মুরাদনগরের দৌলতপুরে ৩দিন ব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ বিদ্রোহীর শতবর্ষ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী ও বিদ্রোহী কবিতার শতবার্ষিকী তিন দিনব্যাপি নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে মুরাদনগর উপজেলা প্রশাসন ও স্থানীয় নজরুল সংগঠন।

কবি’র জন্মবার্ষিকীর প্রথমদিনে উপজেলার কবিতীর্থ দৌলতপুরের কাজী নজরুল ইসলাম মুর‌্যালে পুস্পস্তবক অর্পন, নজরুলের জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতা, শিশুদের সংগীত প্রতিযোগিতা, কবিতা আবৃতি, আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

ওইদিন বিকেলে কবিতীর্থ দৌলতপুরের কবি নজরুল মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করে স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার সহকারী পরিচালক শওকত উসমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান আলম কিশোর।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কবির আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, কবিপত্নী নার্গিস পরিবারের বংশধর বাবলু আলী খান, হুমায়ন কবির খান। এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম, কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহাম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হাই খান, শিক্ষা অফিসার ফওজিয়া আকতার, মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মুমিনুল হক, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক রিপন হোসেন, সহকারী শিক্ষা অফিসার সায়মা সাবরিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সূফি আহাম্মদ প্রমুখ।

কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির আজ জন্মদিন

বিনোদন ডেস্কঃ প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ৭০ তম শুভ জন্মদিন আজ। ১৯৫২ সালে ঢাকার নারিন্দায় এমন একটি দিনেই পৃথিবীতে আগমন ঘটেছিলো এই প্রখ্যাত অভিনেতার।

অসংখ্য জনপ্রিয় মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে শিল্প-সংস্কৃতিপ্রেমীদের হৃদয়ে আসন গেড়ে নেন এই অভিনেতা। তার অভিনয়ের শুরুটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী ফরীদি বিশ্ববিদ্যালয় জীবনে বিশিষ্ট নাট্যকার সেলিম আল-দীনের নজরে পড়েন।

১৯৭৬ সালে নাট্যজন সেলিম আল দীন-এর উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় নাট্যোৎসব। আর হুমায়ুন ফরীদি ছিলেন এর অন্যতম প্রধান সংগঠক। এই উৎসবে তার নিজের রচনায় এবং নির্দেশনায় মঞ্চস্থ হয় ‘আত্মস্থ ও হিরন্ময়ীদের বৃত্তান্ত’ নামে একটি নাটক। ওই সময় নাটকটি সেরা হিসেবে বিবেচিত হয়েছিল। এরপর সেখানে প্রথম নাটকের সুবাদে পরিচয় ঘটে ঢাকা থিয়েটারের নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সঙ্গে। মূলত এখান থেকে হুমায়ুন ফরীদির অভিনয় যাত্রা শুরু।

তার অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটকের মধ্যে রয়েছে নিখোঁজ সংবাদ, হঠাৎ একদিন, পাথর সময়, সংশপ্তক, সমুদ্রে গাংচিল, কাছের মানুষ, মোহনা, নীলনকশাল সন্ধানে, দূরবীণ দিয়ে দেখুন, ভাঙ্গনের শব্দ শুনি, কোথাও কেউ নেই, সাত আসমানের সিঁড়ি, সেতু কাহিনী, ভবেরহাট, শৃঙ্খল, জহুরা, আবহাওয়ার পূর্বাভাস, প্রতিধ্বনি, গুপ্তধন, সেই চোখ, আমাদের নুরুল হুদা প্রভৃতি।

