ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষ, চাচার মৃত্যু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জমি জমা নিয়ে চাচা-ভাতিজা সংঘর্ষে চাচা শাহ আলম (৭৫) মারা গেছেন। গত শনিবার ২১ মে রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে ,উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারি (জুগিহার) গ্রামে গত শুক্রবার ২০ চাচা শাহ আলম ও তার ভাতিজা মানারুলের মধ্যে  জমি জমা নিয়ে  সংঘর্ষ হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ লাঠিসোটা নিয়ে  শাহ আলমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে  দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত শাহ আলম এর ছোট ছেলে সোহেল জানান, আমার বাবার কাছে আমার চাচাতো ভাই মানারুল ইসলাম বাড়ির পার্শে  কয়েক শতক জমি দান স্বরুপ রেজিস্ট্রি করে দেন। এখন মানারুল আমাদের বাড়ির সামনে জমি দখলের চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় আমার বাবার মাথায় জোরে আঘাত করলে আশংকা জনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাই।

গতকাল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা গেছেন। আমি আমার বাবার হত্যাকারীদের বিচার চাই।

আমজানখোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকালু বলেন, আমি গত পরশু জমি জমা নিয়ে চাচা-ভাতিজার সংঘর্ষের কথা শুনি এবং তাদের উভয় পক্ষকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছি। গতকাল রাতে শুনলাম চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম মারা গেছেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগর সরকারী হাসপাতালের একজন দালালকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দালাল মুক্তকরণ অভিযানকালে দালাল চক্রের সদস্য উত্তম দেবনাথ নামে এক যুুবককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যামন আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অভিযান পরিচালনা করা হয়। এমন অপরাধ আর না করার শর্তে তার কাছ থেকে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাজমুল আলম বলেন, গত একসপ্তাহ হাসপাতালে দালালের উৎপাত বেড়ে যাওয়ায় প্রশাসনের সহযোগীতায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দালাল চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ জানান, মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি দালাল চক্র রোগীদের ভুল তথ্য দিয়ে বেসরকারি ক্লিনিক ও বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারে চিকিৎসা দিয়ে আসছিল এমন তথ্যের ভিত্তিতে রবিবার বেলা ২টার দিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ডাঃ নাজমুল আলম, মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম মানিক ও থানা প্রশাসনের লোকজন।

সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুন লাল দেব (৬৫) সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। রোববার (২২মে) বিকেল সাড়ে ৩ টার দিকে মৌলভীবাজার শেরপুর সড়কের মনুরমুখ ইউনিয়নের কমপ্লেক্স এর সম্মুর্খে এ ঘটনা ঘটে।

অরুন লাল দেব রাজনগর উপজেলার গনেশপুর গ্রামের মৃত রজনী কান্তের ছেলে।

স্থানীয়রা জানান, একটি দাঁড়ানো বাস এর পিছনে অরুণ লালের মাইক্রোবাসটি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিনুল হকের সাথে রাত ৮ টার দিকে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি দূর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হবে।

স্ত্রীকে ভারতে বিক্রি, পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সোহেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন সুইটি (ছদ্মনাম)। এরপর তাকে কৌশলেই ভারতীয় পাচারকারীর হাতে তুলে দেন সোহেল। ভারতে নিয়ে যাওয়ার পথেই তাকে একাধিকবার পাচারদলের সদস্যরা ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ওই নারী।

এ ঘটনায় পাটগ্রাম থানা পুলিশ গেল শনিবার (২১) দিনভর অভিযান চালিয়ে পাচারকারীদলের সদস্য আশরাফুল ইসলাম, মোকছেদুল ইসলাম , চম্পা বেগম নামে এক নারী সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছেন।

গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক। তিনি বলেন, এ ঘটনার মুল হোতা সোহেল মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়ার পুত্র। তাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৩ বছরে পূর্বে টিকটক করতে গিয়ে পরিচয় ও প্রেম হয় তাদের। তারপর প্রেমিক সোহেল ও সুইটি (ছদ্মনাম) অবৈধ ভাবে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। সেখানে প্রেমিকা সুইটিকে দিয়ে জোর পূর্বক দেহ ব্যবসা করার চেষ্টা করেন। কিন্তু সুইটি বিষয়টি বুঝতে পেয়ে সোহেলের সাথে ঝগড়া করেন। পরে ৮/৯ মাস পর ভারতের কলকাতা থেকে কৌশলে একই পথে দেশে পালিয়ে আসে প্রেমিকা সুইটি । কিছুদিন পর দেশে আসেন সোহেল। অনেক বুঝিয়ে সুইটিকে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি হবিগঞ্জ আদালতে বিয়ে করেন সোহেল। কিছুদিন পর ওই নারী গর্ভবতী হন।

তবে আবারও প্রতারণার আশ্রয় গ্রহণ করেন সোহেল। তাকে পাচারের জন্য আবারও পাচারকারীদের সাথে যোগাযোগ করে লালমনিরহাটের পাটগ্রামে পাঠিয়ে দেয় স্বামী সোহেল।

গত ১৩ মে ভোরে পাচারকারীরা তাকে ওই উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পাচার করে দেয়। এ সময় সুইটিকে ধর্ষণ করেন ওই পাচারচক্র দলের সদস্য মোকছেদুল। সুইটি ভারতে প্রবেশের পর বুঝতে পারেন তার স্বামী তাকে পাচারকারীদের কাছে বিক্রি করে দিয়েছেন। ১৫ মে রাতে আবারও কৌশলে দহগ্রাম সীমান্ত দিয়ে দেশে ফিরে আসেন সুইটি। দেশে ফেরার পর এবার আশরাফুল ইসলাম নামে অপর এক পাচারকারী দলের সদস্য তাকে ধর্ষণ করেন।

এরপর টাকার জন্য ওই নারীকে ১৫ মে থেকে আটকিয়ে রাখেন পাচারচক্রের সদস্যরা। সেখান থেকে কোনরকমে পালিয়ে পাটগ্রাম থানায় আশ্রয় গ্রহণ করেন সুইটি।

বুকের ব্যাথায় অসুস্থ হয়ে হাসপাতালে কুশল মেন্ডিস

স্পোর্টস ডেস্কঃ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট চলাকালীন হঠাৎ করে মাঠেই অসুস্থ হয়ে পড়েন লঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিস। মাঠ থেকে সরাসরি তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

ঢাকা টেস্টের প্রথম সেশনের প্রায় শেষের দিকের ঘটনা এটি। ২৩তম ওভারের প্রথম বলের মাথায় হঠাৎ করেই বসে পড়েন লঙ্কান উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস। রাজিথা ফার্নান্দোর করা বল উইকেট রক্ষক নিরশন ডিকভেলার কাছে গেলে কুশলের হাতে বল দেন। এরপর বসে পড়ায় দ্রুত মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় মেন্ডিসকে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, হঠাৎই বুকের ব্যথায় মাঠের মধ্যে পড়ে গেলেন কুশল মেন্ডিস। ব্যথার তীব্রতা বেশি হওয়ায় তাকে দ্রুত পাঠানো হয়েছে হাসপাতালে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। সেখানে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। শ্রীলঙ্কা দলের সঙ্গে থাকা ডাক্তার মঞ্জুর চৌধুরী জানিয়েছেন, হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় পর্যবেক্ষণে রাখা হয়েছে কুশলকে। বাকি আপডেট পরে জানানো হবে।

উল্লেখ্য, ঘটনাটি ঘটে লাঞ্চের ঠিক আগের ওভারে। তবে সবধরনের ঝুঁকি এড়াতে সতর্কতাস্বরুপ কুশলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তার জায়গায় ফিল্ডিংয়ে নেমেছেন কামিন্দু মেন্ডিস।

নিপুণ-জায়েদের বিষয়ে আপিল বিভাগের নতুন সিদ্ধান্ত

বিনোদন ডেস্কঃ অনেকদিন ধরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলকে ঘিরে চিত্রনায়ক জায়েদ খান ও নিপুণের আইনি লড়াই চলছে। আজ সোমবার (২৩ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানির দিন ধার্য ছিল। এই সময় আপিল বিষয়ে নতুন সিদ্ধান্ত দেন বিচারকরা।

