নেত্রকোনার দুর্গাপুরে নেতাই নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে একদিন পর নেতাই নদী থেকে নিখোঁজ যুবক হাসেম মিয়ার (২৫) লাশ উদ্ধার করেছে দুর্গাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল রোববার ফায়ার সার্ভিসের ডুবরি দলের কর্মীরা ব্যাপক তল্লাশি চালিয়ে নেতাই নদীর তলদেশ থেকে তার লাশ উদ্ধার করে।

এর আগে, হাসেম গত শনিবার (২১ মে) সকাল ১১ টায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের নেতাই নদীর ধারে কোমর পানিতে নেমে পাট শাক তুলতে গিয়ে নিখোঁজ হয়। নিহত যুবক ওই গ্রামের সাহেব আলীর ছেলে।

সুত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেতাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শনিবার সকালে হাসেম মিয়া নেতাই নদীর ধারে গিয়ে কোমর পানিতে নেমে পাট শাক তুলতে থাকে। কিছুক্ষণ পর ওই জায়গায় তাকে না দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয় স্থানীয় এক কিশোর।

পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা এসে নদীতে নেমে উদ্ধার কাজ চালায়। কিন্তু তাকে পাওয়া যায়নি। হাসেম মিয়ার পরিবার জানায় তাঁর মৃগী রোগ ছিল।

এদিকে নিজেরা খোঁজাখুঁজির পর স্থানীয়রা রাতে থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসে। গতকাল রোববার  দুর্গাপুর ফায়ার স্টেশন অফিসার শফিকুল ইসলাম ময়মনসিংহ থেকে আগত ডুবরি দলকে সঙ্গে নিয়ে নদীতে প্রায় দুই ঘন্টাব্যাপী তল্লাশি চালিয়ে বেলা ১১টায় তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি শিবিরূল ইসলাম জানান, পরিবাবারের অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুরাদনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আকবপুর

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

গেল শনিবার বিকালে উপজেলার লক্ষীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ধামঘর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আকবপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধূরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম।

এসময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর ডি.আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী নয়ন, ধামঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, আকবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, পল্লীসঞ্চায়ক ব্যাংকের ব্যবস্থাপক রিপন সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিক তুহিন, উপজেলা মৎস্য জীবীলীগের সহ-সভাপতি শাহজাহান ইমরান প্রমুখ।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

নেত্রকোণায় রোভিং সেমিনার অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি  উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এফ এম মোবারক আলীর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি  উন্নতকরণ প্রকল্পের ডিএই, সিনিয়র এন্ড ন্যাশনাল এগ্রোমেট টেকনিক্যাল কনসালটেন্ট ড. মোঃ মিজানুর রহমান কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ বিষয়ে কৃষকদের সচিত্র ধারণা দেন।

জেলার দশ উপজেলার মোট দুইশো জন কৃষক এই রোভিং সেমিনারে অংশগ্রহণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষণ অফিসার শাহজাহান সিরাজ,  আবহাওয়াবিদ মোঃ মামুন, নেত্রকোনা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল মালেক ও শহিদুল ইসলাম।

 

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের ঈদ পুনর্মিলনী ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, মৌলভীবাজার জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের ঈদ পুনর্মিলনী ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে, ২২ মে রবিবার সন্ধা ৭ টায় রেস্ট ইন রেস্টুরেন্ট,কুসুমবাগ, মৌলভীবাজার এ সংগঠনের নবনির্বাচিত  সভাপতি, জেলা বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিব এর  সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোহাম্মদ  রুয়েল খান আশরাফুল এর সঞ্চালনায় কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি  মুশেদ মুন্না, সৈয়দ আবু হাসান জিল্লুল, সহ-সাধারণ সম্পাদক শাহ রাজুল আলী, আবু বকর,সাংগঠনিক সম্পাদক ফজলে আমিন রাফসান,অর্থ সম্পাদক সত্রাজিৎ আচার্য, দপ্তর সম্পাদক রোহিত আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক  ফয়জুর রহমান, আইন সম্পাদক এডভোকেট মোঃ সাইফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা কামরুন নাহার, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাকির হোসেন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সাজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম।

সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের নির্দেশনা অনুসারে নবনির্বাচিত কার্যকরী পরিষদের তালিকার অনুলিপি, মাননীয় জেলা ও দায়রা জজ,মৌলভীবাজার, জেলা প্রশাসক মৌলভীবাজার, পুলিশ সুপার, মৌলভীবাজার, জেলা পরিষদের প্রশাসককে প্রদান করার। দেশি বিদেশি অতিথিদের সমন্বয়ে জেলা মানবাধিকার বিষয়ক সেমিনার আয়োজন, সদর উপজেলা সহ বাকী সব উপজেলার কার্যকরী পরিষদ গঠন করার।

সভাপতির বক্তব্যে সংগঠনের জেলা শাখার সভাপতি এম মুহিবুর রহমান মুহিব সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদন আলী,কেন্দ্রীয় প্রতিনিধি ও সিলেট বিভাগীয় সমন্বয়ক ড, ইসলাম উদ্দিন মহোদয়কে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান মৌলভীবাজার জেলা শাখার নবনির্বাচিত পরিষদকে অনুমোদন করায়, তিনি আরও বলেন বিভিন্ন শ্রেণি পেশার দক্ষ, উদ্যমী  সংগঠক দের নেতৃত্বে গঠিত মৌলভীবাজার জেলা শাখা জেলা অধিকার অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করবে ইনশাআল্লাহ।

সুনামগঞ্জ-নেত্রকোনা বন্যা পরিস্থিতির আরো অবনতির আশংকা

সিএনবিডি ডেস্কঃ দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশংকা করা হচ্ছে। সিলেট-সুনামগঞ্জের পর এবার নতুন করে নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলাও প্লাবিত হয়েছে। এ নিয়ে তিন জেলার শতাধিক ইউনিয়ন প্লাবিত হয়েছে বন্যার পানিতে।

 পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নেত্রকোনা ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তবে সিলেটের পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, গঙ্গা ও ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে, অপরদিকে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া সংস্থাসমূহের গাণিতিক মডেল ভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয়, হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের কতিপয় স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দেশের উত্তরাঞ্চলের ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে সুরমা-কুশিয়ারা ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে এবং কতিপয় স্থানে সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।
আজ রবিবার নাগাদ দেশের উত্তর-পূর্বাঞ্চলে সিলেট জেলার কতিপয় স্থানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে, অপরদিকে সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলের কতিপয় স্থানে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।
সুরমার পানি সিলেটের কানাইঘাটে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে, সিলেটে ২৫ সেন্টিমিটার ও সুনামগঞ্জে ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একদিনের ব্যবধানে বেশ দ্রুত গতিতেই কমছে এই নদীর পানি।
এছাড়া কুশিয়ারার পানি সিলেটের অমলশীদের বিপদসীমার ১৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে এবং শেওলায় ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া নতুন করে বিপদসীমার ওপরে উঠেছে পুরাতন সুরমা ও সোমেশ্বরী নদীর পানি। পুরাতন সুরমার পানির সুনামগঞ্জের দিরাইতে প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে। সোমেশ্বরীর পানি কলমাকান্দায় প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে।
পাউবো জানিয়েছে, বিভিন্ন নদ-নদীতে তাদের পর্যবেক্ষণাধীন ১০৯টি পয়েন্টের মধ্যে শনিবার পানির সমতল বেড়েছে ৮৩টিতে, কমেছে ২৩টিতে। আর অপরিবর্তিত আছে তিনটি পয়েন্টের পানির সমতল।

শেখ হাসিনা স্টেডিয়ামে আইসিসি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রধান গ্রেগ বার্কলে দুই দিনের সফরে ঢাকা পৌঁছেই শেখ হাসিনা স্টেডিয়াম পরিদর্শন করতে পুর্বাচল চলে গেছেন। আজ রবিবার (২২ মে) দুপুর ১টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন গ্রেগ বার্কলে।

গ্রেগ বার্কলের ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। মূলত ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোয়ালিফায়ার দেখতে যাওয়ার পথে বাংলাদেশে এসেছেন তিনি।

জানা যায়, সফরকালে বার্কলে বিসিবি’র নানান কার্যক্রম পরিদর্শন করবেন। এছাড়াও বার্কলের সৌজন্যে বিসিবি ডিনার পার্টির আয়োজন করছে । আজ সন্ধ্যায় রয়েছে ডিনারের আয়োজন। এরপর বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টের প্রথম সেশন মাঠে বসে দেখার কথাও রয়েছে তার।