নব্বই দশকে এসে নাম লিখিয়েছিলেন বাণিজ্যিক ধারার বাংলা চলচ্চিত্রে। প্রথম সিনেমা ‘হুলিয়া’ দিয়ে অভিনয় শুরু বাংলা চলচ্চিত্রে। একসময় নায়কের চেয়ে বাংলা সিনেমাপ্রেমীদের কাছে ভিলেন হুমায়ুন ফরীদি বেশি প্রিয় হয়ে ওঠেন। বলা যায়, জাদুময় এক অভিনেতা হিসেবে জন্ম নিয়েছিলেন তিনি। যার ফলে রেখে গেছেন অগণিত ভক্ত, অনুরাগী।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে সন্ত্রাস, দহন, লড়াকু, দিনমজুর, বীর পুরুষ, বিশ্বপ্রেমিক, আজকের হিটলার, দুর্জয়, শাসন, আনন্দ অশ্রু, মায়ের অধিকার, প্রাণের চেয়ে প্রিয়, কখনো মেঘ কখনো বৃষ্টি, প্রবেশ নিষেধ, ভণ্ড, অধিকার চাই, মিথ্যার মৃত্যু, ব্যাচেলর, শ্যামল ছায়া ও মেহেরজান প্রভৃতি।

উল্লেখ্য, ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি পৃথিবীর মায়া ত্যাগ করেন হুমায়ূন ফরীদি।

 

শ্রীমঙ্গলে অনিবন্ধিত ২টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সারাদেশে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ প্রদান করে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অনিবন্ধিত লাইসেন্স বিহীন দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন। শনিবার (২৮ মে) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এ অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. পার্থ সারথি সিংহ, সেনেটারি ইন্সপেক্টর বিনয় সিংহ রাউথিয়া, শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এসআই) ইউসুফ প্রমুখ।অভিযানে শ্রীমঙ্গল শহরের কালীঘাট সড়কের ইনোভা ডায়াগনস্টিক সেন্টার ও স্টেশন সড়কের রেটিনা ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ করে সিলগালা করে দেয়া হয়।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ বাস্তবায়ন করতেই এ অভিযান পরিচালনা করা হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে শ্রীমঙ্গলের অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সাক্ষরিত করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হবে।

নেত্রকোণায় অনুমোদনহীন ২ টি প্রাইভেট হাসপাতালকে জরিমানা ও সিলগালা

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমূহের তালিকা প্রস্তুত করে অভিযানে নেমেছেন উপজেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য অধিদপ্তর। ২৮ মে শনিবার দুপুরে নেত্রকোণার পৌরশহরের নাগড়া এলাকার তানিয়া ও লির্বাটি নামে দুইটি প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও নিয়ম বহির্ভূত হাসপাতাল কার্যক্রম চালানোর অপরাধে জরিমানা ও বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় হাসপাতাল দুটিকে পাঁচ হাজার করে ২ টি প্রতিষ্ঠানে মোট দশ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে সাথে ছিলেন নেত্রকোণা সদর হাসপাতালের ডাক্তার মোঃ শামসুজ্জামান মেডিকেল অফিসার, নেত্রকোণা সদর হাসপাতাল।

পরে হাসপাতালে থাকা রোগীদের চিকিৎসার জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

নেত্রকোণা জেলা স্বাস্থ্য বিভাগ তথ্যমতে, জেলায় প্রাইভেট হাসপাতাল রয়েছে ২৯ টি। অনুমোদন আছে ১৯ টির আর অনুমোদন নেই ১০ টি। জেলায় মোট ১শ ৩১ টি  ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যার মধ্যে অনুমোদন আছে ৮৩ টি আর অনুমোদনহীন ৪৮ টি। অনুমোদনহীন এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান চলমান থাকবে বলে জানান জেলা সিভিল সার্জন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার বলেন আমাদের কার্যক্রম চলমান থাকবে।

জনপ্রিয় সংবাদ মাধ্যম জিবি নিউজ ও লন্ডনের ক্ষুদে সাংবাদিক জাইম কে অ্যাওয়ার্ড প্রদান

তিমির বনিক : বিশ্বব্যাপী মহামারি করোনাকালীন সময়ে মাঠ পর্যায়ে বিশেষ অবদান রাখায় এবং দক্ষতার সহিত কাজের স্বীকৃতিস্বরূপ লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি ক্ষুদে সাংবাদিক জাইমকে অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। তারসাথে ইউকে ভিত্তিক জনপ্রিয় অনলাইন চ্যানেল জিবি নিউজ ২৪ ডট কম কেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই সময় জিবি নিউজ ২৪ ডট কমের হয়ে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন জিবি নিউজ টুয়েন্টিফোর ডট কম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাকিব হুসেন রুহেল।

