যৌতুকলোভী স্বামীকে নির্যাতনের অপরাধে কারাগারে প্রেরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনকারী যৌতুকলোভী স্বামী আব্দুল কাইয়ুমকে আটক করেছে বড়লেখা থানা পুলিশ। মঙ্গলবার (২৪ মে) ভোররাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসেআই মাসুক এর নেতৃত্বে একটি দলের অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এদিকে জানা যায়, আব্দুল কাইয়ুম উপজেলার সুজাউল গ্রামের মইন উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাত বছর আগে উপজেলার সুজাউল গ্রামের সৌদিআরব প্রবাসী আব্দুল কাইয়ুমের সাথে বিয়ে হয় সুলতানা বেগমের। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী আব্দুল কাইয়ুম ও তার প্রথম স্ত্রী আছমা আক্তার হেপী সুলতানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। ইউরোপ যাওয়ার জন্য বাবার বাড়ি থেকে ৭ লাখ টাকা এনে দেয়ার দাবি জানিয়ে চাপ দিতে থাকে স্বামী আব্দুল কাইয়ুম ও প্রথম স্ত্রী আছমা আক্তার হেপী। টাকা আনতে পারবে না এমন অপারগতা প্রকাশ করলে শুরু হতো নিত্যদিন নির্যাতন। গত শনিবার যৌতুকলোভী স্বামী আব্দুল কাইয়ুম ও তার প্রথম স্ত্রী আছমা আক্তার হেপী গৃহবধূ সুলতানা বেগমের উপর অমানবিক শারীরিক নির্যাতন চালান। নির্যাতনের এক পর্যায়ে তারা অর্ধমৃত অবস্থায় একটি ঘরে তাকে বন্দী করে রাখেন। এমন খবর পেয়ে গৃহবধু সুলতানা বেগমের বাবা আব্দুল মালিক থানা পুলিশকে খবর দেয়। বাবা থানা পুলিশ ঘটনাস্থলে নিয়ে গিয়ে মুমূর্ষু অবস্থায় মেয়েকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।
সোমবার বিকেলে অভিযোগ করলে পুলিশ মামলা রেকর্ড করে আসামী গ্রেপ্তারের জন্য তৎপর হয়। মঙ্গলবার ভোরে উপজেলার শাহবাজপুরে পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাসুক মিয়া অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করেন।
এর সত্যতা জানতে বড়লেখা থানার কর্মকর্তা ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন জানান, ভিকটিম সুলতানা বেগমের দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় স্বামী আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হয়। আদালতের বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

নবাবগঞ্জে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : ‘দেখবে বিশ্ব দেখবে দেশ, অটিজম সচেতনতায় প্রস্তুত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য ও ‘রাষ্ট্রীয় আইন মেনে চলি, অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি’ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ বিষয়ক উপজেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (২৫ মে) নবাবগঞ্জ  উপজেলা পরিষদ অডিটোরিয়াম রুমে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বাস্তবায়নাধীন ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ’ প্রকল্পের কার্যক্রমের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

নবাবগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ সোম  এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান ।

কর্মশালার শুরুতেই স্বাগত বক্তব্য ও সেশন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন। এতে অটিজমের কারণ, লক্ষণ ও প্রতিকার, একীভূত শিক্ষা এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ বিষয়ে সেশন পরিচালনা করা হয়।

কর্মশালায় অটিজমের বিভিন্ন বিষয় ও সচেতনতামুলক বক্তব্য, একীভূত শিক্ষা, অটিজম ও অন্যান্য প্রতিবন্ধী শিশুর অধিকার বিষয়ে বিভিন্ন করণীয় বিষয় তুলে ধরে বক্তব্য দেন রংপুর কামরাইকেল কলেজের সহযোগী অধ্যাপক মোঃ ওয়াহেদুজ্জামান।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক-মাধ্যমিক স্কুল-মাদরাসার প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমাম, বিশেষ সুবিধা ভোগী শিশুদের অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধি অংশ নেন।

