‘অর্থনৈতিক আত্মহত্যা’ করতে ইউরোপকে বাধ্য করা হবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে যুদ্ধের পরিপ্রেক্ষিতে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে ‘অর্থনৈতিক আত্মহত্যা’ করতে ইউরোপকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল মঙ্গলবার (১৭ মে) প্রকাশিত এক প্রতিবেদনে আলজাজিরার মাধ্যমে জানা যায়, রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞার প্রভাব নিয়ে দেশের জ্বালানিবিষয়ক প্রধান এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গে আলোচনায় রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন।

পুতিন বলেন, রাশিয়ার খনিজ তেল খাত একটি টেকটোনিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এখন। রুশ শক্তি সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করলে ইউরোপ শুধুমাত্র নিজেদের ক্ষতিই করবে। তাদের এসব পদক্ষেপের জন্য জ্বালানীর দাম বেড়ে যাওয়া এবং উচ্চ মূল্যস্ফীতি দেখতে পাবে। পুতিন অভিযোগ করে বলেন, ইউক্রেনে বিশেষ অভিযানের পর পশ্চিমারা যে অবরোধ দিয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যে। কিছু দেশ রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, তাদের জন্য রুশ তেলে অবরোধ মানা কঠিন হবে।

এমন অবস্থায় পুতিন আশা করছেন বন্ধুত্বপূর্ণ দেশগুলোতে তেল ও গ্যাস সরবরাহ পুনঃনির্দেশিত করার। কারণ ইউরোপীয় দেশগুলো রাশিয়ান শক্তি থেকে নিজেদের মুক্ত করার উপায় খুঁজছে। তিনি আরো বলেন, ইউরোপের বিশৃঙ্খল পদক্ষেপে শুধু যে ইউরোপের অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন না বরং সেই সঙ্গে রাশিয়াকেও তেল ও গ্যাস থেকে রাজস্ব বৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা দেয়। এদিকে, মস্কো ঘোষণা করে এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এ সামরিক অভিযান চালানো হচ্ছে।

 

উলিপুরে পা‌নিতে ডুবে শিশুর মৃত্যু

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কু‌ড়িগ্রামের উলিপুরে ডোবার পা‌নিতে ডুবে এক শিশুর মৃত‌্যু হয়েছে। সোমবার (১৬ মে) দুপুরে পৌরসভার আব্দুল হা‌কিম ডারারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু‌র নাম আব্দুল্লাহ (৩)। সে ওই গ্রামের জুয়েল হাসানের পুত্র।

প‌রিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডারারপাড় কবরস্থানের পাশে শিশু‌টির মা ও দা‌দি ধান শুকানোর কাজে ব‌্যস্ত ছিলেন। এ সময় তাদের অজান্তে আব্দুল্লাহ পাশের এক‌টি ডোবার পা‌নিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন‌ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব‌্যরত চি‌কিৎসক তাকে মৃত‌ ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাঞ্ছারামপুরে স্বপনকে নৌকা প্রতিক দেওয়ার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মো.নাছির উদ্দিন বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নজরুল ইসলামের বরাদ্ধকৃত নৌকা প্রতিক বাতিল করে তৃণমূল আওয়ামীলীগের কাউন্সিলে বিজয়ী স্বপনকে নৌকা প্রতিক বরাদ্ধ দেওয়ার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চরছয়ানি গ্রামের তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা।

সোমবার বিকাল ৪ ঘটিকার সময় চরছয়ানি গ্রামের  ঢাকা-বাঞ্ছারামপুর মহা সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এবং গত তিনদিন ধরে একটানা  চরছয়ানি গ্রামে তাদের বিক্ষোভ মিছিল সমাবেশ চলছে।

উপজেলা আওয়ামীলীগ সূত্রে জানাযায় গত ১০শে মে স্হানীয় সংসদ সদস্য  ক্যাপ্টেন এবি তাজুল ইসলামের উপস্হিতিতে উপজেলা সদরের ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে আইয়ূবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূলে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

আওয়ামীলীগের তৃণমূলের ভোটে প্রথম হন আইয়ূবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহিদুর রহমান স্বপন, দ্বিতীয় হন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,তৃতীয় হন উপজেলা যুবলীগ নেতা শিপন মিয়া।

