লাঞ্চের আগে তাইজুলের ঘূর্ণিতে বিপাকে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রাম টেস্টের আজ ৫ম তম দিন সকাল থেকে বেশ আগ্রাসী ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। দিমুথ করুণারত্নে আর কুশল মেন্ডিস মিলে চড়াও হতে থাকেন সাকিব-তাইজুলদের ওপর। কিন্তু তাইজুল ইসলামের জোড়া আঘাতে সেই চাপ কাটিয়ে খেলার লাগাম আবার নিজেদের হাতে নিয়েছে টাইগাররা।

লাঞ্চের আগে দুই উইকেট শিকার করেন তাইজুল। এরপর লাঞ্চ থেকে ফিরে আবারও লঙ্কান শিবিরে তাইজুলের হানা দেখা যায়। ৫২ রান করা করুণারত্নেকে নিজের ঘূর্ণির ফাদে ফেলেন তাইজুল।

বাংলাদেশের জন্য গতকাল ৪র্থ দিনের বিকেলটা  আনন্দময় করে দিয়েছিলেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৬৮ রানে এগিয়ে থাকা বাংলাদেশ শেষ বিকেলে শ্রীলঙ্কার দুটি উইকেট তুলে নিয়েছিল। ওশাদা ফার্নান্দোকে রান আউট করার পর নাইট ওয়াচম্যান লাসিথ এম্বুলদেনিয়াকে বোল্ড করেছিলেন তাইজুল। আজ সকালের সেশনে দুটি এবং লাঞ্চের পর পর করুণারত্নেকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে ব্যাকফুটে ঠেলে দিলেন তিনি।

লাঞ্চের পর প্রথম ওভারেই ফিফটি ছুয়েছিলেন করুণারত্নে। তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি।। তাইজুলকে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে টাইগার অধিনায়ক মুমিনুল হকের হাতে ক্যাচ তুলে দেন করুণারত্নে। মুমিনুল নিজের ডানদিকে ঝাঁপ দিয়ে ভালো ক্যাচ ধরেন। করুণারত্নে ফেরেন ৫২ রান করে।

উল্লেখ্য, এ পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১৫৮ রান। ইতোমধ্যে সফরকারীরা দ্বিতীয় ইনিংসে ৯৩ রানের লিড নিয়েছে। আর লঙ্কানদের পাঁচ উইকেটের ৪ টিই নিয়েছেন তাইজুল।

 

কুড়িগ্রামে ৬ সহস্রাধিক লিটার মজুদকৃত তেল উদ্ধার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলায় ৬ হাজার ৫৪ বোতল সয়াবিন তেল উদ্ধার সহ অবৈধ পন্থায় মজুদ রাখার অপরাধে এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় শহরের কৃঞ্চপুর তালতলা এলাকায় বসুন্ধরা সয়াবিন তেলের ডিলার ভাই ভাই ট্রেডার্স’র মালিক মোশাররফ হোসেনকে সতর্কসহ এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, সদর উপজেলার পৌরসভা এলাকার কৃঞ্চপুর তালতলা এলাকায় বাজার অভিযান পরিচালনা করা হয়। এসময় ভাই ভাই ট্রেডার্সের গুদামে নতুন দামের তেলের বোতলের সাথে ৩ হাজার ১৯১ লিটার পূর্বের দামের বোতলজাত সয়াবিন, ২ হাজার ৮৯৬টি এক লিটার বোতলের সয়াবিন এবং ৫ লিটার বোতলের ৫৯টি সয়াবিনসহ মোট ৬ হাজার ৫৪ লিটার সয়াবিন তেলের বোতল উদ্ধার করা হয়। এসময় যথাযথভাবে তেল বিক্রয় না করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মোশাররফ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত তেল এক লিটার ১৬০ টাকা এবং ৫ লিটার তেল ৭৬০টাকা দরে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রির ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেয়া হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলামসহ কুড়িগ্রাম থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় বৃদ্ধা নারীসহ ২জন আহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সন্ত্রাসী হামলায় দুই নারী  গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ মে ) সকাল অনুমান ১০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার ২নং মনু মুখ ইউপি শ্রীধরপুর  এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, এলাকার মৃত তাহিদ উল্লার স্ত্রী আবেদা খাতুন(৭০) ও তার মেয়ে রাজনা বেগম (২৭)। বৃদ্ধা আবেদা খাতুন (৭০) এর অবস্থা খারাপ থাকায় তিনি বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা জানান, ভূমি সংক্রান্ত পুর্ব শত্রুতার জেরে এলাকার ফিরোজ মিয়ার বখাটে পুত্র শরিফ মিয়াসহ গংরা মিলে মৃত তাহিদ উল্লার স্ত্রী আবেদা খাতুন (৭০)কে এলোপাতাড়ি মারপিট এর এক পর্যায়ে দা দিয়ে ডান হাতের কব্জির নিচে কুপ মারলে সেখানে কাটা রক্তাক্ত জখম হয়। আবেদা খাতুনকে রক্ষায় এগিয়ে আসেন তার ছোট মেয়ে রাজনা বেগম (২৭) তাকেও এলোপাতাড়ি মারধর করলে তিনিও আহত হন। গৃহ নির্মানের জন্য রক্ষিত নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। তাদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