সাংবাদিক পরিবারে বেড়ে ওঠা জাইম হোসেইনের বয়স মাত্র ১৪ বছর। ইতিমধ্যে সে বিশ্ববরেণ্য সেলিব্রেটিদের সাক্ষাৎকার নিয়ে মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। তাই তার কাজের স্বীকৃতিস্বরূপ আবারও ২০২২ সালে পেয়েছে এই বিশেষ অ্যাওয়ার্ড।

লন্ডন হান্সলো কাউন্সিলের মেয়র বিষ্ণু গুরু ক্ষুদে সাংবাদিক জাইমকে সম্মাননা তুলে দেন ও মেডেল পড়িয়ে দেন।

এ ছাড়াও কাজের স্বীকৃতিস্বরূপ এর আগে ২০১৭ সালে ও ২০১৮ সালেও সে পেয়েছে সিভিক অ্যাওয়ার্ড। এবার নিয়ে পঞ্চম বারের মতো অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন ক্ষুদে সাংবাদিক জাইম হুসেন।

সেই সময় ব্র্যান্ড কাউন্সিলের মেয়র পারভেজ আহম্মদ ও হান্সলো কাউন্সিলের মেয়র সায়মা চৌধুরী ও আজমের গ্রাউল ক্ষুদে সাংবাদিক জাইমের হাতে এই অ্যাওয়ার্ড প্রদান করেন ও বিশেষ সম্মাননা তুলে দেন।

তা ছাড়া লন্ডনের ব্রিটিশ এমপি সীমা মালহোত্রা জাইমকে কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পদক দিয়েছিলেন।

ক্ষুদে সাংবাদিক জাইম হোসেইনের বাবা রাকিব রুহেল। যিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ দেখার স্বপ্নে বিভোর,সংবাদ মাধ্যম পরিচালনার পাশাপাশি তিনি গড়ে তুলেছেন একটি ফাউন্ডেশন,এখান থেকে প্রতিবছরই তিনি দেশের গরিব অসহায় মানুষদের সেবা প্রদান করে জাচ্ছেন।

আর পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শিশু জাইম হোসেইন আজ নিজেই হাতে তুলে নিয়েছে মাইক্রোফোন।ক্ষুদে সাংবাদিককে নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছেন বাবা রাকিব রুহেল ও মা লাবনী হোসেইন।

নেত্রকোণার বারহাট্টায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টা উপজেলায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত শুক্রবার (২৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেইমা গ্রামে এই নির্যাতনের ঘটনাটি ঘটে। নির্যাতনের ব্যাপারে তাৎক্ষণিক ওই ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য নজরুল ইসলামকে অবগত করলেও তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

পরে রাতে ভুক্তভোগীর ননদের ছেলে জামরুল ৯৯৯ এ ফোন দিলে  বারহাট্টা থানা পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগী গৃহবধূর নাম রুবি বেগম (৪০)। তিনি সিলেট জেলার বালাগঞ্জ থানার কাচপুর গ্রামের মৃত হান্দু মিয়ার মেয়ে। অভিযুক্ত ফৌজদার মিয়া(৬৫) বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের  সেইমা এলাকার বাসিন্দা।

হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় গৃহবধূ রুবি বেগম জানান, আমার স্বামী আগেও একটা সংসার করছে। আগের সংসারে তার বাচ্চা কাচ্চা আছে। আগের (স্বামী)আমারে বিয়ার শুরু থেকেই মারত।তাই আমি ঢাকাত মানুষের  বাসা বাড়িত কাজ কাম কইরা খাই। আমার এক ছেলে ও তিন মেয়ে স্বামীর কাছে থাকে। প্রতি মাসে আমি স্বামীরে টাহা পাডাই।গত তিন চার মাস আমি টাহা পাডাইতে পারি নাই।তখন আমার স্বামী ও তার ভাইয়ের ফোন কইরা কইছে যে ঢাকা থাহন লাগত না বাড়িত আইয়া পর।বিশ্বাস কইরা শুক্রবারে বাড়িত আইছিলাম।তখন সাথে সাথেই আমারে মারছে।আর কইছে আমি কেরে টাহা পাডাই না। কই বিয়া বইছি। আরো কত খারাপ খারাপ কথা কইছে। রাইতে গলা কাইট্টা গাঙ্গে ফালাইয়া দেওনের কথাও কইছে। আমারে যে মারতাছে হেই বিষয়টা মেম্বাররে জানাইছি। মেম্বার আগে কিছুই করছে না আমার লাইগা। পরে আমার ননদের ছেলে জামরুল অনলাইন না কিতাই কয় হেইনে ফোন দিয়া পুলিশ নিছে। আর পুলিশ আমারে উদ্ধার কইরা রাইতেই হাসপাতাল নিয়া আইছে।

নির্যাতনের বিষয় ধামাচাপা দেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করে রায়পুর ইউনিয়নের ৬নং সেইমা ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, আমি কোন কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করিনি। আমি বরং পুলিশকে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি হতে সাহায্য করেছি। আর গৃহবধূর সকল চিকিৎসার খরচও আমার টাকা দিয়েই করছি।

অভিযুক্ত ফৌজদার মিয়ার সাথে ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তন্নী  জানান, রুবি বেগম  চিকিৎসাধীন আছেন।গত শুক্রবার রাতে উনি ভর্তি হয়েছেন।উনার হাত, পা ও বুকের এক্সরে করতে বলা হয়েছে।রিপোর্ট অনুযায়ী পরবর্তী চিকিৎসা করা হবে।

এদিকে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুল হক  জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নেপালে ২২ আরোহী নিয়ে নিখোঁজ বিমান

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালে ২২ জন আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। আজ রোববার (২৯ মে) সকালে বিমানটি নিখোঁজ হয়েছে বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং সরকারি কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, রাজধানী কাঠমুন্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পর্যটন শহর পোখারা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জোমসোমের দিকে যাচ্ছিল এ ছোট বিমানটি। বিমানটি মুস্তাং জেলার জোমসোমের আকাশে দেখা গিয়েছিল এবং তারপরে মাউন্ট ধৌলাগিরির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এরপরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

একজন বিমান কর্মকর্তা জানায়, বিমানে ৪ জন ভারতীয় এবং ২ জন বিদেশি নাগরিক ছিলেন। তবে বিদেশি নাগরিকরা কোন দেশের তা এখনো জানা যায় নি।

উল্লেখ্য, প্রতি বছর নেপালে বহু বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে। সেখানে বিশ্বের সর্ববৃহৎ পর্বত এভারেস্ট অবস্থিত। ফলে দ্রুত আবহাওয়ার পরিবর্তন এবং বিভিন্ন পর্বতের কারণে নিয়মিত বিমান দুর্ঘটনার ঘটনা ঘটে।

 

হলদিবাড়ী-চিলাহাটি সীমান্ত দিয়ে ১লা জুন চালু হচ্ছে আন্তঃদেশীয় “মিতালি এক্সপ্রেস” ট্রেন

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ ঢাকা থেকে সরাসরি নিউ জলপাইগুড়ি (শিলিগুড়ি) আন্তঃদেশী মিতালি এক্সপ্রেস ট্রেন আগামী ১লা জুন থেকে চলাচল শুরু হবে। ভারত-বাংলাদেশের মধ্যে হলদিবাড়ী চিলাহাটি সীমান্ত দিয়ে এ ট্রেন চলবে। ট্রেনটির প্রথম যাত্রা হবে ভারতের পশ্চিম বাংলার উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরের কাছে নিউ জলপাইগুড়ি (এনজিপি) স্টেশন। বাংলাদেশের নীলফামারী জেলার চিলাহাটি ও ভারতের কুচবিহার জেলার হলদিবাড়ী সীমান্ত দিয়ে এই রেল যোগাযোগ চালু হচ্ছে।

