অনেক নাটকীয়তার পর এমবাপ্পে মেসিদের সঙ্গেই থাকছেন

স্পোর্টস ডেস্কঃ অবশেষে এত নাটকীয়তার পর ফরাসি জায়ান্ট পিএসজিতে মেসিদের সঙ্গেই থেকে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার কথা শোনা গেলেও ফ্রান্সের বিশ্বকাপজয়ী এ ফুটবলার থেকে যাচ্ছেন মেসিদের সঙ্গেই।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ও ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকমের বরাতে জানা যায়, এমবাপ্পে পিএসজির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করতে যাচ্ছেন। ২০২৫ সাল পর্যন্ত ফ্রান্সের সেরা ক্লাবটিতেই থেকে যাচ্ছেন তিনি। এমবাপ্পের পিএসজিতে থাকার বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী শনিবার লিগ ওয়ানে মেতজের বিপক্ষে ম্যাচটি শেষে।

এমবাপ্পের মা ফায়জা আল-আমারি গত সপ্তাহে জানিয়েছিলেন, এমবাপ্পেকে নিয়ে আর কোনো আলোচনা হবে না কারণ এমবাপ্পের সঙ্গে রিয়াল মাদ্রিদ ও পিএসজির চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে।চুক্তিতে বড় ধরনের কোনো পার্থক্য থাকবে না বলেও তিনি জানিয়েছিলেন।

তিনি আরও জানিয়েছিলেন, এমবাপ্পে রিয়াল মাদ্রিদে খেলবেন নাকি পিএসজিতে খেলবেন সেই সিদ্ধান্ত তিনিই নেবেন।

আর এদিকে এমবাপ্পে দারুণ সময় কাটাচ্ছেন পিএসজির হয়ে। বর্তমানে ২৫ গোল করে লিগ ওয়ানে শীর্ষ গোলদাতার তালিকায় সবার উপরে রয়েছেন তিনি। সব মিলিয়ে ফরাসি জায়ান্টদের হয়ে এ মৌসুমে ৩৬ বার বল জালে জড়িয়েছেন তিনি।

কমলগঞ্জ নবনির্মিত বিদ্যালয়ের লাখ টাকার মালামাল চুরি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: নবনির্মিত বিদ্যালয় উদ্বোধনের আগেই মুল্যাবান মালামাল চুরি। ঘটনাটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউপি জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে। গত ১২ মে বিকাল ৩টা থেকে ১৪ মে সকাল ৯টার ভিতরে  কোন এক সময় বিদ্যালয়ের ২০ টি সিলিং ফ্যান, প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি, কোভিড-১৯ চিকিৎসা সরঞ্জামাদী ও উপকরণ, ১টি স্প্রে মেশিন, ১টি ইলেকট্রিক চায়ের কেটলি, ১টি ওজন  মাপার মেশিন, ১টি, ১টি মেইন সুইচ, ক্যাশ রেজিষ্টার, এসএমসি সভা রেজিষ্টার, প্রাক-প্রাথমিক উপকরণ ষ্টক রেজিষ্টার, খেলাদোলার সামগ্রী ষ্টক রেজিষ্টারসহ প্রয়োজনীয় বিভিন্ন রেকর্ড রেজিষ্টারসহ প্রায় প্রায় লাখ টাকার মালামাল চুরি হয়।
এ ব্যাপারে বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি শামছুক ইসলাম ফারুক গত ১৪ মে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন, ডায়রী নং- ৬৩৮। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও  চুর শনাক্ত করতে পারেনি পুলিশ প্রশাসন। চুরির ঘটনায় ২১ মে সকাল ১১টায় বিদ্যালয় পিটিএ ও এসএমসি কমিটির যৌথ উদ্যোগে অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে চুর শনাক্ত ও মালামাল উদ্বারে প্রশাসনের কাছে জোর দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আব্দুল গণি, এসমসি কমিটির সভাপতি শামছুল ইসলাম ফারুক, পিটিএ সভাপতি জিলা মিয়া, ভুমি দাতা সদস্য ছায়েদ আলী, সোলেমান মিয়া, আব্দুল মতিন, মোঃ আনোয়ার খা, আব্দুল মালিক, আব্দুল আহাদ,আব্দুল জলিল, মস্তরি মিয়া, মশাহিদ মিয়া, আব্দুল করিম, আব্দুল মজিদ, জমির মিয়া, সায়েক আলী, আহাদ মিয়া, ইমাদ মিয়া প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ এলাকার  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এব্যপারে কমলগঞ্জ থানার এস আই মহাদেব বাচাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুর শনাক্তে আমরা কাজ করে যাচ্ছি।