কমলগঞ্জে দুই শিশু কন্যার পানিতে ডুবে মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিঙ্গা চা বাগানের পাথরটিলা এলাকার দুই শিশু কন্যা পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় মিরতিঙ্গা চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন পাথর টিলা এলাকার শিব চরণ উড়াং এর মেয়ে নিরালা উড়াং (১১) বাবুল উড়াং এর মেয়ে রিসিতা উড়াং (১০)। দুই জনই মিরতিঙ্গা চাবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।

বিষয়টি উপজেলার রহিমপুর ইউপির ৪নং ওয়ার্ড সদস্য ধনা বাউরী নিশ্চিত করে বলেন, শিশুরা বিকেলে গোসল করতে নেমেছিল। দুই শিশুকে ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া সুইচ গেইট এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে মিরতিঙ্গা চা বাগান হাসপাতালে নিয়ে যান। মিরতিঙ্গা চা বাগান হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাধন বিকাশ চাকমা বলেন, মেয়ে দু’টিকে নিয়ে হাসপাতালে আসলে প্রাথমিক পরীক্ষা করে দেখা যায় দু’জনই মারা গেছে।

কমলগঞ্জ থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বালাপাড়া নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় নসিরন বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন। মঙ্গলবার (২৪ মে) আনুমানিক দুপুর ১২টায় উপজেলার  চিলারং  ইউনিয়নের কিসমত পাহাড়ভাঙ্গার বালাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত নসিরন বেওয়া ওই এলাকার মৃত খেতু মোহাম্মদের স্ত্রী বলে নিশ্চিত করেন চিলারং ইউপি সদস্য আলাউদ্দীন ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ি সংলগ্ন পাকা রাস্তা পার হওয়ার সময় ডাঙ্গীপাড়া গ্রামের জৈনেক জালালের ছেলের মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে বৃদ্ধার। এসময় তিনি মাথায় প্রচন্ড আঘাত পান।

সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যেই মারা যান বৃদ্ধা। পরে লাশ নিহতের বাড়িতে নেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই  বলেও জানান এই ইউপি সদস্য।

সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে  ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ পুলিশ হেফাজতে আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আমরা লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করবো মর্মে তিনি জানান।

মেক্সিকোতে বার-হোটেলে বন্দুকধারীর গুলিতে নারীসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে হোটেল ও বারে বন্দুকধারীর গুলিতে নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ মে) একটি হোটেল ও দুটি পৃথক বারে এ হামলা চালানো হয় বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে মেক্সিকোর কেন্দ্রীয় গুয়ানাজুয়াতো প্রদেশের সেলায়া শহরে দুটি পৃথক বার ও একটি হোটেলে চালানো ওই হামলায় নিহত ১১ জনের মধ্যে আটজন নারী এবং তিনজন পুরুষ। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হামলার উদ্দেশ্য ও কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা না গেলেও বন্দুকধারীদের ধরতে অভিযান শুরু করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় মধ্যরাত পর্যন্ত অন্তত ৩০ রাউন্ড গুলির শব্দ পান তারা। পরে বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায় হামলাকারীরা।

উল্লেখ্য, স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, বন্দুকধারীরা যাওয়ার আগে ঘটনাস্থলে একটি হুমকি বার্তা সংবলিত কার্ড রেখে যায়। কার্ডে দেশটির একটি সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ে অষ্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জেলা প্রশাসক এর সাথে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরমি ব্রুআর এর সৌজন্য সাক্ষাৎ করেন। ২৪ মে সকাল সাড়ে দশ ঘটিকায় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরিমি ব্রুআর জেলা প্রশাসক মীর নাহিদ  আহসান এর সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় অস্ট্রেলীয় হাইকমিশনারের সহধর্মিণী ক্যাথেরিন হেরিংটন এবং ফার্স্ট সেক্রেটারি কেট স্যাংস্টার উপস্থিত ছিলেন।