এর আগে গত বছর ২৭ মার্চ এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে করোনা পরিস্থিতির কারণে ট্রেন চালু করা সম্ভব হয়নি। এবার ১লা জুন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভার্চুয়াল মিতালি এক্সপ্রেস ট্রেনের যাত্রা ভারতের দিল্লি থেকে উদ্বোধন করবেন।

রেলপথ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ির দূরুত্ব ৫৯৫ কিলোমিটারের মধ্যে ভারতের অংশে ৬৯ কিলোমিটার। মিতালি এক্সপ্রেস ট্রেন ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ১লা জুন বুধবার দুপুর ১২.১০ মিনিটে। চিলাহাটি এসে ট্রেনটি ৩০ মিনিট যাত্রা বিরতি দিয়ে ঢাকা ক্যান্টনম্যান্টে পৌঁছবে রাত ১০.৩০ মিনিটে। পরের দিন বৃহস্পতিবার মিতালি এক্সপ্রেস ট্রেন ঢাকা সেনা নিবাস স্টেশন থেকে রাত ৯.৫০ মিনিটে ছেড়ে ভারতের নিউ জলপাইগুড়ি পৌঁছবে সকাল ৭টা ৫ মিনিটে। ট্রেনটি ভারত থেকে সপ্তাহে রোববার ও বুধবার এবং বাংলাদেশ থেকে সোমবার ও বৃহস্পতিবার চলাচল করবে। ট্রেনটি দিনের বেলায় ৪৫৬ আসন এবং রাতে ৪০৮ আসন নিয়ে চলাচল করবে। মিতালি এক্সপ্রেস ট্রেনে থাকছে ১০টি তাপানুকূল কোচ এর মধ্যে চারটি করে ৮টি এসি ফার্স্ট ক্লাস ও এসি চেয়ার কোচ থাকবে। বাকি দুইটি জেনারেটর ও ব্রেকআপ ভ্যান থাকবে। পাঁচ বছর অপ্রাপ্ত বয়স্কদের জন্য মূল ভাড়ার ৫০ শতাংশ ছাড় দেয়া হয়েছে। ২০ কেজি ওজনের মালামাল বহন করতে পারবে যাত্রীরা।

ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ভ্রমণ করসহ ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি বাথ ৪৯০৫ টাকা, এসি ছিট ৩৮০৫, এসি চেয়ার ২০৭৫ টাকা, চিলাহাটি থেকে নিউ জলাপাইগুড়ি ১২৫০ টাকা। এই ট্রেনের টিকিট পাওয়া যাবে বাংলাদেশ অংশে ঢাকার কমলাপুর, চট্টগ্রাম ও নীলফামারীর চিলাহাটি স্টেশনে। ভারতের অংশে টিকিট মিলবে কলকাতার ফেয়ারলী প্যালেস ও নিউ জলপাইগুড়ি স্টেশনে। মিতালি এক্সপ্রেস ট্রেনে চিলাহাটির জন্য আলাদা দুইটি কোচ বরাদ্দ থাকবে। এই কোচ দুইটিতে ১০০টি আসন থাকবে। এখানে রংপুর ও দিনাজপুর জেলার পাসপোর্টধারী যাত্রীরা চিলাহাটি থেকে ভ্রমণ করতে পারবেন। ভারত সরকারের প্রটোকল অনুসারে ভ্রমণকারী যাত্রার ৭২ ঘণ্টা আগে আরপিসি আর কোভিট টেস্ট কিংবা দুই ডোজ টিকা গ্রহণের সনদ থাকতে হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসিম কুমার তালুকদার বলেছেন, ভিসাসহ অন্যান্য জটিলতা অবসান হওয়ায় ঢাকা-নিউ জলপাইগুড়ির মধ্যে ট্রেন চলাচলের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। বাংলাদেশের রেল কোচ সঙ্কটের কারণে আপাতত মিতালি এক্সপ্রেস ট্রেনটি ভারতীয় কোচ দিয়ে চলাচল করবে।