ঢাকায় দুই দিনের সফর শেষে আইপিএলের প্লে-অফ ও ফাইনাল দেখতে ভারতে যাবেন বার্কলে। তার সঙ্গে আইপিএলের ফাইনাল দেখতে বিসিবি সভাপতি নাজমুল হাসানেরও যাবার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে ভারতের শশাঙ্ক মনোহর আইসিসির সভাপতি পদ ছেড়ে দেয়ার পরে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পান সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা। তবে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে আইসিসির সভাপতি পদে নির্বাচিত হয়ে দায়িত্ব নেন।

শাজাহানপুরে এক মণ ধানের দামেও মিলছে না একজন শ্রমিক

সাবিক ওমর সবুজ, শাজাহানপুর, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ঝড় বৃষ্টিতে বোরো মৌসুমে ধান কাটার ব্যস্তসময়ে এক হাজার টাকার বিনিময়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। ফলে বাড়ছে কৃষকদের হতাশা। উপজেলার কাহালু, নন্দিগ্ৰাম, শাজাহানপুর, শেরপুর, ধনুট, শীবগঞ্জ, গাবতলীর এলাকার কৃষকদের সঙ্গে কথা বললে তাদের এমনি দুর্দশার কথা জানায় প্রতিবেদককে।

শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্ৰামের কৃষক আবুল হোসেন জানান, ধান কাটার পর বৃষ্টির কারণে শ্রমিকরা চলে গেছে। ধান বহন করার জন্য ৫ দিন শ্রমিক খোঁজার পর অধিক মজুরিতে পেয়েছি। তবে বৃষ্টিতে ভিজে ধানের অবস্থা খারাপ হয়ে গেছে।
চোপীনগর গ্রামের কৃষক আব্দুল সাত্তার বলেন, ধান কাটার কাজের জন্য অনেক খুঁজে ১ হাজার টাকা দিয়ে শ্রমিক পেয়েছি। ধান আবাদে এ বছর খরচ অনেক বেশি।
মাদলা ইউনিয়নের কৃষক রবি সাহা বলেন, হাজার টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। আবাদে খরচ অনেক বেশি, সে তুলনায় ফলন কম। এ বছর আমাদের অনেক লোকসান হবে।
কৃষকদের সাথে কথা বলে আরো জানা গেছে, বোরো ধান যখন ফুলে বের হয়েছে, তখনই কালবৈশাখী ঝড়ে গাছ নুয়ে মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। চাষিদের খরচের টাকাও উঠবে না এবার। তাছাড়া শ্রমিক সঙ্কটের কারণে ধান কাটা যাচ্ছে না। জমিতে বৃষ্টির পানি জমে থাকায় শ্রমিকরা ধান কেটে দিতে চাচ্ছে না। ফলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষকরা।
কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্ত এক কৃষক বলেন, ‘বাজারে ধানের দাম মোটামুটি ভালো, তবে সময়মতো মাঠ থেকে ধান তুলতে পারব কি না সেটি নিয়ে দুশ্চিন্তা। কারণ গেল কয়েকদিন আগে ধানের গাছ থেকে শিষ বের হওয়ার পর হঠাৎ কালবৈশাখী ঝড়ে ধান মাটিতে পড়ে গেছে।
শ্রমিক সংকটের কথা উল্লেখ করে একজন কৃষক বলেন, মাঠের অধিকাংশ ধান পেকে যাওয়ায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ এলাকায় ৮-৯শ টাকা মণ ধান। শ্রমিকের মজুরি বাবদ অনেক বেশি খরচ পড়ছে। হাজার টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না।
মজুরি বেশি নেওয়ার বিষয়ে শ্রমিকরা বলেন, বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তাতে তো মজুরি বেশি নিতেই হবে। যে টাকা পাই তা দিয়ে চাল, ডাল, তেল কিনতেই শেষ। চালের দাম বেশি। তেল, মাছ, মাংসের দামও বেশি।