নেত্রকোণায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধিঃ “দাম কমাও, মানুষ বাঁচাও” এই স্লোগানে নেত্রকোণায় ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উধর্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  করেছে রেজা কিবরিয়া ও ভিপি নূরের নেতৃত্বাধীন বাংলাদেশ গণ অধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখা।

শনিবার সকাল সাড়ে ১১ টায় নেত্রকোণা পৌর সভার সামনের সড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে দলটির ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।

এ সময় বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেত্রকোণা জেলা শাখার সহ-সভাপতি কামরান আহমেদ,সমাজ কল্যাণ সম্পাদক আদনান হোসেন, মামুন আহমেদসহ অন্যরা।

বক্তারা দেশের দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কমিয়ে এনে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবী জানান।

ভারতের রাজ রাজ্জাক অ্যাওয়ার্ড পেলেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্কঃ ভারতের ‘বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কর্মাস’ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে নায়করাজ রাজ্জাক লাইফটাইম অ্যাওয়ার্ড-এ ভূষিত করেছে। ক্যারিয়ারে প্রায় সাড়ে তিনশ সিনেমায় অভিনয় ও সড়ক নিরাপত্তা নিয়ে আন্দোলনের জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে তাকে।

গতকাল শনিবার (২১ মে) সন্ধ্যায় কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে বিশেষ আয়োজনের মধ্যদিয়ে ইলিয়াস কাঞ্চনের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। বাংলাদেশের পাশাপাশি ভারত তথা কলকাতার বিনোদন জগতের অনেক তারাকারাও উপস্থিত ছিলেন সেখানে।

সম্মাননা পেয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। মানুষের কর্মের জন্যই আমরা। আমার দ্বারা মানুষের যেন ভালো কর্ম হোক-এটাই শুধু সৃষ্টিকর্তার কাছে আবেদন। তিনি আরো বলেন, একে তো কাজের স্বীকৃতি, পাশাপাশি যে মানুষটির নামে এই জীবনকীর্তি সম্মাননা পেলাম, তিনি আমাকে সন্তানতুল্য মনে করতেন এবং আমায় বলেছিলেন, এক সময় আমার জায়গায় যদি কেউ আসে সে হবে ইলিয়াস। এতটাই উনি আমাকে ভালোবাসতেন। সেই মানুষটার নামে এই সম্মান নিতে পেরে ভালো লাগছে। এটা আমার ভাগ্য মনে করি।

উল্লেখ্য, নায়করাজ রাজ্জাক ২০১৭ সালে ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরের বছরেই কলকাতার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কর্মাস মহানায়কের নামে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডের প্রবর্তন করে। আর প্রথম বছর এ স্বীকৃতি পেয়েছিলেন বাংলাদেশের অভিনেতা আলমগীর।

 

স্কট মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

আন্তর্জাতিক ডেস্কঃ স্কট মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী  হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ। গতকাল শনিবার (২১ মে) রাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে অস্ট্রেলিয়ার বিদায়ী প্রধানমন্ত্রী স্কট মরিসন আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই জাতীয় নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, আমি বিরোধীদলীয় নেতা এবং হবু প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে কথা বলেছি। আজ সন্ধ্যায় নির্বাচনে জয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি।

