‘পল্লী উন্নয়ন’ পদক পেলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় ডেস্কঃ সেন্টার অন ইন্ট্রিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) পল্লী উন্নয়নের জন্য দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পল্লী উন্নয়ন’ পদক প্রদান করেছে। আজ রোববার (২৯ মে) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘আজিজুল হক পল্লী উন্নয়ন পদক-২০২১’ তুলে দেন সিরডাপের মহাপরিচালক ডা. চেরদসাক ভিরাপা।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম ও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

পুরস্কারটি জনগণকে উৎসর্গ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পল্লী উন্নয়নটা অর্থাৎ গ্রামের মানুষের আর্থ-সামাজিক উন্নতি করতে পারলে দেশের উন্নয়ন হয়। সেটাই আমরা বিশ্বাস করি। দেশের উন্নয়ন করতে হলে একেবারে তৃণমূলের মানুষকে বাদ দিয়ে কখনো উন্নয়ন হতে পারে না। আমাকে সিরডাপ কর্তৃক ‘আজিজুল হক পল্লী উন্নয়ন পদক ২০২১’ প্রদান করায় আমি মনে করি এটা আমার বাংলাদেশের জনগণের প্রাপ্য। আমি তাদের জন্য এ পদক উৎসর্গ করছি। এ পদক প্রাপ্তির জন্য আমাকে মনোনয়ন করা মানে বাংলাদেশকে মনোনয়ন করা।

তিনি বলেন, সিরডাপ সব সময় তাদের সংশ্লিষ্ট দেশগুলোতে পল্লী উন্নয়নের ওপর কাজ করে।  সেখান থেকে একটা পুরস্কার পাওয়া এটা শুধু আমার জন্য, আমার দেশের জন্য অত্যন্ত সম্মানজনক। এটা বাংলাদেশকে সম্মান জানানো।

আইপিএলের ফাইনালে শিরোপা গুজরাটেই থাকবে না কি রাজস্থানে যাবে ?

স্পোর্টস ডেস্কঃ আজ বাংলাদেশ সময় রাত ৯ টায় আইপিএলের বহুল প্রতীক্ষিত ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনালে মুখোমখি হবে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। কার হাতে শিরোপা যাবে সেটা নিয়ে চলছে বেশ জল্পনা।

গুজরাট টাইটান্স এবারই প্রথম আইপিএল খেলছে। দলটির নেতৃত্বে আছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তার নেতৃত্বে শুরু থেকেই আছে ফ্রাঞ্জাইজিটি। শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথম আসরেই শিরোপা ঘরে তুলেছিল তারা। চলতি আসর শুরুর ক’দিন পরই পৃথিবী থেকে বিদায় নেন ওয়ার্ন। এবার রয়্যালস শিবির শিরোপাটা ঘরে তুলে ওয়ার্নকে উৎসর্গ করতে চায় তারা।

প্রথম আসরে ফাইনাল খেললেও এরপর আর শিরোপার মঞ্চে যাওয়া হয়নি রাজস্থানের। দীর্ঘ ১৩ বছরের এই অপেক্ষা ঘোচানোর মূল নায়ক জস বাটলার। এই ইংলিশ ব্যাটারের অতিমানবীয় পারফরম্যান্সে ফাইনালের মঞ্চে রাজস্থান। এক আসরের সর্বোচ্চ চারটি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন তিনি। প্রায় ৫৯ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৮২৪ রান। ফাইনালেও তার ব্যাটের দিকেই তাকিয়ে রাজস্থান। ফর্মে আছেন অধিনায়ক সাঞ্জু সামসনও। ১৬ ম্যাচে তিনি করেছেন ৪৪৪ রান। বল হাতে মূল দায়িত্বটা পালন করতে হবে চাহালকে। এখন পর্যন্ত আসরে যৌথভাবে সর্বোচ্চ ২৬ উইকেট শিকার করেছেন এই স্পিনার। ছন্দে আছেন বোল্ট-কৃষ্ণারাও। ফাইনালেও তাদের কাছ থেকে সেরাটাই চায় রাজস্থান।

উল্লেখ্য, চলতি আসরে রাজস্থানের বিপক্ষে দুই বারের দেখাতেই জয় পেয়েছে গুজরাট। ব্যাট হাতে যেখানে দারুণ খেলেন ডেভিড মিলার ও হার্দিক পান্ডিয়া। তবে লড়াইটা হবে মূলত গুজরাটের বোলিংয়ের সঙ্গে রাজস্থানের ব্যাটিংয়ের। শামি-রাশিদ খানদের কীভাবে সামলান বাটলার-সামসনরা, সেটাই এখন দেখার পালা।

