নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিলের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা বিএনপির বিক্ষোভ মিছিলের প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধায় পৌর আওয়ামীলীগের  উদ্যাগে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম খান, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়, উপজেলা জেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান মানিক, উপজেলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, পৌর আওয়ামীলীগের সভাপতি অর্পিতা খানম সুমি, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টিটু দত্ত রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান, জেলার আওমীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃসকলীগ, মৎস্যজীবীলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কুখ্যাত মাদক সম্রাট আসিফ গ্রেফতার

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট আসিকুর রহমান আসিক কে গত রবিবার বিকাল ৫.৩০ ঘটিকায়  গ্রেফতার শহরের কাঠালতলী থেকে গ্রেফতার করে সদর পুলিশ। মাদক হিসেবে কিছুদিন আগে বগুড়ার লোকজনের উদ্বেগের প্রধান কারণ ছিল ফেনসিডিল। এখন ইয়াবার ভয়ংকর ব্যাপকতা হার মানিয়েছে ফেনসিডিলসহ অন্য সব মাদককে। দেশে যখন ইয়াবা আসক্তিতে তরুন সমাজ ধ্বংসের দিকে,  আর তখনই বগুড়ায়  মাদক অভিযানে কঠোর আবস্থানে প্রশাসন। শহরের আনাচে কানাচে গোপন  ও প্রকাশ্য অভিযান চালিয়ে আটক করছে মাদক ব্যবসায়ীদের। তারই ধারাবাহিকতায় কুখ্যাত এই মাদক ব্যবসায়ীকে হাতে নাতে ইয়াবা সহ আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত  মাদক সম্রাট আসিকুর রহমান(২২) শহরের ওয়াবদা গেটের পার্শ্বে পুরান বগুড়া এলাকার মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মনি বেগম এর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাদক সম্রাট আসিক ও তার বাবা-মা দীর্ঘদিন যাবৎ বগুড়া জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিকুরকে গ্রেফতার করা হয়। আসিকুরের বাবা ও মা উভয়ে মাদক ব্যবসায় জড়িত ও একাধিক মাদক মামলার আসামি।

তিনি আরও জানান,আসিকুর ইয়াবাগুলো বিক্রির জন্য কাঁঠালতলা বাজারে এনেছিলেন। এসময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসিকুরের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঘাতক ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে ঘাতক ছেলের লাঠির আঘাতে গুরুতর আহত হওয়ার ২৩ দিন পর বাবা তসিদ আলী (৬৫) মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত বখাটে ছেলে রকিব হাসানকে (৩৮) আটক করেছে পুলিশ। গত রোববার (১৫ মে) ঘাতক ছেলেকে আদালতে প্রেরণ করলে আদালত জেলহাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার হাজিপুর ইউপি বিলের পার গ্রামে গত ২১ এপ্রিল (১৯ রমাদান) পারিবারিক কলহের জেরে তসিদ আলীকে তার বখাটে পুত্র রকিব হাসান মারপিট করে। এ ঘটনায় তসিদ আলী থানায় মামলা দায়ের করতে চাইলে বখাটে রকিব লাঠি দিয়ে তার বাবা তসিদ আলীর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। কিন্তু বখাটে রকিব আহত বাবার চিকিৎসা করাতে দেয়নি। আহত অবস্থায় বাড়িতে থাকতে থাকতে দুঃখে কষ্টে শনিবার ( ১৪ মে ) বিকেলে মারা যান।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত রকিব হাসানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তসিদ আলীর দু’টি সংসার রয়েছে। দ্বিতীয় স্ত্রীর পুত্র রকিব হাসান চরম বখাটে ও খারাপ। পরিবারের সবার উপর নির্যাতন করা ছিলো তার নিত্য দিনের স্বাভাবিক ঘটনা।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজমুল ইসলাম জানান, রোববার ১৫ মে লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক পুত্র রকিব হাসানকে আদালতে প্রেরণ করা হয়েছে। নিহত তসিদ আলীর প্রথম স্ত্রী আছকিরুন নেছা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেন।

ফুলবাড়ীতে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ফুলবাড়ী উপজেলায় ফুসলিয়ে স্কুল পড়য়া এক ছাত্রীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ওই ছাত্রীর পিতা ফুলবাড়ী থানায় গেল রোববার লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে। অপহরণ হওয়া ওই ছাত্রী উপজেলার দক্ষিন অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী ।

