আজকের আবহাওয়াঃ আগামী তিনদিন বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে

আবহাওয়ার খবরঃ ঢাকাসহ দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। আগামী তিন দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আজ সোমবার আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে সব ধরনের মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা রয়েছে। পাশাপাশি দেশের সব নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮ স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক সৌদি প্রবাসীর ব্যাগ স্ক্যানিংয়ের সময় ২৮টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টম কর্মকর্তারা। গতকাল রবিবার (২৯ মে) সকালে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটে করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা যাত্রী শফি আলমের ব্যাগে এসব স্বর্ণ পাওয়া যায়।

কাস্টমসের ডেপুটি কমিশনার মো. নিয়ামুল হাসান তথ্যটি নিশ্চিত করে বলেন, যাত্রী শফি আলম কক্সবাজার জেলার ঈদগাহ এলাকার বাসিন্দা।

এদিকে এ ঘটনায় কাস্টমস আইনে যাত্রী শফি আলমের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজারহাটে পরিত্যক্ত অবস্থায় গুলি-ম্যাগজিন উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে রাস্তার উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ রাউন্ড গুলি, একটি  ম্যাগজিন ও চার্জার গার্ড উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মে) রাত ১২টার দিকে উপজেলার হরিচরণ এলাকার রাজারহাট-তিস্তা সড়কের ওপর থেকে এসব উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রোববার রাত ১২টার দিকে রাজারহাট থানার টহল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ও এএসআই রাফিউল আমিন রাজারহাট-তিস্তা সড়কের অদিতা সুধী কানন ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে ৯ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, একটি ম্যাগজিন, একটি চার্জার গার্ড সড়কের ওপর পরে থাকতে দেখে। পরে সেগুলো  উদ্ধার করে থানায় নিয়ে আসে।

রাজারহাট থানার ওসি রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাতে টহল দলের সদস্যরা রাস্তার উপর ধেকে এসব উদ্ধার করে।

চিলাহাটি প্রেসক্লাব অফিস ভেঙে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

মোকাদ্দেস লিটু, ডোমার, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে প্রেসক্লাব অফিস ভেঙ্গে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে চিলাহাটি প্রেসক্লাবের সাংবাদিকেরা। একই দিনে প্রেসক্লাব সংলগ্ন স্থানে দলীয় কার্যালয় ভেঙে দেয়ার প্রতিবাদে পৃথক মানববন্ধন করে ইউনিয়ন আওয়ামী যুবলীগ।

রোববার দুপুরে ভেঙ্গে দেয়া ওই প্রেসক্লাবের ধ্বংসস্তুপের সামনে দাড়িয়ে সাংবাদিকরা মানববন্ধন সমাবেশ করেন। বক্তারা অভিযোগ করে বলেন, চিলাহাটি-হলদীবাড়ী রেললাইন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুর রহীম তার দূর্নীতি ঢাকতে কোনো নোটিশ ছাড়াই সরকারি ছুটির দিনে গত ২৭ জুন শুক্রবার দুপুরে বুলডোজার দিয়ে প্রেসক্লাব অফিস এবং সংলগ্ন যুবলীগ অফিস ভেঙে দেন। এসময় রেলের কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা রেল পুলিশ সেখানে উপস্থিত ছিলেন না। এ থেকে এটাই প্রতীয়মান হয় যে তিনি ব্যক্তি আক্রোশ থেকে এ কাজটি করেন। বক্তারা ওই কর্মকর্তার দৃষ্টান্তমুলক শাস্তি ও অপসারণ দাবী করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি মো. তোজাম্মেল হোসেন মঞ্জুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচিতে একাত্বতা প্রকাশ করে বক্তৃতা করেন, নীলফামারী জেলা প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক, সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান, প্রথম আলো প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান বকুল, চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মাহাবুবুল আলম ওহাবুল, সদস্য এ আই পলাশ, আহসানুল কবির জুয়েল, মোকাদ্দেস হোসেন লিটু প্রমুখ।

চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি মো. তোজাম্মেল হোসেন অভিযোগ করে বলেন,‘ চিলাহাটি -হলদীবাড়ী রেললাইন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নির্মাণ কাজের সময় বিনা দরপত্রে রেললাইনের ধারে থাকা শতবর্ষী বেশ কিছু গাছ কেটে আত্মসাৎ করেছেন। প্রকল্পের বিভিন্ন কাজের অনিয়মের বিষয়ে তথ্য চাইলে তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন। বিভিন্ন সময়ে সাংবাদিকদের উদ্দেশ্য করে খারাপ ভাষায় কথাও বলেছেন। তারই অংশ হিসেবে গত ২৭ মে শুক্রবার দুপুরে বুলডোজার দিয়ে চিলাহাটি প্রেসক্লাব অফিসটি ভেঙে দেন। এসময় কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা রেল পুলিশের কোনো সদস্য ছিলেন না।

চিলাহাটি প্রেসক্লাবের সহসভাপতি মো. মাহাবুবুল আলম ওহাবুল বলেন, আমরা দীর্ঘদিন ধরে সেখানে প্রেসক্লাবের ভবন করে আছি। সেটি রেলের জায়গা ঠিক আছে। কিন্তু তাদের প্রয়োজনে উচ্ছেদ করতে চাইলে আমাদের নোটিশ করতে পারতেন। তিনি আমাদের মৌখিকভাবেও জানাননি। আমাদের জানানো হলে আমরা সেটি সরিয়ে নিতাম।

ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান বকুল বলেন, ‘চিলাহাটি-হলদীবাড়ী রেল লাইন নির্মাণের সময় রেল লাইনের ধারে অসংখ্য স্থাপনা অপসারণ করা হয়েছে। ওই কাজে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি ও সাধারণ মানুষ সহযোগিতা করেছেন। এখনো অসংখ্য বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান রেলের জায়গায় আছে। অবৈধ স্থাপনা অপসারণ করতে হলে স্থাপনা সংশ্লিষ্ঠদের নোটিশ করার নিয়ম আছে। এসব নিয়মের তোয়াক্কা না করে আব্দুর রহীম চিলাহাটি প্রেসক্লাব ও ইউনিয়ন যুবলীগের কার্যালয়টি ভেঙে দিয়েছেন। এটা আইনসঙ্গত হয়নি।

এ বিষয়ে মুঠোফোনে কথা বললে, সাংবাদিকদের করা অভিযোগের সত্যতা অস্বীকার করে রেলের প্রকল্প পরিচালক আব্দুর রহীম বলেন,‘আমার ব্যাক্তিগত কোনো আক্রোশ নয়। আমি ভবন ভাঙিনি। রেলের বিভাগীয় ব্যবস্থাপক সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে ভাঙা হয়েছে। তারা সেখানে বৈধভাবে না থাকার কারনে তাদের অবগতি বা নোটিশ করার প্রয়োজন হয়নি। আরো যদি কেউ রেলের জায়গায় অবৈধভাবে থেকে থাকেন তাদের তালিকা পাওয়া গেলে সেগুলোও অপসারণ করা হবে।

বগুড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে বেগম খালেদা জিয়াকে কটূক্তি, হত্যার হুমকি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর ছাত্রলীগের সন্ত্রাসী  হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে  উপজেলা ছাত্রদল।

