সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত ও আহত সাত জন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এ সময় গ্রেপ্তার তিন আসামিসহ আহত হয়েছেন সাতজন।

শনিবার (২১ মে) ভোর ৫টার দিকে রাজনগর উপজেলার ময়নার দোকানের সামনে একটি গাছের সঙ্গে পুলিশ ভ্যানের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, ভোরে আসামি ধরতে পুলিশের একটি দল রাজনগরের উত্তর ভাগে যায়। তিনজন আসামি ধরে নিয়ে আসার পথে তাদের গাড়িটি যখন ময়না মিয়ার দোকানের সম্মুখে আসে তখন আকস্মিকভাবে গাড়ির চাকা ছিদ্র হয়ে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাজনগর থানা পুলিশের এক এসআই সমীরণ চন্দ্র মারা যান। আহত হয়েছেন পাঁচজন পুলিশ সদস্য ও তিনজন আসামি। তাদের মৌলভীবাজার সদর ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার।

ফুলবাড়ীতে ইয়াবা ও ফেনসিডিল সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ বোতল ফেনসিডিল সহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শুক্রবার ২০ মে গভীর রাতে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামে ওই মাদক ব্যবসায়ীর বাড়ী তল্লাশী করে পুলিশ এ মাদক গুলো উদ্ধার করে তাকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম লিটন মিয়া (৩০)। তিনি ওই গ্রামের আবুল হোসেনের ছেলে এবং একাধিক মাদক মামলার আসামী।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অটোরিকশা চালিয়ে ৫ জনের সংসার চালায় ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র রুহুল আমিন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ড গুনজর দক্ষিণ পাড়ার ভাসানীর ছেলে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র রুহুল আমিন অটোরিকশা চালিয়ে ৫ জনের সংসার চালায়।

অটোরিকশা চালক ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র রুহুল আমিনের সাথে কথা বলে জানা যায় যে,সে গুনজর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরিক্ষা পাস করে কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিল কিন্তু তার বাবা শ্বাসকষ্টসহ অনেক রোগে আক্রান্ত হওয়ার কারণে তিনি আর কাজ করতে পারে না।প্রতিদিন উনার অনেক টাকার ঔষধ লাগে এবং তার মা ফারজানা বেগমের শরীরও বেশি একটা ভাল না।তার একজন বোন সাহিদা আক্তার গুনজর ইসলামিয়া আলিম মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী এবং তার কয়েক বছরের বড় আলী হোসেন নামে একজন ভাই আছে,সেও লেখা পড়া করতে পারে না।এই পরিস্থিতিতে সংসারের হাল ধরার মতো তাকে ছাড়া আর কেউ নেই। তাই আমি বাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে অটোরিকশা চালিয়ে বাবা মার ঔষধ আনা এবং বোনের পড়ালেখার খরচসহ ৫ জনের সংসার চালাই।

তার পড়াশোনা করার ইচ্ছা আছে কি না সেই বিষয়ে জানতে চাইলে সে বলে ইচ্ছাতো আছে কিন্তু বাবা মার ঔষধ, বোনের পড়ালেখার খরচ এবং সংসারের খরচ কে চালাবে? আমি সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি।

জাতীয় শিক্ষা সপ্তাহে বাঞ্ছারামপুরে শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে উজানচর কে এন উচ্চবিদ্যালয়

মো. নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ বাঞ্ছারামপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল হিসাবে নির্বাচিত হয়েছে ঐতিহ্যবাহী উজানচর কে এন উচ্চবিদ্যালয়।

উপজেলায় মাধ্যমিক পর্যায়ে “শ্রেষ্ঠ শিক্ষক ” নির্বাচিত হলেন সিনিয়র সহকারী শিক্ষক আশাদুজ্জামান, (বিএ, বিএড, বিপিএড)। সে উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের  সিনিয়র সহকারি শিক্ষক। এবছর ২০২২ সালে উপজেলায় মাধ্যমিক পর্যায়ে “শ্রেষ্ঠ  শিক্ষক ” নির্বাচিত হন।