অভিযোগে জানা গেছে , প্রতিদিনের মত শনিবার সকালে ওই ছাত্রী লেখাপড়া করার জন্য বিদ্যালয়ে যায়। বিকাল ৫ টার মধ্যে বাসায় ফিরে আসার কথা থাকলেও রাত পর্যন্ত  বাসায় না আসায় দু’চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা।  খোঁজাখুজি করেন বিভিন্ন আত্বীয় স্বজনের বাড়ীতে। এর মধ্যে রাতে অপরিচিত ফোন নম্বর থেকে ফোন আসে ওই ছাত্রীর  পিতার কাছে। পরে তিনি  নিশ্চিত হন যে, একই ইউনিয়নের  কাশেম বাজার এলাকার হাছেন আলীর ছেলে রেজাউল ইসলাম রাজু (২০) ও তার সহযোগীরা তার মেয়েকে অপহরণ করেছে। পরে রোরবার সকালে তিন জনের  বিরুদ্ধে থানায়  লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অপর অভিযুক্তরা হলেন, একই এলাকার জামাল উদ্দিনের ছেলে মামুন-অর-রশিদ (১৮) ও কামাল মিয়ার ছেলে সাগর মিয়া (১৯)।

ওই ছাত্রীর পিতা রেজাউল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে আমার মেয়েকে উত্যক্ত করে ভয়ভীতি দেখিয়ে আসছিল রাজু। এনিয়ে একাধিকবার রাজুর পরিবারকে বলা হয়েছে। গতকাল সে আমার মেয়েকে অপহরণ করায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ প্রসঙ্গে রেজাউল ইসলাম রাজু (১৯) এর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার চাচাত ভাই রাশেল মিয়া জানান, দুই পক্ষের লোকজনকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আসামির দায়ের কোপে পুলিশ কনস্টেবলের কব্জি বিচ্ছিন্ন

চট্টগ্রাম প্রতিনিধিঃ আসামির ধারালো দায়ের কোপে চট্টগ্রামের লোহাগাড়া থানার এক পুলিশ কনস্টেব এর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। কব্জি বিচ্ছিন্ন হওয়া পুলিশ কনস্টেবল এর নাম মুহাম্মদ জনি খান। গত রোববার সকাল ১১ টার দিকে কবির আহমদ (৩৫) নামে এক আসামি ধরতে গেলে তার দায়ের কোপে হাতের কব্জি বিচ্ছিন্ন হয় কনস্টেবলের। এ ঘটনায় শাহাদাত হোসেন নামে অপর কনস্টেবল ও মামলার বাদী মো. আবুল হোসেন কালুও আহত হয় বলে জানায় লোহাগাড়া থানা পুলিশ।

উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লালারখিল এলাকায় ঘটেছে এ ঘটনা। আহত পুলিশ কনস্টেবল জনি খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর  উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে  এ ব্যাপারে পুরো উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত রোববার (১৫ মে) সকালে লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত সঙ্গীয় এএসআই মুজিবুর রহমান ও দুই জন কনস্টেবল নিয়ে উপজেলার পদুয়া লালারখিল এলাকায় মামলার আসামি কবির আহমদকে গ্রেপ্তারের জন্য যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই আসামি ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করে পুলিশের উপর । এ সময় কনস্টেবল মো. জনি খানের বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয় অপর কনস্টেবল ও মামলার বাদী। আসামি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে পুলিশ আসামি গ্রেপ্তার করতে ব্যর্থ হয়।

এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, ওই আসামি কবির আহমদকে গ্রেপ্তারের তৎপরতা চলছে।

কুড়িগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ চাকুরী জাতীয়করণ ও বেতন বৃদ্ধির দাবীতে কুড়িগ্রামে ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা মানববন্ধন করেছে। গতকাল সোমবার (১৬ মে) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী ধরে এই মানববন্ধনে ৯ টি উপজেলার ইউনিয়ন ভুমি অফিস সমুহে অস্থায়ী ভিত্তিতে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন।

এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন ভূমি অফিসের পরিচ্ছন্নতাকর্মী সংগঠনের সভাপতি বাশারত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পরিচ্ছন্নতাকর্মী আসমা খাতুন, প্রথম আলোর সাংবাদিক সফি খান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মুস্তাফিজ প্রমুখ।

