মৌলভীবাজারে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ মে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, (বালিকা অনূর্ধ্ব-১৭), ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নেছার আহমেদ, মৌলভীবাজার- ৩ আসন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোঃ নাসের রিকাবদার, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ও সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা আলহাজ্ব মিছবাহুর রহমান প্রমুখ।

উদ্বোধনী খেলায় শুরুতে অংশ নেন শ্রীমঙ্গল বালিকা দল ৪ : ০ গোলে বড়লেখা বালিকা দলকে এবং বড়লেখা বালক দল ২ : ১ গোলে শ্রীমঙ্গল বালক দলকে পরাজিত করে।

বৈশ্বিক ভ্রমণ ও পর্যটন সূচকে ৩ ধাপ এগোল বাংলাদেশ

জাতীয় ডেস্কঃ বৈশ্বিক ভ্রমণ ও পর্যটন সূচক ২০২১-এ ৩ ধাপ এগোল বাংলাদেশ। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) তৈরি এ সূচকে  বিশ্বের ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম।

সম্প্রতি ডব্লিউইএফ ‘দ্য ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্স-২০২১ : রিবিল্ডিং ফর এ সাসটেইনেবল অ্যান্ড রিজিলিয়েন্ট ফিউচার’ শীর্ষক এক প্রতিবেদনে এ সূচক প্রকাশ করেছে। দেশগুলোর ভ্রমণ ও পর্যটন শিল্পের উন্নয়ন, টেকসই ব্যবস্থা এবং নিরাপত্তা ও স্থিতিস্থাপকতার মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে।

বৈশ্বিক এ সূচকে বাংলাদেশের উন্নতি ঘটলেও প্রতিবেশি ভারতের ৮ ধাপ অবনতি ঘটে ২০২১ সালে ৫৪তম স্থানে ঠাঁই পেয়েছে। দেশটি ২০২০ সালে এ সূচকে ৪৬তম অবস্থানে ছিলো।

ডব্লিউইএফের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তুলনামূলক ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা এবং পাকিস্তান। শ্রীলঙ্কা ৭৪তম এবং পাকিস্তান ৮৩তম অবস্থানে আছে। অন্যদিকে, বাংলাদেশের চেয়ে দুই ধাপ পেছনে আছে নেপাল; দেশটির অবস্থান ১০২তম।

সূচকে সবার শীর্ষে জাপান এবং একেবারে তলানিতে রয়েছে আফ্রিকার দেশ চাদ (১১৭তম)। মার্কিন যুক্তরাষ্ট্র (২য়) ছাড়া শীর্ষ স্থানে থাকার ১০টি দেশই ইউরোপ, ইউরেশিয়া অথবা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উচ্চ আয়ের অর্থনীতির দেশ। এছাড়া আঞ্চলিক অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর যথাক্রমে ৭ম ও ৯ম স্থানে আছে। ২০১৯ সালের তুলনায় ১২ ধাপ উন্নতি ঘটে ইতালি (১০ম) এবার এই সূচকের শীর্ষ দশে ঢুকে গেছে। আগের বছর কানাডা এই সূচকের ১০তম স্থানে থাকলেও এবার ১৩তম অবস্থানে নেমে গেছে।

ডব্লিউইএফের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অনেক অংশে দুই বছর ধরে কোভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত পর্যটন শিল্পের ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা যাচ্ছে। আর ধকল কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরার এই ধারায় শীর্ষে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, স্পেন, ফ্রান্স ও জার্মানি। তবে সামগ্রিকভাবে আন্তর্জাতিক পর্যটন এবং ব্যবসায়িক ভ্রমণ এখনো প্রাক-মহামারি পর্যায়ের তুলনায় অনেক পিছিয়ে আছে। আন্তর্জাতিক সংস্থা এই সংস্থা বলেছে, টিকাদানের ব্যাপক হার, অধিক উন্মুক্ত ভ্রমণে প্রত্যাবর্তন এবং অভ্যন্তরীণ ও প্রকৃতি-ভিত্তিক পর্যটনের ক্রমবর্ধমান চাহিদার ফলে এই খাতের ঘুরে দাঁড়ানোর গতি প্রবল হয়েছে।