আপন নানি এবং খালাকে পিঠিয়ে আহত ও রক্তাক্ত জখমের ঘটনায়  শরিফ মিয়ার বিরুদ্বে এলাকায় নিন্দার ঝড়। এব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় ফিরোজ মিয়ার বখাটে পুত্র শরিফ মিয়াগংদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন আহত রাজনা বেগম। এব্যাপারে শরিফ মিয়ার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

এর সত্যতা নিশ্চিত করতে মৌলভীবাজার সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিনুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ফুলবাড়ীতে জালিয়াতির মামলায় প্রধান শিক্ষক কারাগারে

কুড়িগ্রাম, প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে সভাপতির স্বাক্ষর জাল করে বিদ্যালয়ের যৌথ হিসাব থেকে সরকারী অনুদানের টাকা উত্তোলণের মামলায় জামিন নামঞ্জুর করে প্রধান শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। ওই প্রধান শিক্ষকের নাম মোছাঃ খাদিজা বেগম। তিনি উপজেলার পূর্ব রামরামসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মামলার বাদী পক্ষের আইনজীবি এ্যাডঃ আশরাফুল আলম জানান, ওই বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে পরিচালিত সোনালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখা কুড়িগ্রাম এর ৫২০৫০-৩৪১৫১৬৪৫ নং হিসাব থেকে প্রধান শিক্ষক খাদিজা বেগম প্রতারণার উদ্দ্যেশে সভাপতি আবু মুসার স্বাক্ষর জাল করে ০৩/০৯/২০২০ এবং ২০/০৯/২০২০ তারিখ দুই কিস্তিতে ৮২ হাজার টাকা উত্তোলণ করেন। এ ব্যাপারে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে প্রতিকার না পেয়ে অবশেষে আদালতে পেনাল কোডের -৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা দায়ের করেন সভাপতি আবু মুসা। মামলা নম্বর সিআর-১৮/২০২২(ফুলবাড়ী)।

সেই মামলায় উচ্চ আদালত থেকে নেয়া ৬ সপ্তাহের জামিনে ছিলেন প্রধান শিক্ষক খাদিজা বেগম। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার (১৮ মে) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুড়িগ্রাম এ হাজির হয়ে জামিন প্রার্থনা করেন তিনি। কিন্তু বিজ্ঞ বিচারক আলমগীর কবীর শিপন তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ব্যাপারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম বলেন, আদালতের কাগজ পাওয়া মাত্র ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নবাবগঞ্জে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধিঃ উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুরের নবাবগঞ্জে পাট চাষীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও পাট অধিপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের যুগ্ন সচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ এনায়েত উল্লাহ খান ইউসুফ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দীলিপ কুমার প্রমুখ।

এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোশারফ হোসেন, উপজেলা পাট কর্মকর্তা মোঃ পারভেজ রানা সহ ১শ জন পাট চাষী অংশ গ্রহন করেন।

নিজ ক্যাম্পাসের ৭ম তলা থেকে লাফ দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

সিএনবিডি ডেস্কঃ রাজধানীর গ্রিনরোডে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির একটি ভবনের সাত তলা থেকে লাফ দিয়ে ইমাম হোসেন (২৩) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তেঁজগাও থানা পুলিশ ইতোমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রেখেছে। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা।