এছাড়াও উপ-পরিচালক, স্থানীয় সরকার, মৌলভীবাজার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে জেলা প্রশাসক অস্ট্রেলিয়ান হাইকমিশনারের অবগতির জন্য মৌলভীবাজার জেলা প্রশাসনের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন। সেই সাথে মৌলভীবাজার জেলার চা শিল্প ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, জেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন শিল্প নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা শেষে জেলা প্রশাসক অতিথিদের জেলার ব্র্যান্ড বুক স্যুভেনির হিসেবে তুলে দেন।

ফুলবাড়ী সীমান্তে সহস্রাধিক ইয়াবা সহ মাদক চোরাকারবারি আটক

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যদের অভিযানে ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক চোরাকারবারি আটক হয়েছে। আটককৃত ওই চোরাকারবারির নাম সাইদুল হক (২৫)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী গজেরকুটি গ্রামের আব্দার আলীর ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (২৪ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে সদস্যরা আব্দার আলীর বাড়িতে অভিযান চালান। এসময় বাড়ী বাহির উঠানে গরুকে খড় খাওয়ানোর বেড়ের ভিতর থেকে ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করে তারা সাইদুল হককে আটক করেন।

কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা সহ আটক সাইদুল হকের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিবেদক : মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ৬৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিঠি গঠিত হয়েছে। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সহ-সভাপতি এড,স্বপন কুমার দেব এর সভাপতিত্বে গত ২৩ মে বিকাল ৪ ঘটিকায় শহরের দিল্লি রেষ্টুরেন্ট এর হল রুমে মৌলভীবাজারে বিভিন্ন প্রিন্ট, অনলাইন একাধিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দের সর্বসম্মতিক্রমে দৈনিক প্রেজেন্ট টাইমস পত্রিকার ষ্টাফ রির্পোটার সিতার আহমদকে আহবায়ক এবং দৈনিক আমাদের কন্ঠ ও দৈনিক সিলেট বাণী পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদকে সদস্য সচিব করে ৬৬ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর আহবায়ক কমিটি গঠন করা হয়।

যুগ্ন আহবায়ক এড স্বপন কুমার দেব (আমাদের নতুন সময়/দৈনিক আওয়ার টাইম), জোসেফ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার), মঈনুল হক (সংবাদ সারাদেশ), অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক গণমুক্তি,কমলগঞ্জ)।