বেনাপোল স্থলবন্দরে দুই পাসপোর্টধারী যাত্রীর পায়ুপথে মিলল ৩ স্বর্ণের বার

যশোর প্রতিনিধিঃ যশোরের বেনাপোল স্থলবন্দরে দুই পাসপোর্টধারী যাত্রীকে পায়ুপথে স্বর্ণ বহন করায় আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা।

সুত্রে জানা যায়, পায়ুপথে তিনটি স্বর্ণের বার পাচারের সময় ওই দুই জনকে আটক করা হয়। গতকাল বুধবার (২৫ মে) দুপুরে তাদের আটক করা হয়। তবে স্বর্ণের বার ৩টি আটক একজনের পায়ুপথে লুকানো ছিল, যেগুলোর মোট ওজন ৩৫০ গ্রাম।

এ ঘটনায় আটককৃতরা হলেন, শরীয়তপুর জেলার নুরুজ্জামান খানের ছেলে ফাহাদ উজ জামান খান ও একই এলাকার কাশেম খানের ছেলে নান্টু খান।

বেনাপোলে নিয়োজিত এনএসআই-এর এডি ফরহাদ হোসেন জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দুই পাসপোর্টধারী যাত্রী তাদের পায়ুপথে স্বর্ণ নিয়ে ভারতে যাবে। বেনাপোল কাস্টমস ইমিগ্রেশনের শুল্ক গোয়েন্দাদের সহযোগিতায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়।

পরে তাদের হাসপাতালে নিয়ে এক্স-রে করলে একজনের পায়ুপথে কালো টেপ দিয়ে মোড়ানো দুটি স্বর্ণের বারের অস্তিত্ব মেলে। পরবর্তীতে পায়ুপথে ৩টি বার পাওয়া যায়।

ভূরুঙ্গামারীতে অটিজম ও নিউরো ডেভলোপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটিজম ও নিউরো ডেভলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ মে) সকালে উপজেলা পরিষদ হল রুমে শিক্ষা মন্ত্রালয়ের অধীনে মাধ‍্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ন‍্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো ডেভলপমেন্টাল ডিজএবিল‍্যাটিজ এর আয়োজনে দিনব‍্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম‍্যান নুরন্নবী চৌধুরী।

স্বাগত বক্তব‍্য প্রদান করেন উপজেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাজু মিয়া ও কুড়িগ্রাম সরকারী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ‍্যাপক মোস্তাফিজুর রহমান।

উপস্থিত ছিলেন চরবারুইটারী ফাজিল মাদ্রাসার অধ‍্যক্ষ মোশাররফ হোসেন, তিলাই বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন সহ অটিজম শিশুদের অভিভাবকগণ।

রাজধানীতে একই বাসায় দুই যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরের মুসলিমবাগের সুরভী কারখানার পাশে একটি বাসায় মো. মেরাজ (২০) ও রুবেল (১৯) নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২৫ মে) দুপুরে মেরাজকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। এ ছাড়া রুবেলও ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক অনিরুদ্ধ।

তিনি বলেন, আমরা ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে রুবেল নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মেরাজ নামের একজনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান তিনি মারা গেছেন।