আদালতে জায়েদ খানের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। অন্যদিকে  নিপুণের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। উভয় পক্ষের উপস্থিতিতে আদালত আপিল শুনানির দিন পিছিয়ে আগামী ৫ জুন নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ আক্তার। অন্যদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থার আদেশের পরেও সাধারণ সম্পাদকের চেয়ারে বসায় নিপুণ আক্তারের বিরুদ্ধে ৮ মার্চ আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান। এরই প্রেক্ষিতে ১৩ মার্চ কঠোরতার এ রায় দেন আদালত।

প্রস্নগত, গত ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

 

ইউরোপকে নিজস্ব সেনাবাহিনী গঠন করার আহ্বান জানিয়েছেন জোসেপ বোরেল

আন্তর্জাতিক ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নকে নিজস্ব সেনাবাহিনী গঠন করার আহ্বান জানিয়েছেন এই ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল। গতকাল রবিবার (২২ মে) ব্রাসেলসে এক বক্তৃতায় তিনি বলেন, ইইউকে নিজের নিরাপত্তা রক্ষার ব্যাপারে আরো বেশি দায়িত্বশীল হতে হবে।

এর আগে, এক বক্তৃতায় বোরেল বলেছিলেন, ফিনল্যান্ড ও সুইডেনে রাশিয়া হামলা করলে ওই দুই দেশ ন্যাটো জোটের সদস্য না হওয়া সত্ত্বেও ইইউ তাদের রক্ষা করতে প্রস্তুত রয়েছে। আর আমাদের একটি অত্যাধুনিক ইউরোপীয় সেনাবাহিনী প্রয়োজন যা অনেক বেশি কার্যকর হবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ইইউ কিয়েভকে দুইশত কোটি ইউরো সহায়তা দিয়েছে। এই সহায়তা দিয়ে ইউক্রেনকে অত্যাধুনিক সমরাস্ত্র সংগ্রহ করার সুযোগ দিয়েছে ইউরোপ।

এদিকে ফিনল্যান্ড ও সুইডেনের জনগণ রাশিয়ার ইউক্রেন অভিযান শুরু হওয়ার পর ব্যাপকভাবে ন্যাটো জোটে যোগ দেয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এর জের ধরে গত ১৫ মে দেশ দু’টি একযোগে মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটে যোগ দেয়ার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। এই ঘটনা পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার মুখোমুখি অব্স্থানকে আরো সংঘাতময় করে তুলেছে। রাশিয়া ন্যাটো জোটে ওই দুই দেশের অন্তর্ভুক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

 

ভূমি দিবসে পীরগঞ্জের এসিল্যান্ড জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হলেন পীরগঞ্জের এসিল্যান্ড কামরুল হাসান সোহাগ। রোববার ২২ মে ঠাকুরগাঁও জেলা প্রশাসন হলরুমে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসানের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি।=

এসময় এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ভূমি অফিসের কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এবার জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ক্রেস্ট ও সনদপত্র পান কামরুল হাসান সোহাগ।
সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ ন্যায়, নিষ্ঠা, সততার সাথে কাজ করার জন্য এবং সরকারের বেদখল হওয়া খাঁস জমি উদ্ধার, ভূমি কর, ভূমি সেবা মানুষ ঘরে বসেই মোবাইলের মাধ্যমে পেতে তা নিশ্চিত করেছেন। আর জনগনকে ভূমি সেবা নিতে ভূমি অফিসে গিয়ে ধন্যা দিতে হবে না।
এছাড়াও ভূমিহীন অসহায়দের আশ্রয়ন  প্রকল্পের কাজ সুন্দরভাবে তদারকি করতে তিনি নিরলসভাবে কাজ করছেন।