গত শুক্রবার মনোনয়ন বোর্ড তৃণমূলের ভোটে দ্বিতীয় হওয়া নজরুল ইসলামকে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন দিলে তারই প্রতিবাদে  তৃণমূলের কাউন্সিলের নেতাকর্মীরা টানা গত কয়েকদিন যাবৎ সভা সমাবেশ বিক্ষোভ মিছিল চালিয়ে  যাচ্ছে।

আইয়ূবপুর ইউনিয়ন চরছয়ানি গ্রামের তৃণমূলের নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আইয়ূবপুর ইউনিয়নবাসীর প্রাণের দাবী চেয়ারম্যান নজরুল ইসলামের বরাদ্ধকৃত নৌকা প্রতিক বাতিল করে তৃণমূলের দাবী  পূর্নবিবেচনা করে কাউন্সিলে বিজয়ী প্রার্থী সাহিদুর রহমান স্বপনকে দলীয় নৌকা প্রতিক বরাদ্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

এ বিষয় মনোনয়ন বঞ্চিত ও আইয়ূবপুর ইউনিয়ন যুবলীগেরলীগের সভাপতি সাহিদুর রহমান স্বপন বলেন, স্থানীয় সংসদ সদস্য গোপন ভোটের মাধ্যমে দলীয় প্রার্থী বাছাই করেছেন। ভোটে আমি প্রথম হয়েছি। উপজেলা আওয়ামীলীগ তিনজনের নাম আওয়ামী লীগের কাছে পাঠিয়েছে। জেলা থেকে আমার নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। কিন্তু আমি মনোনয়ন পাইনি।

বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম মুঠোফোনে  বলেন আমরা কেন্দ্রে তিনজনের নাম পাঠিয়েছি,নৌকা প্রতিক দেওয়ার মালিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নজরুল ইসলামকে নৌকা প্রতিক বরাদ্ধ দিয়াছে,এর বেশী আমার কিছু বলার নেই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী সাহিদুর রহমান স্বপন, আইয়ূবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মজিদ সওদাগর ও জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক নজরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পারভেজ হোসেন, সহ-দপ্তর সম্পাদক আবদুর রহিম মেম্বার,ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহিনসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,মহিলালীগসহ  নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

কুলাউড়ায় ইয়াবাসহ ৩জন মাদক কারবারি গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি’কে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ মে) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে দুটি পৃথক অভিযানে ৫১ পিস ও ২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া পৌরসভার স্টেশন রোড সংলগ্ন ইস্টার্ন রেস্টুরেন্ট এন্ড সুইটমিটের কেবিন থেকে মাদক ব্যবসায়ী জমির আলী (২৯) ও মাসুম আহমেদ (৩০) কে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।

আরেক অভিযানে এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া পৌরসভার চাতলগাঁও পালকি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তুফায়েল আহমদ (২৪) কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষন রায় বলেন কুলাউড়া থানা পুলিশের দুটি পৃথক অভিযানে সর্বমোট ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে হাজির করি। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

বারোমাসিয়া নদীতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি :  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বারোমাসিয়া নদীতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার ১৬ মে বিকাল ৫ টার দিকে  উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী প্যাচাই গ্রামে এই দুঘর্টনা ঘটে। নিহত শিশুর নাম সোনামণি (১)। সে ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে ।

শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর মা লাকি বেগম  বাড়ীর পাশে বারোমাসিয়া নদী সংলগ্ন এলাকায় বোরো ধান শুকাতে ব্যস্ত ছিলেন। এ অবস্থায় শিশুটি তার অগোচরে বারোমাসিয়া নদীতে পড়ে যায়। কিছুক্ষণ পর মেয়েকে দেখতে না পেয়ে নদীতে পড়েছে সন্দেহে চিৎকার শুরু করে। পরে স্থানীরা এসে বারোমাসিয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাণীশংকৈলের দু’ভাই ও ইউপি সদস্যসহ সড়ক দুর্ঘটনায় নিহত-৩

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ কারিগরি কলেজের অধ্যক্ষ নূহেদ আলমের ছেলে রাণীশংকৈল কেন্দ্রিয় হাইস্কুলের ছাত্র নোয়াজিস তাসিন(১৫), হরিপুর উপজেলার ধর্মগড়ের ড.ওসমান গনির ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাদ ইবনে ওসমান (২৩) এবং বোচাগঞ্জ উপজেলার ইউপি সদস্য রাকিব হাসান(৩০) গত রবিবার রাত ১২টার দিকে দিনাজপুরের মঙ্গলপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতদের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সাদ ও তাসিন আপন খালাত ভাই এবং রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার ভাগিনা।