অবশ্য ফাইনালের আগে একটা পরিসংখ্যান গুজরাটকে এগিয়ে রাখছে । সবশেষ চার আসরে ফাইনাল খেলা দুই দলের লিগ পর্বের ম্যাচে যারা জয় পেয়েছে, শিরোপাও গেছে তাদের ঘরেই। আর সেই ধারা এবার ভাঙার চ্যালেঞ্জ রাজস্থানের সামনে।

 

মাধবকুন্ড ও ইকোপার্কের অনিয়ম বন্ধে প্রশাসনের জরুরী সভা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশের অন্যতম পিকনিক স্পট মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম ও চাঁদাবাজি বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্ক্ষলা বিষয়ক এক জরুরী সভা শনিবার (২৮ মে) ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় কাঁঠালতলী বাজার থেকে মাধবকুণ্ডগামী ৮ কিলোমিটার রাস্তায় সিএনজিচালিত অটোরিক্সা চালকদের অতিরিক্ত ভাড়া আদায়, ইজারাদার কর্তৃক পার্কিং এলাকা ব্যতিত রাস্তা থেকে টোল আদায়, মাধবকুণ্ড প্রবেশে অতিরিক্ত ফি আদায়, ভেতরে অব্যবস্থাপনা-অনিয়ম রোধ, নির্ধারিত রেটে ফি ও ভাড়া আদায়, আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবন রোধ, প্রযুক্তি সেবা আনয়ন, পর্যটক হয়রানি বন্ধ, টোল আদায়ের নামে ইজারাদারের লোকজনের চাঁদাবাজি ও টিকটকারদের উৎপাত রোধসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাধবকুণ্ডগামী ৮ কিলোমিটার রাস্তায় সিএনজিচালিত অটোরিক্সা চালকদের নির্ধারিত ভাড়া ৩০ টাকা নির্ধারণ করা হয়। পার্কিং এলাকা ছাড়া অন্যত্র থেকে ভাড়া আদায় বন্ধ ও নির্ধারিত রেট তালিকা প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়া পার্কিংস্থল সংস্কার, ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের উঠতে না দেয়া, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ পর্যটন বিকাশে নানা সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, মাধবকুণ্ড পর্যটন পুলিশের ইন্সপেক্টর ফয়সাল আতিক, কাঁঠালতলী ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক গোপাল দত্ত, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, জালাল আহমদ, মাধবকুণ্ড পর্যটন ইজারাদার মেহেদি হাসান কবির, পর্যটন পুলিশের এসআই মিজানুর রহমান।

এছাড়াও স্থানীয় সিএনজি শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ ইস্যুতে তদন্ত চাইল

স্পোর্টস ডেস্কঃ প্যারিসে নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনাল খেলতে নামে লিভারপুল। এদিকে সমর্থক সংক্রান্ত কারণে ম্যাচ দেরিতে শুরু হয়। লিভারপুলের দাবি, ফ্রান্সে তাদের সমর্থকদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে, পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাসও ছুড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা যায়, এ ঘটনায় উয়েফার কাছ থেকে তদন্ত চেয়েছে অল রেড শিবির।

এক বিবৃতিতে লিভারপুল জানায়, সমর্থকদের মাঠে প্রবেশ করার ইস্যুতে তারা খুবই অসন্তুষ্ট। তাদের সমর্থকরা অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। যেহেতু এটা ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চ, সেখানে সমর্থকদের এই পরিস্থিতিতে দেখা কোনোভাবেই কাম্য নয়। তাই বিষয়টি তদন্ত করার জন্য তারা আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, লিভারপুলের কিছু সমর্থক দেয়াল টপকাতে চেয়েছিলেন। পুলিশ নিরাপত্তা সংশ্লিষ্ট কারণ দেখিয়ে তাদের ওপর টিয়ার গ্যাসও নিক্ষেপ করে। তবে এ বিষয়টিকে লিভারপুলের রক্ষণভাগের প্রাণ অ্যান্ডি রবার্টসন মোটেই ভালোভাবে দেখেননি। তিনি ম্যাচ আয়োজনের দায়িত্বে যারা ছিলেন তাদের লজ্জাহীন বলে মন্তব্য করেছেন।

এদিকে ফাইনাল মহারণ পিছিয়ে যাওয়ার কারণ দেখানো হয় ভক্তদের দেরি করে আসা। কিন্তু সমর্থকরা বলছেন, তারা ঠিক সময়েই এসেছিলেন। পুলিশ তাদের মাঠে ঢুকতে দিচ্ছিল না।

প্রসঙ্গত, রিয়াল গোলরক্ষক কর্তোয়া ফাইনালে ৯টি সেভ দেন। সে তুলনায় রিয়াল মাদ্রিদ খুব বেশি আক্রমণ করতে পারেনি অল রেড গোলপোস্টে। কেউ কেউ তো বলেই ফেলছেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের খেলা হয়েছে এক কর্তোয়ার বিপক্ষে। অন্যদিকে একটি সুযোগ পাওয়া রিয়াল কোনো ভুল করেনি। ভালভার্দের পাস থেকে ফাঁকায় থাকা ভিনিসিয়াস জুনিয়র লক্ষ্যভেদ করেন লিভারপুলের জালে।

