বগুড়ার শেরপুরে ফেন্সিডিলসহ এক নারী ও এক যুবক আটক

বগুড়া শেরপুর প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে ৬৫ বোতল ফেন্সিডিলসহ এক নারী ও এক যুবককে আটক করেছে শেরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১১টায় মির্জাপুর ইউনিয়নের ভাদ্রা এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়।

আটককৃত যুবক দিনাজপুর জেলার হাকিমপুর থানার মাটিপাড়া গ্রামের রাজু আহম্মেদের ছেলে হাসান (২২)। মহিলাটি অসুস্থ, তার নাম পরিচয় জানা যায়নি।

সুত্রে জানা যায়, অজ্ঞাত মহিলাটি ফেনসিডিল শরীরের সাথে মিশিয়ে নিয়ে একটি মোটরসাইকেল ভাড়া করে। সেই মোটরসাইকেলে সিরাজগঞ্জের উদ্দেশে যাওয়ার সময় বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের এলাকায় পৌঁছালে স্প্রিড ব্রেকার এর সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে মহিলাটি জ্ঞান হারিয়ে ফেলে।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করতে এসে ফেনসিডিল দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। আরো পরে শেরপুর থানা পুলিশ মোটরসাইকেলসহ তাদের দু’জনকে আটক করে। আহত মহিলাটিকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।

আটককৃত যুবক হাসান জানান, আমার বন্ধু সাগর মোটরসাইকেল দিয়ে এই মহিলাটিকে নিয়ে সিরাজগঞ্জে এ আসতে বলে। এ বিষয়ে আমি কোন কিছু জানিনা এবং মহিলাটির নাম জানিনা।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, একটি ডিসকভার ১৫০ সিসি মোটরসাইকেল ও ৬৫ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে। মহিলাটির অজ্ঞান থাকে তার নাম পরিচয় পাওয়া যায়নি তাকে চিকিৎসার জন্য মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনায় কিশোরী ধর্ষণের অভিযোগে কৃষক কারাগারে

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের ১৪ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিটন সরকার (৪০) নামে একজনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের ১৪ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিটন সরকার (৪০) নামে একজনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে

এর আগে বুধবার রাতে লিটন সরকারের রিুদ্ধে ধর্ষণ মামলা দায়েরের পর তাকে তার শশুর বাড়ির এলাকা খালিয়াজুরীর নগর ইউনিয়নের বল্লভপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। লিটন সরকার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের সুধাংশু সরকারের ছেলে। সে পেশায় কৃষক। তার এক স্ত্রী ও দুটি সন্তান আছে।

এসব তথ্য নিশ্চিত করেন, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।

মামলার বরাত দিয়ে ওসি জানান, প্রায় চার মাস আগে মুঠোফোনের মাধ্যমে কিশোরীটির প্রেম হয় অভিযুক্ত লিটন সরকারের সঙ্গে। প্রেম চলাকালীন এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নগর ইউনিয়নের নয়াগাঁও বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান দেবেশ তালুকদারের ফাঁকা বৈঠকালয়ে মেয়েটিকে ধর্ষণ করে লিটন। চলতি মে মাসের ৫ তারিখ রাত ৮টা থেকে ৩টা পর্যন্ত ওই ধর্ষণের পর মেয়েটিকে সঙ্গে না নিয়ে এবং বিয়ে না করে লিটন পালিয়ে যায়। লিটন পালিয়ে নিরুদ্দেশ হবার কিছুক্ষণ পর মেয়েটি নিরুপায় হয়ে ধর্ষণের ঘটনাটি স্থানীয়দের জানায়।

পরে স্থানীয়রা মেয়েটিকে তার নিজের পরিবারের হেফাজতে দেয়। তারপর তারা লিটনকে আরো খুঁজাখুঁজি করেও না পেয়ে মেয়েটির বাবা বাদি হয়ে ওই ধর্ষণ মামলা করেন।

সেভেরোদোনেৎস্ক ঘিরে ফেলার দাবি করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহর দখলে নিতে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়ার সেনারা। শহরটি চারপাশ থেকে ঘিরে ফেলার দাবি করেছে তারা। তবে, পূর্ব ইউক্রেনের একজন কর্মকর্তা এ দাবি অস্বীকার করেছেন।

