নির্মিত হলে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উন্নত পরিবেশে লেখা পড়ার সুযোগ পাবে। শেষে কলেজ মসজিদের পেশ ইমামের পরিচালনায় মোনাজাত করা হয়।

নেত্রকোণায় বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট জরিমানাসহ সিলগালা

নেত্রকোণা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নেত্রকোণায় অনুমোদনহীন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের অভিযান চলছে জেলা স্বাস্থ্য বিভাগের। মঙ্গলবার দুপুরে নেত্রকোণা পৌর শহরের বারহাট্টা রোড এলাকায় বিএনএসবি চক্ষু হাসপাতালে ও ২টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় বিএনএসবি চক্ষু হাসপাতালে কোন কর্তব্যরত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ছিলো না। চিকিৎসকের অনুপস্থিতিতে হাসপাতালের কর্তব্যরত অফথালমিক প্যারামেডিক মনির হোসেন নামের এক ব্যাক্তি রোগী দেখছিলেন ও রোগীর ব্যাবস্থাপত্রে চিকিৎসকের স্বাক্ষর করেন যা ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার এই চক্ষু হাসপাতালের কর্তব্যরত মনির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৩৯ এবং ৪৪ ধারার অপরাধে ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়া একই এলাকার অনুমোদনহীন ইউনাইটেড ডিজিটাল ও নাহার ডায়াগনস্টিক সেন্টার দুইটিকে সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার নেত্রকোণা সদর মাহমুদা আক্তার।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে ছিলেন নেত্রকোণা সদর হাসপাতালের ডাক্তার মোঃ শামসুজ্জামান মেডিকেল অফিসার, নেত্রকোণা সদর হাসপাতাল।

নেত্রকোণা জেলা স্বাস্থ্য বিভাগ তথ্যমতে, নেত্রকোণা জেলায় মোট ১শ ৩১ টি  ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তার মধ্যে অনুমোদন আছে ৮৩ টি আর অনুমোদনহীন ৪৮ টি। জেলায় প্রাইভেট হাসপাতাল রয়েছে ২৯ টি। অনুমোদন আছে ১৯ টির আর অনুমোদন নেই ১০ টি। অনুমোদনহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান চলমান থাকবে বলে জানান জেলা সিভিল সার্জন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার লাইসেন্স ছাড়া কোন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চালু রাখলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে এবং জরিমানা করা হবে।

এ ব্যাপারে তিনি আরো বলেন, আমাদের অভিযান কার্যক্রম চলমান থাকবে।

লালমনিরহাটে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্যর যাবজ্জীবন কারাদণ্ড

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় অপর পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের জেল প্রদান করা হয়। আজ মঙ্গলবার (৩১ মে) দুপুরে বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক ও জেলা দায়রা জজ মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

অস্ত্র আইনে যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন-কালীগঞ্জ থানার মুশরত মদাতী এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র হাসান আলী, একই এলাকার আব্দুল জলীলের পুত্র আসমত আলী। আর বিস্ফোরক দ্রব্য আইনে ১০ বছর কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ওই দুজনসহ কালীগঞ্জ উপজেলার চরভোটমারী এলাকার মুনছার আলীর পুত্র শাফিউল ইসলাম, কালীগঞ্জের মুশরাত মদাতী এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র নাইম মিস্টার এবং একই এলাকার সিরাজুল ইসলামের পুত্র আলী হোসেন।

আদালতের বরাত দিয়ে জানা যায়, ২০১৮ সালের অক্টোবর মাসের ৩০ তারিখে সন্ধ্যার দিকে কালীগঞ্জের দক্ষিণ মুশরত মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাড়ি থেকে নাশকতামূলক গোপন বৈঠককালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের ওই পাঁচ সদস্যকে আটক করে র্যাব-১৩ এর একটি চৌকস টিম। এ সময় হাসান আলী ও আসমত আলীর কাছ থেকে বিদেশি পিস্তল, ফায়ারিং পিন ও টিগারযুক্ত ১টি ম্যাগাজিন ও ২টি তাজা গুলি উদ্ধার করে। র্যাবের দায়ের কৃত অস্ত্র আইনের এজাহার সুত্রে জানা গেছে যে আটককৃতরা দীর্ঘদিন থেকে নাশকতার পরিকল্পনা করে আসছিলো। পরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের আটক করতে সক্ষম হয়েছিলো।

আদালতে দীর্ঘ সময় ধরে মামলার স্বাক্ষী ও প্রমাণাদী পর্যালোচনা করে আজ মঙ্গলবার লালমনিরহাটের বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক ও জেলা দায়রা জজ আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান আটককৃতদের বিভিন্ন মেয়াদ সাজা ও অর্থদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট আদালতের পাবলিক প্রসিকিউট (পিপি) আকমল হোসেন বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের দুইজনকে অস্ত্র আইনে যাবজ্জীবন ও পাঁচজনকে বিস্ফোরক আইনে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক এ আদেশ দেন।

তবে দন্ডপ্রাপ্ত আসামীদের আইনজীবীর কোন বক্তব্য পাওয়া যায়নি।