উপজেলা পর্যায়ে উজানচর কে এন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী শাহরীন আক্তার কবিতা আবৃতি ও উপস্হিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করেন। পিতা অজ্ঞাত সাং বুধাইর কান্দি। বিতর্ক প্রতিযোগিতায় নবম শ্রেণীর ছাত্রী রোল নং (১) জান্নাতুল ফেরদৌসী প্রথম স্থান অর্জন করেন। সে এই স্কুলের শিক্ষক গাজী আবদুল হাই স্যারের মেয়ে। দশম শ্রেণির ছাত্র মাইনুল হাসান, রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন। সে ব্যাংক কর্মকর্তা আব্দুল মালেক এর ছেলে সাং উজানচর।

৫টি পুরুস্কার এনে উজানচর কে এন উচ্চবিদ্যালয়ের সাফল্যের ধারা অব্যাহত রেখে স্কুলের সন্মান ও এলাকার সন্মান রাখায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কাজী জাদিদ আল-রহমান জনি ও সদস্য বৃন্দ  শিক্ষক ও শিক্ষার্থীদেরকে  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিয়ে ভাঙ্গার খবর শুনে অসুস্থ হয়ে যুবতীর আকস্মিক মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার কুলাউড়ায় হুসনা আক্তার (২৪) নামে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। জানা যায়, গেল বুধবার রাতে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

হুসনা উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের দক্ষিণ লালারচক গ্রামের প্রবাসী আব্দুল মালেকের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে উপজেলার শমসেরনগর বাজারে যায় হুসনা। সেখানে যাওয়ার পর হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায়। এ সময় হুসনা পানি খেতে চায়।

তখন তার মা দ্রুত গাড়ি থেকে নেমে একটি দোকান থেকে পানি কিনে দিলে খাওয়ার সাথে সাথে হুসনার শরীরের অবস্থা আরও অবনতির দিকে যায়। দ্রুত তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে হুসনার বাড়িতে পৌঁছে লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তে প্রতিবেদন পাওয়ার পর হুসনার মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।

এছাড়া হুসনার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

হুসনার পরিবার সূত্রে জানা যায়, তেলিবিল এলাকার হাজী ফারুক মিয়ার ছেলে মুকিত মিয়ার সাথে বৃহস্পতিবার (১৯ মে) হুসনার বিয়ের তারিখ ছিল। কিন্তু হঠাৎ করে বিয়েটা ভেঙে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন হুসনা।

নীলফামারীর সৈয়দপুরে নদীতে টিকটক করতে গিয়ে যুবকের মৃত্যু

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর সৈয়দপুরে নদীতে ডুবে মোস্তাকিম ইসলাম(১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মে) সকাল ১১ টার দিকে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দীঘলডাঙ্গি ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।

সে খোর্দ বোতলাগাড়ি এলাকার মন্টু ইসলামের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, সকাল নয়টার দিকে কয়েকজন যুবক মিলে খড়খড়িয়া নদীর দীঘলডাঙ্গি ব্রীজ এলাকায় টিকটক করতে গোসল করছিলো।

এ সময় মোস্তাকিম পানিতে ডুবে গেলে বন্ধুদের চিৎকারে আশেপাশের লোকজন খোজাখুজি শুরু করে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের সহযোগীতায় ব্রীজ এলাকা থেকে ১০০ মিটার দুর থেকে তাকে উদ্ধার করে সৈয়দপুর এক’শ শয্যা হাসপাতালে নেয়া হয়।

সৈয়দপুর ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম জানান, হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

তিনি বলেন, ছেলেরা টিকটক করার জন্য নদীতে খাড়াভাবে সাতাঁর কাটছিলো।

মুরাদনগর থানায় শ্রেষ্ঠ এসআই সম্মাননা পেলেন সাইফুল

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর থানায় শ্রেষ্ঠ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। গেল বুধবার জেলা পুলিশ লাইনে সেরা পুলিশ অফিসারদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ(পিপিএম)।

জানা যায়, মুরাদনগর থানায় জানুয়ারী থেকে এপ্রিল ২০২২ইং পর্যন্ত মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ সকল কার্যক্রম পর্যালোচনা করে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামকে শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচন করে কুমিল্লা জেলা পুলিশ সুপার।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম বলেন, কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার ফারুক আহমেদ(পিপিএম) স্যার জেলার প্রতিটি থানা থেকে একজন সেরা অফিসারকে বাছাই করে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেছেন যা খুবই প্রশংসনীয় উদ্যোগ। এতে অফিসারদের মাঝে কাজের মাণ ও গতি আরো বৃদ্ধি পাবে।