বক্তারা পরিচ্ছন্নতাকর্মীদের নিদারুণ কষ্টের কথা উল্লেখ করে বলেন, সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত তাদের অফিসে থাকতে হয়। এজন্য তারা বিকল্প কোন কাজও করতে পারেন না। একজন দিনমজুর গ্রামাঞ্চলে যখন ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকা মজুরি পান তখন একজন পরিচ্ছন্নতাকর্মী কে দিনে মাত্র ১০০ টাকা দেয়া হয়। অর্থাৎ তাদের প্রতি মাসে মাত্র ৩০০০ টাকা প্রদান করা হচ্ছে।

বাজারে পণ্য-সামগ্রীর অগ্নিমূল্যের সময় এসব পরিবার তাদের সন্তান-সন্ততিদের নিয়ে চরম বেতন বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। বক্তারা অবিলম্বে চাকরি জাতীয়করণ করে এই বেতন বৈষম্যের হাত থেকে তাদের  রক্ষার দাবি জানান। শুধুমাত্র চাকরি জাতীয়করণ ও ডাল-ভাতের নিশ্চয়তা বিধান করতেই আজ তাদের এই মানববন্ধন বলে তারা দাবি করেন।

ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ব্রি-ধান-৭৪ প্রদর্শনী কৃষক মাঠ দিবস

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শ্রীকৃষ্ণপুর খামারে গতকাল সোমবার (১৬ মে) জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ জাতের প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি’র আয়োজনে ও ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এদিন দুপুরে ওই এলাকায় সংস্থার উপকারভোগি কৃষক খতেজা বেগমের ব্রি-৭৪ জাত সমৃদ্ধ জমির ধান কেটে এ মাঠ দিবসের শুভ সূচনা করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন।

কৃষক মাঠ দিবসে জিংক সমৃদ্ধ ধানের গুণাবলী নিয়ে কৃষকদের মাঝে এ ধান চাষ সম্পর্কে বিস্তারিত ধারনা দেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কৃষ্ণ রায় ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফ হোসেন।

এছাড়াও ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিধান চন্দ্র দাস, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার পারুল বেগম, কৃষক-কৃষাণী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কমলগঞ্জে হাতে নাতে ভদ্রবেশী চোর আটক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারস্থ মজনু মিয়ার দোকানে হাতে নাতে চোরকে আটক করা হয়। ঘটনাটি ঘটে গত শনিবার (১৪ মে) ভোর ৫টার দিকে।

উপজেলার মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান হরিশ্বরন রোডের মজনু মিয়ার মুদি দোকান পাড় করে যাওয়ার সময় দোকানের সাটার খানিকটা খোলা দেখে সন্দেহ হলে ভিতরে প্রবেশ করেন। ভিতরে প্রবেশ করে দেখেন পতনঊষার ইউপি গোবিন্দপুর গ্রামের মৃত কবির মিয়ার পুত্র ও মুন্সিবাজার উত্তর বাজার সিএনজি স্ট্যান্ড এর সাবেক সভাপতি শেখ ফারুক দোকানের মুল্যবান মালামাল ব্যাগের মধ্যে নিচ্ছে। এমতাবস্থায় বাজার সেক্রেটারীর সাথে চোরের অনেক্ষণ ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোর দৌড়ে পালিয়ে যায়। কিন্তু তার গায়ের জামা রয়ে যায় সেক্রেটারী শফিকুর রহমানের হাতে।

পরবর্তীতে বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর সহযোগিতায় চোরকে আটক করে মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নিয়ে আসা হয়। ঐদিন সকাল অনুমান ১১টার সময় ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ নিয়ে মিমাংসার স্বার্থে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্তিত ছিলেন মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুনেল আহমেদ তরফদার, সহ-সভাপতি মাওলানা মাশহুদ আহমেদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ইউপি সদস্য শফিকুর রহমান শফিক, ইউপি সদস্য আলাল মিয়াসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৈঠকে সিদ্বান্ত মোতাবেক সাব্যস্ত হয় চুরি হওয়া নগদ ১৩ হাজার ২শত টাকা দেওয়ার আশ্বাস ও মুচলেখা দিয়ে চোর শেখ ফারুককে নিয়ে যান পতনঊষার ইউপির ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আলাল মিয়া।