চলতি বছরের প্রথম পাঁচ মাসে ইসরাইলি সেনার হাতে ২০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের ২০ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। এদের মধ্যে গত এক সপ্তাহ ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হয়েছেন তিন ফিলিস্তিনি।

বিগত রমজান মাসের শুরু থেকে পশ্চিম তীরের বিভিন্ন শহরে বিশেষ করে জেনিন শহরে ইহুদিবাদীদের পাশবিক হামলা বেড়ে যায়। এ সময় ইসরাইলি সেনাদের বর্বরতার বিরুদ্ধে বিন্দুমাত্র প্রতিবাদ জানালেই ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় দখলদার সেনারা।

এ সম্পর্কে শাহাব নিউজ জানিয়েছে, গতকাল ইহুদিবাদী সেনাদের গুলিতে জেনিন শরণার্থী শিবিরের ১৭ বছর বয়সি ফিলিস্তিনি কিশোর আমজাদ আল-ফায়েদ নিহত হন। এর মাধ্যমে ২০২২ সালের শুরু থেকে এ পর্যন্ত ইসরাইলি সেনাদের হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা ২০ জনে উন্নীত হলো। এদের মধ্যে অনেকে শাহাদাতপিয়াসী হামলা চালাতে গিয়ে শহীদ হয়েছেন।

দীর্ঘদিন ধরে গাজা উপত্যকার সংগ্রামী ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম চালিয়ে আসছিল। এতদিন গাজার তুলনায় জর্দান নদীর পশ্চিম তীর তুলনামূলক শান্ত ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ইসরাইলের নাকের ডগায় অবস্থিত পশ্চিম তীরের বিভিন্ন শহরে বিশেষ করে জেনিন শহরে প্রতিরোধ সংগ্রাম দানা বাধতে শুরু করেছে। মূলত ২০২১ সালের রমজান মাসের শেষদিকে ১২ দিনব্যাপী গাজা যুদ্ধের পর পশ্চিম তীরের পরিস্থিতি বদলে যেতে শুরু করে। চলতি বছর পশ্চিম তীরের সংগ্রামী ফিলিস্তিনি যুবকদের শাহাদাতপিয়াসী হামলায় বেশ কিছু ইহুদিবাদী হতাহত হয়েছে।

সুত্রঃ পার্সটুডে। 

কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। গতকাল রবিবার (২২ মে) সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে এ ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়। এ সময় আর্দশ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব সাবেরা আক্তার, কুমিল্লা জোনের জোনাল সেটেলমেন্ট অফিসার শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শাখাওয়াত হোসেন (রুবেল), ডেপুটি কালেক্টর (রাজস্ব) কানিজ ফাতেমা ও সদরের সহকারি কমিশনার মৌসুমী আক্তার।

এছাড়া এ অনুষ্ঠানে সার্ভেয়ার মো: ইব্রাহিম, নাজির মো: আবুল বাসার উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে জেলা পর্যায়ে সততা ও কর্মদক্ষতা দিয়ে যারা কর্মক্ষেত্রে ভাল অবদান রেখেছেন তাদের পুরস্কৃত করা হয়।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) তিতাসে কর্মরত এ কে আবু নওশাদ, শ্রেষ্ঠ কানুনগো হয়েছেন দেবিদ্বারে কর্মরত মো: নুরুজ্জামান, শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত হয়েছেন এলএ শাখার মো: জামাল হোসেন, শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা হয়েছেন বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নে কর্মরত রতন চন্দ্র কর্মকার, শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা হয়েছেন চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নে কর্মরত সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারি সেটেলমেন্ট অফিসার নির্বাচিত হয়েছেন হোমনা উপজেলায় কর্মরত রফিক উদ্দিন আহম, শ্রেষ্ঠ উপ-সহকারি সেটেলমেন্ট অফিসার নির্বাচিত হয়েছেন বি-বাড়িয়া জেলার সরাইল উপজেলায় কর্মরত মো: হাফিজুর রহমান খান, শ্রেষ্ঠ সেটেলমেন্ট সার্ভেয়ার নির্বাচিত হয়েছেন কুমিল্লা জোনের মো: কাউছার আলম।