জানা গেছে, আত্মঘাতী ওই শিক্ষার্থীর বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। বাবার নাম আক্তার হোসেন। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে ৯৮নং পূর্ব রাজাবাজারে একটি মেসে থাকতেন। ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। আজ সকালে তার তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল।

সকালে ক্যাম্পাসে ফাইনাল পরীক্ষা দিতে আসলেও নিজের ফেসবুকে একটি স্টোরি দেন ইমাম। আর সেখানে আত্মহত্যার জন্য বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, বান্ধবীসহ তিনজনকে দায়ী করে একটি ছবি পোস্ট করেন। যেখানে লেখা থাকে ‘আমার এই অবস্থার জন্য এরাই দায়ী।’

ইউনিভার্সিটির অ্যাসিস্টেন্ট অ্যাডমিন অফিসার জানান, সকালে তিনি যখন ভার্সিটিতে ঢুকছিলেন তখন শুনতে পান ভবন থেকে এক শিক্ষার্থী লাফ দিয়ে ব্যাকইয়ার্ডে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানেই তার মৃত্যু হয়। তিনি জানান, ভার্সিটির সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে ওই শিক্ষার্থী ৯ তলা ভবনটির ৭ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

ইমামের আত্মহত্যার খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। এ সময় তারা ইমাম হোসেনের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, ইউনিভার্সিটির সকল ডিপার্টমেন্ট আজকের সকল পরীক্ষা স্থগিত করেছে।

 

নুহাশ হুমায়ূন এবার চুক্তিবদ্ধ হলেন আন্তর্জাতিক সংস্থায়

বিনোদন ডেস্কঃ দেশের তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন এবার চুক্তিবদ্ধ হয়েছেন আন্তর্জাতিক সংস্থায়। অ্যানোনিমাস কনটেন্ট ও ক্রিয়েটিভ আর্টিস্ট এজেন্সি (সিএএ) নামক আমেরিকার দুটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ফলে হলিউড কিংবা আন্তর্জাতিক কাজ করার সুযোগ পাবেন তিনি।

মূলত নুহাশের পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’ সাউথ বাই সাউথ ওয়েস্ট চলচ্চিত্র উৎসব এবং আটলান্টা চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ার পর সংস্থা দুটি তার সঙ্গে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করে। নুহাশের সর্বশেষ মুক্তি পাওয়া কাজ ‘পেটকাটা ষ’। সম্প্রতি দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে এটি মুক্তি পেয়েছে। ভৌতিক এই ওয়েব ধারাবাহিকটি পরিচালনার পাশাপাশি রচনাও নুহাশের। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, প্রীতম হাসান, নভেরা রহমান প্রমুখ।

গণমাধ্যমকে নুহাশ বলেন, হলিউডে কোনো বড় কাজ এজেন্ট বা ম্যানেজার ছাড়া হয় না। এই এজেন্ট বিভিন্ন প্রজেক্টের জন্য পরিচালক, অভিনয়শিল্পী বা প্রয়োজনীয় যাবতীয় কিছু জোগাড় করে বা কাজ পাইয়ে দেয়। আর এবার আমেরিকান এই দুই সংস্থার সঙ্গে চুক্তি হওয়ায় আন্তর্জাতিক কাজগুলো করার সুযোগ পাবেন নুহাশ।

এই চুক্তির ফলে নুহাশ এখন থেকে নিয়মিত যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক কাজের সঙ্গে। ইতোমধ্যেই তিনি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের জন্য নতুন একটি কাজের প্রস্তুতি নিচ্ছেন যার গল্প এবং পরিচালনা তার নিজের। উক্ত দুটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরই এ কাজটি তিনি পেয়েছেন বলে জানান।

 