আহবায়ক কমিঠির অন্যান্য সদস্যরা হলেন- জাফর ইকবাল (দৈনিক ভোরের কাগজ/দৈনিক জনতা), দুরুদ আহমেদ (দীপ্ত নিউজ), আব্দুল বাছিত খান (দৈনিক নতুন দিন), আক্তার হোসেন সাগর (এনটিভি/ রাজনগর বার্তা), সাইদুল ইসলাম (দৈনিক খবরপত্র), চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি), গিয়াস আহমেদ (এমবি নিউজ), সামসুল হক জুয়েল (লন্ডন টু মৌলভীবাজার), জ্যোতির্ময় চক্রবর্ত্তী(দৈনিক রুপবানী), তিমির বণিক (digitalbanglanews.com/Digitalbangla24.com), আব্দুল মুকিত (জনতার দলিল), মাসুদ আলম চয়ন (দৈনিক জনতার ইশতেহার), নাসরিন আক্তার প্রিয়া(ডে-নাইট২৪/ দৈনিক বাংলাদেশ সমাচার), শাহ মোঃ ফজলুর রহমান (আলোকিত সকাল), রিপন আহমদ (দৈনিক দিগন্ত), জাহেদুল ইসলাম পাপ্পু (আমার কুলাউড়া), মোঃকিবরিয়া আহমেদ (বাংলা টাইমস এন্ড টিউন), ফাহাদ আহমদ (আজকের সিলেট),শাহাবুদ্দিন (দেশ টিভি বাংলা), পলাশ দেব নাথ (আলোকিত সকাল), নিধু শর্মা(দৈনিক গণকণ্ঠ), মোঃ ইমরাণ হোসেন (সংবাদ প্রতিদিন), জালালুর রহমান (দৈনিক খবরপত্র), শাহজাহান মিয়া, রাশেদ আহমদ (সাপ্তাহিক ইশারা), মহসীন আহমদ(দৈনিক ভোরের ডাক, (রাজনগর),  গোবিন্দ মল্লিক (বায়ান্ন টিভি), মো:আব্দুল্লাহ (পাতাকুড়ির দেশ), রাহেলা সিদ্দিকা, মোঃ শাকির আহমদ (দৈনিক আমাদের কন্ঠ, শ্রীমঙ্গল), বিকাশ দাশ (প্রাইভেট ডিটেক্টিভ), কাজী মোঃরায়হান (দৈনিক বাংলাদেশ মিডিয়া), বাবুল আচার্য্য (সৃষ্টি টিভি), জনি আহমদ, মোঃ সিফন মিয়া, কৃষ্ণা শর্মা  দৈনিক অর্থনীতির কাগজ), সৈয়দ মো: সুহেব আলী (এসটিভি), তোফায়েল আহমদ রুমেল (স্বাধীন বাংলা টিভি), মোস্তাকিন মিয়া (স্বাধীন বাংলা টিভি), হাফিজুর রহমান  দৈনিক ধ্রæববানী), মোঃএমদাদুলহক (দৈনিক সময়ের বাংলাদেশ), মোঃ রাসেল  (দৈনিক ঢাকার ডাক), মিনহাজ আহমদ মুন্না (মৌলভীবাজার এক্সপ্রেস), মোঃ সরোয়ার খান (নিউজ আর্গান২৪.কম),সেজিম মিয়া (সিলেটি মিডিয়া), মোঃ সুমন আহমদ (দৈনিক নবরাজ), সুদীপ কৈরী(দৈনিক সমাচার), মোঃ আলাল আহমদ (দৈনিক খবরপত্র), সৈয়দ জুবের আলী (অনাবিল সংবাদ),নাজমুন নাহার (দৈনিক জালালাবাদ, জুড়ী), এহসান আহমদ সুমন (দৈনিক নতুন সময়), মোস্তাকিম আল মুনতাজ (টাইম টুইন ২৪.কম), খালেদ আহমদ (স্বাধীন বাংলা টিভি), মারুফ আহমদ (দৈনিক বসুন্ধরা), এসএ চৌধুরী জয় (দৈনিক আমার সংবাদ), আলীম আল মুনিম (জালালাবাদ ২৪.কম/ (দৈনিক গণমুক্তি, রাজনগর) ও রূপক দত্ত চৌধুরী (দৈনিক তৃতীয় মাত্রা)।

উল্লেখ্য, বিগত ২০১৪ সালের ৬ জুলাই ঢাকায় অনলাইন সাংবাদিকদের এক সভায় মোস্তফা জব্বারকে আহ্বায়ক ও শামসুল আলম স্বপনকে সদস্য সচিব করে জাতীয় অনলাইন প্রেসক্লাব এর আত্মপ্রকাশ হয়। এরই ধারাবাহিকতায় একই ভাবে ১৯ জুলাই- ২০১৪ইং মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব গঠন করা হয়।

আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন

সিএনবিডি ডেস্কঃ আজ ১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন। কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাধারে প্রেমিক ও বিদ্রোহী। উপন্যাস, নাটক, সঙ্গীত আর দর্শনেও নজরুলের অনবদ্য উপস্থিতি বর্ণাঢ্য করেছে বাংলা সাহিত্যকে। কণ্ঠশিল্পী, অভিনেতা, সম্পাদক পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা অভিমানী এই মানুষ হৃদয় দিয়ে অনুভব করেছিলেন নিপীড়িত-অসহায়ের আর্তি। অন্যায়ের বিরুদ্ধে তার কবিতা কোটি তরুণের রক্তে জ্বালায় স্ফুলিঙ্গ।