তিনি আরো বলেন, মেরাজ লালবাগ একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। গতকাল (মঙ্গলবার) মেরাজের বাবা নিজের বাড়ী মুন্সিগঞ্জ বেড়াতে যান। এই সুযোগে রাতে রুবেল নামে একজনকে বাসায় ডেকে আনেন তিনি। রাতে তারা হয়তো কিছু খেয়েছিল। কারণ মেরাজ ও রুবেলের মুখ দিয়ে কিছু একটা বের হচ্ছিল যা সন্দেহজনক। প্রাথমিকভাবে ধারণা করছি, মেরাজের বাবা-মা বাসায় না থাকায় নেশাজাতীয় কিছু খেয়ে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। মেরাজের পরিচয় পাওয়া গেলেও এখনো রুবেলের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তার মরদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে। আর মেরাজকে ঢামেক হাসপাতালে নেওয়ায় তার মরদেহ বর্তমানে জরুরি বিভাগের মর্গে রাখা আছে। দুজনের ময়নাতদন্ত সম্পন্ন হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাঁতার কাটতে গিয়ে রোগাক্রান্ত বৃদ্ধের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মঙ্গলবার বিকালে শিরনী খেয়ে সাঁতার কেটে নদী পার হতে গিয়ে ফজল মিয়া (৭৫) নামে এক রোগাক্রান্ত বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ফতেপুর ইউপি গোবিন্দপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

এলাকাবাসী সুত্র মতে জানা যায়, মৃত ফজল মিয়া ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক হলেও দীর্ঘদিন যাবৎ তার সন্তানরা তাকে একা রেখে মাকে নিয়ে অন্যত্র ভাড়া বাসায় বসবাস করছিলেন। নানাবিধ রোগে আক্রান্ত ফজল মিয়া চিকিৎসা ও খাওয়া-দাওয়ার অভাবে অপুষ্টিতে ভুগছিলেন।

এলাকাবাসীর ধারনা, মঙ্গলবার বিকালে একই গ্রামে নদীর ওপর পারে বসবাসরত মৃত আমছু মিয়ার শিরনী খেয়ে বাড়ি ফেরার উদ্যেশ্যে মুনিয়া নদী সাঁতার কেটে পার হতে গেলে নদীতেই তার মৃত্যু ঘটে। আজ বুধবার (২৫ মে) সকালে নদীর ফতেপুর অংশে এলাকাবাসী একটি লাশ ভেসে আসছে দেখে ফজল মিয়ার লাশ বলে সনাক্ত করে। খবর পেয়ে গ্রামের লোকজন নদী থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ফজল মিয়ার লাশ দেখে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক ইউপি সদস্য জানান, মৃত ফজল মিয়ার মুখে ও নাকে বিভিন্ন জখম রয়েছে। তবে এসব জখম কিভাবে হয়েছে তা কারো জানা নেই।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজনগর থানা পুলিশ সরেজমিন মৃত ব্যক্তির বাড়িতে অবস্থান করছে বলে তথ্য সূত্র মতে জানায়।

টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে লিটন-মুশফিকের

স্পোর্টস ডেস্কঃ টেস্ট ক্রিকেটের ব্যাটিং র‍্যাংকিংয়ে দারুণ উন্নতি করেছেন টাইগার ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে মুশফিকুর রহিম ও লিটন দাসের জুটিতে নিজেদেরে প্রথম ইনিংসে ৩৬৬ রান তোলে বাংলাদেশ।

আজ চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৮৮ রানের ইনিংস খেলেন লিটন। এই ইনিংস দিয়ে তিন ধাপ এগিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান এবং ১৭তম স্থানে আছেন তিনি।

অন্যদিকে, ড্র হওয়া চট্টগ্রাম টেস্টের এক ইনিংসেই ব্যাটিং করার সুযোগ পায় বাংলাদেশ, তিন ব্যাটসম্যানের ব্যাটে ৪৬৫ রান তোলে ঘরের মাঠের দলটি। ওই ইনিংসে ১০৫ রানের মহাকার্যকর ইনিংস খেলেন মুশফিক। এই পারফরম্যান্সে চার ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

উল্লেখ্য, চট্টগ্রামে আজ অনুষ্ঠিত হওয়া দুই টেস্ট সিরিজের প্রথমটি ড্র হয়েছে। অর্থাৎ মিরপুর টেস্ট যে দল জিতবে সিরিজ তাদের।

