আবদুল গাফ্‌ফার চৌধুরীর দ্বিতীয় জানাজা প্রেস ক্লাবে অনুষ্ঠিত

জাতীয় ডেস্কঃ অমর একুশের গানের রচয়িতা, প্রবীণ সাংবাদিক, কলাম লেখক, ভাষা সৈনিক আবদুল গাফ্‌ফার চৌধুরীর দ্বিতীয় জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৪টা ৭ মিনিটে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে শহীদ মিনার থেকে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ৩টা ১০মিনিটে আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ ঢাবির কেন্দ্রীয় মসজিদে আনা হয়। এরপর বেলা ৩টা ২২ মিনিটে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় গাফ্‌ফার চৌধুরীর মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। পরে বিকেল সাড়ে ৫টায় তার মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।

এর আগে বেলা ১১টা ১৫ মিনিটে আবদুল গাফ্‌ফার চৌধুরীর মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

উল্লেখ্য, গত ১৯ মে যুক্তরাজ্যের লন্ডনের বার্নেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাফ্‌ফার চৌধুরী। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৮ বছর। ডায়াবেটিস, কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

সড়ক দুর্ঘটনায় ৭ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কাশ্মীরে লাদাখের শ্যাওক নদীর কাছে সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে উল্টে নিচে পড়ে ৭ ভারতীয় সেনা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৭ মে) তুর্তুক সেক্টরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ২৬ জন সেনার একটি দল নিয়ে গাড়িটি পারতাপুর ট্রানজিট ক্যাম্প থেকে সাব সেক্টর হানিফের অগ্রবর্তী এলাকার দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে গাড়িটি রাস্তা থেকে পিছলে প্রায় ৬০ ফুট গভীর নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে বিমান বাহিনী আহতদের পারতাপুর ফিল্ড হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনায় অন্তত ৭ জন ভারতীয় সেনা নিহত এবং ১৯ জন আহত হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে শোক প্রকাশ করে লিখেছেন, লাদাখে বাস দুর্ঘটনায় আমরা আমাদের সাহসী সেনাদের হারিয়েছি। আমরা শোকাহত পরিবারের সঙ্গে আছি। আমি আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ ভারত এবং চীন এর মধ্যে ২০২০ সালের জুনে ঘটা এক মারাত্মক যুদ্ধে কমপক্ষে ২০ জন ভারতীয় এবং ৪ জন চীনা সৈন্য নিহত হওয়ার পর হিমালয় অঞ্চলে কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়।

 

স্বস্তির জয় নিয়ে শ্রীলঙ্কায় ফিরছে লঙ্কানরা

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার জন্য বাংলাদেশের বিপক্ষে এই জয়টা অনেক দরকার ছিল। ঢাকা টেস্ট জয়ের লক্ষ্যে নামা লঙ্কানরা শেষ দিনে এসে জয় তুলে নেয় ১০ উইকেটের। আর সব মিলে একটা স্বস্তির জয় নিয়ে লঙ্কানরা ফিরছে অস্বস্তিতে থাকা দেশটিতে।

গতকাল শুক্রবার (২৭ মে) সিরিজ শেষ করে আজ শনিবার ঢাকা ছেড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই জয়টা যে ক্রিকেট পাগল শ্রীলঙ্কা বাসীর মুখে একটু হলেও হাসি ফোটাবে সেটা বলার অপেক্ষা রাখে না।

দলনেতা করুণারত্নে ঢাকা ছাড়ার আগে জয় উৎসর্গ করেছেন তার দেশবাসীকে। করুণারত্নে বলেছেন, আমি জয়টা সমস্ত শ্রীলঙ্কাবাসীকে উৎসর্গ করতে চাই। আমরা একটি কঠিন সময় পার করছি এবং এই জয় তাদের মুখে কিছুটা আনন্দ নিয়ে আসবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান জানিয়েছেন, শ্রীলঙ্কা দলকে বহনকারী লঙ্কান এয়ারলাইন্সের বিমানটি বাংলাদেশ সময় আজ শনিবার (২৮ মে) বেলা ১২টা ৫৫মিনিটে ঢাকা ত্যাগ করে।

উল্লেখ্য, আইসিসি চ্যাম্পিয়ন শিপের সার্কেলে দুটি ম্যাচ খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল ১৮ সদস্য নিয়ে বাংলাদেশে এসেছিল। একই সময়ে দেশটির অবস্থাও ছিল টালমাটাল। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, মেডিক্যাল সরঞ্জাম-ঔষধ নেই। এমন পরিস্থিতিতে করুণারত্নে-কুশল মেন্ডিসরা খেলতে এসছিল বাংলাদেশে। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ড্র করে ফিরেছিল ঢাকায়।

 