প্রসঙ্গত, উত্তরাঞ্চল জুড়ে শুরু হয়েছে বোরো ধান কাটার ব্যস্ততা। ঘরে উঠছে ধান, তবে খুশি নেই কৃষকের মনে। কয়েক দফা ঝড় আর বৃষ্টিতে মাঠের বেশিরভাগ ধান গাছ এখন পানির নিচে। তাই ফলন নেই আশানুরূপ। শ্রমিকের মজুরিও গুনতে হচ্ছে গত বছরের প্রায় দ্বিগুন। এক মণ ধানের দামেও মিলছে না একজন শ্রমিক। ফলে বগুড়ার বিভিন্ন উপজেলায় দেখা দিয়েছে শ্রমিক সঙ্কট। এতে এখন ধান চাষীরা মহা বিপাকে পড়েছেন। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে হতাশাগ্রস্থ কৃষকদের করুণ মুখ দেখা গেছে।

কানাডায় প্রবল ঝড়ে ৪ জনের মুত্যু, বিদ্যুৎহীন ৯ লক্ষ বাড়ি

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার পূর্বাঞ্চলীয় প্রদেশ অন্টারিও ও কুইবেকে ভয়াবহ ঝড়ের ফলে ৪ জন নিহত এবং প্রায় ৯ লাখ ঘরবাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। গতকাল শনিবার (২১ মে) এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

টুইটারে অন্টারিও পুলিশ জানিয়েছে, প্রবল বজ্রপাতের কারণে ৩ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন ব্যক্তি যিনি ট্রলারে ছিলেন তিনি মারা যান। অন্যদিকে গাছ পড়ে ১জন নিহত হন। ঝড়ের মধ্যে হাঁটতে গিয়ে গাছের সঙ্গে পিষ্ট হয়েছেন ৭০ বছরের এক মহিলা। ৫০ বছর বয়সী এক নারী অটোয়া নদীতে ঝড়ের মধ্যে নৌকা ডুবিতে মারা গেছে।

স্থানীয় সরবরাহকারী হাইড্রো ওয়ান এবং হাইড্রো-কুইবেকের অনলাইন গণনা অনুসারে, গত শনিবার রাতে দুটি প্রদেশের প্রায় ৯ লক্ষ বাড়ি বিদ্যুৎবিহীন রয়েছে। অন্যদিকে, জার্মানিতেও টর্নেডোর আঘাতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। লন্ডভন্ড হয়ে গেছে দেশটির পশ্চিমাঞ্চল। কলম্বিয়ায়ও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা।

উল্লেখ্য, রেলপথ ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে উদ্ধারকর্মীরা নেমে পড়েছেন উদ্ধারকার্যে।

 

শাজাহানপুরে আড়িয়া ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সাবিক ওমর সবুজ : বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানে বগুড়ার শাজাহানপুরে ০৪ নং আড়িয়া ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশ গত ২১ মে শনিবার বিকাল ০৫ঃ৩০ ঘটিকার সময়  উপজেলার আড়িয়া ইউনিয়নের মানিকদিপা চারমাথা এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের   ০১ নং ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম ও আড়িয়া ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এস আই আরিফুল ইসলাম সহ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন জনসাধারণকে  উদ্দেশ্য করে  মাদক, সন্ত্রাশ, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, দুর্নীতি বিরোধী বিভিন্ন বক্তব্য রাখেন।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বিশিষ্ট দলিল লেখক ইনসান আলী,আড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, চারমাথা বাজার ব্যবসায়ী নেতা আনসান আলী, আব্দুল হালিম, ওমর ফারুক সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেনী পেশার অন্তত সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ

অর্থ ও বাণিজ্য ডেস্কঃ দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে স্বর্ণ। আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়া‌নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। যার ফলে এক লাফে ভরিতে বাড়ছে ৪ হাজার ১৯৯ টাকা। তাতে প্রতি ভরি ভালো মানের সোনার দাম দাঁড়াচ্ছে ৮২ হাজার ৪৬৪ টাকা। নতুন এই দর আজ (২২ মে) রোববার থেকে সারা দেশে কার্যকর হবে।

এর আগে গতকাল শ‌নিবার (২১ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মূল্যবৃদ্ধি পাওয়ায় আজ রোববার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৮২ হাজার ৪৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের জন্য ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেটের জন্য ৬৭ হাজার ৫৩৫ টাকা আর সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরির দাম পড়বে ৫৬ হাজার ২২০ টাকায়। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

উল্লেখ্য, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রা বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ দেখিয়ে গত ১৮ মে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাজুস। মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুদফায় ভরিতে ভালো মানের স্বর্ণের দাম ৬ হাজার টাকার ওপরে বাড়ানোর কারণে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে স্বর্ণ।