মৃত্যুর গুজবে বিরক্ত হয়ে আইনি পদক্ষেপ নিচ্ছেন হানিফ সংকেত

বিনোদন ডেস্কঃ বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উপস্থাপক, পরিচালক, প্রযোজক ও লেখক হানিফ সংকেতকে নিয়ে যারা ‍মৃত্যুর গুজব ছড়িয়েছেন তাদের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিচ্ছেন তিনি। গতকাল মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাত থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ ও ব্যক্তিগত আইডি থেকে তার মৃত্যুর ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।

সড়ক দুর্ঘটনায় হানিফ সংকেতের মৃত্যুর গুজব ছড়িয়েছে। এই মৃত্যুর গুজবে তার লাখো ভক্ত এবং অনুরাগীরা শংকিত, ব্যথিত এবং চিন্তিত। তাই ঘটনার বিষয়ে জানতে যোগাযোগ করা হয় হানিফ সংকেতের সঙ্গে। এ ঘটনায় বেশ বিব্রত তিনি।

হানিফ সংকেত এ প্রসঙ্গে  বলেছেন, আমি আইনি পদক্ষেপ নিচ্ছি। সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি। বেশ কিছু ইউনিট কাজ করছে গুজব প্রচারকারীদের ধরার জন্য। যারা গুজবটি ছড়িয়েছেন তাদের শনাক্ত করে যেন শাস্তি দেয়া হয়। দুদিন পরপর দেশের নানা অঙ্গনের মানুষকে নিয়ে এসব মিথ্যে খবর ছড়ানো হয়। এটা খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, প্রথমে টিকটক থেকে এ গুজব ছড়ানো হয়। এরপর বিষয়টিকে সত্য মনে করে কোনো খোঁজ খবর ছাড়াই দায়িত্বশীল অনেকে আমার মৃত্যুর খবরে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেখান থেকেই বিষয়টি ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, হানিফ সংকেতের মারা যাওয়ার সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর দেখা যায় এর মধ্যে ‘আসিফ-উদ-দৌলা জুয়েল’ নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘শোক এবং শ্রদ্ধা, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক, প্রযোজক ও নির্মাতা বিশিষ্ট গুণীজন হানিফ সংকেত আজ সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা গভীর শোক প্রকাশ করছি।’

 

ফেসবুকে প্রেম করে বিয়ের পর ভারতে পাচার, মূলহোতা গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ফেসবুকে প্রেম করে খুলনার মেয়েকে বিয়ে ও পরে ভারতে পাচারের পর আটকে ধর্ষণ ও মানব পাচার মামলার প্রধান আসামি সোহেল মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯। মঙ্গলবার (২৪ মে) বেলা ১০ টায় মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল।

আটককৃত সোহেল মিয়া নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়া আহমদের ছেলে।

মঙ্গলবার দুপুরে র‍্যাব-৯ সিপিসি-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্প কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।

এর আগে ফেসবুক থেকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সোহেলের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় নুর নাহার (ছদ্মনাম)। এরপর তাকে বিয়ে করে কৌশলে ভারতীয় পাচারকারীর হাতে তুলে দেন সোহেল। ভারতে নিয়ে যাওয়ার পথেই তাকে একাধিকবার পাচারদলের সদস্যরা ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন সেই নারী।

এ ঘটনায় গত শনিবার দিনভর পাটগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে পাচারদলের সদস্য আশরাফুল ইসলাম, মোকছেদুল হক, চম্পা বেগম নামে তিনজনকে গ্রেপ্তার করে। পরে রোববার বিষয়টি নিশ্চিত করেছিলেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক। তিনি বলেছিলেন, এ ঘটনার মুল হোতা সোহেল মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়ার পুত্র।

পাটগ্রাম থানা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৩ বছর পূর্বে টিকটক করতে গিয়ে পরিচয় ও প্রেম হয় তাদের। পরে প্রেমিক হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়ার পুত্র সোহেল এবং প্রেমিকা নুর নাহার (ছদ্মনাম) অবৈধ ভাবে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ।