দ্রোহ, প্রেম, মানবতা ও সাম্যের কবি কাজী নজরুলের জন্ম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ১৮৯৯ সালে ২৫ মে। বাবার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। দরিদ্র পরিবারে জন্মের পর দুঃখ-দারিদ্র্য ছিল তাঁর নিত্যসঙ্গী। তার ডাকনাম ছিল দুখু মিয়া। বাবার অকালমৃত্যুতে পরিবারের ভরণপোষণের জন্য তিনি শিশু বয়সেই মক্তবে শিক্ষকতা, হাজি পালোয়ানের মাজারে খাদেম, মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। তবে নিজের দুঃখ নিয়ে নয়, তিনি জাতির দুঃখ-ক্লেশ, দৈন্য-লজ্জা ঘোচানোর জন্য ভাবতেন সব সময়।

তার শিক্ষা জীবন কেটেছে রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল, মাথরুন উচ্চ ইংরেজি স্কুল, ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরাম স্কুলে। দারিদ্র্য তাকে আনুষ্ঠানিক শিক্ষা শেষ করতে দেয়নি। সিয়ারসোল রাজ স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়ার পর সেনাবাহিনীতে যোগ দেন।নজরুল প্রায় ৩ হাজার গান রচনা করেছেন। অগ্নিবীণা, বিষের বাঁশী, দোলনচাঁপা, ছায়ানট, ইত্যাদি তার বিখ্যাত কাব্যগ্রন্থ। বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা তার উপন্যাস। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা ইত্যাদি তার বিখ্যাত গল্পগ্রন্থ। সুগায়ক নজরুল ‘ধ্রুব’নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেন। কমরেড মুজাফ্ফর আহমদ, ড. মুহম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেন ছিলেন তার বন্ধু। নজরুল যেমন রবীন্দ্রনাথকে তার বই উৎসর্গ করেছেন, তেমনি রবীন্দ্রনাথও তার ‘বসন্ত’নাটক উৎসর্গ করেন নজরুলকে।দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে হঠাৎ করেই তার সাহিত্য সাধনা স্তব্ধ হয়ে যায়। কাজী নজরুল ইসলামের কবিতা-গান ছিল বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অন্যতম প্রেরণা।

১৯৭২ সালে কবি নজরুলকে সপরিবারে নিয়ে আসা হয় স্বাধীন বাংলাদেশে। এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশেই ছিলেন। ১৯৭৬ সালের ২৯ আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন এই মহা বিদ্রোহী ও প্রেমিক পুরুষ। কবির ইচ্ছানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়।

মানুষের মুখে হাসি দেখলে বিএনপির মুখে শ্রাবণ মেঘের কালো ছায়া পড়ে: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

রাজনীতি ডেস্কঃ মানুষের মুখে হাসি দেখলে বিএনপি নেতাদের মুখে শ্রাবণের আকাশের মতো কালো মেঘের ছায়া পড়ে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গতকাল মঙ্গলবার (২৪ মে) সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ঢাকার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতুসহ দেশের বিভিন্ন উন্নয়ন অর্জনে মানুষ যখন আনন্দিত, তখন বিএনপির বুকে ব্যথা সৃষ্টি হয়। মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা তখন বিষ জ্বালায় দিশেহারা হয়ে পড়ে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় ছিল, ততবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। অন্যদিকে বিএনপি যতবারই ক্ষমতায় ছিল ততোবারই জনগণ তাদের টেনেহিঁচড়ে ক্ষমতাচ্যুত করেছে।

ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি মহাসচিব বলেছেন শেখ হাসিনা সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। তিনি তো আর গণক নন। ক্ষমতার মালিক আল্লাহ আর এদেশের জনগণ। এ সময় ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আগামী জাতীয় নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।