গত (২৯মে) রবিবার  বিকাল সাড়ে ৪ ঘটিকায়  মাঝিড়া বাইপাস এলাকা থেকে শুরু হয়ে মাঝিড়া বিএনপির দলীয় কার্যালয়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচি সমাবেশে উপস্থিত ছিলেন,শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, সাধারণ সম্পাদক- মেহেদি হাসান অভ্র, সিনিঃ সহ-সভাপতি- মাশফিকুর রহমান মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক ইবনে সাউদ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলা  ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান অভ্র বলেন, “সন্ত্রাসী হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানান।সরকারকে সুষ্ঠ নির্বাচনের জন্য অবিলম্বে পদত্যাগ করে তত্বাবোধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়ার জন্য আহবান জানাই”।
শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন বলেন,”দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়ে, ভয় দেখিয়ে লাভ হবে না। কেননা  তিনি জীবনের মায়া ত্যাগ করে ওয়ার্ড এ্যালিফেনের সময় দেশেই অবস্থান  করেছেন,বিদেশে যাননি।আমাদের ওপর হামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবেনা।দেখতে চাই ছাত্রলীগ  আমাদের ওপর কত হামলা করতে পারে।আমরা আঘাত সহ্য করে হলেও রাজপথেই থাকবো ইনশাআল্লাহ। সরকারের পতন ঘটিয়েই ছাত্রদল ঘরে ফিরবে।গুলি দিয়ে হামলা করে মামলা দিয়ে ছাত্রদলকে আটকানো যাবেনা”।
পরিশেষে, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য  দোয়া ও নেতাকর্মীদেরকে সর্বদা রাজপথে থাকার আহবান  জানিয়ে  সমাবেশ  সমাপ্ত ঘোষনা করেন।

নেপালের বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে ১৪ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে ২২ আরোহী নিয়ে বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারলাইনসের সন্ধান পেয়েছে নেপালের উদ্ধারকারী দল। বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধাকারীরা বাকিদের সন্ধানে এখনো তল্লাশি চালাচ্ছে। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে।

আজ সোমবার (৩০ মে) নেপাল সেনাবাহিনী কাঠমান্ডু পোস্টকে জানায়, বিমানটি নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলের মুস্তাং জেলার থাসাং-এর সানো সোয়ার বিহারের কাছে ১৪ হাজার ৫০০ ফুট গভীরে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল আজ সকালে বিমানের ধ্বংসাবশেষের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

নেপালের সিভিল এভিয়েশনের মুখপাত্র দিও চন্দ্র লাল কর্ন জানায়, এখনও পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর বাকিদের খোঁজ পেতে এখনো তল্লাশি অব্যাহত রয়েছে। খারাপ আবহাওয়ার কারণে তাদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। আবহাওয়ার উন্নতি হলে সেখানে হেলিকপ্টারের টহল দেওয়া হবে। যে এলাকায় বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে কোনো মনুষ্যবসতি নেই।

উল্লেখ্য, গতকাল রবিবার (২৯ মে) সকালে চার ভারতীয়সহ ২২ যাত্রী নিয়ে বেসরকারি এয়ারলাইনসের বিমানটি মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়। পরে জানা যায়, বিমানটি নেপালের কোয়াং গ্রামে একটি নদীতে বিধ্বস্ত হয়েছে।

 

মৌলভীবাজার ছাত্রদলের তিনটি শাখার উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদলের ক্যাম্পাস অভিমূখী শান্তিপূর্ণ মিছিলে ছাএলীগ ক্যাডারদের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদে মৌলভীবাজার সদর উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল এবং সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রবিবার (২৯ মে) দুপুর ১২ টার দিকে শাহ মোস্তফা কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চৌমহুনা, ভেলী টাওয়ারের সামনে সমাবেশের মাধ‍্যমে শেষ হয়।

এই সময় পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমদ টিপুর পরিচালনায়, সভাপতিত্ব করেন সদর উপজেলা আহবায়ক জাবেদ আলী নাঈম, উপস্থিত ছিলেন পৌরছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ তপু আলী, সামাদ আহমদ, নাঈম আহমদ, জিবন আহমদ। সদর উপজেলার জাফরান আহমদ, সাজন আহমদ কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাখনুন রহমান, জামিল আহমদ, রাব্বী আহমদ, রুহেল আহমদ প্রমুখ।

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক বাদাম বিক্রেতার মৃত্যু !