এই নিয়ে বাজার ব্যবসায়ীদের অনেকেই অসন্তোষ প্রকাশ করে বলেন, বিগত দিন মুন্সিবাজারে অনেক দোকানঘর চুরি হলেও কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। হাতে নাতে চোর ধরে মুচলেখা নিয়ে ছেড়ে না দিয়ে প্রশাসনের হাতে সোপর্দ করা প্রয়োজন ছিল। ব্যবসায়ীরা আরো জানান, আমরা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে সব সময় ভয়ের মধ্যে থাকি কোন সময় কি হয়।

এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করেন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান। তিনি বলেন, চোরের সাথে অনেক্ষণ ধস্তাধস্তি করায় আমি নিজে অসুস্থ হয়ে পরেছি। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সভাপতি ও অন্যান্য সদস্যদের নিয়ে আমরা শক্ত অবস্থানে রয়েছি।

হোমনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

নাছির উদ্দিন, হোমনা, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমীন।

গতকাল সোমবার বেলা ১১ টার দিকে দড়িচর  রয়েল আইডিয়েল স্কুল এন্ড কলেজের  ২০২০ ও ২০২১ইং সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আলমগীর হোসেন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর হোমনা প্রতিনিধি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু ও সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, অভিভাবক সদস্য মো.আবদুর রহমান, রাবিয়া বেগম, শিক্ষার্থী আয়েশা আক্তার প্রমুখ।

এরপরে জিপিএ-৫ ও বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয় এবং পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনীত নৃত্য ও মাদক ও ইফটিজিং বিরোধী নাটক অভিভাবকদের মনোযোগ আকর্ষন করে।

যুক্তরাষ্ট্রে বাংলা বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী উদযাপন

প্রবাস ডেস্কঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনীর আয়োজন করে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হলো এবার যুক্তরাষ্ট্রে।

বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গত শুক্রবার সারাদিন ধরে এই আনন্দ অনুষ্ঠানে বিদেশি অতিথিদের পাশাপাশি অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান যার মাধ্যমে বাংলা নববর্ষ ও ঈদুল ফিতর উদযাপনের  বিভিন্ন দিক তুলে ধরা হয়। এর আগে উদযাপনের অংশ হিসাবে চ্যান্সেরি  প্রাঙ্গণ থেকে  একটি “মঙ্গল শোভাযাত্রা” বের করা হয়। শোভাযাত্রাটি দূতাবাসের পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

যুক্তরাষ্ট্রের মাটিতে শোভা পায় আল্পনার রংঙের ছোঁয়া, বাংলার ঐতিহ্য জামদানি শাড়ি, নকশি কাঁথা, তাঁতের তৈরি দৃষ্টিনন্দন রকমারি পণ্য। এছাড়া বায়োস্কোপ, পালকিসহ তুলে ধরা হয় চিরায়ত লোকজ অনুষঙ্গ, যা মুগ্ধ করে প্রবাসী বাংলদেশি ও বিদেশি অতিথিদের। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা গান, কবিতা আর নৃত্য পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে দক্ষিণ এশিয়া ও জন কূটনীতি বিষয়ক মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যাম্বাসেডর কেলি কেইডারলিং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সংঙ্গে পরিচিতি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করতে বিশেষ আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন দেশের কূটনীতিকদের। এতে সাড়া দিয়ে তারা যোগ দেন বাংলাদেশ দূতাবাস আয়োজিত বর্ণাঢ্য এই উৎসবে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অপরাজিতা হক এবং এডিটরস গিল্ডের সভাপতি ও একাত্তর টেলিভিশনের এডিটর-ইন-চিফ মোজাম্মেল বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলাম।

রাষ্ট্রদূত কেলি কেইডারলিং বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, লাখ লাখ বাংলাদেশি দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ এখন মধ্যমে আয়ের শ্রেণীতে প্রবেশ করেছে।   তিনি আরো বলেন, তার দেশ এমন একটি দেশের সাফল্য গাঁথার অংশ হতে চায় যে দেশ অর্থনৈতিক শক্তিধর একটি দেশ হয়ে উঠছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুল ইসলাম বাংলা নববর্ষ উদযাপনের বর্ণাঢ্য ইতিহাস বর্ণনা করে বলেন, পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এবং জাতির সার্বজনীন উৎসব। তিনি বলেন, ঈদুল ফিতর সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব; যা তাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও দানের কথা স্মরণ করিয়ে দেয়।

অনুষ্ঠান শেষে বাংলাদেশী বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয় যা বিদেশি অতিথি কতৃক দারুণভাবে প্রশংসিত হয়েছে।