সেখানে প্রেমিকা নুর নাহারকে দিয়ে জোর পূর্বক দেহ ব্যবসা করার চেষ্টা করান সোহেল। কিন্তু নুর নাহার বিষয়টি বুঝতে পেয়ে সোহেলের সঙ্গে ঝগড়া করেন। পরে ৮/৯ মাস পর ভারতের কলকাতা থেকে কৌশলে একই পথে দেশে পালিয়ে আসে প্রেমিকা নুর নাহার (ছদ্মনাম)। তার কিছুদিন পর দেশে আসেন সোহেল। অনেক বুঝিয়ে তাকে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি হবিগঞ্জ আদালতে সোহেল-প্রেমিকা নুর নাহার (ছদ্মনাম) বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর নুর নাহার গর্ভবতী হন।

তবে আবারও প্রতারণার আশ্রয় গ্রহণ করেন প্রেমিক থেকে স্বামী হওয়া সোহেল। নুর নাহারকে পাচারের জন্য আবারও পাচারকারীদের সঙ্গে যোগাযোগ করে লালমনিরহাটের পাটগ্রামে পাঠিয়ে দেয় স্বামী সোহেল। এরপর গত ১৩ মে ভোরে পাচারকারীরা তাকে ওই উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পাচার করে দেয়। এ সময় নুর নাহারকে ধর্ষণ করেন ওই পাচার দলের সদস্য মোকছেদুল।

নুর নাহার ভারতে প্রবেশের পর বুঝতে পারেন তার স্বামী তাকে আবারও পাচারকারীদের কাছে বিক্রি করে দিয়েছেন। পরে আবারও নুর নাহার কৌশলে ১৫ মে রাতে দেশে দহগ্রাম সীমান্ত দিয়ে ফিরে আসেন। তবে দেশে ফেরার পর আশরাফুল ইসলাম নামে অপর এক পাচারকারী দলের সদস্য তাকে ধর্ষণ করেন। এরপর টাকার জন্য নুর নাহারকে আটকিয়ে রাখেন পাচার দলের সদস্যরা। তবে সেখান থেকেও কৌশলে পালিয়ে পাটগ্রাম থানায় আশ্রয় গ্রহণ করে নুর নাহার।

টেক্সাসে প্রাথমিক বিদ্যালয়ে কিশোর বন্দুকধারীর গুলিতে ১৯ শিশুসহ নিহত ২১

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক কিশোর বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উভালদে শহরের রব প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তাদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে।

আন্তর্জাতিক গণমাধ্যম সুত্রে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে উভালদে শহরের রব প্রাথমিক বিদ্যালয়ে সালভাদর রামোস নামে ১৮ বছর বয়সি এক কিশোর রাইফেল নিয়ে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ১৪ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হন।এ সময় পুলিশের গুলিতে ওই কিশোর নিহত হয়। ঘাতক কিশোর স্থানীয় একটি কলেজের ছাত্র বলে পুলিশ জানিয়েছে। কি কারণে সে প্রাইমারি স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের মধ্যে ৭০ বছর বয়সী এক নারী ও ১০ বছর বয়সী এক শিশুকে গুরুতর আহত অবস্থায় সান আন্তোনিও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর দেশটির জাতীয় পতাকা ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে, আজ বুধবার হোয়াইট হাউস থেকে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

এদিকে উভালদের পুলিশ কর্মকর্তা পিট আরেদোন্দো জানিয়েছেন, যারা নিহত হয়েছে, তারা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ হামলার হওয়ার ১০ দিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোর একটি সুপারমার্কেটে গুলি চালানো হয়। এতে ১০ জন নিহত হয়। ওই সময় যিনি গুলি চালিয়েছিলেন, তাঁর বয়সও ছিল ১৮ বছর। পুলিশ ধারণা করছে, সেটি ছিল বিদ্বেষপ্রসূত অপরাধ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুল-কলেজে প্রায়ই গুলিবর্ষণের ঘটনা ঘটলেও প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনা খুবই বিরল।