তবে এখন পর্যন্ত এটি স্পষ্ট নয় যে দেশটিতে সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব হবে নাকি স্বতন্ত্র এবং ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সরকার হবে।

অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ার দীর্ঘতম রাজনীতিবিদদের মধ্যে একজন । তিনি বলেছেন, আধুনিক অস্ট্রেলিয়া প্রতিফলিত করার সময় এসেছে। জয় উদযাপনের আগে আলবানিজ জানিয়েছেন, তিনি দেশকে একত্রিত করতে চান। পাশাপাশি জলবায়ু সমস্যার সমাধান করতে চান।

উল্লেখ্য, মরিসনের লিবারেল ন্যাশনাল কোয়ালিশন ৮ বছর ৯ মাস ক্ষমতায় ছিল। নেতৃত্বে বেশ কিছু পরিবর্তনের পর মরিসন ২০১৮ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হন।

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ মে) বিকেলে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ইউএনও রেজাউল করিম।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার সহযোগীতায় আয়োজিত উদ্বোধনী খেলার অনুষ্ঠানে পীরগঞ্জ পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ওসি জাহাঙ্গীর আলম, উপজেলা ক্রীড়া সাধারন সম্পাদক  বশিরউদ্দীন চৌধুরী, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরদে খোদা রানাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় টাইব্রেকারে খনগাও ইউনিয়ন ৪-২ গোলে কোষারানীগঞ্জ ইউনিয়নকে হারিয়ে জয়ী হন। টুর্নামেন্টে পৌরসভাসহ মোট ১১ টি ফুটবল টিম অংশ গ্রহণ করবে মর্মে জানা গেছে।

কুলাউড়ায় ১৭ বোতল বিদেশী মদসহ ২ জন গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে (২০ মে) শুক্রবার কুলাউড়া থানার একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানাধীন ১২নং পৃথিমপাশা ইউপি অন্তর্গত গনকিয়া সিএনজি স্ট্যান্ড হইতে মাদক কারবারী ১। ফরিদ আলী (৪০), পিতা-রফি মিয়া, সাং-শিকরিয়া, বর্তমানে: গনকিয়া, ২। আবুল কালাম (৩৫), পিতা-আব্দুল সত্তার, সাং-শিকরিয়া, উভয় থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেপ্তার করিয়া আসামীদ্বয়ের হেফাজত হইতে চোরাচালানের মাধ্যমে ভারত হইতে বাংলাদেশে আনয়নকৃত ১৭(সতের) বোতল ভারতীয় VODKA মদ উদ্ধার করেন।
গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নেত্রকোণায় বালু ব্যবসায়ী এ কে এম শামীমের বিরুদ্ধে পারিবারিক গোরস্থানের মাটি বিক্রি করার অভিযোগ

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার সদর উপজেলার মেদিনী ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের আব্দুল হেকিমের পারিবারিক গোরস্থানের মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে।

এ ঘটনাটি হয় নিশ্চিতপুর গ্রামের নিশ্চিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  পাশে নিশ্চিতপুর মৌজায় যার বিআরএস দাগ নং-৩৮৮ বিআরএস খতিয়ান নং- ২৯৬ জমির শ্রেনী কান্দা জমির পরিমান ১৭ শতাংশ জমি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আমরা জানি এই জমিটি আব্দুল হেকিম পিতা মৃত উমেদ আলী তাদের। দীর্ঘদিন যাবৎ এই জমিটি বাড়ির আঙ্গিনা হিসেবে ব্যবহার করে আসতেছে। তবে শামীম একজন বালু ব্যবসায়ী সে আমাদের এলাকায় আওয়ামী রাজনীতির সাথে জড়িত বলে নেতা দাবি করে। তবে এলাকার কেউ জানে না সে রাজনৈতিক দলের কোন পদে আছে। শুধু বলেই যায় সে আওয়ামী রাজনীতি করে। আর এলাকায় বিশাল প্রভাব কাটায়। সে প্রভাব কাটিয়ে এই কবর স্থানের মাটি শহরে বিক্রি করে দিয়েছে। এলাকার লোকজন বলেন শামীম দলীয় দাপট দেখিয়ে এখানে বিশাল প্রভাব কাটিয়ে চলে।