মৌলভীবাজারে যুবলীগের সভাপতি, সম্পাদক পদে ২০ জন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হবার আশায় ২০ জন আগ্রহী স্বস্ব তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। গত বৃহষ্পতিবার (১৯ মে) বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রধান কার্যালয়ের দপ্তর শাখায় মৌলভীবাজার জেলা যুবলীগের ২০ নেতা তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সভাপতি পদে নয় জন এবং সাধারণ সম্পাদক পদে ১১ জন তাদের জীবনবৃত্তান্ত জমা দেন।

সভাপতি পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক রেজাউর রহমান (সুমন), বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পান্না দত্ত,  বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল, বর্তমান কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন চৌধুরী (ফাহিম), বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, বর্তমান কমিটির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, বর্তমান কমিটির সদস্য মবশ্বির আহমেদ প্রমূখ জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ (যীশু), বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক হোসেন মো. ওয়াহীদ সৈকত, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক গৌছ উদ্দিন নিক্সন, বর্তমান কমিটির প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, বর্তমান কমিটির অর্থ সম্পাদক সন্দীপ দাস, বর্তমান কমিটির উপ-দপ্তর সম্পাদক তুষার আহমদ, বর্তমান কমিটির সহ- সম্পাদক সাদমান সাকিব চৌধুরী প্রমূখ জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

গত ১৩ মে কেন্দ্রীয় যুবলীগ মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা ঢাকাস্থ প্রধান কার্যালয়ের দপ্তর শাখায় জীবনবৃত্তান্ত জমা দেন।

রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্ততিসভা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে গত বৃহস্পতিবার (১৯ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (অনুর্ধ ১৭,বালক ও বালিকা) প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইদ্রজিৎ সাহা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।

এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় ওই টুর্নামেন্টে দলসমূহের যথাযথ প্রস্তুতি ও নিজস্ব জার্সি নিয়ে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের ও মেয়রকে অবগত করা হয়।

প্রসঙ্গত, আগামী সোমবার ২৭ মে  রাণীশংকৈল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

এগারো বছর পর ক্রিকেটে ফিরলেন কাইরন পোলার্ড

স্পোর্টস ডেস্কঃ দীর্ঘ এগারো বছর ক্রিকেটের বাইরে থাকার পর আবারও ক্রিকেটে ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে অলরাউন্ডার ক্রিকেটার কাইরন পোলার্ড। গতকাল শুক্রবার (২০ মে) পোলার্ডকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সারে। আগামী ৩১ মে গ্লুস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন দলের হয়ে পোলার্ডের অভিষেক হতে পারে।

একসময় টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে দারুন ভাবে মেলে ধরেছিলেন এই ক্রিকেটার। সবশেষ তিনি ইংলিশ ক্রিকেটে খেলেছিলেন ২০১১ সালে। সেবার ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টির ফাইনালে লেস্টারশায়ারের বিপক্ষে হেরেছিল তার দল সমারসেট। বল হাতে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েও দলকে জেতাতে পারেননি তিনি। এরপর ২০২০ সালে নর্থ্যাম্পটনশায়ারের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু করোনার কারণে চুক্তি বাতিল হয়ে যায়।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পোলার্ডকে পেতে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি কাউন্টি দল। তবে কাছের বন্ধু ও স্বদেশি সুনিল নারিনকে দেখেই সারেতে নাম লিখিয়েছেন পোলার্ড। আর তাই এবার ভাইটালিটি ব্লাস্টের দল সারের হয়ে খেলবেন পোলার্ড।

দীর্ঘ সময় পরে ইংলিশ ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে পোলার্ড বলেন, আমি সবশেষ কাউন্টি ক্রিকেটে খেলার পর অনেকটা সময় পেরিয়ে গেছে। এই বছর সারের হয়ে ভাইটালিটি ব্লাস্ট প্রতিযোগিতায় ফিরতে পেরে আমি রোমাঞ্চিত।

উল্লেখ্য, ২০০৩ সালে ভাইটালিটি ব্লাস্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সারে। এরপর আর দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরা হয়নি তাদের। এমনকি গত বছর নকআউটেও উঠতে পারেনি ক্লাবটি। তবে এবার শিরোপার অন্যতম দাবিদার তারা।