নেত্রকোণায় নারী জঙ্গি সদস্য আটক

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় মোছাঃ শারমিন আক্তার (১৭) নামে এক নারী জঙ্গি সদস্যকে আটক করেছে র‍্যাব-৩। গত শুক্রবার ভোরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মোগরাটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
সে ওই গ্রামের মোঃ সবুজ মিয়ার মেয়ে। সে ওই ইউনিয়নের উত্তর বিশিউড়া এলাকার মৌলভী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
নেত্রকোণা মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা মোঃ সোহেল রানা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে শারমিনকে আটক করে র‍্যাব-৩ এর একটি টিম।
পরে শুক্রবার রাত ১২ টার পর ঢাকা টিকাটুলি র‍্যাব-৩ এর ডিএডি মোঃ ইখতিয়ার হোসেন বাদী হয়ে মডেল থানায় মামলা দায়ের করেছে। সে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্য।
গতকাল (২৮ মে) শনিবার বিকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়।

নওগাঁয় শিশু ও নারী উন্নয়নে নেতৃস্থানীয় ব‍্যক্তি বর্গের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় নেতৃস্থানীয় ব‍্যক্তিবর্গের অংশগ্রহণে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ টা থেকে স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী” প্রকল্পের আওতায় নওগাঁ জেলা তথ্য অফিস এই কর্মশালার আয়োজন করে।

নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন। গনযোগাযোগ অধিদপ্তরের পরিচালক প্রশাসন ও অর্থ মো: তৈয়ব আলী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান।

এ সময় নওগাঁ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সালেহ মো: মাসুদুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো: হারুন অর রশিদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম, নারী উদ্যকক্তা পারভীন আখতার, লিপি সাহাসহ অন্যান্যরা।

কর্মশালায় সরকারী কর্মকর্তা, সাংবাদিক, নারী উদ্যাক্তা শিক্ষক,  ইসলামী নেতাসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ৪০ জন ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

স্বাস্থ্য কেন্দ্রের পাশে ময়লার ভাগাড় : দুর্ভোগে পথচারীরা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার একটি ঐতিহ্যবাহী বাজার,৩ ইউনিয়নের হাজার হাজার মানুষের একমাত্র ভরসাস্থল এই বাজারটি। সঠিক তদারকির অভাবে হারিয়ে যেতে বসেছে বাজারের সৌন্দর্য। মুন্সিবাজার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনের গুরুত্বপূর্ণ সড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনার স্তুপ। ফলে,পথচারী গাড়ী যাত্রী, রোগী, স্কুল ছাত্র এবং শিক্ষার্থী, দিনমজুর, ব্যবসায়ী ও কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে দিয়ে চলাচল করছে প্রতিনিয়ত।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার মুন্সিবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে, ডাকঘরসহ ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থানে প্লাস্টিকের বোতল, কার্টুন, কর্কশিট, কাগজ, পলিথিন, বস্তাবন্ধী বাশী খাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ময়লা আবর্জনার স্তুপ পেরিয়ে প্রাচীনতম বিদ্যাপীঠ কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচল করতে হয়।

বাজারের চারদিকে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কাচা বাজার, মাছ বাজারসহ বাজারের ভিতরে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বছরের পর বছর আশ্বাস আর আশ্বাস কেউই উদ্যোগ নিচ্ছেন না ময়লা অপসারণ ও জলাবদ্ধতা নিরসনে।

পথচারী সঞ্জিত দে বলেন, ‘আমাদের প্রতিদিন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে হয়। রাস্তার পাশের ময়লা-আবর্জনা আর অসহনীয় দুর্গন্ধের কারণে চলাচল করতে কষ্ট হয়। ভুক্তভোগী কয়েকজন ব্যবসায়ী জানান, বছরের পর বছর ময়লার দুর্গন্ধের কারণে বাজারে কেনাটাকা করা মুশকিল হয়ে পড়েছে ক্রেতাদের। এই আবর্জনা বাজারের পাশেই রাখার কারনে পুরো বাজার দুর্গন্ধে ভরে গেছে। ব্যবসা করা খুব কঠিন হয়ে পড়েছে এই জায়গায় যদি ডাস্টবিন তৈরি করে দেয়া হয় তালে প্রত্যেকেই নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলবে । ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি একটি গণশৌচাগার করে দেওয়ার।

উপজেলা প্রশাসন ও ব্যবসায়ী সমিতির কাছে সকল ব্যবসায়ীদের দাবি উপরোক্ত সমস্যা সমাধানে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য।

বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মাওলানা মাশহুদ আহমেদ জানান, নির্দিষ্ট কোন জায়গা না থাকায় বাজারের ময়লা এখানে ফেলা হচ্ছে, আমরা মাঝে মধ্যে গিয়ে আগুন দিয়ে পুড়িয়ে পরিস্কার করার চেষ্টা করেছি।

৩নং মুন্সিবাজারের ইউপি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার বলেন, ময়লা আবর্জনার ফলে রোগ জীবাণু ছড়াচ্ছে, দ্রুত  ময়লা অপসারণ করা জরুরী।

৩নং মুন্সিবাজারের ইউপি বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার বলেন, আমি মাসিক সভায় এই বিষয় নিয়ে (টিএইচও) মহোদয়ের সাথে আলোচনা করেছি। তিনি বিষয় টি দেখবেন বলে আশ্বস্ত করেছেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন জানান, ময়লা আবর্জনা অপসারণের ব্যপারে যথাযত উদ্যেগ নিতে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতে ৩টি ক্লিনিক সিলগলা, গ্রেফতার-১

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় শনিবার (২৮ মে) বিকালে ভ্রাম্যমান আদালতের  অভিযানে জেলা শহরের ৩ টি ক্লিনিকে সিলগালা করা হয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান ৷ এদিন বিকালে শহরের ৫ টি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনাকালে বিভিন্ন অনিয়ম ও নিবন্ধনবিহীন ক্লিনিকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মেডিনোভা ডক্টরস জোন এন্ড ডায়াগস্টিক সেন্টার, নিউরন ডায়াগনস্টিক সেন্টার এবং উত্তরা ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার এ তিন প্রতিষ্ঠানে সিলগালা করা হয়। এ সময় ১ জনকে গ্রেফতার করা হয়।

নির্বাহী মেজিষ্ট্রেট শাহরিয়ার রহমান জানান, ক্লিনিকের নিবন্ধন না থাকা এবং লাইসেন্সের মেয়াদ উর্ত্তীন্ন হওয়ায় ৩টি প্রতিষ্ঠানকে সিলগলা করা হয়েছে। এবং ১ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নেত্রকেণায় গাড়ি থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার উপজেলার মদনে গাড়ি চালককে মারপিট করে এক নারীকে (৪০) তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় মদন-কেন্দুয়া সড়কের কাইটাইল ইউনিয়নের বাররী নামক স্থানে এই ঘটনা ঘটে। ঘটনার পর শুক্রবার রাতে ভুক্তভোগী নারীর ভাই অজ্ঞাতনামা তিন জনকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী মদনের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় মদন পৌর সদর থেকে কেন্দুয়া উপজেলায় আত্মীয়র বাড়িতে যাওযার জন্য একটি ইজিবাইকযোগে রওনা হন। পথে বাররী নামক স্থানে যাত্রী বেসে ওই ইজিবাইকে ওঠে তিন বখাটে যুবক। কিছু দূর গিয়ে ফাঁকা জায়গায় চালককে মারপিট করে ওই নারীকে তুলে নিয়ে যায়। পরে রাস্তার পাশে এক যুবক ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়। এসময় লোকজনের উপস্থিতি টের পেয়ে অন্য দুইজনও পালিয়ে যায়। এ ঘটনায় রাতেই ভুক্তভোগীর নারীর ভাই অজ্ঞাতনামা তিন জনকে আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন। ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, ভুক্তভোগী নারীর ভাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা তিন যুবককে আসমি করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যুক্তরাষ্ট্রে কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচন

তিমির বনিক : যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাবাসীর সামাজিক সংগঠন ‘কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচন আগামী ৫ জুন রোববার অনুষ্ঠিত হবে। জ্যামাইকার তাজমহল পার্টি হলে এদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহন করা হবে।

সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দিন আহমদ সোহাগ জানান, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন নির্বাচনের প্রথম তফসিল ঘোষণা করেছিল। কিন্তু ভয়াবহ করোনা মহামারীর কারণে কয়েক দফা উদ্যোগ নিয়েও সেসময় নির্বাচন করা সম্ভব হয়নি। অবশেষে গত ১৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভার সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের মে অথবা জুন মাসে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরিস্থিতি বিবেচনা করে স্থগিতকৃত নির্বাচন সম্পন্ন করতে তফসিল ‘আংশিক পরিবর্তিত ও সংযোজিত’ করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী ৫ জুন রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন সিরাজউদ্দিন আহমদ সোহাগ।

পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অপর সদস্যরা হলেন: মোহাম্মদ আব্দুল জলিল, জাবেদ খসরু, সাহেদ দেলওয়ার চৌধুরী ও মোহাম্মদ মুকিত চৌধুরী প্রমুখ।