ইজিবাইকের চাকায় বোরকা পেঁচিয়ে গুরুতর আহত এক নারী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পর্যায়ে ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতায় কোরআন তেলওয়াতে অংশ গ্রহণ করে বাড়ি ফিরছিলেন কমলগঞ্জের তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির সুমাইয়া আক্তার ও তাঁর মা। বাড়ি ফেরার পথে উপজেলার কমলগঞ্জ-আদমপুর সড়কের চন্ডিপুর এলাকায় ইজিবাইকের চাকায় ছাত্রীর মা রোজিনা বেগমের (৩৫) বোরকা পেচিঁয়ে আহত হয়েছেন। আহত ছাত্রীর মা’কে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে দ্রুত তাকে মৌলভীবাজার ২৫০ শয্যার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে বিকেলে আবার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চন্ডিপুর এলাকায় কমলগঞ্জ পৌর মেয়রের বাসভবনের সামনে এ ঘটনাটি ঘটে।

আহত রোজিনা বেগমের ভাই খলিল মিয়া জানান, মৌলভীবাজার জেলা পর্যায়ে ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতায় অংশ গ্রহন করার জন্য সকাল ৮টায় বাড়ি থেকে মেয়ে সুমাইয়াকে নিয়ে রোজিনা বের হয়েছিলেন। মৌলভীবাজারের অনুষ্ঠান শেষে বাড়ির ফেরার পথে বেলা সাড়ে ৩টার দিকে ইজিবাইকের চাকার সাথে বোরকা পেঁচিয়ে রোজিনা বেগম গুরুত্বরভাবে আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ইজিবাইকের চাকায় বোরকা পেঁচানোর পর তিনি রাস্তায় পড়ে গেলে চাকা রোজিনাকে বেশ কিছু দুর পর্যন্ত টেনে হিচড়ে নিয়ে যায়। ফলে তার মাথা ও মুখমন্ডল ও পায়ে বেশ ক্ষতের সৃষ্টি হয়। তারপর স্থানীয় এক সংবাদকর্মী তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষযে রোজিনার ভাই খলিল মিয়া বলেন, আমার বোনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখন এক মাত্র আল্লাহ হেফাজত করার মালিক।

ঠাকুরগাঁওয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শুক্রবার (২৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি’র নেতাদের লাগাতার মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

এদিন বিকেলে জেলা শহরে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমবেত হন নেতাকর্মীরা।

পরে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ’র সভাপতিত্বে সমাবেশে  বক্তব্য রাখেন, জেলা আ.লীগের উপ-প্রচার সম্পাদক সোহেল রানা, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মহির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্বপন কুমার ঘোষ, উপ-মহিলা বিষয় সম্পাদক শিউলী আক্তার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান টিটু, প্রভাষক আল মামুন রহিম, সাধারণ সম্পাদক আবু ওয়াফু তপু, যুন্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, দপ্তর সম্পাদক আবু হাসনাত মশিউর রহমান রুমন প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিএনপি নেতারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, তারা কখনো দেশের মানুষের শান্তি দেখতে চায়না, দেশের উন্নয়ন সহ্য করতে পরেনা। শুধু মিথ্যাচার দিয়েই এগিয়ে যেতে চায়। আমাদের নেত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য নিয়ে বিএনপির নেতারা ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা করছে। সেই সাথে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করে উদ্দেশ্য প্রণোদিতভাবে তথাকথিত প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে ‘হত্যার হুমকি’র বয়ান তৈরি করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় বিক্ষোভ ও সমাবেশে থাকা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীরা আলোচনা শেষে জেলা ডাকবাংলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বগুড়ায় ১৬০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাবিক ওমর সবুজ : বগুড়ার শাজাহানপুরে ১ হাজার ৬০০ পিস ইয়াবা সহ সোহেল রানা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মে) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বন্দর থেক তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর টিকাদারপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।

শাজাহানপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আরিফুল জানান, সোহেল সিএনজি চালিত অটো রিকশাতে ইয়াবা নিয়ে বগুড়ার শেরপুর থেকে শাজাহানপুরের মাঝিড়ার দিকে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় নয়মাইল এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়। সেখানে সোহেলকে বহন করা অটো রিকশা থামিয়ে ইয়াবা সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সৌদির কামিস মোশায়েত ও মাহাইল শহরে বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক বিশাল গণসংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রবাসী ডেস্কঃ কক্সবাজার জেলার চকরিয়া-পেকুয়া আসনের মাননীয় সাংসদ জনাব জাফর আলম সাহেবকে সৌদির কামিস মোশায়েত ও মাহাইল শহরে বঙ্গবন্ধু পরিষদের পক্ষে উষ্ণ সংবর্ধনায় সংবর্ধিত করা হয়। কামিস মোশায়েত শহরে ২৩ মে সন্ধ্যায় বঙ্গবন্ধু পরিষদ আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বিশাল সংবর্ধনায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা আবু বকর কামাল ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আজাদ রহমান। বিশেষ অথিতি ছিলেন যথাক্রমে মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিব উল্লাহ সওদাগর ও মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী বিল্লু।