আব্দুল হেকিম বলেন, এখানে ৪ টি কবর ছিল সে কবরের জমির মাটি নিয়ে বিক্রি করে। আজিজা আক্তার খাতুন বলেন আমাদের পারিবারিক গোরস্থানের মাটি শামীম বিক্রি করে দিয়েছে এখানে ৪ জনের কবর ছিল।

বাবুল মিয়া বলেন, কবরের মাটি নেওয়াটা ঠিক হয়নি, তবে সে একটু দুষ্ট প্রক্রিতির লোক। সোয়াব আলী বলেন সে নেত্রকোণা শহরে থাকে এলাকায় এসে বিশাল প্রভাব দেখায়। এখানে থেকে বালু বিক্রি করে।

এ বিষয়ে আব্দুল হেকিম বলেন এই জায়গায় আমাদের পরিবারের ৪ টি গোরস্থান ছিল কিন্তু আমি বাড়িতে না থাকায় সুযোগ করে এই গোরস্থানের মাটি নিয়ে বিক্রি করে দেয় শামীম মিয়া। এখন আমাদের বাড়ির মাটি সব এই কবরের নিচু জায়গায় ভেঙ্গে চলে আসতেছে। এ ঘটনার কারনে আমি আদালতে আমি একটি মামলা করেছি যার মামলা নং- CR ২৯০(১)২০২২।

তাই আমি এবং আমার পরিবারের সকলেই তার সঠিক বিচার দাবি করছি।

সাবেক উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব এর ১ম মৃত্যুবার্ষিকীতে শিশু পরিবারে খাবার বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রনধীর কুমার দেবের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (২১মে) দুপুরে শহরের সরকারি শিশু পরিবারে সাবেক ছাত্রলীগ নেতা (আমেরিকা প্রবাসী) সোহাগ আহমেদ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত রনধীর কুমার দেবের ছোট পুত্র রাজু দেব রিটনের উদ্যোগে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়া ও আরো বিভিন্ন অনুষ্ঠানীকতার মাঝে দিনটি পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান সুজাতসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

স্বর্গীয় রনধীর কুমার দেব ২০২১ সালের ২১ মে মারা যান। মৃত্যুর আগে পর্যন্ত রনধীর কুমার দেব ৩য় বারের মতো শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছাত্রজীবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। তিনি ১৯৮৮ সাল থেকে ৪ বার সাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘদিন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।

এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে অতপ্রোতভাবে জড়িত ছিলেন। সরব উপস্থিত ছিলেন প্রত্যেকটি মানুষের সুখে দুঃখে। উপজেলাবাসী রনধীর কুমার দেব এর ক্ষতি এখন ও বয়ে বেড়াচ্ছেন।

শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য মহান আল্লাহর বিশেষ আশীর্বাদ : ড. আওলাদ হোসেন

রাজনীতি ডেস্কঃ শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের জন্য মহান আল্লাহর বিশেষ আশীর্বাদ বলে মন্তব্য করেছেন কৃষিবিদ ড. মোঃ আওলাদ হোসেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ৪১ বছর ধরে এদেশের মানুষের স্বপ্নপূরণে নিরলসভাবে কাজ করে চলছেন তিনি।

গতকাল শুক্রবার (২০ মে) বিকেল ৪টায় জুড়াইন রেলগেট এলাকা সংলগ্ন চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ, কদমতলী থানা আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ড. মোঃ আওলাদ হোসেন এসব কথা বলেন।