বিবিসির খবরের মাধ্যমে জানা যায়, ইউক্রেনের ওই কর্মকর্তা বলেন, পূর্ব অঞ্চলে ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে থাকা একটি এলাকা থেকে গুরুত্বপূর্ণ একটি সংযোগ সড়ক এখনো দখলে নিতে পারেনি রুশ সেনারা। ওই সড়কটি দখল নিতে পারলেই সেভেরোদোনেৎস্কের সঙ্গে ইউক্রেনের অন্য শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

লুহানস্কের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়নি বলে সেভেরোদোনেৎস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান শেরহি হাইদি জানিয়েছেন। তিনি বলেন, শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাস্তায় লড়াই চলছে। তবে এখনও শহরে মানবিক সাহায্য পৌঁছানো যাচ্ছে। সেভেরোদোনেৎস্কের পরিস্থিতি খুব খারাপ। ২৪ ঘণ্টা সেখানে গোলাবর্ষণ করা হচ্ছে। এ ছাড়াও রুশ সেনারা মর্টারের গোলাসহ নানা যুদ্ধাস্ত্র নিয়ে হামলার পাশাপাশি বিমান হামলা করছে। গত মঙ্গলবার রুশ বাহিনীর বোমাবর্ষণে ৬ জন নিহত হয়েছেন।

রাশিয়া যদি এখন পাশের লিসিচানস্ক শহরটিরও দখল নিয়ে নেয় তাহলে পুরো লুহানস্ক অঞ্চল তাদের হাতে চলে যাবে। হাইদি বলেন, তারা শহরটির দখল নিতে পারবে না বলেই পুরো ধ্বংস করে দিচ্ছে যাতে আমাদের সেনারা শহর ছেড়ে চলে যায়।

এদিকে লুহানস্ক অঞ্চলের আঞ্চলিক প্রধান রুশ সেনাদের বিরুদ্ধে বেসামরিক অবকাঠামোর ওপর বোমা হামলার অভিযোগ এনেছেন। তিনি বলেন, সেভেরোদোনেৎস্কে ১৫ হাজার বেসামরিক লোকজন আশ্রয়শিবিরে ঠাঁই নিয়েছেন।

উল্লেখ্য, রাশিয়ার অন্যতম লক্ষ্য হলো সেভেরোদোনেৎস্ক দখলে নেওয়া। ইউক্রেনের অন্যতম বড় এ শহরটির উপকণ্ঠে তীব্র লড়াই চলছে। রুশ সেনারা যদি সেভেরোদোনেৎস্ক থেকে বাখমুটের রাস্তাটি দখল করতে পারে তাহলে পুরো শহরটিকে ঘিরে ফেলতে সক্ষম হবে তারা।

 

বগুড়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

তানভীর হাসান (বগুড়া শেরপুর প্রতিনিধি): বগুড়া শেরপুর গাড়িদহে এনামুল হক (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার। আজ  বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৯ টায় গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত এনামুল হক হাপুনিয়া কলোনি এলাকার মোতালেব হোসেনের ছেলে। নিহত এনামুল হক তার খালা জাহানারা খাতুন এর বাড়িতে থাকতো।

এ বিষয়ে জাহানারা খাতুন জানান, সে মানসিক ভারসাম্যহীন ছিল। তাকে একটি টিনের ঘর দেওয়া হয়েছিল সেই ঘরটি সে বিক্রি করে ফেলে। পরে আবারও একটি কুঁড়ে ঘর দেওয়া হয়েছে। সারারাত বাজার এলাকায় ঘোরাফেরা করে সকাল বেলা বাড়িতে এসে সে ওই কুঁড়েঘরে ঘুমাতো। আজ সকালে সে আর বাড়িতে ফেরেনি। সকাল সাড়ে আটটায় এলাকাবাসী তার লাশ দেখে আমাকে খবর দেয়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের গলার ছুরির আঘাত ও পেটে ছুরির আঘাত পাওয়া গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিন দিনের মধ্যে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

সিএনবিডি ডেস্কঃ আগামী ৩ দিনের মধ্যে দেশে সব অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ের পর অনিবন্ধিত কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, গতকাল বুধবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো আদেশ দেওয়া হয়নি, তবে যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্সের জন্য আবেদন করেনি সেগুলো তো অবৈধ।