পারিবারিক সূত্রে জানা গেছে,  তাসিনের মা আইরিন সহ খালাতো ভাই সাদ নিজ প্রাইভেট কারে দিনাজপুর থেকে রানীশংকৈল ফেরার পথে মঙ্গলপুর নামক স্থানে গাড়ির তেল ফুরিয়ে যায়। দু’ ভাই পার্শ্ববর্তী পেট্রোল পাম্প থেকে তেল কিনে মঙ্গলপুর ইউপি সদস্য রাকিবের  মোটরসাইকেলে পৌচ্ছে নেয়ার পথে পিছনদিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই ঘটনাস্থলে মারা যান। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাণীশংকৈলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জয় বাংলা পরিষদ নতুন কমিটি চট্টগ্রাম উত্তর জেলা গঠিত

সিএনবিডি ডেস্কঃ জয় বাংলা পরিষদ নতুন কমিটি চট্টগ্রাম উত্তর জেলা গঠিত হয়েছে। গতকাল ১৬ মে (সোমবার) কেন্দ্রীয় কমিটি এই নতুন কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন ঘোষণা করেন। জয় বাংলা পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ বায়েজেদ আহমেদ।

জয় বাংলা পরিষদ নতুন কমিটি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোঃ আনিসুল ইসলাম সিদ্দিকী রাজু ও সাধারণ সম্পাদক বাবলু বড়ুয়া, সহ-সভাপতি দিলীপ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রাজিয়া সুলতানা বকুল ও সাংগাঠনিক সম্পাদক হিসেবে ইসমাত আরা সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য হিসেবে মায়মুনা ছিদ্দিকী মুকুল, শিল্পী রানী শীল, কামরুল ইসলাম, মনসুর আহম্মদ, মুজিবুল হক মুজিব এক বছরের জন্য পূর্নাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন।

কমলগঞ্জ বিট কর্মকর্তার দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গাছচোরদের পক্ষে অবস্থান নিয়েছেন খোদ বনেরই এক কর্তা। তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বেপরোয়া এখন গাছ চোরচক্র। শুধু চিহিৃত গাছ চোরদের তিনি মদদ-ই দিচ্ছেন তা নয়, বনের কমিটিতে তাদের স্বজনদের পুনর্বাসিত করেছেন। স্থানীয়দের এমন অভিযোগ মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর বিট কর্মকর্তা হেলাল উদ্দিনের।

এ অভিযোগ এনে বিট কর্মকর্তা হেলাল উদ্দিনের নানা অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। রোববার (১৫ মে) সকাল ১১ টায় উপজেলার ইসলামপুর ইউপি নতুনবাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার চিহিৃত গাছ চোর চক্রের সদস্য মোসাহিদ মিয়ার যোগসাজসে বনের গাছ উজাড়ে বিট কর্মকর্তা জড়িত। তাকে গাছ চুরির সময় ধরে একাধিক ফোন দিলেও সেগুলো না ধরে বা ফোন রিসিভ না করে গাছ চোরদের সহযোগীতা করেন। এমনকি কখনো গাছ চুরির সময় গাছ ধরিয়ে দিলেও উল্টো যারা ধরিয়ে দিয়েছে- তাদের নামে উল্টো মামলা দেন। সৃজিত গাছগুলো পরিপূর্ণ হলেই মোসাহিদের সহযোগীরা তা চুরি করে কেটে নিয়ে বিক্রি করে দিচ্ছেন। এর আগের বিট কর্মকর্তা শ্যামল রায় থাকাকালীন সময়ে ৩১ জনের একটি কমিটি করে দিলেও বর্তমান বিট কর্মকর্তা হেলাল উদ্দিন আসার পর গোপনে অভিযুক্ত মোসাহিদের ভাইয়ের স্ত্রী মনোয়ারা বেগমকে সভাপতি করে পোপনে একটি কমিটি করেছেন যা অবৈধ। কমিটিতে আদমপুর ইউনয়নে বসবাসরত তার বিবাহিত মেয়ের নামও রয়েছে।

বক্তারা আরো বলেন, মুসলিম মিয়া, বাহারাম মিয়া, কামিল মিয়া, আজাহার মিয়া ও শাহ আলম বলেন, মোসাহিদের সহযোগীতায় ও নেতৃত্বে সৃজিত বন ও সরকারের রিজার্ভ ফরেস্ট থেকে শুধু আকাশমনি না লোহাকাঠ ও মেহগনি কাঠও পাচার করছে। আর এসবের সাথে বনবিভাগ জড়িত রয়েছে।

