মদ্যপান করে মাতলামি করায় যুবলীগ নেতা গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান সুমনকে মদপান করে মাতলামি ও পুলিশের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৫ মে) রাতে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২৬ মে) আদালতে পাঠিয়েছে পুলিশ।

জুড়ী পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে মদপান করে মাতলামি শুরু করেন সুমন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। তখন পুলিশের সঙ্গেও অশোভন আচরণ করেন সুমন। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী এ প্রতিবেদককে বলেন, মদপান করে প্রকাশ্যে মাতলামি করায় সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার আদালতে পাঠালে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যুক্তরাষ্ট্রের উচিত আগে দেশের স্কুলের নিরাপত্তায় অর্থায়নঃ ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে সাহায্য পাঠানোর চেয়ে মার্কিন স্কুলগুলোর নিরাপত্তার জন্য অর্থায়নকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন। হিউস্টনে আগ্নেয়াস্ত্রের পক্ষে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের চলমান এক সম্মেলনে এমন মন্তব্য করেন ট্রাম্প।

বিবিসি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য হিসেবে পাঠাতে পারে তাহলে দেশের মাটিতে আমাদের শিশুদের নিরাপদ রাখতে আমাদের যেকোনো কিছু করা উচিত।

টেক্সাসের ইউভালডের স্কুলে হওয়া গুলির ঘটনায় নিহতদের নাম নেওয়ার পর ট্রাম্প বলেন, অশুভ শক্তির উপস্থিতির কারণে আইন মেনে চলা নাগরিকদের অস্ত্রধারণ যৌক্তিক, তাঁদের নিরস্ত্র করা নয়। তার মতে, অস্ত্র ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ না করে বন্দুকধারীদের মানসিক স্বাস্থ্যের ওপর নজর দেওয়া গুরুত্বপূর্ণ।

ট্রাম্প আরও বলেন, ইরাক ও আফগানিস্তানে আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করেছি এবং এর বিনিময়ে কিছু পাইনি। পৃথিবীর বাকি দেশের গঠনে সাহায্য করার আগে আমাদের নিজেদের সন্তানদের জন্য নিরাপদ স্কুল গঠন করা উচিত। তিনি প্রস্তাব করেন স্কুলের নিরাপত্তা নিশ্চিতে প্রতি স্কুলে অন্তত এক জন সশস্ত্র পুলিশ কর্মকর্তা রাখতে এবং মেটাল ডিটেক্টরসহ কেবল একটি প্রবেশপথ রাখার জন্য।

উল্লেখ্য, ৫০ লাখ সদস্যের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের বার্ষিক এ সভা অনুষ্ঠিত হয় টেক্সাসের সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার দূরে। অনুষ্ঠানের ভেন্যুর বাইরে শত শত বিক্ষোভকারী ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের হাতের ব্যানারে লেখা ছিল-‘এনআরএ শিশু হত্যা করে’, ‘শিশুদের রক্ষা করো, অস্ত্র নয়।’ বিক্ষোভকারীরা ক্রুশ ও নিহত শিশুদের ছবিও প্রদর্শন করেন।

 

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার (২৬ মে) জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি।

এদিন দুপুরে জেলা বিএনপি,র কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপি”র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, জেলা কৃষকদলের সভাপতি আনারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ।

বক্তারা বেগম খালেদা জিয়ার নামে সকল মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের জোর দাবি জানান। এছাড়াও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্কুল ছাত্রী’কে দলবেঁধে ধর্ষণ, দুই ধর্ষক গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে উপজেলার হিংগাজিয়া রাবার বাগানে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর পর পুলিশ মুকিদ মিয়া ও আ.সত্তার নামে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলায় অভিযুক্তরা হলেন উপজেলার ব্রাহ্মণবাজারের বাসুদেবপুরের মৃত মাহমুদ মিয়ার ছেলে মুকিদ মিয়া (৩৫), হিংগাজিয়া চা বাগানের জামাল মিয়ার ছেলে জসিম মিয়া (২৮), লংলা খাস নতুন বস্তির মো.শমশের মিয়ার ছেলে আ.সত্তার (১৯), হিংগাজিয়া চা বাগানের বড় লাইন এলাকার মছদ্দর আলীর ছেলে মোস্তফা (২৫)‌ এবং অজ্ঞাতনামা আরও এক জন।

মামলার বিবরণ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২৫ মে) বিকেল ৪টার দিকে ওই স্কুলছাত্রী স্কুল শেষে তার এক বন্ধুর সাথে হিংগাজিয়া রাবার বাগানে বেড়াতে যায়। সেখানে যাওয়ার পর তাদেরকে লাঠিসোটা নিয়ে ঘিরে ফেলে মুকিদ, সত্তারসহ ৫ যুবক। পরে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে বাগানের একটি নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা।