তিনি আরো বলেন, এই সময়ের পর যদি নিবন্ধনহীন কেউ কার্যক্রম পরিচালনা করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির স্বাক্ষরিত গত বুধবার (২৫মে) এক বিজ্ঞপ্তিতে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ), সিভিল সার্জন (সকল) ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান নতুন নিবন্ধনের আবেদন করেছে তাদের লাইসেন্স প্রদানের কার্যক্রম দ্রুত শেষ করতে হবে। লাইসেন্স প্রাপ্তির আগে এসব প্রতিষ্ঠান কার্যক্রম চালাতে পারবে না।

উল্লেখ্য, অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে অনুমোদিত ও আবেদন করা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা প্রায় ১১ হাজার।

 

বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ আটক ১জন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা থানার অভিযানে বুধবার (২৫ মে ) বিকাল সাড়ে পাঁচটায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার একটি দল বড়লেখা পৌরসভার বারইগ্রাম রেল কলোনি থেকে সাহেদ উল্লাহ পাটোয়ারী নামের এক মাদক কারবারিকে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৯০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত সাহেদ উল্লাহ পাটোয়ারী বড়লেখা পৌরসভার বারইগ্রাম রেল কলোনির মৃত রফিক উল্লাহ পাটোয়ারীর ছেলে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, বড়লেখা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আজ বৃহস্পতিবার (২৬ মে) বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফুলবাড়ীতে ২৪৮ বোতল ফেনসিডিল সহ এক মাদক চোরাকারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৪৮ বোতল ফেনসিডিল সহ এক মাদক চোরাকারবারি আটক হয়েছে। আটক ওই চোরাকারবারির নাম হাসেন আলী (৫৫)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর মন্ডলপাড়া গ্রামের মৃত গমির উদ্দিনের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মে) গভীর রাতে ফুলবাড়ী থানার ওসি  ফজলুর রহমান এর নেতৃত্বে এসআই রাহাত আলম, এসআই পলাশ চন্দ্র রায়, এসআই এনামুল হক, এএসআই আনোয়ারুল হক, এএসআই দীপেশ চন্দ্র রায়, এএসআই সিরাজুল ইসলাম, এএসআই ফারুক হোসেন সহ পুলিশ সদস্যরা উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর (মন্ডলটারী) এলাকার নুর ইসলাম এর বাড়ীর সামনের কাচা রাস্তায় ওৎ পেতে থাকে। এ সময় মাদক চোরাকারবারি হাসেন আলী ফেনসিডিল নিয়ে ওই পথ দিয়ে যেতে থাকলে পুলিশ তাকে ২৪৮ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে লাঞ্চ বিরতিতে গেল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্কঃ টাইগার বোলারদের জন্য হতাশার এক সেশন কাটল টেস্ট জয়ের ম্যাচের আজ চতুর্থ দিন। বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে লাঞ্চ বিরতিতে গেল শ্রীলঙ্কা। আর লাঞ্চের আগে লঙ্কানদের সংগ্রহ ১ উইকেট ১৩৭ রান। বাংলাদেশের বিপক্ষে ৮ রানের লিড নিয়েছে তারা।

বাকি থাকা ৮২ রান তুলে লিড নিলো লঙ্কানরা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রান টপকাতে সফরকারীদের খোয়া গেছে কেবল ৫টি উইকেট। চতুর্থ দিনে বাকি থাকা ৮২ রান তুলতে খেলতে হয়েছে ৩০ ওভার। খেলা শুরু হয়েছে নির্দিষ্ঠ সময়ের আধা ঘণ্টা আগে। গতকাল তৃতীয় দিনে খেলা হতে পারেনি দেড় সেশন। বৃষ্টি বিঘ্নিত দিনে খেলা হয়েছিল কেবল ৫১ ওভার। এদিন ৫ উইকেটে ২৮২ রান তুলেছিল সফরকারীরা।

লাঞ্চ বিরতির আগে অপরাজিত থাকা দুই ব্যাটার ম্যাথুস ও চান্ডিমালের জুটি থেকে এসেছে ১০৩ রান। সেঞ্চুরির অপেক্ষায় থাকা ম্যাথুস অপরাজিত আছেন ৯৩ রানে। চান্ডিমালও তুলে নিয়েছেন অর্ধশতক (৫৮*)। প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৩৬৯ রান।