ফের চালু হচ্ছে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন “বন্ধন এক্সপ্রেস”

যশোর প্রতিনিধিঃ গত দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর চলাচল শুরু করতে যাচ্ছে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন “বন্ধন এক্সপ্রেস”।বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী ট্রেনটি আজ রোববার (২৯ মে) কলকাতা থেকে যাত্রা করে খুলনায় আসবে।

এর আগে, করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী “বন্ধন এক্সপ্রেস” ট্রেনটির যাত্রা বন্ধ হয়ে যায়।

এদিকে যশোরের বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, আজ রোববার সকালে কলকাতা থেকে যাত্রা করে বন্ধন এক্সপ্রেস বেনাপোল হয়ে দুপুরে খুলনা পৌঁছাবে। দুপুরে খুলনা থেকে যাত্রা করে সন্ধ্যায় আবার কলকাতা ফিরে যাবে। সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার এই দুদিন ট্রেনটি যাতায়াত করবে। তবে ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় এসি চেয়ারে ৩৫ টাকা ও এসি কেবিনের সিটে ৫৭ টাকা ভাড়া বৃদ্ধি পেয়েছে।

বেনাপোল রেলওয়ে স্টেশন থেকে আরো জানা গেছে, ২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা-খুলনার মধ্যে ৪৫৬ আসনের ‘বন্ধন এক্সপ্রেস’ নামের আন্তর্জাতিক ট্রেনটি চলাচল শুরু করে। শীতাতপ নিয়ন্ত্রিত এ ট্রেনে কেবিনে সিট ভাড়া দেড় হাজার ও চেয়ার কোচ ভাড়া এক হাজার টাকা। সঙ্গে যোগ হয় ৫০০ টাকার ভ্রমণ কর। বেনাপোলে যাত্রীর পাসপোর্ট, ভিসাসহ ইমিগ্রেশনের যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এরপর যাত্রীরা সরাসরি খুলনা ও কলকাতার মধ্যে যাতায়াত করতে পারেন। সপ্তাহের প্রতি রোববার ও বৃহস্পতিবার সকালে ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে আবার দুপুরে খুলনা থেকে কলকাতার উদ্দেশে ফিরে যায়। ট্রেনটির ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন রয়েছে। কলকাতা-খুলনার মধ্যে দূরত্ব ১৭২ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশে পড়েছে ৯৫ কিলোমিটার ও ভারতে পড়েছে ৭৭ কিলোমিটার।

দেশে নতুন প্রজাতির তিমির সন্ধান মিলেছে

সিএনবিডি ডেস্কঃ এবার দেশে নতুন এক প্রজাতির তিমির সন্ধান পাওয়া গেছে। এটির বৈজ্ঞানিক নাম ‘কোগিয়া সিমা’। বামন কোগিয়া প্রজাতির তিমিটি দেখতে অনেকটা হাঙরের মতো। সম্প্রতি কুয়াকাটা সমুদ্রসৈকতে তিমিটি পাওয়া গেছে।

তবে সামুদ্রিক প্রাণী গবেষকরা বলছেন, কয়েক মাস আগে কুয়াকাটা সমুদ্রসৈকতে আটকে পড়ে কোগিয়া সিমা প্রজাতির তিমিটি। পরে তিমির ছবি তুলে ফেসবুকে শেয়ার করেন কুয়াকাটা ডলফিন সংরক্ষণ কমিটির সদস্যরা। ওই ছবি গবেষণা করে নতুন প্রজাতির তিমির সন্ধান পান গবেষকরা।

সুত্রে জানা গেছে, তিমিটিকে কুয়াকাটা সমুদ্রসৈকতে জীবিত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা তিমিটিকে সমুদ্রে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেও স্রোতের কারণে বারবার তীরে ফিরে আসে। প্রায় দুই ঘণ্টা পর তিমিটি মারা যায়। এরপর তিমির ছবিগুলো বিশ্লেষণ করে বাংলাদেশে প্রথম এই প্রজাতির তিমি শনাক্ত করেন গবেষকরা।