পরে বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে বৃহস্পতিবার বিকেলের দিকে ছাত্রীর বাবা বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে জানান, ওই ছাত্রীর বাবা মামলা করার পরই পুলিশ অভিযান চালিয়ে মুকিদ ও সত্তার দুই ধর্ষককে গ্রেপ্তার করে। বাকিদেরও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত আছে বলে জানান কুলাউড়া থানার ওসি।

নীলফামারীর ছেলেকে বিয়ে করলেন অভিনেত্রী সানাই মাহবুব

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব বিয়ে করেছেন। অনেকটা গোপনেই নীলফামারী শহরের বাবু পাড়ায় পৈতৃক বাড়িতে বিয়ে সেরেছেন তিনি। তার বরের নাম আবু সালেহ মুসা। তিনি ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

সানাইয়ের পৈত্রিক নিবাস নীলফামারীতে। আবার তার বর মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরাকুঠি এলাকায়। শুক্রবার (২৭ মে) পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন সানাই। বেছে নেন ইসলামিক জীবনযাপন। নিয়মিত বোরকা-হিজাব পরে চলেন। শোবিজ জগতের যাবতীয় কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর থেকে তাকে নিয়ে আর চর্চা হয়নি। এবার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি।

যদিও এর আগে ২০১৯ সালে সানাইয়ের একটি বিয়ের খবর শোনা যায়। সাবেক এক মন্ত্রীর সঙ্গে তার বাগদান হয়েছিল। সানাই নিজেও খবরটির সত্যতা নিশ্চিত করেছিলেন। তবে ওই বিয়ে সম্পর্কে পরবর্তীতে আর কোনো আপডেট পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মডেল হিসেবে শোবিজে কাজ শুরু করেছিলেন সানাই মাহবুব। পাশাপাশি উপস্থাপনাও করেছেন। এরপর ২০১৬ সালে ‘ভালোবাসা ২৪×৭’ নামের একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন সানাই। তবে তার কোনো সিনেমাই মুক্তি পায়নি।

পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রে ছিলেন সানাই। শরীরে সার্জারি করিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি। তবে সেসব বিতর্ক ভুলে এখন নতুনভাবে জীবন পার করতে চান এই তরুণী।

মৌলভীবাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশও বিক্ষোভ মিছিল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: খালেদা জিয়াকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে  বিএনপি। বৃহস্পতিবার (২৬মে) দুপুরে শহরের প্রেসক্লাব সম্মুখে প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাউর রহমান, জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, কেন্দ্রীয় যুব দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।

রাণীশংকৈলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনি ও পুরস্কার বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অনুর্ধ ১৭- বালক, বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার সমাপনি ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার (২৬ মে) উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন বিকাল ৫ টায় ওই মাঠে রাণীশংকৈল পৌরসভা বনাম নন্দুয়ার ইউনিয়ন চুড়ান্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে নন্দুয়ার ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে পৌরসভা বিজয়ী হন।

উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইয়াসিন আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, এসিল্যান্ড ইন্দ্রজিৎ সাহা, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, ওসি এস এম জাহিদ ইকবাল, ক্রীড়া সংগঠক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, ক্রীড়া সংস্থার সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব আহবায়ক কুসমত আলী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, ক্রীড়ামোদি দর্শক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন জয়নাল আবেদিন ও সুগা মুর্মু। ধারাভাষ্যে ছিলেন, প্রশান্ত বসাক, সাদেকুল ইসলাম, বাপ্পী পাটোয়ারী ও তারেক আজীজ।

প্রসঙ্গত: গত ২৩ মে এ খেলার উদ্বোধন করা হয়। পৌরসভা ও ৮ টি ইউনিয়নসহ মোট ৯টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। পরে চুড়ান্ত খেলার বিজয়ী ও রানার আপ দলকে ট্রফি প্রদান করা হয়।

ভোক্তার অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ন্যায্য মূল্যে আটা ও ময়দা প্রাপ্তি নিশ্চিত করা এবং অবৈধ মজুদ রোধ করার লক্ষ্যে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ মে ) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোড, নতুন বাজার, হবিগঞ্জ রোড়ের এহসান করিম পাইকারি মার্কেটসহ বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আল আমিন মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে র‌্যাব-৯ ফোর্সের একটি দল সহযোগিতা করেন।