মানববন্ধন কর্মসূচি থেকে এ কমিটি ভেঙ্গে প্রকাশ্যে স্থানীয় লোকজন নিয়ে নতুন উপকারভোগী কমিটি করার দাবি জানানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত মোসাহিদ মিয়া তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি এসবের সাথে জড়িত নন। তিনি বলেন, যারা অভিযোগ করছে, তারাই গাছ চুরির সাথে জড়িত। কিন্তু কমিটিতে তার ছোট ভাইয়ের স্ত্রী ও অন্যত্র বিবাহিত মেয়ের নামসহ তার অনেক আত্মীয়-স্বজনের নাম থাকা প্রসঙ্গে কথা বলতে চাননি। শুধু বলেছেন, ‘সরেজমিনে আসুন, সবকিছু বলব।’।

এ বিষয়ে আদমপুর বিট কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ‘ফোন না ধরা ও গাছ চোরদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগটি সঠিক নয়। যারা এগুলো বলছে- তারাই গাছ চুরির সাথে জড়িত।

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. তৌফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিট কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

তরমুজের দাম এখন অর্ধেকের কম, বিপাকে মুরাদনগরের তরমুজ ব্যবসায়ীরা

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে দশ দিন আগেও যে তরমুজ বিক্রি হয়েছে ৫০০-৬০০টাকায়। আর এখন বিক্রি হচ্ছে ১৫০থেকে ২০০ টাকায়। বিক্রোতারা জানান, বাজারে সরবরাহ বেশি হওয়ায় তরমুজের দাম কমে গেছে। ব্যবসায়ী ও বিক্রেতাদের ধারণা, বাজারে আম আসায় তরমুজের প্রতি আগ্রহ কমেছে ক্রেতাদের।

উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের পাইকারি বিক্রেতা মোঃ হুমায়ুন কবির বলেন, এখন একটি তরমুজ বিক্রি করছি ১০০-১৫০ টাকায়। দাম অনেক কম। তবুও ক্রেতা পাওয়া যাচ্ছে না। তরমুজ পচে যাচ্ছে। তাই বাধ্য হয়ে ফেলে দিতে হচ্ছে। বাজারের একজন খুচরা তরমুজ ব্যবসায়ী ইয়াসিন জানান, প্রতি কেজি তরমুজ বিক্রি করছি ১২ টাকায়। ডাকলেও এখন তরমুজের ক্রেতা পাওয়া যাচ্ছে না। দাম শুনে চলে যাচ্ছে অনেক ক্রেতা।

খুচরা তরমুজ বিক্রেতা সবুজ হোসেন ও আনোয়ার হোসেন বলেন, আগে প্রতি কেজি তরমুজ বিক্রি করেছি ৫০-৬০ টাকায়।দিনে কমপক্ষে ৫ মণ তরমুজ বিক্রি হতো। এখন ছোট আকারের তরমুজ প্রতি কেজি ৫-৭ টাকা এবং বড় আকারের তরমুজ ১৫ টাকা কেজি দরে বিক্রি করছি। দাম কম তবুও দিনে ১ মণ তরমুজও বিক্রি হচ্ছে না।

তারা বলেন, লোকসানে পড়ে গেছি। হঠাৎ তরমুজের দাম কমে গেছে। বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে। আগে দাম বেশি থাকলেও ক্রেতা ছিলো। কিন্তু এখন দাম কম তবুও প্রায় ক্রেতা শূন্য বাজার। আমরা মনে করছি, বাজারে প্রচুর পরিমাণ আম বিক্রি শুরু হয়েছে। এ কারণে তরমুজের প্রতি আগ্রহ নেই।

পাটগ্রামে ভুট্রাখেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে ফারজানা আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। গত রোববার (১৫ মে) সকালে উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি গ্রামের একটি ভুট্টা ক্ষেতে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ফারজানা আক্তার ককোয়াবাড়ি এলাকার আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় মুন্সিরহাট মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয়দের বরাতদিয়ে জানা গেছে যে, সকালে ভুট্টা ক্ষেতে কাজে গিয়ে ফারজানা আক্তারের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ভুট্টা খেতে ফেলে রেখে পালিয়েছে।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।