আসামে বন্যায় ৯ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত সাড়ে ৬ লাখ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের ২৭টি জেলায় বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন রাজ্যটিতে অবিরাম বর্ষণে ভূমিধসের কারনে এই ঘটনা ঘটেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নগাঁও জেলায় প্রায় ২ লাখ ৮৮ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কাচাড়ে ১ লাখ ১৯ হাজার মানুষ, হোজাইতে ১ লাখ সাত হাজার মানুষ, দারাংয়ে ৬০ হাজার ৫৬২ জন, বিশ্বনাথে ২৭ হাজার ২৮২ জন ও উদালগুড়ি জেলায় ১৯ হাজার ৭৫৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকাল বুধবার আসামের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আরও একজনের প্রাণহানি ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জন।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্য সরকার বন্যা কবলিত জেলাগুলোতে ১৫০ কোটি রুপি ছাড় করেছে। এছাড়া বন্যা ত্রাণ ব্যবস্থার অংশ হিসেবে কেন্দ্র রাজ্যের জন্য এক হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছে বলেও তিনি জানান।

এদিকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার বন্যা কবলিত এলাকায় প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ চালু রাখতে এবং যোগাযোগের পথগুলো পুনরুদ্ধার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আসামকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গুয়াহাটি আবহাওয়া দপ্তর আগামী ৪ দিনে গোটা অঞ্চলে ব্যাপক বৃষ্টির সতর্কতা জারি করেছে ।

 

ফুলবাড়ী-বালারহাট সড়কের বেহালদশা, জনদুর্ভোগ চরমে

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের সাথে নাওডাঙ্গা ও শিমুলবাড়ী ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগের একমাত্র ব্যস্ততম ফুলবাড়ী-বালারহাট সড়কের বেহালদশায় জন-দুর্ভোগ চরমে উঠেছে। প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কার্পেটিং উঠে গিয়ে গোটা সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে অহরহ দুঘর্টনার শিকার হচ্ছে চলাচলকারী যানবাহন ও
পথচারীরা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা সদরের তিনকোণা মোড় থেকে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ ফুলবাড়ী টু বালারহাট সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে উপজেলার নাওডাঙ্গা ও শিমুলবাড়ী ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী সহ জনসাধারণ উপজেলা সদরে যাতায়ত করে। তাছাড়া দুই ইউনিয়নের মানুষের চিকিৎসাসেবা, কৃষিপণ্য বাজারজাতকরণ সহ সার্বিক যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়কটি। উপজেলার সবচেয়ে বড় গরুর হাট বালারহাট এই সড়কের শেষ প্রান্তে অবস্থিত হওয়ায় এই সড়ক দিয়ে প্রতিদিন শতশত ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি, পিকআপ ভ্যান, মালবাহী ট্রাক্টর, চলাচল করে। সড়কটি খানাখন্দে পরিপূর্ন থাকার ফলে সামান্য বৃষ্টি হলেই খালে পড়ে অহরহ দুঘর্টনার শিকার হচ্ছে চলাচলকারী যানবাহন ও পথচারীরা।

নাওডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা অবিনাশ রায় বলেন, উপজেলা সদরে আমার ঔষধের দোকান থাকার কারনে প্রতিদিন সকালে যাই রাতে বাড়ী ফিরি। বালারহাট থেকে অটোরিক্সায় ফুলবাড়ী যেতে আগে ১৫/২০ মিনিট সময় লাগতো। রাস্তায় গর্ত থাকার কারনে এখন ৪০ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগে।

শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকার ব্যবসায়ী এনামুল হক, আমিনুল ইসলাম বলেন, গোটা সড়কের কার্পেটিং উঠে গিয়ে শত শত গর্ত তৈরি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চরম কষ্টে চলাচল করছি। আমরা সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি।

ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজীব জানান, ফুলবাড়ী টু-বালারহাট সড়কের বেহালদশা সম্পর্কে আমরা অবগত আছি। এরই মধ্যে উপজেলা সদরের জিরো পয়েন্ট থেকে ১ কোটি ৬০ লাখ ৬ হাজার ৪০৮ টাকা ব্যায়ে ১৫০০ মিটার সড়কের কাজ চলমান আছে। আশা করছি সামনের ২০২২-২৩ অর্থ বছরের মধ্যেই সড়কটির বাকি অংশের মেরামতের কাজ সমাপ্ত হলে জনদূর্ভোগ দুর হবে।