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে হাসিম আলী (২৫) নামে এক বাদাম বিক্রেতার মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গতকাল রোববার (২৯ মে) রেলস্টেশনের উত্তরে গোলাহাট কবরস্থান বধ্যভূমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক একই এলাকার অবাঙ্গালী নতুন ক্যাম্পের কাশিম আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, হাসিম আলী দীর্ঘদিন ধরে মানসিক ভাবে অসুস্থ। তার স্ত্রী ও দেড় বছরের এক কন্যা সন্তান রয়েছে। ঘটনার দিন সকাল ৭ টার দিকে ঘুম থেকে ওঠে রেললাইনের দিকে হাটতে যান তিনি। ওই সময় গোলাহাট কবরস্থান সংলগ্ন বধ্যভূমি এলাকায় খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

জানতে চাইলে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ না থাকায় পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধির অনুরোধে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ইউক্রেনের লিমান শহর রাশিয়ার নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের দোনবাস অঞ্চলের লিমান শহর এখন রাশিয়ার নিয়ন্ত্রণে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

স্থানীয় সময় গতকাল শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের দোনবাস অঞ্চলের লিমান শহরটি পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। শহরটি বর্তমানে রুশ সেনারা এবং ওই অঞ্চলের রুশপন্থী যোদ্ধারা নিয়ন্ত্রণ করছে। লিমান শহরটি ‘রেলওয়ে হাব’ হিসেবে পরিচিত। গত কয়েকদিনের লড়াই শেষে রুশ সেনা ও রুশপন্থী গেরিলারা শহরটি দখলে নিতে সক্ষম হলো।

প্রসঙ্গত, ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ক অঞ্চল নিয়ে দোনবাস অঞ্চল গঠিত। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগে থেকেই এই দুই অঞ্চলের বেশিরভাগ এলাকাতেই রুশপন্থী স্বাধীনতাকামীদের নিয়ন্ত্রণ ছিল। এখন রাশিয়া যে অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিতে চাইছে লিমান শহর তারই একটি।

উল্লেখ্য, রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং তার আশপাশে বেশকিছু দিন অভিযান চালিয়ে এখন দোনবাস এলাকায় নজর দিয়েছে।

গ্রিসের আটক করা ২ জাহাজে ১৮ লাখ ব্যারেল তেল আছে

আন্তর্জাতিক ডেস্কঃ পারস্য উপসাগর থেকে গ্রিসের তেলবাহী যে দুটি জাহাজ আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তাতে অপরিশোধিত ১৮ লাখ ব্যারেল তেল রয়েছে। ইরানের গণমাধ্যমগুলো এই খবর দিয়েছে।

গতকাল শনিবার (২৮ মে) আইআরজিসি’র সঙ্গে ঘনিষ্ঠ ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স  জানায়, আটক দুটি জাহাজের প্রত্যেকটি দেড় লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল বহন করতে সক্ষম। গত শুক্রবার আইআরজিসি তেলবাহী জাহাজ দুটিকে পারস্য উপসাগরের ইরানি পানিসীমা থেকে আটক করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের বসরা বন্দর থেকে গ্রিসের ডেল্টা পজিডন জাহাজটি অপরিশোধিত তেল বোঝাই করে দেশের উদ্দেশ্যে রওনা হয়। পরে ইরানি পানিসীমা লঙ্ঘন করলে আইআরজিসি জাহাজটিকে আটক করে ইরানের দক্ষিণাঞ্চলীয় আসালুয়ে বন্দরে নিয়ে যায়। জানা যায়, গ্রিসভিত্তিক আন্তর্জাতিক জাহাজ পরিচালনা কোম্পানি ‘ডেল্টা শিপস’ এই ডেল্টা পজিডন জাহাজটি পরিচালনা করছিল।

অন্যদিকে, গ্রিসের আরো একটি ৫ বছর বয়সী তেলবাহী জাহাজ প্রুডেন্ট ওয়ারিয়র ইরানের ফারোর দ্বীপের কাছ থেকে আটক করে আইআরজিসি। সমুদ্র আইন ভঙ্গ করার কারণে এই জাহাজটি আটক করা হয়। এ জাহাজটি কাতারের রাস লাফফান বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরের দিকে রওনা দিয়েছিল।

উল্লেখ্য, এসব হওয়ার দুই দিন আগে গ্রিসের একটি দ্বীপে আটক ইরানের তেলবাহী জাহাজ জব্দ করতে আমেরিকাকে অনুমতি দেয় এথেন্স সরকার।