বিশেষ অথিতি ছিলেন যথাক্রমে মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিব উল্লাহ সওদাগর ও মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী বিল্লু। উপস্থিত ছিলেন মক্কার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভামঞ্চে বঙ্গবন্ধু পরিষদ আছির শাখার পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুল মুকিত চৌধুরী শেলুু, সহ সভাপতি শফিউল আলম, সহ সভাপতি আনোয়ার মোস্তাক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফারুক মাহমুদি, সাংগঠনিক সম্পাদক আশরাফ চৌধুরী, মাহাইল বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম, মাহাইল বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজ উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ আছির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য যথাক্রমে নাছির উদ্দিন, নুরুল আলম চেয়ারম্যান, মোহাম্মদ মোস্তাক, হারাধন শীল, তাজেম উদ্দিন, মোহাম্মদ আজম, মোহাম্মদ পেয়ারু সহ আরো অনেকেই।

কুলাউড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে তাজুদ (৬০) নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ মে) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়ের সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শরীফপুর ইউনিয়ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় শরীফপুরের সঞ্জরপুর এলাকা থেকে জিআর ২২৮/৯৪ (কুলাউড়া) মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি তাজুদকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার (২৮ মে) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মাদক মামলায় শাহরুখপুত্র নির্দোষ, স্বস্তিতে আরিয়ান খান !

বিনোদন ডেস্কঃ গত বছর দীর্ঘ ২৮ দিন মাদক মামলায় জেল খাটা শাহরুখপুত্র আরিয়ান খান নির্দোষ প্রমান হওয়ার পর তাকে বেকসুর খালাস দিয়েছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। স্বস্তি পেলেন এবার শাহরুখ পুত্র আরিয়ান খান।

গতকাল ২৭ মে (শুক্রবার) মামলাটির চার্জশিট আদালতের কাছে পেশ করে এনসিবি। সেখানে ১৪ জনের বিরুদ্ধে মামলা সাজানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আরিয়ানের কাছে মাদক ছিল, এমন তথ্য তারা দেখাতে পারেনি। আরিয়ানসহ ৬ জনকে নির্দোষ বলা হয়েছে ছয় হাজার পাতার চার্জশিটে। তাদের মধ্যে রয়েছেন সেই প্রমোদতরীর অনুষ্ঠানের চার আয়োজকও। এদের বিরুদ্ধে তেমন কোনও তথ্যপ্রমাণ মেলেনি।

উল্লেখ্য, গত বছর ২০২১ সালের ৩ অক্টোবর মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর আরিয়ান খানকে গ্রেপ্তার করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। টানা ২৮ দিন জেল খেটে ওই বছরের ৩০ অক্টোবর ঘরে ফেরেন শাহরুখপুত্র।

আত্রাইয়ে আন্ত:জেলা চোর চক্রের এক সদস্য গ্রেফতার

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই থানা পুলিশ তাদের বুদ্ধিমত্তায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আন্ত:জেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত চোর পাবনা জেলার সুজানগর উপজেলার মমরাজপুর গ্রমের আব্দুর রাজ্জাক শেখের পুত্র রুবেল শেখ (৩৫)।

গতকাল শুক্রবার এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ তাঁর কার্যালয়ে সাংবাদিকদের একটি প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর উপজেলা পরিষদ মার্কেটে একটি বিকাশের দোকান থেকে অভিনব কায়দায় ৯০ হাজার টাকা, ২৮ হাজার টাকা মূল্যমানের রিচার্জকার্ড ও সাতটি মোবাইলসেটসহ একটি ব্যাগ চুরি হয়ে যায়। এ ব্যাপারে ওই দোকানের মালিক জহুরুল ইসলাম বাদি হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশনায় আত্রাই থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরের অবস্থান নিশ্চিত হয়ে এ মামলার তদন্তকারি কর্মকর্তা আত্রাই থানার এসআই জাহাঙ্গীর আলম ফোর্সসহ গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার আশুলিয়া থেকে রুবেল শেখকে গ্রেফতার করেন।

ওসি আবুল আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এ চুরির কথা পুলিশের নিকট শিকার করেছে। তারা সঙ্গবদ্ধ একটি চক্র দেশের বিভিন্ন জেলায় এভাবে চুরি করে থাকে। তার সাথে ছিল তাদের মূল হোতা একই উপজেলার হেমরাজপুর গ্রামের সাবেক মেম্বার আমজাদ হোসেন (৫৫)। তাকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার ১৬৪ ধারায় জবানবন্দির জন্য আসামি রুবেলকে নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।