মুরাদনগরের দৌলতপুরে অবহেলায় জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতিচিহ্ন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর। ১৯২১ সালে কবি তাঁর বন্ধু আলী আকবর খানের সঙ্গে ওই গ্রামে আসেন। এখানে তিনি ২ মাস ১১ দিন ছিলেন। এ গ্রামেই তিনি আলী আকবরের বোনের মেয়ে নার্গিস বেগমের সঙ্গে প্রেম করেছেন। সেই দৌলতপুরের খানবাড়ির সব কিছুই এখন অযত্ন-অবহেলায় পড়ে আছে।

মুরাদনগরে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক ধরে সামনে এগোলেই দৌলতপুর গ্রাম। এ গ্রামে ঢুকতেই চোখে পড়ে ‘নজরুল তোরণ’। এর দুই পাশে ইট-সিমেন্টের তৈরি কালো রঙের টুকরো টুকরো বোর্ডে সাদা কালিতে লেখা কবির সৃষ্টি। ওই পথ ধরে আধা কিলোমিটার ভেতরে গেলেই খানবাড়ি। ওই বাড়ি আর গ্রাম দীর্ঘদিন থেকে পরিচিত হয়ে ওঠে নজরুল-নার্গিসের গ্রাম হিসেবে। এখানে রয়েছে আলী আকবর খানের সুনিপুণ কারুকাজ-শোভিত দোতলা বাড়ি। এ বাড়িতেই থাকতেন কবি নজরুল। বাড়িটির পলেস্তারা খসে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। ভবনের পেছনে বাঁশঝাড় পার হলেই কবির স্মৃতিবিজড়িত বাসরঘর। ১৯৬২ সাল পর্যন্ত ঘরটি আটচালা ছিল। পরে চৌচালা হলেও আয়তন ও ভিটির কোনো পরিবর্তন করা হয়নি। ওই ঘরেই ছিল নার্গিসের ব্যবহার করা কাঠের সিন্দুক। সিন্দুকটি এখন আর নেই। কোথায় আছে তা-ও কেউ বলতে পারে না। একসময় ওই ঘরে বাসর খাটটিও ছিল। এখন সেটি পাশের একটি আধপাকা ঘরে রাখা হয়েছে।

খান বংশের উত্তরসূরি বাবলু আলী খান বলেন, এ বাড়ির পুকুরঘাটের আমগাছের তলায় কবি দুপুরে শীতলপাটিতে বসে গান ও কবিতা লিখতেন। খানবাড়ির ছেলেমেয়েদের নাচ, গান আর বাদ্যযন্ত্র বাজানো শেখাতেন। পুকুরে সাঁতার কাটতেন। শখ করে পুকুরে জাল আর পলো দিয়ে মাছও শিকার করতেন। কবির সেই স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য দৌলতপুরে বানানো হয়েছে ‘নজরুল মঞ্চ’। প্রতিবছর কবির জন্মদিনে সেখানে জেলা ও উপজেলা প্রশাসন অনুষ্ঠান করে থাকে। তবে বছরের অধিকাংশ সময় এই মঞ্চে গরু চরানো হয়।

জানা গেছে, দৌলতপুরে নার্গিস-নজরুল বিদ্যানিকেতন, নজরুল নিকেতন পাঠাগার, নজরুল-নার্গিস শিল্পকলা একাডেমি, নজরুল তোরণ রয়েছে। এ ছাড়া মুরাদনগর উপজেলা পরিষদ মিলনায়তনের নাম কবি নজরুল মিলনায়তন করা হয়েছে। এর বাইরে কোনো স্মৃতিচিহ্নই নেই।

এদিকে কুমিল্লা নগরে ১৯৮৩ সালে খোদাই করা স্মৃতিফলকগুলোর লেখা মুছে যাচ্ছে। কুমিল্লা নগরের ঝাউতলা, ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখার পূর্ব-দক্ষিণ কোণ, নজরুল অ্যাভিনিউ, ফরিদা বিদ্যায়তন, দারোগাবাড়ি, ঝানু মিয়ার বাড়ি, শচীন দেব বর্মণের বাড়ি, বসন্ত স্মৃতি পাঠাগার ও প্রমীলার বাড়িতে কবির কয়েকটি স্মৃতিফলক রয়েছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নজরুল অ্যাভিনিউ ও ভিক্টোরিয়া সরকারি কলেজ এলাকার স্মৃতিচিহ্ন নতুন আঙ্গিকে তৈরি করেছে। অন্যগুলো আগের মতোই পড়ে আছে।