ড. মো. আওলাদ হোসেন বলেন, শেখ হাসিনা এসেছিলেন বলেই নিজের টাকায় পদ্মা সেতু হয়েছে। চলতি বছর জুন মাস থেকেই পদ্মা সেতুতে গাড়ী চলাচল করবে। খুব সহসাই পদ্মা সেতুতে রেল লাইন সংযোজিত হবে। শেখ হাসিনার আশীর্বাদেই এই জুরাইন রেলগেটে ফ্লাইওভারসহ পদ্মা নদীর তীর পর্যন্ত (মাওয়া পর্যন্ত) এত সুন্দর নয়নাভিরাম বঙ্গবন্ধু শেখ মুজিব মহাসড়ক নির্মিত হয়েছে। কৃষির উন্নয়নে সারা বিশ্ব আজ ঈর্ষান্বিত।

তিনি আরও বলেন, মানুষের মাথাপিছু আয় আড়াই হাজার ছাড়িয়ে গেছে। শিক্ষার উন্নয়ন, মানুষের গড় আয়ু বৃদ্ধি, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,  পায়রা বন্দরসহ অসংখ্য মেগা প্রকল্প, আজ দৃশ্যমান। শতভাগ মানুষের বিদ্যুৎ সুবিধা নিশ্চিত হয়েছে।আশ্রয়হীন সকল মানুষের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ১০০টি অর্থনৈতিক অঞ্চল গঠন করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার কোন বিকল্প নাই। আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মহাজোট থেকে পরপর দুইবার নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি ঢাকা-৪ এলাকার উন্নয়নে নজর দিচ্ছেন না। সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে ভূমিকা রাখছেন না। প্রায় দশ লক্ষাধিক মানুষের আবাস অপরিকল্পিতভাবে গড়ে উঠা এই এলাকার ডিএনডি বাঁধের মধ্যে বসবাসকারী জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশার কথা বিবেচনা করে এই এলাকার জলাবদ্ধতা নিরসনে ‘ডিএনডি ড্রেনেজ অ্যান্ড স্যুয়ারেজ ডেভেলপমেন্ট প্রকল্প’টি যথাসময়ে বাস্তবায়নসহ, মানুষের শিক্ষা, চিকিৎসা, বিনোদন এবং খেলার মাঠসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

সাবেক এই ছাত্রনেতা স্মৃতিচারণ করে বলেন, ১৯৮০ সালের এই দিনে,  শেখ হাসিনা স্বদেশের পবিত্র মাটিতে ফিরেছেন। ঐদিন ঢাকায় প্রচণ্ড তাপদাহ ছিল। সারাদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকার মানিক মিয়া এভিনিউতে সমবেত হতে থাকে। বিশেষ করে ঢাকা মহানগরের প্রতিটি পাড়া-মহল্লায় সাজসাজ রবরব। আমরা স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরাও আওয়ামী লীগের মিছিলের সাথে উপস্থিত হয়েছিলাম। প্রচণ্ড গরমে মানুষের নাকাল অবস্থা। শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি যখন বাংলার আকাশে প্রবেশ করলো, আবহাওয়ার কারণে আকাশ তখন মেঘলা হয়ে আসলো। আল্লাহর অশেষ রহমতে অঝোরে বৃষ্টি নামল। সেদিন মানিক মিয়া এভিনিউতে সমবেত জনতা তাপদাহের পর বৃষ্টিতে ভিজে স্বর্গীয় সুখ ও শান্তি পেয়েছিল। শেখ হাসিনার প্রত্যাবর্তনে মানুষের আনন্দাশ্রু ও প্রকৃতি যেন একীভূত হয়েছিল।

কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা পরিষদের নির্বাচিত সাবেক প্যানেল মেয়র ও সদস্য মো. আলমগীর হোসেন, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত মুফতি, ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মহব্বত হোসেন, থানা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা শরীফ মো. শাহজাহান, রোকসানা বেগম পারুল, সৈয়দ আহমেদ, শহিদ মাহমুদ হেমী, কাজী জাহিদ, আওয়ামী লীগ নেতা আরিফ, জাহাঙ্গীর খান, মুনিরুজ্জামান মুনীর, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী ইয়াসমিন পপি, থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম আহমেদ, থানা যুব মহিলা লীগ সভাপতি হাসিনা শেখ প্রমুখ।