উক্ত অভিযানে অতিরিক্ত দামে আটা ও ময়দা বিক্রয় করা, প্রতিশ্রুতী অনুযায়ী পণ্য বিক্রয় না করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করা, খুচরা ব্যবসায়ীদের পাকা ভাউচার প্রদান না করা, ওজনে কম দেওয়া, অতিরিক্ত দামে তেল বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মৌলভীবাজার রোডে অবস্থিত মেসার্স নিতাই চন্দ্র দেবকে ১০ হাজার টাকা, মেসার্স বিষ্ণুপদ রায়কে ৭০ হাজার টাকা, এহসান মার্কেটে অবস্থিত মেসার্স লোকনাথ ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও অতিরিক্ত দামে খাদ্য পণ্য বিক্রয় করায় আহাদুজ্জামানের দুইটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলার নতুনবাজারে অবস্থিত শাহমোস্তফা পোল্ট্রি ফার্মকে ২ হাজার টাকা এবং হাজী আব্দুল মুমিন এন্ড সন্সকে ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয় এবং আইন অনুসারে ২৫% (৫০০+২,৫০০)=৩,০০০ টাকা তাৎক্ষণিক অভিযোগকারীকে প্রদান করা হয়।

সকল ব্যবসায়ীকে ন্যায্য মূল্যে এবং সঠিকভাবে পাকা ভাউচার প্রদান পূর্বক ব্যবসা করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য মূল্যে পণ্য দ্রব্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ৪২ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

নবাবগঞ্জে জিবিকের সমন্বয় সভা অনুষ্ঠিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে মৎস্য কর্মকর্তার সাথে সমন্বয় সভা করেছে বেসরকারী এনজিও সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এর আফতাব গঞ্জ প্রসপারিটি প্রকল্প। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এনজিওর প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কাওসার হোসেন। সভায় এনজিওর সুবিধাভোগীদের সরকারী বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়ে আলোচনা করা হয় ।

ইউরোপীয় ইউনিয়ন ও পিকেএসএফ এর সহযোগিতায়  পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার তাপস কুমার মন্ডল, কারিগরি কর্মকর্তা জিমি হাসদা ও শাহিন মিয়া সহ সুবিধাভোগী গন উপস্থিত ছিলেন।

আসন্ন বাজেটে সব শ্রেণির মানুষকে বিবেচনায় নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটে  নিচু, মাঝারি, উচ্চ সব শ্রেণিকে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি আরো জানান, একই সঙ্গে আমাদের চেষ্টা থাকবে মানুষ যাতে কম ক্ষতিগ্রস্ত হয়।

গতকাল বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এ বাজেটে যারা নিচু, মাঝারি, উচ্চ সব শ্রেণিকে বিবেচনায় নেওয়া হয়েছে। যখন কোনো সিদ্ধান্ত আসে তখন অনেকেই সুবিধাভোগী হন। এখন যদি বড় কাউকে সুযোগ-সুবিধা দেওয়া হয় সেক্ষেত্রে মূল লক্ষ্য থাকে যে এখানে কর্মক্ষেত্র তৈরি হচ্ছে কিনা। সামাজিক ক্ষেত্রে কোনো সুবিধা থাকে কিনা সেটি দেখা হয়। সুযোগ দিলে যদি কোনো ভালো কিছু হয় তাহলে উপকারভোগী হবেন প্রান্তিক জনগোষ্ঠী। এদেরই আমরা প্রাধান্য দিয়েছি।

পাশাপাশি সব জিনিসের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে সেই ব্যবস্থাও করা হবে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী আরো বলেন, আপস অ্যান্ড ডাউন সারাবিশ্বেই হচ্ছে। ধনী-দরিদ্র কোনো দেশের বাইরে নেই। আমাদের মূল কাজ হবে স্টাবিলাইজেশন। আমরা বিভিন্ন পলিসির মাধ্যমে এটিকে একটি জায়গায় নিয়ে আসতে চাই। আমাদের গ্রোউথও দরকার। আমেরিকায় ৪০ বছরে যেটা হয়নি সে পরিমাণ ইনফ্লেশন হয়েছে। এভাবে প্রত্যেক দেশেই একই রকম অবস্থা। মার্কেট ইকোনমিতে যে সুবিধা পাওয়া যায় একইভাবে কোনো সমস্যা হলে সারাবিশ্বে সেটি ছড়িয়ে পড়ে। আমরা চেষ্টা করবো মানুষ যতোটা কম ক্ষতিগ্রস্ত হয়। ঈদ আসছে, এক কোটি পরিবারকে মসুরের ডাল দেওয়া হবে।