উল্লেখ্য, গতকাল বুধবার বৃষ্টির কারণে একটি সেশন নষ্ট হওয়ায় এদিন খেলা শুরু হয় ৩০ মিনিট আগে সকাল সাড়ে ৯টায়।

 

প্রথমবারের মতো ভারতে কনসার্টে শিরোনামহীন

বিনোদন ডেস্কঃ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাগরিক ব্যান্ড শিরোনামহীন ২৫ বছরে এই প্রথমবারের মতো ভারতে কনসার্ট করতে যাচ্ছে। গত এপ্রিলে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এই ব্যান্ড।

এই ২৫ বছরে দেশের নানা প্রান্তে স্টেজ শো করেছে ব্যান্ড শিরোনামহীন। দেশের বাইরে হাতে গোনা কয়েকটি মঞ্চে তারা শুনিয়েছে গান। এবারই প্রথম গানের দলটি যাচ্ছে ভারতে। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা কনসার্টে অংশ নেবে। এরই মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। ২৯ মে শিরোনামহীনের সদস্যরা কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন এবং ফিরবেন ৩১ মে।

শিরোনামহীনের প্রতিষ্ঠাতা সদস্য, গীতিকার, সুরকার ও বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান জানালেন প্রথমবারের মতো ভারতে কনসার্টের আমন্ত্রণ পেয়ে দলের সদস্যরা খুবই আনন্দিত।

এদিকে সিলভার জুবেলি উদযাপন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৬ মে) বড় আয়োজনে বসুন্ধরা কনভেনশন হলে কনসার্ট এর কথা ছিলো। যেখানে ভারতের মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রার সাথে যৌথভাবে দলটির পারফর্ম করার কথা ছিলো। কিন্তু ভিসা জটিলতায় মুম্বাই অর্কেস্ট্রার সদস্যরা এই কনসার্টে যোগ দিতে পারছেন না, তাই পূর্ব ঘোষিত ঢাকায় অনুষ্ঠিতব্য ২৬ মে’র কনসার্টটি পিছিয়ে ৮ সেপ্টেম্বর নেয়া হয়েছে। সবার সিডিউল মিলিয়ে আরো বড় আয়োজনে ৮ সেপ্টেম্বর ঢাকায় কনসার্টটি হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি শিরোনামহীন ব্যান্ডের নতুন গান ‘পারফিউম’ প্রকাশিত হয়েছে তাদেরই নিজস্ব ইউটিউব চ্যানেলে। এটি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও চিত্র বলে তাদের দাবি। গানটির কথা ও সুর করেছেন জিয়াউর রহমান। ভিডিওর গল্প এবং পরিচালনাও করেছেন তিনি।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক হিসেবে পুনর্নির্বাচিত টেড্রোস

আন্তর্জাতিক ডেস্কঃ আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন টেড্রোস আধানম গেব্রেইয়াসুস। আগামী ৫ বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। গত মঙ্গলবার (২৪ মে) জেনেভায় ৭৫তম বিশ্ব স্বাস্থ্য পরিষদের সভাপতি আহমেদ রোবলেহ আবদিলেহ এ ঘোষণা দেন।

বার্ষিক বৈঠকে আহমেদ রোবলেহ আবদিলেহ জানিয়েছেন, গোপন ব্যালটের মাধ্যমে ভোটে টেড্রোসকে পুনর্নির্বাচিত করা হয়েছে। তবে টেড্রোস একমাত্র প্রার্থী থাকায় অনেকেই এটাকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে দেখেছেন।

পুনর্নির্বাচিত হওয়ার পর জার্মানি, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ টেড্রোস আধানম গেব্রেইয়াসুসকে অভিনন্দন জানিয়েছেন।

এদিকে, জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ টুইট করে বলেন, মহাপরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন টেড্রোস আধানম গেব্রেইয়াসুস। তিনি ১৬০ ভোটের মধ্যে ১৫৫টি পেয়েছেন, যা চমকপ্রদ ফলাফল। অভিনন্দন।

উল্লেখ্য, ইথিওপিয়ার এই সাবেক স্বাস্থ্যমন্ত্রী করোনা সঙ্কটকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দায়িত্ব সামলেছেন।  তিনি কোভিড-১৯ মহামারির অশান্ত সময়ের মধ্যে জাতিসংঘের সংস্থাটিকে পরিচালনা করেন।